বাইবেল চরিত্র
বনায়ের মতো সাহসী ও বিশ্বস্ত হোন
বনায় ছিলেন একজন সাহসী সৈন্য, যিনি রাজা দায়ূদ ও শলোমনের অধীনে সেবা করতেন। বনায় একজন যাজকের ছেলে ছিলেন এবং সাধারণত তিনি অস্ত্র ব্যবহার করতেন না, তবে যিহোবা যখন তাঁর শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, তখন বনায় সক্রিয়ভাবে সেই যুদ্ধে অংশ নিয়েছিলেন এবং প্রচুর সাহস দেখিয়েছিলেন। উদাহরণ স্বরূপ, তিনি একটা গর্তে নেমে একটা সিংহকে মেরে ফেলেছিলেন এবং এক দৈত্যাকৃতি সৈন্যকে পরাজিত করেছিলেন। দায়ূদ বনায়ের উপর এতটাই আস্থা রেখেছিলেন যে, তিনি তাকে তার দেহরক্ষীদের উপর নিযুক্ত করেছিলেন।—২ শমূ. ২৩:২০-২৩.
অবশালোম ও আদোনিয় যখন দায়ূদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন, সেইসময় বনায় দায়ূদের প্রতি বিশ্বস্ত ছিলেন। (২ শমূ. ৮:১৮; ১৫:১৮; ১ রাজা. ১:৮) দায়ূদের বৃদ্ধ বয়সে, বনায় শলোমনকে রাজা হিসেবে সমর্থন করেছিলেন। (১ রাজা. ১:৩২-৪০) হ্যাঁ, বনায় সেইসময়েও যিহোবার প্রতি এবং তাঁর অভিষিক্ত ব্যক্তিদের প্রতি বিশ্বস্ত ছিলেন, যখন অন্যেরা অবিশ্বস্ত হয়ে পড়েছিল।
আমাদেরও শক্তিশালী শত্রু শয়তান এবং তার সমর্থনকারীদের বিরুদ্ধে লড়াই করার জন্য সাহসী হতে হবে। আর আমাদের দৃঢ়সংকল্পবদ্ধ হওয়া উচিত যেন আমরা ক্রমাগত যিহোবার মান অনুযায়ী জীবনযাপন করি। (ইফি. ৬:১১; ১ পিতর ৫:৮, ৯) এমনকী যদি অন্যেরা যিহোবাকে ছেড়ে দেয়, তা হলেও আমরা তাঁর প্রতি বিশ্বস্ত থাকব এবং নিশ্চিত থাকব যে, তিনি আমাদের পুরস্কার দেবেন।—২ শমূ. ২২:২৬.