ব্যক্তিগত আগ্রহ দেখান—সদয় হয়ে
১ “সদাপ্রভু কৃপাময়” বা সদয়। (গীত. ১৪৫:৮) যদিও তিনি হলেন নিখিলবিশ্বের সার্বভৌম কিন্তু অসিদ্ধ মানুষের সঙ্গে আচরণের ক্ষেত্রে তিনি দয়ালু, বিবেচক এবং সৌজন্যপূর্ণ। (আদি. ১৩:১৪; ১৯:১৮-২১, ২৯) আমাদের অনুগ্রহের বা সদয় ঈশ্বরকে অনুকরণ করার দ্বারা আমরা আমাদের সুসমাচারের উপস্থাপনাকে উন্নত করতে পারি। (কল. ৪:৬) এর সঙ্গে কেবল আমাদের কথাবার্তায় বিনয়ী ও সম্মানপূর্ণ হওয়ার চেয়ে আরও বেশি কিছু জড়িত।
২ ঘরে ঘরে প্রচার করার সময়: আমরা যদি এমন সময়ে গৃহকর্তার সঙ্গে সাক্ষাৎ করি, যখন তার জন্য সময়টা উপযুক্ত নয় অথবা অত্যন্ত ব্যস্ততার কারণে তিনি আমাদের সঙ্গে কথা বলতে পারেন না, তখন আমাদের কী করা উচিত? আমাদের উপস্থাপনাকে খুব সংক্ষিপ্ত করে অথবা অন্য কোনো সময়ে ফিরে আসার প্রস্তাব দিয়ে এই ধরনের পরিস্থিতিগুলোকে আমাদের মেনে নেওয়া উচিত। লোকেরা যদি আমাদের সাহিত্যাদি নিতে না চায়, তা হলে আমরা সেগুলো নেওয়ার জন্য তাদেরকে জোর না করে সদয়ভাব দেখাই। এ ছাড়া, অন্যদের প্রতি বিবেচনা দেখানো আমাদেরকে তাদের সম্পত্তির প্রতি, যেমন গেট বন্ধ করে দেওয়ার এবং আমাদের সন্তানদেরও তা করতে প্রশিক্ষণ দেওয়ার দ্বারা সম্মান দেখাতে পরিচালিত করবে। আমাদের নিশ্চিত হয়ে নেওয়া উচিত যে, যে-বাড়িগুলোতে লোকেদের পাওয়া যায় না, সেখানে ছেড়ে আসা যেকোনো সাহিত্য যেন পথচারীদের চোখে না পড়ে। বস্তুতপক্ষে, সদয়ভাব আমাদেরকে অন্যদের সঙ্গে এমনভাবে আচরণ করতে পরিচালিত করবে, ঠিক যেমনটা অন্যেরা আমাদের সঙ্গে করুক বলে আমরা চাই।—লূক ৬:৩১.
৩ রাস্তায় প্রচার করার সময়: রাস্তায় প্রচার করার সময়, আমরা পথচারীদের পথরোধ না করে এবং দোকানগুলোর সামনে ভিড় না জমিয়ে সৌজন্য দেখাতে পারি। অন্যদের পরিস্থিতি সম্বন্ধে আমরা সচেতন থাকব, স্পষ্টতই যারা ব্যস্ত তাদের চেয়ে বরং যাদের হাতে হয়তো একটু সময় আছে, কেবল তাদের সঙ্গেই কথা বলার চেষ্টা করব। মাঝে মাঝে, রাস্তার বিভিন্ন শব্দের কারণে আমাদের হয়তো জোরে কথা বলতে হতে পারে। কিন্তু নিজেদের প্রতি মনোযোগ আকর্ষণ না করিয়ে আমাদের তা মর্যাদাপূর্ণভাবে বলা উচিত।—মথি ১২:১৯.
৪ টেলিফোনে সাক্ষ্যদান করার সময়: অন্যদের প্রতি বিবেচনাবোধ আমাদেরকে এমন একটা জায়গা থেকে টেলিফোনে সাক্ষ্যদান করতে পরিচালিত করবে, যেখানে আশেপাশের শব্দকে নিয়ন্ত্রণ করা যেতে পারে। আমরা যখন দেরি না করে নিজেদের পরিচয় দিই ও ফোন করার কারণ ব্যাখ্যা করি, তখন আমরা ভদ্রতা দেখাই। টেলিফোনের যে-অংশে মুখ রেখে কথা বলতে হয়, সরাসরি সেখানে মুখ রেখে মিষ্টিস্বরে কথা বলা অন্যদেরকে গঠনমূলক শাস্ত্রীয় আলোচনায় জড়িত হতে সাহায্য করবে। (১ করি. ১৪:৮, ৯) এইরকম বিভিন্ন উপায়ে দয়ালু, বিবেচক এবং সৌজন্যপূর্ণ হয়ে আমরা আমাদের সদয় ঈশ্বর যিহোবাকে অনুকরণ করি।