শিক্ষা দেওয়ার সময় যেভাবে শ্রোতাদের হৃদয় স্পর্শ করা যায়
১. যিশুর শিক্ষা তাঁর শ্রোতাদের হৃদয়ের উপর কেমন প্রভাব ফেলেছিল?
১ যিশু খ্রিস্ট তাঁর শ্রোতাদের হৃদয় স্পর্শ করেছিলেন। একবার তাঁর শিষ্যদের কাছে শাস্ত্রের অর্থ ব্যাখ্যা করার পর তাদের চিত্ত বা হৃদয় “উত্তপ্ত” হয়েছিল। (লূক ২৪:৩২) ঈশ্বরের প্রতি বাধ্যতা হৃদয় থেকে আসা উচিত। তাই আমরা যাদের শিক্ষা দিই, তাদের জীবনে প্রয়োজনীয় পরিবর্তন করতে অনুপ্রাণিত করার জন্য কীভাবে আমরা তাদের হৃদয় স্পর্শ করতে পারি?—রোমীয় ৬:১৭.
২. একজন ব্যক্তির হৃদয় স্পর্শ করার জন্য কীভাবে আমরা কৌশলতা এবং বিচক্ষণতা ব্যবহার করতে পারি?
২ কৌশলতা এবং বিচক্ষণতা ব্যবহার করুন: এমন অনেক ব্যক্তি রয়েছে, যাদেরকে কেবলমাত্র সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য বলে দিলেই তারা সঠিক পদক্ষেপ নেওয়ার জন্য পরিচালিত হয় না। সত্যি বলতে কী, আমরা যদি তাদের ধর্মীয় বিশ্বাসের বিরুদ্ধে একের-পর-এক শাস্ত্রপদ তুলে ধরি, তা হলে তারা হয়তো ভালোভাবে সাড়া দেবে না। একজন ব্যক্তিকে সঠিক পদক্ষেপ নিতে সাহায্য করার জন্য প্রথমে আমাদের বুঝতে হবে যে, তার বিশ্বাস এবং কাজের ভিত্তি কী। কৌশলতার সঙ্গে ভালোভাবে বাছাই করা কিছু দৃষ্টিভঙ্গিমূলক প্রশ্ন জিজ্ঞেস করুন, যেন তিনি তার হৃদয়ের কথা প্রকাশ করেন। (হিতো. ২০:৫) একমাত্র তার হৃদয়ের কথা জানার পরই আমরা ঈশ্বরের বাক্য থেকে এমন তথ্য বাছাই করতে পারব, যেগুলো হয়তো তার হৃদয়কে স্পর্শ করবে। তাই, আমাদের ব্যক্তিগত আগ্রহ দেখাতে হবে এবং ধৈর্যশীল হতে হবে। (হিতো. ২৫:১৫) মনে রাখবেন, প্রত্যেকে একই গতিতে আধ্যাত্মিক উন্নতি করে না। যিহোবার পবিত্র আত্মাকে তাদের চিন্তাভাবনা এবং কাজকর্মের উপর প্রভাব ফেলার জন্য সুযোগ দিন।—মার্ক ৪:২৬-২৯.
৩. কীভাবে আমরা আমাদের শিক্ষার্থীদের উত্তম গুণাবলি গড়ে তোলার জন্য সাহায্য করতে পারি?
৩ উত্তম গুণাবলি গড়ে তুলতে সাহায্য করুন: বাইবেলের যে-অংশগুলোতে ঈশ্বরের মঙ্গলভাব এবং প্রেম সম্বন্ধে তুলে ধরা হয়েছে, সেই অংশগুলো আমাদের শিক্ষার্থীদের উত্তম গুণাবলি গড়ে তুলতে সাহায্য করবে। ঈশ্বর ব্যক্তিগতভাবে আমাদের প্রত্যেকের প্রতি কতটা আগ্রহী, তা বোঝানোর জন্য আমরা গীতসংহিতা ১৩৯:১-৪ এবং লূক ১২:৬, ৭ পদের মতো শাস্ত্রপদগুলো ব্যবহার করতে পারি। কোনো ব্যক্তি যখন যিহোবার অযাচিত দয়ার কারণে হৃদয় থেকে উপলব্ধি গড়ে তোলেন, তখন ঈশ্বরের প্রতি তার প্রেম এবং ভক্তি বৃদ্ধি পায়। (রোমীয় ৫:৬-৮; ১ যোহন ৪:১৯) এ ছাড়া, তারা যখন বুঝতে পারে যে, তাদের আচার-আচরণ কীভাবে যিহোবাকে ব্যক্তিগতভাবে প্রভাবিত করে, তখন তারা এমন কাজ করতে পরিচালিত হয়, যেটা ঈশ্বরকে খুশি করে এবং তাঁকে সম্মানিত করে।—গীত. ৭৮:৪০, ৪১; হিতো. ২৩:১৫.
৪. পরিচর্যায় লোকেদের শিক্ষা দেওয়ার সময় কীভাবে আমরা একজন ব্যক্তির বেছে নেওয়ার স্বাধীনতার প্রতি সম্মান দেখাতে পারি?
৪ যিহোবা কাউকে তাঁর আজ্ঞাগুলো পালন করার জন্য জোর করেন না। এর পরিবর্তে, তিনি কেন সেই আজ্ঞাগুলো দিয়েছেন, তা ব্যাখ্যা করার মাধ্যমে যিহোবা প্রত্যেক ব্যক্তিকে সেগুলো পালন করার জন্য অনুরোধ করেন। (যিশা. ৪৮:১৭, ১৮) আমরা যখন আমাদের শিক্ষার মাধ্যমে লোকেদেরকে সিদ্ধান্ত নিতে সাহায্য করি, তখন আমরা যিহোবাকে অনুকরণ করি। একজন ব্যক্তি যখন নিজের জীবনে প্রয়োজনীয় পরিবর্তন করার বিষয়টা বুঝতে পারেন, তখন তিনি এমন পরিবর্তন করতে সক্ষম হন, যেটা চিরস্থায়ী। (রোমীয় ১২:২) এ ছাড়া, তিনি যিহোবার নিকটবর্তী হন, যিনি “চিত্তের পরীক্ষা করেন।”—হিতো. ১৭:৩.