রাজ্য সম্বন্ধে ঘোষণা করার এক-শো বছর
১. প্রায় এক-শো বছর আগে যিহোবার লোকেদের কোন কাজ করার জন্য উৎসাহ দেওয়া হয়েছিল?
১ “দেখুন, রাজা রাজত্ব করছেন! জনসাধারণ্যে তাঁর সম্বন্ধে ঘোষণা করার জন্য আপনারাই হচ্ছেন তাঁর প্রতিনিধি। তাই, রাজা এবং তাঁর রাজ্য সম্বন্ধে ঘোষণা করুন, ঘোষণা করুন, ঘোষণা করুন।” প্রায় এক-শো বছর আগে ভাই রাদারফোর্ডের এই উদ্দীপনামূলক কথাগুলো যিহোবার লোকেদেরকে রাজ্যের বার্তা দূরদূরান্ত পর্যন্ত ঘোষণা করতে উৎসাহিত করেছিল। আর বর্তমানেও আমরা সেই একই কাজ করছি। প্রাথমিক খ্রিস্টানদের মতো আমরাও “আকাশমণ্ডলের অধঃস্থিত সমস্ত সৃষ্টির কাছে” রাজ্যের সুসমাচার প্রচার করছি। (কল. ১:২৩) বিগত শতাব্দীতে, আমরা ঈশ্বরের রাজ্য ঘোষণা করার জন্য কী সম্পাদন করেছি? রাজ্য শাসনের শতবার্ষিকীর দিকে এগিয়ে যাওয়ার সময় আমরা কীভাবে ঘোষণার কাজকে আরও জোরদার করতে পারি?
২. কীভাবে আমাদের সাহিত্যাদি ঈশ্বরের রাজ্য সম্বন্ধে ঘোষণা করছে?
২ পিছনের দিকে তাকিয়ে: বহু দশক ধরে আমাদের সাহিত্যাদি ঈশ্বরের রাজ্য সম্বন্ধে ঘোষণা করে চলেছে। ১৯৩৯ সাল থেকে আমাদের মুখ্য পত্রিকার নাম হয়েছে: প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে। এই পত্রিকা প্রায়ই রাজ্য ও এটা যা সম্পাদন করবে, সেই সম্বন্ধে আলোচনা করে। সেইসঙ্গে সচেতন থাক! পত্রিকাও ঈশ্বরের রাজ্যকে মানবজাতির একমাত্র আশা হিসাবে তুলে ধরে। এটা কতই-না উপযুক্ত যে, বর্তমানে সারা পৃথিবীব্যাপী এই দুটো পত্রিকা অন্যান্য যেকোনো পত্রিকার চেয়ে ব্যাপকভাবে অনুবাদিত ও বিতরিত!—প্রকা. ১৪:৬.
৩. রাজ্য সম্বন্ধে ঘোষণা করার জন্য আমরা কোন কোন পদ্ধতি অবলম্বন করেছি?
৩ রাজ্য সম্বন্ধে ঘোষণা করার জন্য যিহোবার লোকেরা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেছে। প্রথম দিকে, আমরা লাউডস্পিকার লাগানো গাড়ি, রেডিও সম্প্রচার এবং বহনযোগ্য ফোনোগ্রাফ ব্যবহার করেছি। সেই পদ্ধতিগুলো আমাদের একসঙ্গে অনেক লোকের কাছে সুসমাচার ছড়িয়ে দিতে সাহায্য করেছিল, যখন তুলনামূলকভাবে অনেক কম সংখ্যক রাজ্য ঘোষণাকারী ছিল। (গীত. ১৯:৪) বর্তমানে, আমরা jw.org ওয়েবসাইটে বিভিন্ন তথ্য প্রকাশ করছি আর এভাবে লক্ষ লক্ষ ব্যক্তিদের কাছে রাজ্য সম্বন্ধে জানাচ্ছি, যাদের অন্তর্ভুক্ত সেই লোকেরাও যারা সেইসমস্ত দেশে বাস করে, যেখানে আমাদের কাজের ওপর সীমা আরোপ করা হয়েছে।
৪. আমরা কোন কোন বিশেষ পদক্ষেপ নিয়েছি?
৪ এ ছাড়া, যিহোবার লোকেরা রাজ্যের বার্তা ছড়ানোর জন্য কিছু বিশেষ পদক্ষেপ নিয়েছে। উদাহরণ স্বরূপ, ১৯৯০-এর দশকের মাঝামাঝি সময়ে পার্ক, গাড়ি রাখার জায়গা ও ব্যাবসায়িক এলাকায় সাক্ষ্য দেওয়ার মাধ্যমে আমাদের ঘরে ঘরে সাক্ষ্যদানের কাজকে বৃদ্ধি করার জন্য আমরা প্রচেষ্টা করেছিলাম। সাম্প্রতিক সময়ে, কিছু কিছু দেশে বড়ো শহরগুলোতে জনসাধারণ্যে সাক্ষ্যদানের বিশেষ ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া, অনেক মণ্ডলী তাদের স্থানীয় এলাকার জনবহুল স্থানে লিটারেচার ট্রলি ও টেবিল ব্যবহার করে জনসাধারণ্যে সাক্ষ্যদানের কাজে অংশ নিচ্ছে। তবে, রাজ্যের প্রচার কাজে আমরা ঘরে ঘরে সাক্ষ্যদানকেই প্রাধান্য দিয়ে থাকি।—প্রেরিত ২০:২০.
৫. আমাদের অনেকের সামনে নতুন পরিচর্যা বছরে কোন সুযোগগুলো খোলা থাকবে?
৫ সামনের দিকে তাকিয়ে: আমাদের নতুন পরিচর্যা বছরের শুরুতে অর্থাৎ আগামী সেপ্টেম্বর মাস থেকে অনেকে নিয়মিত অগ্রগামী হিসাবে সেবা করতে শুরু করবে। আপনি কি তাদের সঙ্গে যোগ দিতে পারেন? যদি তা সম্ভব না হয়, তাহলে আপনি কি মাঝে মাঝে সহায়ক অগ্রগামী হিসাবে কাজ করতে পারেন? আপনি অগ্রগামী হিসাবে কাজ করায় সক্ষম হোন বা না-ই হোন, রাজ্য সম্বন্ধে ঘোষণা করার কাজে পূর্ণরূপে অংশ নেওয়ার জন্য আপনি যখন কোনো আত্মত্যাগ করেন, তখন যিহোবা অবশ্যই আপনাকে আশীর্বাদ করবেন।—মালাখি ৩:১০.
৬. কেন দু-হাজার চোদ্দ সালের অক্টোবর মাসটা এক বিশেষ মাস হবে?
৬ দু-হাজার চোদ্দ সালের অক্টোবর মাসে রাজ্যের জন্মের এক-শো বছর পূর্ণ হবে। ভবিষ্যতের দিকে তাকিয়ে, আসুন আমরা প্রত্যেকে ক্রমাগত সেইসমস্ত ব্যক্তিদের কাছে “ঈশ্বরের রাজ্য . . . বিষয়ক সুসমাচার প্রচার” করে চলি, যারা তা শুনতে চায়।—প্রেরিত ৮:১২.