পরিচালকগোষ্ঠীর কাছ থেকে একটা চিঠি
প্রিয় ভাই ও বোনেরা:
“আমরা প্রার্থনাকালে তোমাদের নাম উল্লেখ করিয়া তোমাদের সকলের নিমিত্ত সতত ঈশ্বরের ধন্যবাদ করিয়া থাকি; আমরা তোমাদের বিশ্বাসের কার্য্য, প্রেমের পরিশ্রম ও আমাদের প্রভু যীশু খ্রীষ্ট বিষয়ক প্রত্যাশার ধৈর্য্য আমাদের ঈশ্বর ও পিতার সাক্ষাতে অবিরত স্মরণ করিয়া থাকি।” (১ থিষল. ১:২, ৩) এই কথাগুলো কত চমৎকারভাবেই না আপনাদের প্রতি আমাদের অনুভূতিকে তুলে ধরে! আমরা আপনাদের এবং আপনাদের উত্তম কাজের জন্য যিহোবাকে ধন্যবাদ জানাই। কেন?
গত বছর, আপনারা রাজ্যের কাজের সঙ্গে সম্পর্কযুক্ত “বিশ্বাসের কার্য্য” এবং ‘প্রেমের পরিশ্রমে’ ব্যস্ত ছিলেন। আপনাদের মধ্যে অনেকেই নিজেদের পরিচর্যাকে বৃদ্ধি করার জন্য বিভিন্ন উপায় খুঁজে বের করেছেন। কেউ কেউ সেবা করার জন্য এমন এলাকায় গিয়েছেন, হতে পারে অন্য দেশে, যেখানে রাজ্যের সুসমাচার প্রচারকের বেশি প্রয়োজন। অন্যেরা আবার জনসাধারণ্যে সাক্ষ্যদান করার মাধ্যমে নিজেদের পরিচর্যাকে বৃদ্ধি করেছেন। অনেকে স্মরণার্থ মরসুমে, সীমা অধ্যক্ষের পরিদর্শনের সময় অথবা ২০১৪ সালের আগস্ট মাসে বিশেষ অভিযানের সময় সহায়ক অগ্রগামীর কাজ করেছেন। আপনাদের পরিস্থিতি ভিন্ন হওয়া সত্ত্বেও আমরা লক্ষ করেছি, আপনারা প্রাণের সহিত বা সর্বান্তঃকরণে যিহোবার সেবা করেছেন আর তাই আমরা আপনাদের প্রশংসা করছি। (কল. ৩:২৩, ২৪) আপনাদের ‘বিশ্বাসের কার্য্যের’ জন্য আমরা যিহোবাকে কতই-না ধন্যবাদ জানাই!
এ ছাড়া, বিশ্বব্যাপী রাজ্যের কাজের সঙ্গে সম্পর্কযুক্ত বিভিন্ন বিল্ডিং নির্মাণের কাজে আপনাদের ‘প্রেমের পরিশ্রমকে’ আমরা গভীরভাবে উপলব্ধি করি। যিহোবার লোকদের সংখ্যা দিন দিন বেড়ে চলায় আমাদের এই ধরনের বিল্ডিংগুলোর একান্তই প্রয়োজন হয়ে পড়েছে। (যিশা. ৬০:২২) একটু চিন্তা করুন, গত বছর আমাদের শীর্ষ প্রকাশকের সংখ্যা ছিল ৮২,০১,৫৪৫ জন, যেখানে প্রতি মাসে আমরা গড়ে ৯৪,৯৯,৯৩৩ জনের সঙ্গে বাইবেল অধ্যয়ন করেছি। এইরকম বৃদ্ধি হওয়ার ফলে অনেক শাখা অফিসকে বড়ো করার অথবা পুনর্নির্মাণ করার প্রয়োজন হয়ে পড়েছে। তাই এর অর্থ হল, আমাদের আরও কিংডম হলের প্রয়োজন। একই সময়ে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে রিমোট ট্রানস্লেশন অফিস-এর (শাখা থেকে দূরবর্তী অনুবাদ অফিস) প্রয়োজন দেখা দিয়েছে, যাতে আমাদের অনুবাদকেরা তাদের নিজস্ব ভাষার এলাকায় গিয়ে থাকতে এবং কাজ করতে পারে।
