আগস্ট ২৪-৩০, ২০২৬
গান ৬৫ এগিয়ে যাও!
পরিচর্যা দলের ব্যবস্থা থেকে উপকার লাভ করুন
“আমি সৎ হৃদয়ের লোকদের সভায় . . . সম্পূর্ণ হৃদয় দিয়ে যিহোবার প্রশংসা করব।”—গীত. ১১১:১, NW.
আমরা কী শিখব?
পরিচর্যা দলের ব্যবস্থা থেকে আমরা কীভাবে উপকৃত হতে পারি?
১-২. পরিচর্যা দলের এই ব্যবস্থা সম্বন্ধে অনেকে কী মনে করে?
আপনার কি সেই দিনটার কথা মনে পড়ে, যে-দিন আপনি সুসমাচার প্রচার করার জন্য একজন প্রকাশক হয়েছিলেন? সেটা নিশ্চয়ই আপনার জন্য একটা আনন্দের দিন ছিল। কারণ সেই দিন আপনি এমন একটা বিরাট দলের সদস্য হয়েছিলেন, যারা যিহোবার নামের প্রশংসা করে। (গীত. ১৪৮:১, ২, ১২, ১৩) আবার সেই দিন হয়তো আপনি অল্পসংখ্যক ভাই-বোনদের নিয়ে গঠিত একটা ছোটো দলেরও অংশ হয়েছিলেন, যেটাকে পরিচর্যা দল বলা হয়। “পুরো পৃথিবীতে” সুসমাচার প্রচার করার ক্ষেত্রে এই পরিচর্যা দল এক বিশেষ ভূমিকা পালন করে।—মথি ২৪:১৪.
২ পরিচর্যা দলের এই ব্যবস্থা সম্বন্ধে আপনি কী মনে করেন? ওয়েনডিa নামে এক বোন বলেন: “পরিচর্যা দল প্রচার করার ক্ষেত্রে আমাকে অনেক সাহায্য করেছে। আমি এই প্রেমময় ব্যবস্থার কারণে অন্যদের কাছ থেকে প্রচার ও শিক্ষা দেওয়ার ক্ষেত্রে নতুন নতুন দক্ষতা শিখেছি, বিভিন্ন আধ্যাত্মিক লক্ষ্য রাখতে এবং সেগুলো অর্জন করতে পেরেছি এবং অনেক ভালো বন্ধু পেয়েছি।” রিচার্ড নামে এক ভাই বলেন: “পরিচর্যা দলের অধ্যক্ষ হিসেবে সেবা করাকে আমি এক বিশেষ সুযোগ বলে মনে করি। কিছু প্রকাশক হয়তো একজন ব্যক্তিকে বাপ্তিস্ম নিতে সাহায্য করতে পারে, কিন্তু পরিচর্যা দলের অধ্যক্ষ সেই ব্যক্তিকে যিহোবার সঙ্গে এক উত্তম সম্পর্ক বজায় রাখতে সাহায্য করতে পারেন, যাতে বাপ্তিস্মের পরও সেই ব্যক্তি ভালোভাবে যিহোবার সেবা করে চলতে পারে।” ডায়না নামে একজন বোন বলেন: “পরিচর্যা দলের এই ব্যবস্থা আমার খুবই ভালো লাগে! আমার দলের ভাই-বোনেরা আমার কাছে একটা পরিবারের মতো।”
৩. এই প্রবন্ধে আমরা কী নিয়ে আলোচনা করব?
