ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w26 এপ্রিল পৃষ্ঠা ২০-২৫
  • ‘সমস্ত সান্ত্বনার ঈশ্বরের’ কাছ থেকে শিখুন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ‘সমস্ত সান্ত্বনার ঈশ্বরের’ কাছ থেকে শিখুন
  • প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২৬
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • বাইবেলে সান্ত্বনা বলতে কী বোঝানো হয়েছে?
  • আমরা কীভাবে অন্যদের সান্ত্বনা দিতে পারি?
  • আপনার যখন সান্ত্বনার প্রয়োজন হয়
  • বেথেল পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার এক চমৎকার ব্যবস্থা
    আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০২৩
  • আমরা কখনোই একা নই
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২৫
  • ‘সমস্ত শোকার্ত্তকে সান্ত্বনা করুন’
    ২০১১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • দুর্ব্যবহারের শিকার হওয়া ব্যক্তিদের সান্ত্বনা প্রদান করা
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৯
আরও দেখুন
প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২৬
w26 এপ্রিল পৃষ্ঠা ২০-২৫

জুন ২২-২৮, ২০২৬

গান ৯০ একে অন্যকে উৎসাহিত করো

‘সমস্ত সান্ত্বনার ঈশ্বরের’ কাছ থেকে শিখুন

“আমরা ঈশ্বরের কাছ থেকে যে-সান্ত্বনা পেয়েছি, সেই সান্ত্বনার দ্বারা অন্যদের . . . সান্ত্বনা দিতে পারি।”—২ করি. ১:৪.

আমরা কী শিখব?

যিহোবা এবং যারা তাঁকে অনুকরণ করে, তাদের মতো আমরা কীভাবে অন্যদের সান্ত্বনা দিতে পারি?

১. কেন অন্যদের সান্ত্বনা দেওয়া উচিত?

আমরা প্রত্যেকে ‘বিভিন্ন পরীক্ষার কারণে দুঃখ ভোগ করি,’ তাই কখনো কখনো আমাদের সান্ত্বনার ও উৎসাহের প্রয়োজন হয়। (১ পিতর ১:৬) কেউ যখন আমাদের সান্ত্বনা দেয়, তখন আমাদের খুব ভালো লাগে। তাই অন্যেরা যখন সমস্যায় পড়ে, আমরাও যেন দ্রুত তাদের সান্ত্বনা দেওয়ার জন্য এগিয়ে যাই। (মথি ৭:১২) যিহোবা যিনি হলেন, “সমস্ত সান্ত্বনার ঈশ্বর,” তিনি দেখান যে, কীভাবে “অন্যদের সমস্ত ধরনের পরীক্ষার মধ্যে সান্ত্বনা দিতে” হয়। (২ করি. ১:৩, ৪; ১ থিষল. ৪:১৮) আমরা শুধুমাত্র কর্তব্যের খাতিরে নয় বরং ভাই-বোনদের ভালোবাসি বলে তাদের সান্ত্বনা দিতে চাই। এই প্রবন্ধে আমরা জানতে পারব, (১) বাইবেলে সান্ত্বনা বলতে কী বোঝানো হয়েছে, (২) আমরা কীভাবে অন্যদের সান্ত্বনা দিতে পারি এবং (৩) আমাদের যখন সান্ত্বনার প্রয়োজন হয়, তখন আমরা কী করতে পারি।

বাইবেলে সান্ত্বনা বলতে কী বোঝানো হয়েছে?

২. বাইবেলে “সান্ত্বনা” শব্দের কত ধরনের অর্থ থাকতে পারে?

