কিংডম হল নির্মাণ কাজ—পবিত্র সেবার এক গুরুত্বপূর্ণ দিক
১ গত বছরে ভারত শাখার অধীনস্ত এলাকায় ১৯টা কিংডম হলের নির্মাণ কাজ শেষ করা হয়েছে। এই কাজে যারা সাহায্য করেছে, তাদের সকলের কঠোর পরিশ্রমের জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। যদিও প্রচুর কাজ সম্পাদিত হয়েছে, তবুও কিংডম হল নির্মাণ কাজের জন্য এখনও আরও অনেক কাজ করা বাকি আছে। এখনও আমাদের জরুরি ভিত্তিতে আরও ১৭৫টা কিংডম হলের প্রয়োজন রয়েছে। কীভাবে আমরা সকলে যিহোবার প্রতি পবিত্র সেবার এই গুরুত্বপূর্ণ দিককে সমর্থন করতে পারি?—প্রকা. ৭:১৫.
২ ইচ্ছুক হোন: আপনি যদি একজন বাপ্তাইজিত প্রকাশক হন, তা হলে আমরা আপনাকে একটা অ্যাপ্লিকেশন ফর কিংডম হল কন্স্ট্রাক্শন ভলেনটিয়ার প্রোগ্রাম ফর্ম পূরণ করার দ্বারা কিংডম হল কন্স্ট্রাক্শন ডেস্ক এর সঙ্গে কাজ করার জন্য স্বেচ্ছায় এগিয়ে আসতে আমন্ত্রণ জানাচ্ছি। (গীত. ১১০:৩) সকল স্বেচ্ছাসেবককে অবশ্যই ইচ্ছুক কর্মী হতে হবে এবং সহযোগিতার মনোভাব রাখতে হবে। (গীত. ১৩৩:১) এমনকি আপনার যদি নির্মাণ কাজের দক্ষতাগুলো না-ও থাকে, তবুও আপনি একটা নির্মাণ প্রকল্পের সফলতার পিছনে অনেক অবদান রাখতে পারেন। বর্তমানে আমাদের এমন যোগ্য ভাইদের প্রয়োজন, যারা নির্মাণ কাজ দেখাশোনা করতে ও সেইসঙ্গে বিভিন্ন প্রয়োজনীয় অনুমতি লাভ করার ব্যাপারে সাহায্য করতে পারবে। এ ছাড়া, আপনি হয়তো সেই প্রশিক্ষণ লাভ করতে পারেন, যা আপনাকে ভবিষ্যতে আরও ব্যাপকভাবে কাজ করার সুযোগ দেবে।
৩ আপনি যদি স্বেচ্ছাসেবকের কাজ করতে না পারেন, তা হলে যারা এই ব্যবস্থায় অংশগ্রহণ করতে পারে তাদের উৎসাহিত করার দ্বারা আপনি দেখাতে পারেন যে, আপনি এই ব্যবস্থাকে সমর্থন করেন। যারা কিংডম হল প্রকল্পে কাজ করছে, মণ্ডলীতে তাদের কার্যভারগুলো সম্পাদন করার ক্ষেত্রে আপনি সাহায্য করতে পারেন। আগে থেকে পরিকল্পনা করার দ্বারা প্রাচীনরা এই বিষয়টা নিশ্চিত করতে পারে যে, কয়েক জন কিংডম হল প্রকল্পে কাজ করার সময়ও যেন ভালভাবে মণ্ডলীর যত্ন নেওয়া হয়। নিঃসন্দেহে, রাজ্যের কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা যখন একতাবদ্ধভাবে কাজ করি, তখন যিহোবা প্রীত বা সন্তুষ্ট হন।—ইব্রীয় ১৩:১৬.
৪ ইতিবাচক হোন: উপাসনার স্থানগুলো নির্মাণ করার সঙ্গে অনেক সময় ও কঠোর পরিশ্রম জড়িত থাকে। তাই এটা স্বাভাবিক যে, নির্মাণ প্রকল্পগুলোতে সাহায্য করার জন্য আমন্ত্রিত ব্যক্তিরা মাঝে মাঝে তাদের নিজেদের মণ্ডলী থেকে দূরে থাকবে। আমরা যেন নির্মাণ কাজের সেই স্বেচ্ছাসেবকদের প্রশংসা করতে ও উৎসাহ দিতে সত্বর হই, যারা এই “কার্য্যের” যত্ন নেওয়ার জন্য ত্যাগস্বীকার করে।—প্রেরিত ৬:৩; রোমীয় ১৪:১৯.
৫ ভারসাম্যপূর্ণ হোন: ঈশ্বরের রাজ্য সম্বন্ধে প্রচার করা হল আমাদের মুখ্য ঈশতান্ত্রিক কাজ। (মার্ক ১৩:১০) এই বিষয়টা মাথায় রেখে, আমরা প্রকল্পগুলোকে এমনভাবে তালিকাবদ্ধ করার চেষ্টা করি, যাতে স্বেচ্ছাসেবকদের অযথা তাদের মণ্ডলী থেকে দূরে থাকার প্রয়োজন না হয়। একইভাবে, নির্মাণ কাজের স্বেচ্ছাসেবকরা তাদের অনেক দায়িত্ব পালন করার ব্যাপারে ভারসাম্যপূর্ণ হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে থাকে। তারা যখন দূরে থাকে, তখন মণ্ডলীতে তাদের কার্যভারগুলোর যত্ন নেওয়ার বিষয়টা নিশ্চিত করতে তারা প্রয়োজনীয় ব্যবস্থা করে থাকে।
৬ প্রেরিত পৌল মণ্ডলীর সদস্যদের ‘দেহের বৃদ্ধি সাধন করিবার, আপনাকেই প্রেমে গাঁথিয়া তুলিবার’ ক্ষেত্রে একতাবদ্ধভাবে কাজ করছে বলে বর্ণনা করেছিলেন। (ইফি. ৪:১৬) যিহোবার ও সত্য উপাসনার প্রতি আমাদের প্রেম আমাদেরকে সুসমাচার প্রচার ও কিংডম হল নির্মাণ কাজকে সমর্থন করার জন্য একত্রে সহযোগিতা করতে পরিচালিত করে।
[অধ্যয়ন প্রশ্নাবলি]
১. কিংডম হল নির্মাণ কাজে কী সম্পাদিত হয়েছে কিন্তু এখনও কীসের প্রয়োজন রয়েছে?
২. কীভাবে আমরা সরাসরি কিংডম হল নির্মাণ কাজকে সমর্থন করতে পারি?
৩. অন্যান্য কোন উপায়ে আমরা দেখাতে পারি যে, আমরা এই ব্যবস্থাকে সমর্থন করি?
৪. যারা কিংডম হল নির্মাণ প্রকল্পগুলোতে অংশগ্রহণ করে, তাদের প্রতি কীভাবে আমরা এক ইতিবাচক মনোভাব দেখাতে পারি?
৫. নির্মাণ কাজের স্বেচ্ছাসেবকরা কীভাবে দেখাতে পারে যে, তারা ভারসাম্য বজায় রাখে?
৬. সত্য উপাসনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মণ্ডলীর সকলে যখন একত্রে সহযোগিতা করে, তখন কী সম্পাদিত হয়?