৩ এই প্রবন্ধে আমরা প্রথমে পরিচর্যা দলের অধ্যক্ষ এবং তার সহকারীর ভূমিকা নিয়ে আলোচনা করব আর দেখব, কীভাবে তারা তাদের পরিচর্যা দলের ভাই-বোনদের যত্ন নেয়। এরপর আমরা দেখব, ব্যক্তিগতভাবে আমরা আমাদের পরিচর্যা দলের সদস্যদের কীভাবে সাহায্য করতে পারি এবং সব শেষে আমরা আলোচনা করব যে, কীভাবে আমরা এই প্রেমময় ব্যবস্থা থেকে উপকার লাভ করতে পারি।
পরিচর্যা দলের অধ্যক্ষ এবং তার সহকারী
৪. (ক) পরিচর্যা দলের অধ্যক্ষের প্রধান দায়িত্ব কী? (খ) পরিচর্যা দলের অধ্যক্ষ কীভাবে তার দলের ভাই-বোনদের যত্ন নিয়ে থাকেন? (“পরিচর্যা দলের অধ্যক্ষের জন্য কিছু পরামর্শ” শিরোনামের বাক্সটা দেখুন।)
৪ সাধারণত একজন প্রাচীনb পরিচর্যা দলের অধ্যক্ষ হয়ে থাকেন এবং প্রাচীনগোষ্ঠী তাকে নিযুক্ত করে। পরিচর্যা দলের অধ্যক্ষের প্রধান দায়িত্ব হল তার দলের ভাই-বোনদের যিহোবার ঘনিষ্ঠ হতে এবং আরও ভালো প্রচারক ও শিক্ষক হয়ে উঠতে সাহায্য করা। কীভাবে একজন পরিচর্যা দলের অধ্যক্ষ এই কার্যভার পালন করে থাকেন? প্রথমত, তিনি তার দলের প্রত্যেক ভাই-বোনের প্রতি ব্যক্তিগত আগ্রহ দেখান। (হিতো. ২৭:২৩) এক প্রেমময় পালক হিসেবে তিনি প্রত্যেক ভাই-বোনের সঙ্গে নিয়মিতভাবে যোগাযোগ রাখেন। এটা করার ফলে, তিনি যিহোবার সঙ্গে তাদের সম্পর্ক দৃঢ় করতে এবং আবেগগত ও ব্যাবহারিক উপায়ে তাদের সাহায্য করতে পারেন। (হিতো. ১২:২৫; যিশা. ৩২:২; যাকোব ২:১৫-১৭) দ্বিতীয়ত, তিনি তার দলের প্রতিটা ভাই-বোনকে সাহায্য করেন যেন তারা প্রচারে পূর্ণরূপে অংশ নিতে পারে। তিনি নিজে উদ্যোগের সঙ্গে প্রচারে নেতৃত্ব নেন, বিশেষ করে সপ্তাহের শেষের দিনগুলোতে। এ ছাড়া, তিনি প্রত্যেক ভাই-বোনের সঙ্গে ব্যক্তিগতভাবে প্রচার করেন এবং তাদের প্রশিক্ষণ ও উৎসাহ দেন। যদি কখনো কোনো বিশেষ কারণে তিনি প্রচারে যোগ দিতে না পারেন, তা হলে তিনি এই বিষয়ে নিশ্চিত করেন যে, তার সহকারী বা অন্য কোনো যোগ্য ভাই যেন দলটিকে পরিচালনা করে। তৃতীয়ত, তিনি বাপ্তাইজিত ভাইদের সাহায্য করেন, যাতে তারা মণ্ডলীতে আরও দায়িত্ব নিতে পারে। (১ তীম. ৩:১) তিনি আন্তরিকভাবে তাদের প্রশংসা করেন, বাইবেল থেকে তাদের পরামর্শ দেন এবং নিয়মিতভাবে প্রশিক্ষণ দেন, যাতে তারা পরিচারক দাস বা প্রাচীন হওয়ার জন্য যোগ্য হয়ে উঠতে পারে। যেহেতু, পরিচর্যা দলের অধ্যক্ষের দায়িত্ব খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রাচীনগোষ্ঠী শুধু সেই প্রাচীনদের বেছে নেয়, যারা এই কার্যভার পালন করার জন্য উপযুক্ত।
৫. কিছু পরিচর্যা দলের অধ্যক্ষের পক্ষে ভাই-বোনদের যত্ন নেওয়া কেন কঠিন হতে পারে?