২ বাইবেলে “সান্ত্বনা” শব্দের জন্য যে-গ্রিক শব্দ ব্যবহার করা হয়েছে, প্রসঙ্গ অনুযায়ী সেটার অনেক ধরনের অর্থ হতে পারে। যেমন, “উৎসাহ দেওয়া,” “পরামর্শ দেওয়া,” অথবা কাউকে “অনুপ্রাণিত করা।” (রোমীয় ১২:৮) এই শব্দের আক্ষরিক অর্থ হতে পারে, “সাহায্য করার জন্য কারো পাশে দাঁড়ানো।” তাই, আমরা বিষয়টাকে এভাবে কল্পনা করতে পারি, একজন বন্ধু অন্য বন্ধুর কষ্ট দেখে তাকে সাহায্য করার জন্য দ্রুত এগিয়ে আসছে। সে যে-উপায়েই সাহায্য করুক না কেন, তার বন্ধু উৎসাহিত হবে এবং সান্ত্বনা পাবে।

৩. অন্যদের সান্ত্বনা দেওয়ার ক্ষেত্রে বার্ণবা কীভাবে এক অসাধারণ আদর্শ রেখেছিলেন? (ছবিও দেখুন।)

৩ বাইবেলের একটা উদাহরণের বিষয়ে চিন্তা করুন। যোষেফ নামে একজন খ্রিস্টান অন্যদের উৎসাহিত ও সান্ত্বনা দেওয়ার ক্ষেত্রে এমন এক অসাধারণ আদর্শ রেখেছিলেন যে, প্রেরিতেরা তাকে বার্ণবা বলে ডাকত, যেটার মানে হল “সান্ত্বনার পুত্র।” (প্রেরিত ৪:৩৬) বার্ণবা নামটা তার প্রতি এতটাই প্রযোজ্য ছিল যে, বাইবেলে কখনো তাকে আর যোষেফ বলা হয়নি। বাইবেলে অনেক বার বলা হয়েছে যে, বার্ণবা যখনই দেখতেন, কোনো ভাই-বোনের সাহায্যের প্রয়োজন, তখনই তিনি তাদের সাহায্য করার জন্য এগিয়ে যেতেন। একবার বার্ণবা দেখেছিলেন, শৌলের সাহায্যের প্রয়োজন রয়েছে। সেইসময় শৌল সবেমাত্র খ্রিস্টান হয়েছিলেন এবং জেরুসালেমে শিষ্যদের সঙ্গে দেখা করতে এসেছিলেন। যেহেতু শৌল অতীতে খ্রিস্টানদের উপর তাড়না করতেন, তাই শিষ্যেরা তার সঙ্গে দেখা করতে ভয় পাচ্ছিল। কিন্তু, বার্ণবা শৌলের উপর আস্থা রেখেছিলেন এবং প্রেরিতদের সঙ্গে তার পরিচয় করিয়ে দিয়েছিলেন।—প্রেরিত ৯:২৬-২৮.

বার্ণবা শৌলকে তার কিছু প্রেরিতের সঙ্গে দেখা করানোর জন্য একজন প্রেরিতের বাড়িতে নিয়ে গিয়েছেন। শৌল প্রেরিতদের দিকে আসছেন এবং তারা তাকে সন্দেহের চোখে দেখছেন।

বার্ণবা তার নামের মর্যাদা বজায় রেখেছিলেন (৩ অনুচ্ছেদ দেখুন)


আমরা কীভাবে অন্যদের সান্ত্বনা দিতে পারি?

৪. অন্যদের সান্ত্বনা দেওয়ার একটা ভালো উপায় কী? (রোমীয় ১:১১, ১২)

