যারা যিহোবাতে নির্ভর করে তিনি তাদের সাহায্য করেন
১ অনেক লোকই টাকাপয়সা, ক্ষমতা এবং মানব কর্মদক্ষতাকে সাফল্যের চাবি হিসেবে দেখে থাকে। (গীত. ১২:৪; ৩৩:১৬, ১৭: ৪৯:৬) কিন্তু, যারা যিহোবাকে ভয় করে এবং তাঁর ওপর নির্ভর করে, তাদের জন্য বাইবেলের এই আশ্বাস রয়েছে যে, “তিনিই তাহাদের সহায় ও তাহাদের ঢাল।” (গীত. ১১৫:১১) আসুন আমরা দুটো ক্ষেত্র বিবেচনা করে দেখি, যেখানে আমাদের যিহোবার ওপর নির্ভরতা দেখানো দরকার।
২ খ্রিস্টান পরিচারক হিসেবে: যখনই আমরা মণ্ডলীতে শিক্ষাদানের কার্যভারগুলো পরিচালনা করি কিংবা ক্ষেত্রের পরিচর্যায় শিক্ষা দিই, তখন আমাদের অবশ্যই ঈশ্বরের ওপর ভরসা রাখতে হবে। যিশুর উদাহরণ বিবেচনা করুন। যদিও তিনি ঈশ্বরের পুত্র ছিলেন, তবুও তিনি তাঁর নিজ প্রজ্ঞা অথবা কর্মদক্ষতার ওপর নির্ভর করেননি বরং সম্পূর্ণভাবে তাঁর স্বর্গীয় পিতার ওপর ভরসা রেখেছিলেন। (যোহন ১২:৪৯; ১৪:১০) তা হলে, আমাদের তা আরও কত বেশিই না করা দরকার! (হিতো. ৩:৫-৭) একমাত্র যিহোবার আশীর্বাদেই আমাদের সীমিত প্রচেষ্টাগুলো তাঁর সম্মান এবং অন্যদের উপকার নিয়ে আসবে।—গীত. ১২৭:১, ২.
৩ তাঁর নির্দেশনার এবং তাঁর পবিত্র আত্মার সাহায্যের জন্য প্রার্থনা করে আমরা দেখাই যে আমরা যিহোবার ওপর ভরসা রাখি। (গীত. ১০৫:৪; লূক ১১:১৩) এ ছাড়া, আমাদের শিক্ষাকে তাঁর বাক্য বাইবেলের ওপর ভিত্তি করে আমরা ঈশ্বরের ওপর আমাদের নির্ভরতা দেখাই। এর বার্তার, হৃদয় স্পর্শ করার এবং জীবনকে পরিবর্তন করার ক্ষমতা রয়েছে। (ইব্রীয় ৪:১২) আমরা যখন “ঈশ্বর-দত্ত শক্তি অনুসারে” ‘পরিচর্য্যা করি,’ তখন যিহোবা গৌরবান্বিত হন।—১ পিতর ৪:১১.
৪ সমস্যাগুলোর সঙ্গে মোকাবিলা করা: এ ছাড়া, বিভিন্ন চাপ ও সমস্যার সঙ্গে মোকাবিলা করার সময়, আমাদের যিহোবার কাছে সাহায্য চাওয়া দরকার। (গীত. ৪৬:১) উদাহরণস্বরূপ, একজন নিয়োগকর্তা হয়তো কোনো সম্মেলনে যোগদান করার জন্য আমাদের ছুটি দিতে ইতস্তত করতে পারেন অথবা আমরা হয়তো আমাদের পারিবারিক জীবনে এক কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে পারি। যিহোবার কাছে আন্তরিকভাবে অনুরোধ করার এবং তিনি তাঁর বাক্য ও সংগঠনের মাধ্যমে যে-নির্দেশনা জোগান, তা প্রয়োগ করার দ্বারা আমরা তাঁর ওপর আমাদের নির্ভরতা দেখাই। (গীত. ৬২:৮; ১১৯:১৪৩, ১৭৩) তা করে, যিহোবার দাসেরা তাদের জীবনে তাঁর সাহায্য লাভ করে।—গীত. ৩৭:৫; ১১৮:১৩, ১৬.
৫ যিহোবা নিজে আমাদের আশ্বাস দেন: “ধন্য সেই ব্যক্তি, যে সদাপ্রভুতে নির্ভর করে, যাহার বিশ্বাসভূমি সদাপ্রভু।” (যির. ১৭:৭) আমরা যা কিছু করি, তার সমস্তেই যেন তাঁর ওপর আমাদের নির্ভরতা দেখাই!—গীত. ১৪৬:৫.