৫ একজন পরিচর্যা দলের অধ্যক্ষের জন্য তার দলের ভাই-বোনদের যত্ন নেওয়া কখনো কখনো কঠিন হতে পারে। জার্মানির একজন প্রাচীন জর্জের কথা চিন্তা করুন, যিনি পরিচর্যা দলের অধ্যক্ষ হওয়ার পাশাপাশি মণ্ডলীর একাধিক দায়িত্ব পালন করেন। তিনি বলেন: “বিভিন্ন দায়িত্বের মধ্যে ভারসাম্য বজায় রাখা সহজ নয়। এর ফলে, আমার দলের প্রত্যেক ভাই-বোনের সঙ্গে যোগাযোগ রাখা আমার পক্ষে কঠিন হয়ে পড়ে, যেটা আসলে আমি করতে চাই।” এবেল নামে ৭০ বছর বয়সি একজন প্রাচীন, যিনি উগান্ডায় থাকেন, তিনি বলেন: “আমাদের মণ্ডলীতে প্রাচীন এবং পরিচারক দাসদের সংখ্যা খুবই কম। আর তাই আমাদের পরিচর্যা দলগুলো অনেক বড়ো। এর ফলে, যদিও আমি প্রত্যেক ভাই-বোনের সঙ্গে ব্যক্তিগতভাবে কাজ করতে এবং তাদের উৎসাহিত করতে চাই, কিন্তু আমার পক্ষে তা সহজ হয়ে ওঠে না।” সুরিনামের একজন প্রাচীন ওবেদ বলেন: “অন্যদের প্রশিক্ষণ দিতে আমার খুব ভালো লাগে। কিন্তু, প্রশিক্ষণ দেওয়ার জন্য সময় ও শক্তির প্রয়োজন আর এর ফলাফলও সঙ্গেসঙ্গে দেখা যায় না। এই কারণে আমি প্রায়ই অন্যদের প্রশিক্ষণ দিয়ে উঠতে পারি না।” যে-প্রাচীনেরা এই ধরনের সমস্যার সম্মুখীন হয়, কী তাদের সাহায্য করতে পারে?
৬. পরিচর্যা দলকে ছোটো রাখা কীভাবে ভাই-বোনদের যত্ন নিতে অধ্যক্ষদের সাহায্য করতে পারে?
৬ পরিচর্যা দলকে যতটা সম্ভব ছোটো রাখা উচিত, যাতে দলের অধ্যক্ষ প্রত্যেক ভাই-বোনের সঙ্গে ভালোভাবে পরিচিত হতে পারে এবং যিহোবার সঙ্গে তাদের সম্পর্ক দৃঢ় রাখার জন্য সাহায্য করতে পারে। কিন্তু, মণ্ডলীতে যদি প্রাচীনদের সংখ্যা কম হয়, তা হলে? এই ক্ষেত্রেও, পরিচর্যা দলকে বড়ো না করে ছোটো রাখলে ভালো হয়, কারণ যদি পরিচর্যা দল বেশি বড়ো হয়ে যায়, তা হলে পরিচর্যা দলের অধ্যক্ষের পক্ষে প্রত্যেকের যত্ন নেওয়া কঠিন হতে পারে। তাই, এইরকম পরিস্থিতিতে প্রাচীনগোষ্ঠী পরিচর্যা দলের দেখাশোনা করার জন্য সাময়িকভাবে কোনো পরিচারক দাসকে নিযুক্ত করতে পারে। যখন দলগুলো ছোটো থাকে, তখন দলের অধ্যক্ষেরা ভাই-বোনদের ভালোভাবে যত্ন নিতে পারে, যেটা হল তাদের প্রধান দায়িত্ব।