৪ সম্ভব হলে তাদের সঙ্গে সামনাসামনি দেখা করুন। যিহোবা তাঁর দাসদের মাধ্যমে অন্যদের সান্ত্বনা দিয়ে থাকেন। উদাহরণ স্বরূপ, যখন ভাববাদী এলিয় খুবই উদ্‌বিগ্ন ছিলেন, তখন যিহোবা একজন স্বর্গদূতের মাধ্যমে এলিয়কে উৎসাহিত করেছিলেন। (১ রাজা. ১৯:৪-৭) প্রেরিত পৌলও তার ভাইদের উৎসাহিত করার জন্য ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে দেখা করতেন। (পড়ুন, রোমীয় ১:১১, ১২.) তাই, অন্যদের সান্ত্বনা দেওয়ার একটা ভালো উপায় হল, অন্যদের সঙ্গে সামনাসামনি দেখা করুন এবং তাদের সঙ্গে একটু বেশি সময় কাটান। (১ করি. ১৬:৭) তবে, আপনি যদি সামনাসামনি কারো সঙ্গে দেখা করে তাকে সান্ত্বনা দিতে না পারেন, তা হলে ফোন, চিঠি, কার্ড অথবা টেক্সট মেসেজের মাধ্যমে তাকে উৎসাহ দিন। অন্যদের সান্ত্বনা দেওয়ার জন্য যিহোবা আপনাকে ব্যবহার করতে পারেন। কিন্তু, আপনি কি তা করার জন্য এগিয়ে আসবেন?

৫. কেন অনেকসময় ভাই-বোনদের সান্ত্বনা দেওয়া কঠিন হয়?

৫ শেষকালে পরিস্থিতি যেহেতু আরও খারাপ হয়ে যাচ্ছে, তাই আমাদের পক্ষে সবসময় ভাই-বোনদের সঙ্গে সামনাসামনি দেখা করে তাদের সান্ত্বনা দেওয়া কঠিন হতে পারে। পৌল যখন রোমে বন্দি ছিলেন, তখন অনীষিফর যিনি ইফিষে থাকতেন, তিনি পৌলকে সান্ত্বনা দেওয়ার জন্য তাকে খুঁজেছিলেন। এটা করতে গিয়ে অনীষিফর নিজে বন্দি হতে পারতেন অথবা তার মৃত্যুও হতে পারত। (২ তীম. ১:১৬-১৮) রাশিয়ায় যিহোবার সাক্ষিরাও যখন তাদের বিশ্বাসের কারণে তাড়না সহ্য করছিল, তখন ভাই-বোনেরা ঠিক একইভাবে তাদের সাহায্য করেছিল। সাক্ষিদের যখন বিচারের জন্য আদালতে নিয়ে আসা হয়েছিল, তখন ভাই-বোনেরা সেই আদালতে উপস্থিত থেকে তাদের সমর্থন জানিয়েছিল, যদিও এর জন্য তারা নিজেদের স্বাধীনতা হারাতে পারত। তাই, কীভাবে আপনি ভাই-বোনদের সাহায্য করার জন্য নিজেকে প্রস্তুত করতে পারেন? আপনি চাইলে অতীতের ও বর্তমানের ঈশ্বরের সাহসী লোকদের উদাহরণ নিয়ে চিন্তা করতে পারেন, যারা একে অপরকে সান্ত্বনা দিয়েছে এবং তাড়না সত্ত্বেও নিজেদের আনন্দ বজায় রাখতে পেরেছে।

৬. অন্যদের সান্ত্বনা দেওয়ার সময় কীভাবে আমরা যিহোবাকে অনুকরণ করতে পারি? (ছবিও দেখুন।)

