পুরুষদের কাছে সাক্ষ্যদান করার প্রতিদ্বন্দ্বিতাকে মোকাবিলা করুন
১. রাজ্যের সঙ্গে সম্পর্কযুক্ত বিষয়গুলোর যত্ন নেওয়ার জন্য জরুরি ভিত্তিতে কী দরকার?
১ এই শেষকালে রাজ্যের কাজ ক্রমাগতভাবে যতই বৃদ্ধি পাচ্ছে, ততই নেতৃত্ব দেওয়ার জন্য জরুরি ভিত্তিতে আধ্যাত্মিক যোগ্যতাসম্পন্ন পুরুষদের দরকার। (মার্ক ৪:৩০-৩২; প্রেরিত ২০:২৮; ১ তীম. ৩:১-১৩) কিন্তু, কিছু কিছু জায়গায় স্ত্রীলোকদের চেয়ে অল্পসংখ্যক পুরুষ রাজ্যের বার্তা গ্রহণ করছে। কিছু সংস্কৃতিতে পুরুষরা মনে করে যে, সন্তানদেরকে আধ্যাত্মিক ও ধর্মীয় বিষয়ে নির্দেশনা প্রদান করা স্ত্রীদের দায়িত্ব। কীভাবে আমরা আরও বেশি পুরুষকে তাদের আধ্যাত্মিক চাহিদা সম্বন্ধে সচেতন হতে ও আমাদের সঙ্গে সত্য উপাসনায় যোগ দিতে উৎসাহিত করতে পারি?
২. পুরুষদের কাছে সাক্ষ্যদান করার বিষয়ে পৌল ও পিতরের প্রচেষ্টা কীভাবে উত্তম ফল নিয়ে এসেছিল?
২ পুরুষদের অনুসন্ধান করুন: যখন পরিবারের একজন মস্তক সত্যকে গ্রহণ করেন, তখন প্রায়ই তিনি পরিবারের অন্যদেরকে তার সঙ্গে বিশুদ্ধ উপাসনায় যোগ দিতে প্রভাবিত করেন। উদাহরণস্বরূপ, পৌল ও সীল তাদের প্রচার কাজের জন্য কারাগারে থাকার সময়ে, একজন কারারক্ষকের কাছে সাক্ষ্য দিয়েছিল। সেই ব্যক্তি ও তার পুরো পরিবার বাপ্তাইজিত হয়েছিল। (প্রেরিত ১৬:২৫-৩৪) করিন্থে পৌলের প্রচারের ফলে, “সমাজাধ্যক্ষ ক্রীষ্প সমস্ত পরিবারের সহিত প্রভুতে বিশ্বাস করিলেন।” (প্রেরিত ১৮:৮) কর্ণীলিয় নামে একজন সেনাপতি, যার সম্বন্ধে বর্ণনা করা হয়েছে যে, তিনি ‘ভক্ত ছিলেন, এবং ঈশ্বরকে ভয় করিতেন,’ তার কাছে সাক্ষ্য দেওয়ার জন্য যিহোবা পিতরকে ব্যবহার করেছিলেন। কর্ণীলিয়, তার আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবের সঙ্গে বাপ্তাইজিত হয়েছিলেন।—প্রেরিত ১০:১-৪৮.
৩. ফিলিপকে অনুকরণ করে “উচ্চপদস্থ” কাদের কাছে আপনি সাক্ষ্যদান করতে পারেন?