৭. যে-মণ্ডলীগুলোতে প্রাচীনদের সংখ্যা কম, সেখানে পরিচর্যা দলের অধ্যক্ষেরা কীভাবে তার দলের ভাই-বোনদের যত্ন নিতে পারে? (১ পিতর ৫:২) (ছবিও দেখুন।)
৭ আপনি যদি পরিচর্যা দলের অধ্যক্ষ হিসেবে এমন একটা মণ্ডলীতে সেবা করে থাকেন, যেখানে প্রাচীনদের সংখ্যা কম, তা হলে আপনার সহকারী ভাইকে প্রশিক্ষণ দিন, যাতে তিনি ঈশ্বরের পালের যত্ন নেওয়ার জন্য আপনাকে সাহায্য করতে পারেন। (পড়ুন, ১ পিতর ৫:২.) আপনার সহকারী ভাইকে কিছু দায়িত্ব দিন। যেমন, মাঝে মাঝে তাকে ক্ষেত্রের পরিচর্যা সভা এবং প্রচার কাজ পরিচালনা করতে দিন। আপনার দলের ভাই-বোনদের কীভাবে সাহায্য করা যায়, সেই বিষয়ে তার সঙ্গে প্রার্থনাপূর্বক আলোচনা করুন। নিয়মিতভাবে আপনার সহকারী ভাইকে পালকীয় সাক্ষাতে নিয়ে যান। প্রতিটা সাক্ষাতের আগে তার সঙ্গে আলোচনা করুন যে, কীভাবে আপনারা সেই ভাই বা বোনকে উৎসাহ দিতে পারেন এবং সাক্ষাৎ হয়ে যাওয়ার পর, আপনার সহকারী ভাইয়ের প্রশংসা করুন এবং যদি প্রয়োজন হয়, তা হলে তাকে পরামর্শ দিন যে, কোন ক্ষেত্রে তিনি উন্নতি করতে পারেন। এভাবে, আপনার সহকারী ভাই একদিন পরিচর্যা দলের অধ্যক্ষ হিসেবে সেবা করার জন্য যোগ্য হয়ে উঠতে পারবে। (২ তীম. ২:২) এ ছাড়া, ভাই-বোনদের প্রশিক্ষণ দেওয়ার জন্য আপনি আপনার দলের অন্য কোনো অভিজ্ঞ খ্রিস্টানের সাহায্য নিতে পারেন। অগ্রগামী এবং অন্যান্য অভিজ্ঞ প্রকাশকেরা সেই সমস্ত ভাই-বোনের সঙ্গে কাজ করতে পারে, যারা নতুন এবং যাদের অভিজ্ঞতা কম। প্রচার কাজে কীভাবে কথাবার্তা শুরু করতে হয়, পুনর্সাক্ষাৎ করতে হয় অথবা বাইবেল অধ্যয়ন পরিচালনা করতে হয়, সেই বিষয়ে যদি কারো সাহায্যের প্রয়োজন হয়, তা হলে অভিজ্ঞ প্রকাশকেরা তাদের সাহায্য করতে পারে। এখন আসুন, আমরা তিনটে উপায় লক্ষ করি, যেগুলোর মাধ্যমে আমরা সবাই আমাদের পরিচর্যা দলের সদস্যদের সাহায্য করতে পারব।
একজন প্রাচীন তার দলের একজন পরিচারক দাসকে প্রশিক্ষণ দিতে পারেন, যেমন তিনি তাকে ক্ষেত্রের পরিচর্যা সভা পরিচালনা করার জন্য বলতে পারেন (৭ অনুচ্ছেদ দেখুন)
ব্যক্তিগতভাবে আমরা আমাদের পরিচর্যা দলের সদস্যদের কীভাবে সাহায্য করতে পারি?