৬ মন দিয়ে তাদের কথা শুনুন। যখন ভাববাদী এলিয়ের জীবন বিপদের মুখে ছিল, তখন তিনি হৃদয় উজাড় করে যিহোবার সঙ্গে কথা বলেছিলেন। এলিয় যখন তার মনের কথা যিহোবাকে বলছিলেন, তখন তিনি এলিয়ের কথা মন দিয়ে শুনেছিলেন, যদিও যিহোবা জানতেন, কোন বিষয়টা এলিয়কে কষ্ট দিচ্ছিল। এলিয় যখন বার বার একই কথা বলছিলেন, তখনও যিহোবা ধৈর্য ধরে তার কথা শুনেছিলেন! (১ রাজা. ১৯:৯, ১০, ১৪) এ ছাড়া, ভাববাদী হবক্‌কূক যখন নিজের উদ্‌বেগ এবং সন্দেহ প্রকাশ করছিলেন, তখন যিহোবা সেটা শুনেছিলেন, যদিও হবক্‌কূকের কথাগুলো শুনে এটা মনে হতে পারত যে, তিনি যিহোবাকে অসম্মান করছেন। (হবক্‌. ১:২, ৩) আজও যিহোবা জানেন আমাদের কী প্রয়োজন, কিন্তু তারপরও তিনি আমাদের প্রার্থনা মন দিয়ে শোনেন। তাই, আমাদের ভাই-বোনেরা যখন কথা বলে, তখন তাদের কথা মন দিয়ে এবং সম্মানের সঙ্গে শোনার মাধ্যমে আমরা যিহোবাকে অনুকরণ করতে পারি। আমাদের “শোনার ব্যাপারে ইচ্ছুক” হতে হবে। আমরা অযথা তাদের কথার মাঝে কথা বলব না। তারা যদি আমাদের সঙ্গে রূঢ়ভাবে কথা বলে কিংবা একই কথা বার বার বলে, তা হলেও আমরা তাদের উপর বিরক্ত হব না।—যাকোব ১:১৯; উপ. ৭:৯.

একজন বোন অনেক রাত পর্যন্ত অন্য একজন বোনকে তার সমস্যাগুলোর কথা খুলে বলছেন এবং সেই বোন মন দিয়ে তার কথা মন দিয়ে শুনছেন।

ভাই-বোনেরা যখন কথা বলে, তখন তাদের কথা মন দিয়ে শোনার মাধ্যমে আমরা যিহোবাকে অনুকরণ করতে পারি (৬ অনুচ্ছেদ দেখুন)


৭. একজন ব্যক্তির কী প্রয়োজন, সেটা আমরা কীভাবে জানতে পারব?

৭ একজন ব্যক্তির কী প্রয়োজন, সেটা জানার চেষ্টা করুন। যিহোবার মতো আমরা কারো হৃদয় পড়তে পারি না, তাই একজন ব্যক্তিকে সান্ত্বনা দেওয়ার আগে আমাদের তার কথা মন দিয়ে শুনতে হবে। তা হলে, আমরা জানতে পারব যে, কীভাবে আমরা তাকে সাহায্য করতে পারি। এটা কখনো ধরে নেবেন না যে, আপনি তার জায়গায় থাকলে আপনার যা প্রয়োজন হত, তারও ঠিক একই প্রয়োজন হবে। এটা মনে রাখবেন, আমাদের প্রত্যেকের ব্যক্তিত্ব আলাদা। তাই, সময় নিয়ে মন দিয়ে তার কথা শুনুন এবং এমন কিছু প্রশ্ন জিজ্ঞেস করুন, যাতে আপনি সেই ব্যক্তির অনুভূতি ভালোভাবে বুঝতে পারেন।—হিতো. ২০:৫.

৮. লাসার মারা যাওয়ার পর কীভাবে যিশু মার্থা ও মরিয়মকে সান্ত্বনা দিয়েছিলেন? (ছবিগুলোও দেখুন।)

৮ চিন্তা করুন, লাসার মারা যাওয়ার পর কীভাবে যিশু মার্থা ও মরিয়মকে সান্ত্বনা দিয়েছিলেন। তারা দু-জনেই তাদের ভাইকে মৃত্যুতে হারিয়ে কষ্ট পাচ্ছিলেন। কিন্তু, এই পরিস্থিতিতে যিশু তাদের দু-জনকে দু-রকমভাবে সান্ত্বনা দিয়েছিলেন। মার্থার কথা শোনার পর যিশু তাকে পুনরুত্থানের বিষয়ে বলেছিলেন এবং এই প্রেমময় ব্যবস্থার প্রতি মার্থার বিশ্বাসকে দৃঢ় করতে সাহায্য করেছিলেন। কিন্তু, মরিয়ম যখন কাঁদতে কাঁদতে যিশুর কাছে আসেন, তখন যিশু সরাসরি তাকে পুনরুত্থানের কথা বলেননি। এর পরিবর্তে, যিশু মরিয়মের সঙ্গে কেঁদেছিলেন এবং তাকে জিজ্ঞেস করেছিলেন যে, লাসারকে কোথায় রাখা হয়েছে। (যোহন ১১:২০-৩৫) তাহলে, এর থেকে আমরা কী শিখি? অন্যদের সান্ত্বনা দেওয়ার সময় আমরা তাদের প্রয়োজন বোঝার চেষ্টা করব আর এটাও মনে রাখব যে, সবাইকে একইরকমভাবে সান্ত্বনা দেওয়া যায় না।

