আপনি কি একজন অবিশ্বাসী সাথির সঙ্গে পরিচিত হয়ে উঠতে পারেন?
১. কেন এক বিভক্ত পরিবারে বসবাসকারী খ্রিস্টানরাই একমাত্র তাদের অবিশ্বাসী সাথিদের সত্যকে গ্রহণ করতে সাহায্য করার ব্যাপারে আগ্রহী নয়?
১ আপনার মণ্ডলীতে কিছু প্রকাশকের কি একজন অবিশ্বাসী স্বামী বা স্ত্রী রয়েছেন? যদি থাকে, তাহলে নিঃসন্দেহে এই প্রকাশকরা চায় যে, তাদের সাথিরা যেন তাদের সঙ্গে সত্য উপাসনায় যোগ দেয়। কিন্তু, শুধু তারাই যে এমনটা চায়, তা নয়। সমগ্র মণ্ডলীই ঈশ্বরের এই ইচ্ছাকে প্রতিফলিত করে যে, যেন “সমুদয় মনুষ্য পরিত্রাণ পায়, ও সত্যের তত্ত্বজ্ঞান পর্য্যন্ত পঁহুছিতে পারে।” (১ তীম. ২:৪) কীভাবে আমরা হয়তো আমাদের মণ্ডলীর প্রকাশকদের অবিশ্বাসী সাথিদের সঙ্গে পরিচিত হয়ে উঠতে পারি?
২. কীভাবে অন্তর্দৃষ্টি লাভ করা আমাদেরকে একজন অবিশ্বাসী সাথিকে সাহায্য করতে সহায়তা করবে?
২ প্রথমত, বিষয়গুলোকে আমাদের সেই অবিশ্বাসী ব্যক্তির দৃষ্টিভঙ্গি থেকে দেখার চেষ্টা করা উচিত। অনেক অবিশ্বাসী সাথি তাদের পরিবারকে ভালোবাসে এবং একজন উত্তম বিবাহ সাথি ও বাবা অথবা মা হতে চায়। সম্ভবত তাদের সেই আন্তরিক ধর্মীয় বিশ্বাসগুলো রয়েছে যেগুলো আমাদের চেয়ে আলাদা। সাক্ষিদের সম্বন্ধে জানে না অথবা তাদের সম্বন্ধে ভুল ধারণা পোষণ করে এমন বন্ধুবান্ধবরা তাদেরকে যা বলেছে, সেটা ছাড়া তারা হয়তো যিহোবার সাক্ষিদের সম্বন্ধে খুব সামান্যই জানে। কেউ কেউ এই কারণে বিরক্ত হতে পারে যে, তাদের সাথিরা উপাসনার জন্য যে-সময় ব্যয় করে, আগে তারা সেই সময় পরিবারের সঙ্গে ব্যয় করত। মনোযোগ বা অন্তর্দৃষ্টি আমাদেরকে একজন অবিশ্বাসী ব্যক্তির সঙ্গে সদয়ভাবে ও সম্মানপূর্বক আচরণ করতে এবং আমরা যখন তার আশেপাশে থাকি, তখন অযথা ঘাবড়ে যাওয়া এড়াতে সাহায্য করবে।—হিতো. ১৬:২০-২৩.
৩. একজন অবিশ্বাসী ব্যক্তিকে আকৃষ্ট করার জন্য কোনটা সর্বোত্তম উপায় হতে পারে?
৩ ব্যক্তিগত আগ্রহ: অন্ততপক্ষে প্রাথমিকভাবে, একজন অবিশ্বাসী সাথিকে সত্যের প্রতি আকৃষ্ট করার সর্বোত্তম উপায় হতে পারে আমাদের বিভিন্ন কাজ, বাইবেল আলোচনা নয়। (১ পিতর ৩:১, ২) এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়টা হল ব্যক্তিগত আগ্রহ দেখানো। মণ্ডলীর বোনেরা একজন অবিশ্বাসী স্ত্রীর প্রতি আগ্রহ দেখাতে পারে এবং ভাইয়েরা একজন অবিশ্বাসী স্বামীর প্রতি একই বিষয় করতে পারে। কীভাবে?
৪. কীভাবে আমরা হয়তো ব্যক্তিগত আগ্রহ প্রদর্শন করতে পারি?