৮. কীভাবে আপনি আপনার পরিচর্যা দলের সদস্যদের সাহায্য করতে পারেন? (রোমীয় ১:১২)
৮ দলের সঙ্গে প্রচার করুন। একসঙ্গে প্রচার করার মাধ্যমে আপনি “পরস্পরকে উৎসাহিত” করতে পারবেন। (পড়ুন, রোমীয় ১:১২.) এ ছাড়া, আপনি যখন একসঙ্গে প্রচার করবেন, তখন আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং আপনি কিছুটা নিরাপদে কাজ করতে পারবেন। আপনি যদি চাকরির কারণে আপনার পরিচর্যা দলের সঙ্গে প্রচার করতে না পারেন, তা হলে আপনি কি আপনার বসের সঙ্গে এই বিষয়ে একটু কথা বলতে পারেন, যাতে আপনার কাজের তালিকায় কিছু রদবদল করা যায়? হতে পারে, তিনি আপনার সঙ্গে এই বিষয়ে সহযোগিতা করবেন। (নহি. ২:৪-৬) আপনি যদি আপনার স্বাস্থ্য অথবা বয়সের কারণে সরাসরি আপনার দলের সঙ্গে প্রচার করতে না পারেন, তা হলে আপনি কি দলের অধ্যক্ষের সঙ্গে এই বিষয়ে কথা বলতে পারেন? তিনি হয়তো এমন ব্যবস্থা করতে পারেন যাতে আপনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে, চিঠি লেখার বা ফোনের মাধ্যমে আপনার দলের সঙ্গে প্রচারে অংশ নিতে পারেন। আপনার বয়স কম এবং স্বাস্থ্য ভালো থাকা সত্ত্বেও আপনি যদি নিয়মিতভাবে আপনার দলের সঙ্গে প্রচার করতে না পারেন, তা হলে? আপনি কি প্রতি সপ্তাহে আপনার দলের কারো সঙ্গে প্রচারে যাওয়ার জন্য প্ল্যান করতে পারেন? আপনি হয়তো চিন্তা করতে পারেন, আপনার জীবনে কোনটা বেশি গুরুত্বপূর্ণ এবং কীভাবে আপনি আপনার সময়কে আরও ভালোভাবে ব্যবহার করতে পারেন। (রোমীয় ১২:১১; কল. ৪:৫) এটা করার জন্য আপনি যখন প্রচেষ্টা করবেন, তখন আপনার পরিচর্যা দলের প্রত্যেকে উপকৃত হবে। তাই, এই বিষয়ে যিহোবার কাছে সাহায্য চেয়ে প্রার্থনা করুন। এতে তিনি আপনাকে কাজ করার ‘আকাঙ্ক্ষা ও ক্ষমতা, উভয়ই দেবেন।’—ফিলি. ২:১৩.
৯. কীভাবে আমরা আমাদের পরিচর্যা দলের মধ্যে এক উষ্ণ ও প্রেমময় পরিবেশ বজায় রাখতে পারি? (রোমীয় ১২:১৩)
৯ আতিথেয়তা দেখান। “আতিথেয়তা দেখানোর অভ্যাস” গড়ে তোলার মাধ্যমে আমরা আমাদের পরিচর্যা দলের মধ্যে এক উষ্ণ ও প্রেমময় পরিবেশ বজায় রাখতে পারি। (পড়ুন, রোমীয় ১২:১৩.) আপনি কি আপনার বাড়িতে ক্ষেত্রের পরিচর্যা সভা করার জন্য প্রস্তাব দিতে পারেন? যখন অন্য মণ্ডলী থেকে কোনো ভাই বক্তৃতা দিতে আসেন, তখন কোনো কোনো মণ্ডলীতে পরিচর্যা দলগুলো পালা করে আতিথেয়তা দেখিয়ে থাকে। যদি সেই অতিথি বক্তা ব্যক্তিগতভাবে উপস্থিত থাকতে না পারেন, তা হলেও সেই পরিচর্যা দল সভার পরে একসঙ্গে খাওয়া-দাওয়া করার এবং মেলামেশা করার ব্যবস্থা করে থাকে। সারা নামে একজন বিশেষ অগ্রগামী বোন বলেন: “আতিথেয়তা দেখানোর বিষয়টা যখন আসে, তখন আমি একটু চিন্তিত হয়ে পড়ি। তাই, আমি অতিরিক্ত কিছু করার চেষ্টা করি না। খাওয়া-দাওয়া কেমন হবে, সেটা নিয়ে বেশি না ভেবে বরং একে অন্যকে ভালোভাবে জানার চেষ্টা করি।” আতিথেয়তা দেখানোর মাধ্যমে আমরা যখন আমাদের পরিচর্যা দলের মধ্যে এক প্রেমময় পরিবেশ গড়ে তুলি, তখন আমরা যিহোবার এবং একে অপরের আরও ঘনিষ্ঠ হয়ে উঠি।—নহি. ৮:১০; প্রেরিত ২০:৩৫.