কোলাজ: একজন প্রাচীন দু-জন ভাইয়ের সঙ্গে দেখা করার জন্য তাদের বাড়িতে গিয়েছেন, যাদের স্ত্রী মারা গিয়েছে। ১. একজন ভাই কাঁদছেন এবং প্রাচীন তার কাঁধে হাত দিয়ে আছেন। ২. সেই প্রাচীন এবং একজন বয়স্ক ভাই একসঙ্গে ফটো অ্যালবাম দেখছেন এবং সেই প্রাচীন তাকে একটা শাস্ত্রপদ দেখাচ্ছে।

অন্যদের সান্ত্বনা দেওয়ার সময় তাদের প্রয়োজনগুলো জানার চেষ্টা করুন (৮ অনুচ্ছেদ দেখুন)a


৯. অন্যদের সান্ত্বনা দেওয়ার সময়ে কীভাবে আমরা বাইবেল ব্যবহার করতে পারি? (রোমীয় ১৫:৪, ৫)

৯ বাইবেল ব্যবহার করুন। আপনি যখন কাউকে ‘শাস্ত্র থেকে সান্ত্বনা’ দেন, তখন আপনি সেই ব্যক্তিকে এক প্রত্যাশা লাভ করতে সাহায্য করেন। (পড়ুন, রোমীয় ১৫:৪, ৫.) আর সেই প্রত্যাশা তাকে আরও বেশি সান্ত্বনা ও উৎসাহ দেয়। (যিশা. ৪০:৩১) কাউকে সান্ত্বনা দেওয়ার সময় আপনি কীভাবে বাইবেলের পদগুলো খুঁজে পেতে পারেন? অনেকে খ্রিস্টান হিসেবে জীবনযাপন করার জন্য বাইবেলের নীতি বই থেকে ‘সান্ত্বনার’ বিষয়ে উদ্ধৃত কিছু শাস্ত্রপদের একটা তালিকা তৈরি করে রাখে। যিহোবার কাছে প্রার্থনা করুন, যাতে তিনি অন্যদের সান্ত্বনা দেওয়ার সময়ে আপনাকে তাঁর বাক্য সঠিকভাবে ব্যবহার করতে সাহায্য করেন। যিহোবার পবিত্র শক্তি আপনাকে উপযুক্ত সময়ে সঠিক শাস্ত্রপদ মনে করতে সাহায্য করবে।—যোহন ১৪:২৬.

১০. কাউকে সান্ত্বনা দেওয়ার সময় কেন আমাদের সদয়ভাবে কথা বলা উচিত?