৪ আপনি যদি এখনও পর্যন্ত কোনো অবিশ্বাসী সাথির সঙ্গে সাক্ষাৎ না করে থাকেন, তাহলে সেই খ্রিস্টান সাথির সঙ্গে পরামর্শ করার পর আপনি সম্ভবত তা করতে পারেন। অবিশ্বাসী ব্যক্তির প্রথম প্রতিক্রিয়ায় যদি কোনো আগ্রহ দেখা না যায়, তাহলে হতাশ হবেন না। আমাদের বন্ধুত্বসুলভ মনোভাব এবং ব্যক্তিগত আগ্রহ হয়তো তাকে যিহোবার সাক্ষিদেরকে আরও বেশি অনুকূলভাবে দেখতে পরিচালিত করতে পারে। (রোমীয় ১২:২০) আরও ভালোভাবে পরিচিত হওয়ার এবং কোনো ভুল ধারণা থেকে থাকলে, সেটাকে দূর করার উদ্দেশে কিছু পরিপক্ব খ্রিস্টান, একজন অবিশ্বাসী ব্যক্তি ও তার পরিবারকে রাতের খাবার খাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিল। আধ্যাত্মিক বিষয়গুলো নিয়ে আলোচনা করার পরিবর্তে, তারা বরং সেই বিষয়গুলো নিয়ে কথা বলেছিল, যেগুলো সেই অবিশ্বাসী ব্যক্তির কাছে আগ্রহজনক। পরে, সেই অবিশ্বাসী ব্যক্তি যখন বেশ স্বচ্ছন্দবোধ করেন, তখন হয়তো কোনো শাস্ত্রীয় বিষয় নিয়ে আলোচনা করা সম্ভবপর হতে পারে। অথবা তিনি হয়তো তার স্ত্রী কী শিখছেন তা দেখার জন্য আমাদের কোনো একটা সভায় যোগ দেওয়ার আমন্ত্রণকে গ্রহণ করতে পারেন, বিশেষ করে যেহেতু তিনি ইতিমধ্যেই মণ্ডলীর কয়েকজনকে জানেন। এমনকী যদি তিনি সত্যকে পরীক্ষা করে দেখতে সম্মত না-ও হন, তবুও তার বিশ্বাসী সাথিকে সমর্থন করার জন্য নিশ্চিতভাবেই তার প্রশংসা করা যেতে পারে।
৫. কীভাবে প্রাচীনরা একজন অবিশ্বাসী ব্যক্তির সঙ্গে পরিচিত হয়ে উঠতে পারে?
৫ অবিশ্বাসী সাথিদের সঙ্গে বিশেষ করে প্রাচীনদের পরিচিত হওয়া এবং সাক্ষ্য দেওয়ার সুযোগগুলোর প্রতি সজাগ থাকা উচিত। একজন অবিশ্বাসী ব্যক্তি যিনি বাইবেলের আলোচনার প্রতি আগ্রহী ছিলেন না, তিনি হয়তো সেই সময়ে শাস্ত্র থেকে দেওয়া উৎসাহের প্রতি মনোযোগ দিতে পারেন যখন তিনি হাসপাতালে থাকেন অথবা কোনো গুরুতর শারীরিক সমস্যায় ভোগেন। কোনো বিভক্ত পরিবার যদি এক দুঃখজনক পরিস্থিতি ভোগ করে, যেমন পরিবারের সদস্যের মৃত্যু, তাহলে পরিবারকে সান্ত্বনা দেওয়ার সময় প্রাচীনরা হয়তো সেই অবিশ্বাসী ব্যক্তিকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানাতে পারে।
৬. অবিশ্বাসী সাথিদের সঙ্গে পরিচিত হয়ে ওঠার কোন কারণগুলো রয়েছে?
৬ আমাদের মণ্ডলীর একজন খ্রিস্টান ব্যক্তির সাথি যদি সত্যের প্রতি সাড়া দেন ও সত্যে আসেন, তাহলে তিনি যে-আনন্দ উপভোগ করবেন, তা কল্পনা করুন! এ ছাড়া, এই ধরনের এক সুখকর মুহূর্ত যিহোবার, স্বর্গদূতদের এবং মণ্ডলীর বাকি লোকেদের জন্যও প্রচুর আনন্দ নিয়ে আসবে। (লূক ১৫:৭, ১০) কিন্তু, অবিশ্বাসী ব্যক্তিটি যদি প্রথম প্রথম আগ্রহ না-ও দেখান, তবুও আমরা এই কারণে আনন্দিত হতে পারি যে, আমাদের ক্রমাগত প্রচেষ্টা যিহোবাকে খুশি করে, যাঁর “কতকগুলি লোক যে বিনষ্ট হয়, এমন বাসনা তাঁহার নাই; বরং সকলে যেন মনপরিবর্ত্তন পর্য্যন্ত পঁহুছিতে পায়, এই তাঁহার বাসনা।”—২ পিতর ৩:৯.
[৬ পৃষ্ঠার ব্লার্ব]
অন্ততপক্ষে প্রাথমিকভাবে, একজন অবিশ্বাসী সাথিকে সত্যের প্রতি আকৃষ্ট করার সর্বোত্তম উপায় হতে পারে আমাদের বিভিন্ন কাজ, বাইবেল আলোচনা নয়