১০. আমরা যদি আরও ভালো প্রচারক ও শিক্ষক হতে চাই, তা হলে আমরা কী করতে পারি? (হিতোপদেশ ১:৫; ২৭:১৭) (ছবিও দেখুন।)
১০ সাহায্য নেওয়ার জন্য নিজে থেকে এগিয়ে যান। প্রচার ও শিক্ষা দেওয়ার ক্ষেত্রে আমরা যত দক্ষ হয়ে উঠব, ততই আমরা আমাদের পরিচর্যা দলের ভাই-বোনদের সঙ্গে কাজ করে আনন্দ পাব। আরও ভালো প্রচারক ও শিক্ষক হওয়ার জন্য আপনি কী করতে পারেন? আপনি আপনার দলের ভাই-বোনদের কাছ থেকে সাহায্য নিতে পারেন। (পড়ুন, হিতোপদেশ ১:৫; ২৭:১৭.) যেমন, আপনি নির্দিষ্টভাবে আপনার দলের অধ্যক্ষকে জানাতে পারেন যে, আপনি ঠিক কোথায় উন্নতি করতে চান। তিনি আপনাকে সাহায্য করার জন্য তার যথাসাধ্য করবেন। এ ছাড়া, আপনার দলের কোনো অগ্রগামী বা অভিজ্ঞ প্রকাশকের কাছেও আপনি সাহায্য চাইতে পারেন। হেদার নামে একজন বোন লাজুক হওয়া সত্ত্বেও নিজে থেকে এগিয়ে গিয়ে সাহায্য চেয়েছিলেন। তিনি বলেন: “পুনর্সাক্ষাৎ করার জন্য আমি একজন অগ্রগামীর কাছে সাহায্য চেয়েছিলাম। তিনি খুব প্রেমময় ও সদয় ছিলেন এবং আমাকে সাহায্যও করেছিলেন। তিনি নিয়মিতভাবে আমার সঙ্গে প্রচার করতেন। তিনি এমনকী একটা বাইবেল অধ্যয়ন শুরু করতেও আমাকে সাহায্য করেছিলেন। আমি খুব খুশি যে, আমি সাহায্য নিয়েছিলাম আর তাই এখন প্রচার কাজ করতে আমার খুব ভালো লাগে।” সত্যিই, আমরা বিভিন্নভাবে আমাদের পরিচর্যা দলের ভাই-বোনদের সাহায্য করতে পারি!
পরিচর্যা দল ছোটো হলে ভাই-বোনেরা একে অন্যকে ভালোভাবে জানতে পারে এবং একসঙ্গে প্রচার করে আনন্দ লাভ করতে পারে (১০ অনুচ্ছেদ দেখুন)
কীভাবে আপনি আপনার পরিচর্যা দলের ব্যবস্থা থেকে উপকৃত হতে পারেন?