৩ “উচ্চপদস্থ” পুরুষদের কাছে সাক্ষ্যদান করা হয়তো সুদূরপ্রসারী প্রভাব ফেলতে পারে। (১ তীম. ২:১, ২) উদাহরণস্বরূপ, যিহোবার একজন দূত ফিলিপকে “উচ্চপদস্থ এক জন” ব্যক্তির সঙ্গে কথা বলার জন্য পরামর্শ দিয়েছিলেন, যিনি ইথিওপীয়দের রানির অধীন সমস্ত ধনকোষের অধ্যক্ষ ছিলেন। ফিলিপ শুনেছিলেন যে, ব্যক্তিটি “যিশাইয় ভাববাদীর গ্রন্থ পাঠ করিতেছেন” আর তিনি তার কাছে যিশু সম্বন্ধীয় সুসমাচারের বিষয়ে ব্যাখ্যা করেছিলেন। এই ইথিওপীয় ব্যক্তিটি একজন শিষ্য হয়েছিলেন এবং খুব সম্ভবত তার দেশে ফিরে যাওয়ার পথে সুসমাচার ছড়িয়ে দিয়েছিলেন। এ ছাড়া, তিনি হয়তো সেই রানি ও তার রাজপ্রাসাদের অন্যান্য পদস্থ ব্যক্তির কাছেও সাক্ষ্য দিয়েছিলেন, যাদের কাছে সাক্ষ্য দেওয়া না হলে তাদের হয়তো সুসমাচার শোনার সীমিত সুযোগ থাকত।—প্রেরিত ৮:২৬-৩৯.
৪. কীভাবে আমরা সুসমাচার শোনার জন্য পুরুষদের আরও বেশি সুযোগ প্রদান করতে পারি?
৪ আরও বেশি পুরুষদের সঙ্গে যোগাযোগ করুন: যেহেতু দিনের বেলায় পুরুষরা প্রায়ই তাদের কর্মক্ষেত্রে থাকে, তাই আপনি কি আপনার তালিকায় সন্ধ্যাবেলা, সপ্তাহান্ত অথবা ছুটির দিনগুলোতে পরিচর্যায় আরও বেশি সময় ব্যয় করার ব্যবস্থা করতে পারেন? বাণিজ্যিক এলাকায় নিয়মিতভাবে কাজ করা আপনাকে সেই পুরুষদের কাছে সাক্ষ্যদান করার অতিরিক্ত সুযোগগুলো প্রদান করবে, যাদেরকে প্রায়ই ঘরে পাওয়া যায় না। এ ছাড়া, ভাইয়েরা তাদের পুরুষ সহকর্মীদের কাছে রীতিবহির্ভূতভাবে সাক্ষ্যদান করার জন্য বিশেষ প্রচেষ্টা করতে পারে। ঘরে ঘরে পরিচর্যায়, বিশেষ করে ঘন ঘন কাজ করা হয়েছে এমন এলাকায়, মাঝেমধ্যে ভাইয়েরা হয়তো ঘরের পুরুষ ব্যক্তির সঙ্গে কথা বলতে পারে কি না, তা জিজ্ঞেস করতে পারে।
৫. একজন বোন যদি দেখেন যে, কোনো পুরুষ সত্যের প্রতি অনুকূল সাড়া দিয়েছেন, তাহলে তার কীভাবে সেই বিষয়টা পরিচালনা করা উচিত?
৫ একজন বোন যদি দেখেন যে, কোনো পুরুষ সত্যের প্রতি অনুকূল সাড়া দিয়েছেন, তাহলে সেই ব্যক্তির কাছে তার একা ফিরে যাওয়া উচিত নয়। তিনি হয়তো তার স্বামী অথবা অন্য কোনো ভাই বা বোনকে সঙ্গে করে নিয়ে যেতে পারেন। সেই পুরুষ যদি ক্রমাগত আগ্রহ দেখাতে থাকেন বলে মনে হয়, তাহলে সাধারণত সেই পুনর্সাক্ষাৎটা একজন যোগ্য ভাইকে দিয়ে দেওয়া সবচেয়ে উত্তম হবে।
৬. “অধিক লোককে লাভ” করার জন্য কীভাবে আমরা প্রেরিত পৌলকে অনুকরণ করতে পারি?