১০ সদয়ভাবে কথা বলুন। গ্রিক ভাষায় ‘সান্ত্বনার’ জন্য যে-শব্দ ব্যবহার করা হয়েছে, সেটা কাউকে “পরামর্শ দেওয়া,” অথবা “অনুপ্রাণিত” করাকে বোঝাতে পারে। অনেকসময় কাউকে সান্ত্বনা দেওয়ার ক্ষেত্রে তার চিন্তাধারাকেও পরিবর্তন করার প্রয়োজন হতে পারে। সেইসময় আপনাকে হয়তো তাকে কিছু পরামর্শ দিতে হবে অথবা তাকে অনুপ্রাণিত করতে হবে। এইরকম পরিস্থিতিতে কিছু বলার আগে ভালোভাবে চিন্তা করুন যে, আপনার কথায় যেন তিনি আঘাত না পান বরং উৎসাহিত হন। (হিতো. ১২:১৮) এই ক্ষেত্রে যিহোবা এক নিখুঁত উদাহরণ স্থাপন করেছেন। একবার এলিয় মনে করেছিলেন যে, তিনি একাই যিহোবার উপাসনা করছেন এবং ভাববাদী হিসেবে তিনি যে-পরিশ্রম করেছিলেন, সেটার কোনো মূল্য নেই। সেইসময় যিহোবা তার সঙ্গে সদয়ভাবে কথা বলেছিলেন। তিনি এলিয়ের ভুলকে সরাসরি ধরিয়ে না দিয়ে তার চিন্তাধারাকে সংশোধন করেছিলেন। (১ রাজা. ১৯:১৫-১৮) আপনিও ভাই-বোনদের সঙ্গে সদয়ভাবে কথা বলতে পারেন এবং তাদের কিছু বলার আগে ভালোভাবে চিন্তা করতে পারেন। এ ছাড়া, আপনি যখন সভায় কোনো কার্যভার তুলে ধরেন অথবা মন্তব্য করেন, তখন সদয়ভাবে কথা বলুন, যাতে আপনি ভাই-বোনদের উৎসাহিত করতে পারেন এবং তাদের বিশ্বাসকে দৃঢ় করতে পারেন।

১১. যারা কষ্টে থাকে, তাদের প্রায়ই কীসের প্রয়োজন হয়? (১ যোহন ৩:১৮)

১১ ব্যাবহারিক উপায়ে সাহায্য করুন। যারা কষ্টের মধ্যে রয়েছে, তাদের প্রায়ই সান্ত্বনার চেয়ে আরও বেশি কিছুর প্রয়োজন হয়। (পড়ুন, ১ যোহন ৩:১৮.) এই ক্ষেত্রে বার্ণবা এক উত্তম উদাহরণ স্থাপন করেছিলেন। তিনি নতুন বাপ্তাইজিত ভাই-বোনদের সাহায্য করার জন্য তার সম্পত্তির কিছু অংশ বিক্রি করে দিয়েছিলেন। (প্রেরিত ৪:৩৬, ৩৭) আমাদের মধ্যে অনেক সহবিশ্বাসীও আজ ভাই-বোনদের ব্যাবহারিক উপায়ে সাহায্য করার ক্ষেত্রে এক উত্তম উদাহরণ স্থাপন করছে। বোন গাব্রিয়েলা যিনি পোল্যান্ডে থাকেন, তিনি খুবই ভেঙে পড়েন, যখন একটা মারাত্মক বন্যার কারণে তার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। তিনি বলেন: “আমি ও আমার বাবা-মা খুবই ভয় পেয়েছিলাম এবং চিন্তায় পড়ে গিয়েছিলাম। আমি ভাবছিলাম যে, কীভাবে আমি এই পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করব। কিন্তু, আশেপাশের মণ্ডলী থেকে ভাই-বোনেরা আসে এবং এক দিনের মধ্যেই আমাদের বাড়ি মেরামত করার জন্য অনেক পরিশ্রম করে। এই অভিজ্ঞতার মাধ্যমে আমি পুরোপুরি নিশ্চিত হয়েছি যে, যারা কষ্টের মধ্যে রয়েছে তাদের সান্ত্বনা দেওয়ার জন্য যিহোবা তাঁর লোকদের ব্যবহার করছেন।”

১২. পরীক্ষার সময়ে বিশ্বস্ত থাকার মাধ্যমে কীভাবে আপনি ভাই-বোনদের সাহায্য করতে পারেন?

