উন্নতিশীল বাইবেল অধ্যয়ন পরিচালনা করা
১০ম ভাগ: ঘরে ঘরে পরিচর্যার কাজে ছাত্রদের প্রশিক্ষণ দেওয়া
১ প্রাচীনরা যখন নিশ্চিত হয় যে, একজন বাইবেল ছাত্র অবাপ্তাইজিত প্রকাশক হওয়ার যোগ্য, তখন তিনি হয়তো মণ্ডলীর সঙ্গে জনসাধারণ্যে প্রচার কাজে অংশ নিতে শুরু করতে পারেন। (যিহোবার ইচ্ছা পালন করার জন্য সংগঠিত, ইংরেজি বইয়ের ৭৯-৮১ পৃষ্ঠা দেখুন।) ঘরে ঘরে প্রচার করার প্রতিদ্বন্দ্বিতাকে মোকাবিলা করার জন্য আমরা কীভাবে ছাত্রকে সাহায্য করতে পারি?
২ একসঙ্গে প্রস্তুত করা: উত্তম প্রস্তুতির কোনো বিকল্প নেই। আমাদের রাজ্যের পরিচর্যা এবং যুক্তি (ইংরেজি) বইয়ের কোথায় ছাত্র প্রস্তাবিত উপস্থাপনাগুলো খুঁজে পেতে পারেন, সেটা তাকে দেখান এবং তাকে এমন একটা সহজ-সরল উপস্থাপনা বেছে নিতে সাহায্য করুন, যেটা স্থানীয় এলাকার জন্য ব্যবহারিক। একেবারে শুরু থেকেই, পরিচর্যায় বাইবেল উপস্থাপন করার জন্য তাকে উৎসাহিত করুন।—২ তীম. ৪:২.
৩ একজন নতুন প্রকাশকের জন্য অনুশীলন পর্বগুলো খুবই উপকারজনক। ছাত্র যখন উপস্থাপনাটির মহড়া দেন, তখন এলাকার সাধারণ প্রতিক্রিয়াগুলোকে কীভাবে কৌশলে মোকাবিলা করতে হয়, তা তাকে দেখান। (কল. ৪:৬) তাকে আশ্বাস দিন যে, একজন গৃহকর্তা হয়তো করতে পারেন, এমন সমস্ত প্রশ্নের উত্তর যে খ্রিস্টীয় পরিচারকদেরকে জানতেই হবে এমন নয়। প্রায়ই গবেষণা করার এবং বিষয়টা আরও বিস্তারিতভাবে আলোচনা করার জন্য পুনরায় ফিরে আসার প্রস্তাব দেওয়ার দ্বারা এই ধরনের পরিস্থিতিগুলো মোকাবিলা করা সর্বোত্তম।—হিতো. ১৫:২৮.
৪ একসঙ্গে প্রচার করা: ছাত্র যখন প্রথম বার ঘরে ঘরে পরিচর্যায় অংশ নেন, তখন আপনারা দুজনে একসঙ্গে যে-উপস্থাপনাটি প্রস্তুত করেছেন, সেটি আপনি তুলে ধরার সময় তাকে লক্ষ করার সুযোগ দিন। তারপর তাকেও অন্তর্ভুক্ত করুন। কিছু কিছু ক্ষেত্রে, নতুন প্রকাশককে একটি শাস্ত্রপদ পড়া ও সেটির ওপর মন্তব্য করার মতো বিষয়গুলোতে অংশ নিতে দেওয়া সর্বোত্তম হতে পারে। ছাত্রের ব্যক্তিত্ব ও ক্ষমতার কথা মাথায় রাখুন। আপনি প্রচার কাজের বিভিন্ন দিক সম্বন্ধে ধীরে ধীরে তাকে প্রশিক্ষণ দেওয়ার সময় তার প্রশংসা করার ব্যাপারে উদার হোন।
৫ সম্ভব হলে পরিচর্যায় প্রত্যেক সপ্তাহে অংশ নেওয়ার জন্য একটা নিয়মিত তালিকা বানাতে একজন নতুন প্রকাশককে সাহায্য করা গুরুত্বপূর্ণ। (ফিলি. ৩:১৬) পরিচর্যায় একসঙ্গে কাজ করার জন্য সুনির্দিষ্ট ব্যবস্থা করুন এবং অন্যান্য উদ্যোগী ব্যক্তিদের সঙ্গেও কাজ করার জন্য তাকে উৎসাহিত করুন। তাদের উদাহরণ ও সাহচর্য তাকে দক্ষতা বৃদ্ধি করতে এবং ঘরে ঘরে প্রচারে আনন্দ খুঁজে পেতে সাহায্য করবে।