৬ পুরুষদের কাছে আগ্রহ জাগায় এমন বিষয়গুলো বেছে নিন: প্রেরিত পৌল তার শ্রোতাদের বিষয় বিবেচনা করেছিলেন ও তার উপস্থাপনাকে খাপ খাইয়ে নিয়েছিলেন যাতে তিনি “অধিক লোককে লাভ” করতে পারেন। (১ করি. ৯:১৯-২৩) একইভাবে, যে-পুরুষদের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়, তাদের কাছে খুব সম্ভবত যে-বিষয়গুলো আগ্রহ জাগাবে, সেগুলো আমাদের বিবেচনা করা ও সেই অনুসারে প্রস্তুত হওয়া উচিত। উদাহরণস্বরূপ, পুরুষরা প্রায়ই আর্থিক প্রতিদ্বন্দ্বিতাগুলো, উত্তম সরকার এবং তাদের পরিবারের নিরাপত্তা ও সুরক্ষা সম্বন্ধে চিন্তিত থাকে। এ ছাড়া, তারা হয়তো জীবনের উদ্দেশ্য, পৃথিবীর ভবিষ্যৎ এবং কেন ঈশ্বর দুঃখকষ্ট থাকতে দিয়েছেন, সেই সম্বন্ধেও আগ্রহী হতে পারে। আমাদের উপস্থাপনায় আমরা যদি এই ধরনের অন্তর্দৃষ্টি প্রদর্শন করি, তাহলে রাজ্যের বার্তা সম্বন্ধীয় আমাদের উপস্থাপনাকে আরও ভালোভাবে গ্রহণ করে নেওয়া হবে।—হিতো. ১৬:২৩.
৭. অবিশ্বাসী স্বামীরা, যারা কোনো একটা সভায় যোগদান করে, তাদের ওপর মণ্ডলীর সকলে কীভাবে এক ইতিবাচক প্রভাব ফেলতে পারে?
৭ অবিশ্বাসী স্বামীদের সাহায্য করার জন্য পদক্ষেপ নিন: যদিও আমাদের খ্রিস্টান বোনদের উত্তম আচরণ প্রায়ই তাদের অবিশ্বাসী স্বামীদের ওপর বিরাট প্রভাব ফেলে, তবে মণ্ডলীর সদস্যরাও কিন্তু ইতিবাচক প্রভাব ফেলতে পারে। (১ পিতর ৩:১-৪) একজন অবিশ্বাসী সাথি যখন তার স্ত্রীর সঙ্গে কোনো একটা সভায় আসেন, তখন মণ্ডলীর কাছ থেকে তিনি যে-উষ্ণ অভ্যর্থনা লাভ করেন, তা এক জোরালো সাক্ষ্য প্রদান করবে। তার উপস্থিতি খুব সম্ভবত সত্যের প্রতি কিছুটা আগ্রহকে ইঙ্গিত করে আর তাই তিনি বাইবেল অধ্যয়ন গ্রহণ করতে ইচ্ছুক হতে পারেন।
৮. কীভাবে ভাইয়েরা সেই অবিশ্বাসী স্বামীদের সাহায্য করার জন্য পদক্ষেপ নিতে পারে, যারা সত্যের প্রতি সামান্য আগ্রহ দেখিয়েছে?
৮ অন্যদিকে, কিছু স্বামী প্রথম দিকে বাইবেলের প্রতি সামান্যই আগ্রহ দেখায় কিন্তু পরবর্তী সময়ে তারা হয়তো এমন কোনো ভাইয়ের সঙ্গে বাইবেল আলোচনা করতে ইচ্ছুক হয়, যার সঙ্গে তারা স্বচ্ছন্দবোধ করে। একটা মণ্ডলীর ভাইয়েরা, ধর্মীয়ভাবে বিভক্ত একটা পরিবারে মাঝে মাঝে পরিদর্শন করার সময় অবিশ্বাসী স্বামীর সঙ্গে সেই বিষয়গুলো নিয়ে গল্পগুজব করার জন্য নির্দিষ্ট প্রচেষ্টা করেছিল, যে-বিষয়গুলো সম্বন্ধে তিনি আগ্রহী বলে তারা জানত। এটা পরিশেষে বাইবেল আলোচনার দিকে পরিচালিত করেছিল আর তিনি এখন বাপ্তাইজিত। আরেকটা ঘটনায়, একজন ভাই বন্ধুত্বপরায়ণ এক অবিশ্বাসী স্বামীকে তার বাড়ির চারিদিকে বেড়া দেওয়ার জন্য সাহায্য করেছিলেন। এইভাবে ব্যক্তিগত আগ্রহ দেখানোর দ্বারা একটা বাইবেল অধ্যয়ন শুরু হয়েছিল। (গালা. ৬:১০; ফিলি. ২:৪) আপনি যদি একজন খ্রিস্টান ভাই হয়ে থাকেন, তাহলে এইরকম এক বা একাধিক অবিশ্বাসী স্বামীকে সাহায্য করার জন্য পদক্ষেপ নিন না কেন?