১২ পরীক্ষার সময়ে বিশ্বস্ত থাকুন। থিষলনীকীর খ্রিস্টানদের উদ্দেশে পৌল বলেছিলেন, তারা যেভাবে পরীক্ষার সময়ে বিশ্বস্ত ছিল, সেটা শুনে তিনি নিজে সান্ত্বনা পেয়েছিলেন এবং আরও বেশি সতেজ হয়ে উঠেছিলেন। এ ছাড়া, তিনি নিশ্চিত হয়ে গিয়েছিলেন যে, থিষলনীকীর খ্রিস্টানদের জন্য তিনি যে-পরিশ্রম করেছিলেন, সেটা ব্যর্থ হয়নি। (১ থিষল. ৩:৫-৮) পৌলও সেই ভাই-বোনদের সান্ত্বনা দিতে চেয়েছিলেন। তিনি জানতেন, তিনি যদি সমস্যার সময়ে যিহোবার প্রতি বিশ্বস্ত থাকেন, তা হলে এটা দেখে সেই ভাই-বোনেরা উৎসাহ পাবে, এমনকী তারাও যাদের হয়তো কখনোই পৌলের সঙ্গে দেখা হয়নি। (কল. ২:১, ২) ঠিক একইভাবে, যখন আমাদের ভাই-বোনেরা এটা দেখে যে, কীভাবে যিহোবা আমাদের পরীক্ষার সময়ে বিশ্বস্ত থাকতে সাহায্য করছেন, তখন তারাও খুব উৎসাহিত হয়।

১৩. সান্ত্বনা দেওয়ার ক্ষেত্রে আমাদের ক্রমাগত কী করা উচিত?

১৩ ধৈর্য ধরুন। আমরা যখন ভাই-বোনদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি, তখন তারা সঙ্গেসঙ্গে উৎসাহিত না-ও হতে পারে। কিন্তু, বাইবেল আমাদের পরামর্শ দেয়, আমরা যেন “একে অন্যকে উৎসাহিত” করে চলি। (১ থিষল. ৫:১১) তাই, অন্যদের সান্ত্বনা দেওয়ার সময় ধৈর্য ধরুন, বিশেষ করে যাদের সাহায্যের প্রয়োজন রয়েছে। (১ থিষল. ৫:১৪) এটা সত্যি যে, সময়ে সময়ে আমাদের প্রত্যেকেরই সান্ত্বনার প্রয়োজন। এইরকম পরিস্থিতিতে আমরা কী করতে পারি?

আপনার যখন সান্ত্বনার প্রয়োজন হয়

১৪-১৫. আমরা যখন দুশ্চিন্তা বা কষ্টের মধ্যে থাকি, তখন আমাদের কী করা উচিত?

১৪ যিহোবার কাছে প্রার্থনা করুন। আপনি যখন দুশ্চিন্তায় বা কষ্টের মধ্যে থাকেন, তখন যিহোবার কাছে প্রার্থনা করুন যেন তিনি আপনাকে সান্ত্বনা দেন। (গীত. ৯৪:১৯) নির্দিষ্ট বিষয়ে প্রার্থনা করুন এবং হৃদয় উজাড় করে তাঁর সঙ্গে কথা বলুন। (গীত. ৬২:৮) এটা সত্যি যে, আপনি প্রার্থনা করার আগে যিহোবা ইতিমধ্যেই জানেন, আপনি কেমন অনুভব করছেন। আপনি যখন প্রার্থনার মাধ্যমে আপনার হৃদয়ের গভীর অনুভূতিগুলো যিহোবাকে জানাবেন, তখন সেটা দেখাবে যে, তাঁর প্রতি আপনার বিশ্বাস রয়েছে। যিহোবা সবসময় বিশ্বাস সহকারে করা প্রার্থনা শোনেন। হতে পারে, আপনি যেমনটা আশা করেছিলেন, সেভাবে যিহোবা আপনার প্রার্থনার উত্তর দেননি, কিন্তু আপনি এই বিষয়ে নিশ্চিত থাকতে পারেন যে, তিনি অবশ্যই আপনার প্রার্থনার উত্তর দেবেন। (মার্ক ১১:২৪) ফিলিপীয় ৪:৬, ৭ পদ আমাদের উৎসাহিত করে: “তোমাদের অনুরোধ ঈশ্বরকে জানাও; এতে ঈশ্বরের সেই শান্তি . . . তোমাদের হৃদয় ও মনকে রক্ষা করবে।”