তাই, আমরা নিজেদের জিজ্ঞেস করতে পারি, ‘কীভাবে আমি এই বিল্ডিং নির্মাণের কাজে সাহায্য করতে পারি?’ আমাদের মধ্যে কেউ কেউ হয়তো নির্মাণ কাজে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে পারে। আর নির্মাণ কাজে আমাদের দক্ষতা থাকুক বা না-ই থাকুক, আমাদের সকলের কাছেই এই গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোতে দান দেওয়ার সুযোগ রয়েছে। (হিতো. ৩:৯, ১০) আবাস নির্মাণের সময় ইস্রায়েলীয়রা এতটাই উদারভাবে দান দিয়েছিল যে, তাদেরকে আরও দান আনতে বারণ করা হয়েছিল। (যাত্রা. ৩৬:৫-৭) কোনো সন্দেহ নেই, এই শাস্ত্রীয় উদাহরণগুলো আমাদের হৃদয়কে স্পর্শ করে এবং আমাদের অনুপ্রাণিত করে। পবিত্র সেবার এই গুরুত্বপূর্ণ দিকগুলোতে আপনাদের ‘প্রেমের পরিশ্রমের’ জন্যেও আমরা যিহোবাকে ধন্যবাদ জানাই।
আমাদের ভাইদের দৃঢ়তার সঙ্গে ধৈর্য ধরতে দেখাও আনন্দ করার জন্য বিশেষ কারণ জোগায়। উদাহরণ হিসেবে, দক্ষিণ কোরিয়ার প্রিয় ভাইদের কথা চিন্তা করুন। ১৯৫০ সাল থেকে সেই দেশে আমাদের যুবক ভাইদের বিভিন্ন সময়ের জন্য জেলে বন্দি করে রাখা হচ্ছে, কারণ তারা খ্রিস্টীয় নিরপেক্ষতা বজায় রাখে। আর বহু বছর ধরে আমাদের ভাইয়েরা বিচলিত না হয়ে এই তাড়না সহ্য করছে। ধৈর্য ধরার ক্ষেত্রে তাদের এই উদাহরণ নিশ্চয়ই আমাদের বিশ্বাসকে শক্তিশালী করে!
এরিট্রিয়াতে আমাদের তিন জন ভাই বিগত ২০ বছর ধরে জেলে বন্দি রয়েছে। অন্যেরা এর থেকে কম সময়ের জন্য জেলে বন্দি রয়েছে, যাদের মধ্যে আমাদের বোনেরা এবং তাদের ছোটো ছোটো সন্তানও রয়েছে। অনেক প্রচেষ্টা সত্ত্বেও, তাদের কাউকেই এখনও পর্যন্ত মুক্ত করা সম্ভব হয়নি। আমাদের ভাইয়েরা আপোশ করেনি। চরম পরিস্থিতির মধ্যেও তারা বিশ্বস্ততা বজায় রেখেছে। প্রার্থনায় আমরা এই বিশ্বস্ত ব্যক্তিদের স্মরণ করি।—রোমীয় ১:৮, ৯.
অবশ্য, আপনাদের মধ্যে বেশিরভাগ ভাই-বোনকে হয়তো বিশ্বাসের কারণে জেলে যেতে হয়নি। তবে, আপনাদের অনেকেই বার্ধক্য, দীর্ঘদিন ধরে কোন স্বাস্থ্যগত সমস্যা, অবিশ্বাসী বিবাহসাথি অথবা আত্মীয়স্বজনের কাছ থেকে আসা বিরোধীতা আর সেইসঙ্গে অন্যান্য ব্যক্তিগত সমস্যার সঙ্গে লড়াই করে চলেছেন, যেটা হয়তো অন্যেরা জানে না। তা সত্ত্বেও, আপনারা বিশ্বস্তভাবে যিহোবার সেবা করে চলেছেন। (যাকোব ১:১২) আমরা আপনাদের প্রশংসা করছি। আপনারা যে বিশ্বস্তভাবে ধৈর্য ধরছেন, সেইজন্য আমরা যিহোবাকে ধন্যবাদ জানাই।
আপনাদের বিশ্বাসের কাজ, প্রেমের পরিশ্রম এবং আপনাদের ধৈর্য আমাদের চমৎকার কারণগুলো যোগায়, যাতে আমরা বলতে পারি, যিহোবার ধন্যবাদ কর, কেননা তিনি মঙ্গলময়। (গীত. ১০৬:১) আমরা আপনাদের সত্যিই ভালোবাসি আর আমরা প্রার্থনা করি, যেন অনন্তকাল ধরে তাঁকে সেবা করার জন্য যিহোবা আপনাদের শক্তিশালী করেন, সাহায্য করেন এবং আশীর্বাদ করেন।
আপনাদের ভাইয়েরা,
যিহোবার সাক্ষিদের পরিচালকগোষ্ঠী