৯. পুরুষদের প্রশিক্ষণ দানের ফল কী হতে পারে?
৯ ভবিষ্যতের জন্য প্রশিক্ষণ দিন: রাজ্যের বার্তার প্রতি সাড়া দেয় এবং যিহোবার সেবার বিশেষ সুযোগগুলোর জন্য আকাঙ্ক্ষী হয়, এমন পুরুষরা হয়তো ‘মনুষ্যদিগের নানা বর’ বা দানরূপ মানুষ অর্থাৎ খ্রিস্টান প্রাচীন হয়ে উঠতে পারে, যারা যিহোবার লোকেদের মণ্ডলীর জন্য তাদের দক্ষতাগুলো ও শক্তিকে ব্যবহার করে। (ইফি. ৪:৮; গীত. ৬৮:১৮) এই পুরুষরা ইচ্ছাপূর্বক ও উৎসুকভাবে মণ্ডলীকে পালন করে থাকে। (১ পিতর ৫:২, ৩) সমগ্র ভ্রাতৃসমাজের জন্য তারা কতই না আশীর্বাদজনক হয়ে ওঠে!
১০. কীভাবে পৌলকে সাহায্য করার জন্য অননিয়ের প্রচেষ্টা অনেককে উপকৃত করেছিল?
১০ উদাহরণস্বরূপ, শৌল “পরজাতীয়দের জন্য প্রেরিত” হয়েছিলেন, যদিও তিনি একসময় খ্রিস্টানদের তাড়না করতেন। (রোমীয় ১১:১৩) এই কারণে শিষ্য অননিয় প্রথমে শৌলের কাছে প্রচার করতে অনিচ্ছুক ছিলেন। তা সত্ত্বেও, অননিয় প্রভুর নির্দেশনা মেনে নিয়েছিলেন এবং সেই ব্যক্তির সঙ্গে কথা বলেছিলেন, যিনি প্রেরিত পৌল হয়ে উঠেছিলেন। বছরের পর বছর ধরে, পৌলের পরিচর্যা সেই হাজার হাজার লোককে উপকৃত করেছিল, যারা তাকে প্রচার করতে শুনেছিল এবং সেইসঙ্গে সেই লক্ষ লক্ষ লোক ঈশ্বরের বাক্যে লিপিবদ্ধ তার অনুপ্রাণিত চিঠিগুলো থেকে ক্রমাগত উপকৃত হয়ে চলেছে।—প্রেরিত ৯:৩-১৯; ২ তীম. ৩:১৬, ১৭.
১১. কেন আমাদের পুরুষদের কাছে সাক্ষ্যদান করার জন্য যেকোনো ধরনের রদবদল করা উচিত?
১১ তাই পুরুষদের কাছে সাক্ষ্যদান করার প্রতিদ্বন্দ্বিতাকে মোকাবিলা করার জন্য যেকোনো ধরনের রদবদল করার প্রয়োজন হোক না কেন, আমরা যেন তা করি। এই লক্ষ্য অনুধাবন করার সময়, আমরা যিহোবার ইচ্ছা পালন করার ও রাজ্যের বিষয়গুলোর ভালো করে যত্ন নেওয়ার জন্য আমাদের প্রচেষ্টার ওপর তাঁর আশীর্বাদের বিষয়ে নিশ্চিত থাকি।