প্রতিটা সুযোগে এটিকে ব্যবহার করুন
১. কী করার ক্ষেত্রে সত্য জানতে চান ট্র্যাক্টটি কার্যকারী?
১ আমাদেরকে বাইবেল অধ্যয়ন শুরু করতে সাহায্য করার জন্য আপনি কি সত্য জানতে চান? নামক ট্র্যাক্টটি তৈরি করা হয়েছে। কিন্তু এটি একটি কার্যকারী হাতিয়ারও, যেটিকে আমরা সত্যের বীজ ছড়িয়ে দেওয়ার জন্য ব্যবহার করতে পারি। (উপ. ১১:৬) এটির সদ্ব্যবহার করতে আমাদেরকে সাহায্য করার জন্য এখানে কিছু পরামর্শ দেওয়া হল।
২. কীভাবে আমরা প্রথম সাক্ষাতের সময় ট্র্যাক্টটি ব্যবহার করতে পারি?
২ প্রথম সাক্ষাতের সময়: এমন কিছু বিষয় নিয়ে কথোপকথন শুরু করার চেষ্টা করুন, যা হয়তো গৃহকর্তার কাছে আগ্রহজনক হতে পারে। যদি মনে হয় যে, আধ্যাত্মিক বিষয়গুলো নিয়ে আলোচনা করার ব্যাপারে তিনি আগ্রহী, তাহলে তাকে ট্র্যাক্টটি দেখান এবং প্রচ্ছদে দেওয়া ছয়টি প্রশ্নের দিকে নির্দেশ করে জিজ্ঞেস করুন: “এই প্রশ্নগুলোর কোনটি নিয়ে আপনি চিন্তা করেছেন?” তার উত্তর পাওয়ার পর, গৃহকর্তার প্রশ্নটির বাইবেল যে-উত্তর দেয়, ট্র্যাক্টটি থেকে তা বিবেচনা করুন এবং উল্লেখিত শাস্ত্রপদগুলোর একটি পড়ুন। পিছনের পৃষ্ঠাটি পড়ুন অথবা সারাংশ করুন। তিনি যদি ট্র্যাক্টটি পড়তে আগ্রহী হন, তাহলে তার কাছে সেটি ছেড়ে আসুন। এটি হয়তো সত্যকে তার হৃদয়ে শিকড় বিস্তার করতে সাহায্য করতে পারে। (মথি ১৩:২৩) যদি মনে হয় যে, তিনি আন্তরিকভাবে বাইবেলকে সম্মান করেন, তাহলে পুনর্সাক্ষাতের সময়ে বাইবেল শিক্ষা দেয় বইটি অর্পণ করুন।
৩. একজন আগ্রহী গৃহকর্তা যদি ব্যস্ত থাকেন, তাহলে আমরা হয়তো কী করতে পারি?
৩ একজন আগ্রহী গৃহকর্তা যদি ব্যস্ত থাকেন: আপনি হয়তো বলতে পারেন: “মনে হয় যে, আমি অসময়ে এসেছি। আপনি কি চান যে, আপনার কাছে আমি বাইবেল সম্বন্ধীয় এই ট্র্যাক্টটি ছেড়ে যাই? এটিতে সেই ছয়টি মৌলিক প্রশ্ন রয়েছে, যেগুলো আমাদের মধ্যে অধিকাংশই জিজ্ঞেস করে থাকে আর এটি শাস্ত্র থেকে প্রত্যেকটি প্রশ্নের সরাসরি উত্তর দিয়ে থাকে। আপনি যদি এই প্রশ্নগুলোর কোনোটি আলোচনা করতে চান, তাহলে আমি আবারও আপনার সঙ্গে সাক্ষাৎ করতে ইচ্ছুক আছি।”
৪. সহপাঠী অথবা সহকর্মীদের কাছে ট্র্যাক্টটি অর্পণ করার সময় আমরা কী বলতে পারি?
৪ স্কুলে অথবা কর্মস্থলে: দুপুরের খাবারের বিরতির সময়ে আপনার বন্ধুর সঙ্গে কথোপকথন করার সময় আপনি বলতে পারেন: “তুমি কি কখনো এই প্রশ্নগুলোর কোনোটি জিজ্ঞেস করেছ? [উত্তর দেওয়ার সুযোগ দিন। ব্যক্তিটি যদি আগ্রহী হন, তাহলে আলোচনা চালিয়ে যান।] এটি স্পষ্ট ও সন্তোষজনক উত্তরগুলো প্রদান করে, যেগুলো ঈশ্বরের বাক্যে পাওয়া যায়।” ব্যক্তিটির হাতে যদি সময় থাকে, তাহলে আপনি হয়তো ট্র্যাক্টটি থেকে উত্তরগুলোর কোনো একটি আলোচনা করতে পারেন আর এমনকী বাইবেল শিক্ষা দেয় বইটি অর্পণ করতে পারেন।
৫. কী সত্য জানতে চান ট্র্যাক্টটিকে প্রচার কাজের এক কার্যকারী হাতিয়ার করে তোলে?
৫ সত্য জানতে চান ট্র্যাক্টটি সহজ ও স্পষ্টভাবে সত্যকে তুলে ধরে। এটি সমস্ত ধর্ম ও সংস্কৃতির লোকদেরকে আকৃষ্ট করে। এটিকে উপস্থাপন করা সহজ; এমনকী অল্পবয়সি ও নতুন প্রকাশকরাও এটিকে অর্পণ করতে পারে। আপনি কি প্রতিটা উপযুক্ত সুযোগে এটিকে ব্যবহার করছেন?
৬. কেন ট্র্যাক্টটি অর্পণ করার আগে আমাদের সবসময় গৃহকর্তার মনোভাব নির্ণয় করা উচিত?
৬ যেহেতু ট্র্যাক্টটির শিরোনাম বিরোধীদেরকে আমাদের উদ্দেশ্য সম্বন্ধে ভুল ধারণা দিতে পারে, তাই আমাদের বিচক্ষণতা দেখানো উচিত। আমাদের সাহিত্যাদি নেওয়ার জন্য আমরা কাউকে জোর করি না। তাই, প্রথমে ব্যক্তিটির মনোভাব নির্ণয় করার ব্যাপারে সজাগ থাকুন আর কেবল সেই ব্যক্তিদের কাছে ট্র্যাক্টটি অর্পণ করুন, যারা সত্য জানার জন্য আন্তরিকভাবে আগ্রহী।