১১-১২. পরিচর্যা দলের ব্যবস্থা থেকে আপনি কোন আধ্যাত্মিক উপকারগুলো লাভ করতে পারেন? একটা অভিজ্ঞতা বলুন।
১১ আধ্যাত্মিকভাবে। পরিচর্যা দলের ব্যবস্থা থেকে আমরা প্রত্যেকে আধ্যাত্মিকভাবে উপকার লাভ করতে পারি। যিহোবা পরিচর্যা দলের মাধ্যমে সেই ভাই-বোনদের বিশেষভাবে যত্ন নিয়ে থাকেন, যারা বিধবা, অনাথ ও বয়স্ক। পরিচর্যা দলের অধ্যক্ষ নিয়মিতভাবে এই ভাই-বোনদের সঙ্গে পালকীয় সাক্ষাৎ করেন এবং তাদের উৎসাহ দেন। (১ থিষল. ২:৮; যাকোব ১:২৭) এ ছাড়া, আমরা প্রচার ও শিক্ষা দেওয়ার কাজে আরও দক্ষ হয়ে ওঠার জন্য প্রশিক্ষণ পাই। সেইসঙ্গে, উদাহরণযোগ্য বাপ্তাইজিত ভাইদের সাহায্য করা হয়, যাতে তারা মণ্ডলীতে আরও বেশি দায়িত্ব নেওয়ার জন্য যোগ্য হয়ে উঠতে পারে।—১ তীম. ৩:১০.
১২ বোন ওয়েনডি, যার বিষয়ে আগে উল্লেখ করা হয়েছে, তিনি কীভাবে পরিচর্যা দলের এই ব্যবস্থা থেকে উপকৃত হয়েছেন, সেটা লক্ষ করুন। তিনি বলেন: “আমার বাবা যেহেতু সত্যের বিরোধিতা করতেন, তাই আমার মা সপ্তাহের শেষের দিনগুলোতে তার পরিচর্যা দলের সঙ্গে প্রচার করতে পারতেন না। কিন্তু, আমি পারতাম আর আমি সেটা করেওছি। একজন বয়স্ক অগ্রগামী বোন আমার ভালো বন্ধু হয়ে উঠেছিলেন এবং আমাকে এমন অনেক দক্ষতা গড়ে তুলতে সাহায্য করেছিলেন, যেগুলো আমাকে প্রচারে আর এমনকী মণ্ডলীতেও উন্নতি করতে সাহায্য করেছে। আমার মনে পড়ে, আমার পরিচর্যা দলের অধ্যক্ষ আমাকে বাইবেল থেকে এমন অনেক পরামর্শ দিয়েছিলেন, যেগুলো আজও আমাকে সাহায্য করছে।”
১৩. পরিচর্যা দলের সঙ্গে কাজ করলে কীভাবে আমরা আবেগগত দিক দিয়ে উপকৃত হতে পারি? ( ছবিও দেখুন।)
১৩ আবেগগতভাবে। আমাদের পরিচর্যা দলের ভাই-বোনদের সঙ্গে যখন আমরা প্রচারে “একযোগে” কাজ করি, তখন আমাদের মধ্যে একটা ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে ওঠে। (ফিলি. ১:২৭) পরিচর্যা দল ছোটো হওয়ার কারণে, যারা লাজুক অথবা লোকদের সঙ্গে মেলামেশা করতে ইতস্তত বোধ করে, তারাও অন্যদের সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে তুলতে পারে। (২ করি. ৬:১৩) আমরা যখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাই, যেমন অসুস্থ হয়ে পড়ি, উদ্বিগ্নতায় ভুগি অথবা মৃত্যুতে কোনো প্রিয়জনকে হারাই, তখন এই বন্ধুরাই আমাদের পাশে এসে দাঁড়ায়। (১ থিষল. ৫:১৪) এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে, ভবিষ্যতে আমাদের আরও বেশি এইরকম বন্ধুদের প্রয়োজন হবে। (মথি ২৪:২১) আমাদের সমস্যাগুলো হয়তো পুরোপুরি চলে যাবে না, কিন্তু আমরা যখন বুঝতে পারব যে, ভাই-বোনেরা আমাদের ভালোবাসে এবং আমাদের পাশে রয়েছে, তখন সমস্যাগুলোর সঙ্গে মোকাবিলা করা আমাদের জন্য আরও সহজ হয়ে উঠবে।—হিতো. ১৭:১৭.