১৫ অন্যদের কাছে সাহায্য চান। আপনি আপনার অনুভূতিগুলো কোনো পরিপক্ব বন্ধুকে বলতে পারেন কিংবা এমন কোনো প্রাচীনকেও বলতে পারেন, যার উপর আপনার আস্থা রয়েছে। ভাই ও বোনেরা আপনার কাছে সান্ত্বনার এক উৎস হতে পারে, কিন্তু আপনি যদি আপনার অনুভূতি বা প্রয়োজনগুলো তাদের খোলাখুলিভাবে না জানান, তা হলে তারা সেটা বুঝতে পারবে না। (হিতো. ১৪:১০) আপনি ভাই-বোনদের বলতে পারেন যেন তারা আপনার কথা ধৈর্য ধরে শোনে অথবা এমন কিছু শাস্ত্রপদ বা প্রবন্ধ দেখায়, যেটা পড়ে তারা নিজেরা সান্ত্বনা পেয়েছে।

১৬. (ক) আপনাকে সান্ত্বনা দেওয়ার সময় অন্যেরা হয়তো কী করে ফেলতে পারে? (খ) কিন্তু আপনার কী মনে রাখা উচিত?

১৬ ধৈর্য ধরুন এবং ক্ষমা করুন। আপনাকে সান্ত্বনা দেওয়ার সময় ভাই-বোনেরা হয়তো একটু ভুল করে ফেলতে পারে। তারা হয়তো এমন কিছু বলতে বা করতে পারে, যেটা শুনে আপনার আরও বেশি খারাপ লাগতে পারে। যদি তা-ই হয়, তা হলে তাদের প্রতি ধৈর্য ধরুন। (১ করি. ১৩:৪, ৭) এ ছাড়া, যাকোব ৩:২ পদের কথাগুলো মনে রাখবেন, যেখানে বলা হয়েছে: “কেউ যদি কথায় ভুল না করে, তা হলে সে একজন সিদ্ধ ব্যক্তি।” মনে রাখবেন, ভাই-বোনেরা আপনাকে সাহায্য করতে চায়। আর এটাও মনে রাখুন যে, আমাদের “হৃদয় উৎসুক বটে, কিন্তু দেহ দুর্বল।”—মথি ২৬:৪১.

১৭. আমরা কী করার জন্য দৃঢ়সংকল্পবদ্ধ?

১৭ শেষ কাল খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে এবং ঈশ্বরের শত্রুরা আমাদের বিরোধিতা করছে, তাই আমাদের আরও বেশি করে সান্ত্বনা ও উৎসাহের প্রয়োজন রয়েছে। তাই, আসুন দৃঢ়সংকল্পবদ্ধ হই যেন আমরা ক্রমাগত একে অপরকে সান্ত্বনা দিই।

আপনি কীভাবে উত্তর দেবেন?

  • বাইবেলে “সান্ত্বনা” বলতে কী বোঝানো হয়েছে?

  • আমরা কীভাবে অন্যদের সান্ত্বনা দিতে পারি?

  • আমাদের যখন সান্ত্বনার প্রয়োজন হয়, তখন আমরা কী করতে পারি?

গান ১৩০ ক্ষমা করে যাও

a ছবি সম্বন্ধে বর্ণনা: একজন প্রাচীন সমবেদনা দেখিয়ে এক ভাইয়ের কথা শুনছেন, যার স্ত্রী সম্প্রতি মারা গিয়েছে। এরপর, সেই প্রাচীন আরও একজন ভাইয়ের বাড়িতে যান, যার স্ত্রী বেশ কিছু বছর আগে মারা গিয়েছে। প্রাচীন সেই ভাইয়ের সঙ্গে পুরোনো কিছু মধুর স্মৃতি নিয়ে আলোচনা করছেন।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার