বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? বইটির অধ্যয়ন উপভোগ করুন
১ “ঈশ্বরীয় বাধ্যতা” জেলা সম্মেলনের এক আগ্রহজনক বিষয় ছিল, বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? বইটির প্রকাশ। আমরা শীঘ্রই এই বইটি আমাদের ক্ষেত্রের পরিচর্যায় ব্যাপকভাবে ব্যবহার করব, বিশেষভাবে যখন আমরা গৃহ বাইবেল অধ্যয়নগুলো পরিচালনা করব। তাই, এই নতুন প্রকাশনার সঙ্গে আমাদের ভালভাবে পরিচিত হতে হবে। আর তা সম্ভবপর হবে কারণ ২০০৬ সালের ১৭ই এপ্রিলের সপ্তাহ থেকে আমরা মণ্ডলীর বই অধ্যয়নে এটি অধ্যয়ন করব।
২ মণ্ডলীর বই অধ্যয়ন অধ্যক্ষ প্রত্যেকটা অধ্যায়ের শুরুতে যে-প্রশ্নগুলো রয়েছে, সেগুলোর প্রতি মনোযোগ আকর্ষণ করাবেন। এরপর পৃষ্ঠার নীচে দেওয়া প্রশ্নগুলো ব্যবহার করে অধ্যয়ন পরিচালনা করা হবে। প্রধান শাস্ত্রপদগুলো পড়া ও আলোচনা করা হবে এবং প্রতিটা অধ্যায়ের শেষে “বাইবেল যা শিক্ষা দেয়” বাক্সের বিষয়বস্তু পুনরালোচনা করা সাহায্যকারী হবে কারণ বাক্সের মধ্যে অধ্যায়ের শুরুতে দেওয়া প্রশ্নগুলোরই শাস্ত্রীয় উত্তর রয়েছে। আপনি মন্তব্য করে খুশি হবেন কারণ এই বই বিষয়বস্তুকে স্পষ্ট, সহজ এবং অগ্রহজনকভাবে তুলে ধরে।
৩ এই বইয়ের পরিশিষ্ট বিভিন্ন বিষয়ের ওপর বিস্তারিত বিবরণ তুলে ধরে। বাইবেল ছাত্র-ছাত্রীদের কোনো একটা নির্দিষ্ট বিষয়ের ওপর অতিরিক্ত তথ্যের দরকার হলে আমরা এই বিষয়বস্তু ব্যবহার করতে পারব। মণ্ডলীর বই অধ্যয়নের সময় পরিশিষ্টের বিভিন্ন অংশ মাঝে মাঝে আলোচনা করা হবে। বই অধ্যয়ন পাঠক কোনো একটা বিষয়ের ওপর দেওয়া পরিশিষ্টের পুরো অংশটা পড়বেন আর বড় প্রবন্ধগুলো ভাগ ভাগ করে আলোচনা করা যেতে পারে। পরিশিষ্টে কোনো অধ্যয়ন প্রশ্ন নেই। তবে অধ্যক্ষ, মূল বিষয়গুলো তুলে ধরে এমন প্রশ্নগুলো জিজ্ঞেস করার মাধ্যমে উপস্থিত শ্রোতাদের থেকে বিভিন্ন মন্তব্য বের করে আনতে পারেন।
৪ মণ্ডলীর বই অধ্যয়নে বাইবেল শিক্ষা দেয় বইটি দ্রুত অধ্যয়ন করা হবে। তবে অন্যদের সঙ্গে, বিশেষভাবে বাইবেল সম্বন্ধে সামান্য জ্ঞান রয়েছে বা কোনো জ্ঞান নেই বললেই চলে এমন ব্যক্তিদের সঙ্গে এই প্রকাশনা অধ্যয়ন করার সময় সেই একই ধারা বজায় রাখা সম্ভব না। (প্রেরিত ২৬:২৮, ২৯) গৃহ বাইবেল অধ্যয়নের সময় আমাদেরকে শাস্ত্রপদগুলো আরও বিস্তারিতভাবে আলোচনা করতে এবং বিভিন্ন দৃষ্টান্ত ও এইরকম অন্যান্য বিষয় ব্যাখ্যা করতে হবে। তাই, প্রত্যেক সপ্তাহে বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? বইটির অধ্যয়নে উপস্থিত থাকা এবং তাতে পুরোপুরি অংশ নেওয়াকে আপনার লক্ষ্য করুন।