প্রচার করার জন্য আমাদের সবসময় প্রস্তুত থাকতে হবে
১. কীভাবে আমরা জানি যে, প্রথম শতাব্দীর সুসমাচার প্রচারকেরা প্রচার করার জন্য সবসময় প্রস্তুত থাকত?
১ প্রথম শতাব্দীর উদ্যোগী সুসমাচার প্রচারকেরা ‘ক্ষান্ত না হইয়া’ যেখানেই লোকেদেরকে পাওয়া যেত তাদের কাছে সুসমাচার ঘোষণা করত। (প্রেরিত ৫:৪২) তাই আমরা এটা কল্পনাই করতে পারি না যে, ঘরে ঘরে যাওয়ার সময়ে তারা রাস্তা দিয়ে হেঁটে যাওয়া লোকেদের কাছে প্রচার না করেই চলে যাবে। কিংবা তারা ক্ষেত্রের পরিচর্যা শেষ করার পর বাজারে কেনাকাটা করার সময় রীতিবহির্ভূতভাবে সাক্ষ্যদান করার সুযোগকে হাতছাড়া করবে। যিশুর মতো, তারাও প্রচার করার জন্য সবসময় প্রস্তুত থাকত।—মার্ক ৬:৩১-৩৪.
২. আমাদের নাম অনুসারে জীবনযাপন করার সঙ্গে কী জড়িত?
২ অন্যদের কাছে সাক্ষ্যদান করার জন্য আমাদের সবসময় প্রস্তুত থাকতে হবে: যিহোবার সাক্ষি, আমাদের এই নাম শুধু এটাই বর্ণনা করে না যে, আমরা কী করি; আমরা কারা তা-ও বর্ণনা করে। (যিশা. ৪৩:১০-১২) তাই আমরা আমাদের প্রত্যাশা সম্বন্ধে উত্তর দিতে সর্বদাই প্রস্তুত থাকি, এমনকী যখন আমরা ঘরে ঘরে প্রচার কাজে যাই না তখনও। (১ পিতর ৩:১৫) আপনি কি সেই পরিস্থিতিগুলোর বিষয়ে আগে থেকে চিন্তা করেন যেগুলো হয়তো আপনাকে রীতিবহির্ভূতভাবে সাক্ষ্যদান করার সুযোগ দেবে এবং তারপর আপনি কী বলতে পারেন সেই সম্বন্ধেও চিন্তা করেন? যারা আগ্রহ দেখায় তাদেরকে দেওয়ার জন্য আপনি কি আপনার সঙ্গে সাহিত্যাদি রাখেন? (হিতো. ২১:৫) আপনি কি শুধু ঘরে ঘরেই প্রচার করেন নাকি পরিস্থিতিগুলো যদি সুযোগ দেয়, তাহলে আপনি অন্য জায়গার লোকেদের কাছেও সুসমাচার ছড়িয়ে দেন?
৩. কেন রাস্তায়, বাসস্টপে বা রেল স্টেশনে, পার্কে, ব্যবসায়িক এলাকা এবং এরকম অন্যান্য জায়গায় প্রচার করাকে আমাদের হালকাভাবে দেখা উচিত নয়?
৩ “সাধারণ্যে” সাক্ষ্যদান: আমরা রাস্তায়, বাসস্টপে বা রেল স্টেশনে, পার্কে, ব্যবসায়িক এলাকা এবং এরকম অন্যান্য জায়গাগুলোতে প্রচার করে থাকি। এই ধরনের প্রচেষ্টা কি অসাধারণ, অস্বাভাবিক অথবা ঐচ্ছিক কিছু? প্রেরিত পৌল বলেছিলেন যে, তিনি “সাধারণ্যে” এবং ঘরে ঘরে প্রচার করেছিলেন। (প্রেরিত ২০:২০) ঘরে ঘরে পরিচর্যা হল রাজ্যের বার্তা নিয়ে লোকেদের কাছে পৌঁছানোর ক্ষেত্রে আমাদের প্রধান এবং সবচেয়ে কার্যকর উপায়। কিন্তু প্রথম শতাব্দীর সুসমাচার প্রচারকরা ঘরের ওপর নয় বরং লোকেদের ওপর মনোযোগ কেন্দ্রীভূত করেছিল। সত্য সম্বন্ধে বলার জন্য তারা সাধারণ্যে, রীতিবহির্ভূতভাবে এবং ঘরে ঘরে প্রচার করার সমস্ত সুযোগের সদ্ব্যবহার করেছিল। আমরাও যেন আমাদের পরিচর্যা পুরোপুরিভাবে সম্পন্ন করার জন্য লোকেদের ওপর মনোযোগ কেন্দ্রীভূত করি।—২ তীম. ৪:৫.