একটা পরিচর্যা দলের দু-জন বোন একসঙ্গে প্রচার করতে যাচ্ছেন (১৩ অনুচ্ছেদ দেখুন)
১৪. কীভাবে পরিচর্যা দল জরুরি অবস্থার সময় আমাদের সাহায্য করে থাকে?
১৪ ব্যাবহারিকভাবে। আমরা যখন মহামারি, প্রাকৃতিক বিপর্যয়, অসুস্থতা, তাড়না অথবা অর্থনৈতিক সমস্যার মুখোমুখি হই, তখন আমরা এই পরিচর্যা দলের কাছ থেকে সাহায্য লাভ করি। উদাহরণস্বরূপ, প্রত্যেক মণ্ডলীর সার্ভিস কমিটি পরিচর্যা দলের অধ্যক্ষের সঙ্গে নির্দিষ্টভাবে কিছু পরিকল্পনা করে থাকে, যাতে সেই ভাই-বোনদের সাহায্য করা যায় যাদের বিশেষ প্রয়োজন রয়েছে। পরিচর্যা দলের অধ্যক্ষ তার দলের প্রত্যেক ভাই-বোনের সঙ্গে যোগাযোগ করে এটা দেখার জন্য যে, তাদের কী কী প্রয়োজন রয়েছে। হতে পারে, কারো ওষুধপত্র, খাবার, পানীয় জল, থাকার জায়গা এবং জামাকাপড়ের প্রয়োজন রয়েছে আর তখন সেই দলের অধ্যক্ষ তাদের এই প্রয়োজনীয় বিষয়গুলো জোগানোর ব্যবস্থা করে থাকেন। সত্যিই, আমরা আমাদের পরিচর্যা দলের কাছ থেকে কতই-না ব্যাবহারিক সাহায্য এবং প্রেমময় যত্ন পেয়ে থাকি!
১৫. কোন বিষয়টা যিহোবার সমস্ত উপাসককে একতাবদ্ধ করে তোলে?
১৫ আমরা জানি যিহোবার সংগঠন অনেক বড়ো। এর স্বর্গীয় অংশ কোটি কোটি বিশ্বস্ত স্বর্গদূত নিয়ে গঠিত। এর পার্থিব অংশের সদস্যের সংখ্যা ৯০ লক্ষেরও বেশি আর এই সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। (সখ. ৮:২৩; প্রকা. ৫:১১) স্বর্গে ও পৃথিবীতে যিহোবার সমস্ত উপাসক একতাবদ্ধভাবে ঈশ্বরের রাজ্যের সুসমাচার ঘোষণা করে চলেছে! (প্রকা. ১৪:৬, ৭) তাই, আসুন আমরা পরিচর্যা দলের এই ব্যবস্থা থেকে পূর্ণ উপকার লাভ করি। এটা এমন একটা ব্যবস্থা, যেটা আমাদের হৃদয় থেকে যিহোবার প্রশংসা করতে সাহায্য করে।—গীত. ১১১:১.
গান ৬১ চলো সব সাক্ষিরা!
a কিছু নাম পরিবর্তন করা হয়েছে।
b যদি প্রয়োজন হয়, তা হলে একজন যোগ্য পরিচারক দাসকে ব্যবহার করা যেতে পারে, যতক্ষণ না পর্যন্ত একজন প্রাচীন এসে সেই দায়িত্ব গ্রহণ করছেন। যে-পরিচারক দাস এই দায়িত্ব পালন করেন, তাকে বলা হয় গ্রুপ সার্ভেন্ট কারণ তিনি মণ্ডলীতে অধ্যক্ষ হিসেবে কাজ করেন না বরং তিনি প্রাচীনদের নির্দেশনার অধীনে এই দায়িত্ব পালন করেন।