যিশুর স্থাপিত উদাহরণ অনুসরণ করুন
১ শিষ্য তৈরির কাজে অংশগ্রহণ করার সময় আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে, আমাদের উদাহরণ সেই ব্যক্তিদের ওপর এক জোরালো প্রভাব ফেলতে পারে, যারা আমাদেরকে লক্ষ করে থাকে। যিশু কথা ও কাজের দ্বারা শিক্ষা দিয়েছিলেন। যারা তাঁকে লক্ষ করত, তারা তাঁর উদ্যোগ, লোকেদের প্রতি তাঁর ভালবাসা, তাঁর পিতার নামকে পবিত্রীকৃত করার জন্য তাঁর স্পষ্ট আকাঙ্ক্ষা এবং তাঁর পিতার ইচ্ছা সম্পাদন করার জন্য তাঁর দৃঢ়সংকল্প দেখেছিল।—১ পিতর ২:২১.
২ ঘরে ঘরে পরিচর্যা করার সময়: যিশুর মতো, আমাদের উদাহরণ সেই ব্যক্তিদের ওপর প্রভাব ফেলতে পারে, যারা আমাদের সঙ্গে প্রচার কাজ করে। নতুন ও কম অভিজ্ঞ প্রকাশক, যারা আমাদেরকে উদ্যোগের সঙ্গে পরিচর্যায় রত থাকতে দেখে, তারা প্রচার কাজে নিজেদের অংশগ্রহণের গুণগত মান সম্বন্ধে চিন্তা করবে। তারা যখন আমাদের আনন্দ ও অন্যদের প্রতি আমাদের আন্তরিক আগ্রহ লক্ষ করে, তখন তাদেরকে পরিচর্যায় এই গুণগুলো প্রদর্শন করার গুরুত্ব সম্বন্ধে মনে করিয়ে দেওয়া হয়। তারা যখন আমাদেরকে অধ্যবসায়ের সঙ্গে শাস্ত্র ব্যবহার করতে, পুনর্সাক্ষাৎ করতে এবং বাইবেল অধ্যয়ন পরিচালনা করতে দেখে, তখন তারাও একই বিষয় করতে অনুপ্রাণিত হবে।
৩ বাইবেল অধ্যয়ন পরিচালনা করার সময়: বাইবেল ছাত্ররা বিশেষ করে আমাদের আচরণ লক্ষ করবে। উদাহরণস্বরূপ, যদিও আমরা হয়তো তাদেরকে অধ্যয়নের জন্য প্রস্তুতি নেওয়ার, শাস্ত্রপদগুলো খুলে দেখার এবং মুখ্য বিষয়গুলোকে দাগ দিয়ে রাখার গুরুত্ব সম্বন্ধে ব্যাখ্যা করে থাকি, তবুও তারা লক্ষ করবে যে, আমরা প্রস্তুতি নিয়েছি কি না। (রোমীয় ২:২১) আমরা যদি ধার্যকৃত সময়ে অধ্যয়ন করানোর জন্য তাদের কাছে যাই, তা হলে তারাও অধ্যয়নের সময় অন্য কাজকর্মকে বাধা হতে দেবে না। নিঃসন্দেহে, তারা পরিচর্যার জন্য আমাদের আত্মত্যাগমূলক মনোভাব এবং আমাদের দৃঢ় বিশ্বাসকেও লক্ষ করবে। এতে অবাক হওয়ার কিছু নেই যে, সেই প্রকাশকদের বাইবেল ছাত্ররা প্রায়ই উদ্যোগী, ফলপ্রসূ প্রচারক হয়ে ওঠে, যে-প্রকাশকরা যিশুর উদাহরণকে যথাসম্ভব নিখুঁতভাবে অনুসরণ করে।
৪ মণ্ডলীর সভাগুলোতে যোগ দেওয়ার সময়: খ্রিস্টীয় মণ্ডলীর যারা অংশ, তাদের সকলের মণ্ডলীর সভাগুলোতে উদাহরণের মাধ্যমে শিক্ষা দেওয়ার এক ভূমিকা রয়েছে। যে-আগ্রহী ব্যক্তিরা সভাগুলোতে যোগ দিতে শুরু করে, তারা মণ্ডলীর মধ্যে যে-উত্তম উদাহরণ লক্ষ করে, সেটার দ্বারা উপকৃত হয়। তারা উষ্ণ ভ্রাতৃসমাজ, খ্রিস্টীয় একতা এবং মার্জিত পোশাক-আশাক ও সাজগোজ লক্ষ করে থাকে। (গীত. ১৩৩:১) মণ্ডলীর সভাগুলোতে অনুগতভাবে আমাদের উপস্থিতির এবং একই সময়ে জনসাধারণ্যে আমাদের বিশ্বাস সম্বন্ধে ঘোষণা করার উদাহরণও লক্ষ করা হবে। আমাদের সভাগুলোতে আসা একজন অতিথি লক্ষ করেছিলেন যে, একটি ছোট্ট মেয়ে কীভাবে উল্লেখিত একটি পদ তার নিজের বাইবেল থেকে তাড়াতাড়ি বের করতে পেরেছিল এবং পদটি পড়ার সময় কত মনোযোগের সঙ্গে তা দেখছিল। তার উদাহরণ এই অতিথিকে বাইবেল অধ্যয়ন করানোর অনুরোধ জানাতে পরিচালিত করেছিল।
৫ শাস্ত্র আমাদেরকে একে অন্যের উত্তম উদাহরণকে অনুকরণ করার জন্য উৎসাহিত করে। (ফিলি. ৩:১৭; ইবীয় ১৩:৭) তাই, আমাদের মনে রাখা উচিত যে, আমরা যদি যিশুর স্থাপিত উদাহরণকে যথাসম্ভব নিখুঁতভাবে অনুসরণ করি, তা হলে সেটা অন্যেরা লক্ষ করবে এবং এটা তাদের ওপর এক গঠনমূলক উপায়ে প্রভাব ফেলতে পারে। এটা উপলব্ধি করে, আমরা যেন ১ তীমথিয় ৪:১৬ পদে প্রাপ্ত এই কথাগুলোতে মনোযোগ দিই: “আপনার বিষয়ে ও তোমার শিক্ষার বিষয়ে সাবধান হও।”
[অধ্যয়ন প্রশ্নাবলি]
১. যিশু কোন উদাহরণ স্থাপন করেছিলেন?
২. কোন কোন উপায়ে আমাদের উদাহরণ সেই ব্যক্তিদের ওপর প্রভাব ফেলতে পারে, যারা পরিচর্যায় আমাদের সঙ্গে কাজ করে?
৩. কীভাবে আমাদের উদাহরণ বাইবেল ছাত্রদের শিক্ষা দিতে পারে এবং তারা কী শিখতে পারে?
৪. আমরা যখন মণ্ডলীর সভাগুলোতে যোগ দিই, তখন আমাদের উদাহরণ কী শেখায়?
৫. কেন আমাদের নিজের উদাহরণের মূল্যকে কখনোই ছোট করে দেখা উচিত নয়?