বন্ধুত্বসুলভ কথোপকথন হৃদয় স্পর্শ করতে পারে
১ কথোপকথনকে “ধারণার মৌখিক আদান-প্রদান” হিসেবে ব্যাখ্যা করা যেতে পারে। এমন একটা বিষয় যার সম্বন্ধে অন্যেরা চিন্তা করে, সেই বিষয়ের ওপর বন্ধুত্বসুলভ আলোচনার সূত্রপাত তাদের আগ্রহকে ধরে রাখতে এবং রাজ্যের বার্তা নিয়ে তাদের হৃদয়কে স্পর্শ করতে আমাদের সাহায্য করতে পারে। অভিজ্ঞতা দেখায় যে, ধর্মোপদেশ দেওয়ার চেয়ে একজন ব্যক্তির সঙ্গে বন্ধুত্বসুলভ ও আন্তরিক কথাবার্তা বলা অনেক বেশি কার্যকারী।
২ যেভাবে বন্ধুত্বসুলভ কথোপকথন শুরু করা যায়: অন্যের সঙ্গে কথা বলা মানে এই নয় যে, আমাদের কিছু মুগ্ধকর চিন্তাধারা ও শাস্ত্র নিয়ে আলোচনা করতে হবে। সাধারণভাবে এর মানে হল, আমাদের কথাবার্তার মধ্যে সেই ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা। উদাহরণ স্বরূপ, যখন আমাদের প্রতিবেশীর সঙ্গে কথোপকথন হয়, তখন আমরা গুরুগম্ভীরভাবে নয়, কিন্তু স্বাভাবিকভাবেই কথা বলে থাকি। আমরা পরবর্তী শব্দগুলো নিয়ে চিন্তা করি না, কিন্তু সেই ব্যক্তিটি যে-ধরণের অভিব্যক্তি প্রকাশ করে আমরা স্বাভাবিকভাবে তারই উত্তর দিয়ে থাকি। সে যা বলছে, তার প্রতি যদি আন্তরিক উৎসাহ দেখানো যায়, তাহলে এটা হয়তো আমাদের সঙ্গে কথাবার্তা চালিয়ে যেতে তাকে উৎসাহ দিতে পারে। অন্যের কাছে সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রেও ঠিক একই বিষয় প্রযোজ্য।
৩ কয়েকটা বিষয় যেমন অপরাধ, যুবক-যুবতীদের সমস্যা, স্থানীয় বিষয়, জগতের পরিস্থিতি এমনকী আবহাওয়া সম্বন্ধে কথা বলার দ্বারাও বন্ধুত্বসুলভ কথোপকথন শুরু করা যায়। যে-সমস্ত বিষয় লোকেদের জীবনকে সরাসরিভাবে প্রভাবিত করে, সেগুলো আগ্রহকে জাগিয়ে তোলার ক্ষেত্রে খুবই কার্যকারী। একবার আলোচনা শুরু হওয়ার পর আমরা কৌশলে রাজ্যের বার্তার প্রতি সেটাকে ঘুরিয়ে নিয়ে যেতে পারি।
৪ স্বাভাবিকভাবে কথা বলার অর্থ এই নয় যে, এর জন্য আগে থেকে প্রস্তুতির প্রয়োজন নেই। অবশ্যই আছে। কিন্তু এর জন্য নির্বাচিত কিছু শব্দসমষ্টি তৈরি করা অথবা কোনো ধর্মোপদেশ মুখস্থ করার কোনো প্রযোজন নেই, যার ফলে এমন ধরনের কথোপকথনের সৃষ্টি হতে পারে, যা নমনীয় নয় অথবা বর্তমান পরিস্থিতির সঙ্গে খাপখাইয়ে নিতে পারে না। (তুলনা করুন ১ করিন্থীয় ৯:২০-২৩.) প্রস্তুত করার সবচেয়ে উত্তম উপায় হল, একটি অথবা দুইটি শাস্ত্রীয় বিষয়কে বেছে নেওয়া এবং তারই ওপর ভিত্তি করে কথোপকথন শুরু করা।
৫ বন্ধুত্বসুলভ কথোপকথনের জন্য প্রয়োজনীয় গুণগুলো: যখন আমরা অন্যের সঙ্গে কথা বলি, তখন আমাদের উচিত সদয় ও আন্তরিক হওয়া। আমাদের হাসি মুখ ও আনন্দপূর্ণ অভিব্যক্তি এই গুণগুলো প্রতিফলিত করতে সাহায্য করতে পারে। আমাদের কাছে পৃথিবীর সবচেয়ে উত্তম বার্তা আছে; এটা সদ্হৃদয় ব্যক্তিদের জন্য খুবই আকর্ষণীয়। যদি তারা অনুভব করতে পারে যে, তাদের সঙ্গে সুসমাচার বন্টন করার জন্য তাদের প্রতি আমাদের এক আন্তরিক আগ্রহ রয়েছে, তাহলে তারা হয়তো আমাদের কথা শুনতে চাইবে।—২ করি. ২:১৭.
৬ অন্যের সঙ্গে কথোপকথনে জড়িত হওয়ার বিষয়টা এক ভালো অভিজ্ঞতা হওয়া উচিত। অতএব, রাজ্যের বার্তা উপস্থাপন করার সময় আমরা যেন সদয় ও কৌশলী হই। (গালা. ৫:২২; কল. ৪:৬) চলে আসার সময় অন্যের ওপর এক উত্তম প্রভাব ফেলার চেষ্টা করুন। এইভাবে, আমরা যদি প্রথম সাক্ষাতের সময় তাদের হৃদয় স্পর্শ করার ক্ষেত্রে সফল না-ও হই, তবুও পরবর্তী সময় কোন সাক্ষি যদি তার সঙ্গে আলোচনা করতে আসেন, তখন তিনি হয়তো তার সঙ্গে কথা বলতে চাইবেন।
৭ জটিল ধর্মোপদেশ আয়ত্ব করলেই যে বন্ধুত্বসুলভ কথোপকথন শুরু করা যাবে এমন নয়। সহজ কথায় বললে, এটা হল একজন ব্যক্তির পছন্দের কোনো বিষয়ে তার আগ্রহকে জাগিয়ে তোলা। আমরা যখন আগে থেকে প্রস্তুত নিই, তখন আমরা বন্ধুত্বসুলভ কথোপকথনে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত থাকি। আসুন, আমরা অনন্ত রাজ্যের আশীর্বাদ সম্বন্ধে সবচেয়ে উত্তম সংবাদ দিয়ে সেইসমস্ত ব্যক্তিদের হৃদয় স্পর্শ করার চেষ্টা করি, যাদের সঙ্গে আমাদের দেখা হয়।—২ পিতর ৩:১৩.