ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৩/০৩ পৃষ্ঠা ৩-৬
  • সদাচরণের পক্ষে উদ্যোগী হোন!

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • সদাচরণের পক্ষে উদ্যোগী হোন!
  • ২০০৩ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • ‘ঈশ্বরের বাক্য সম্পূর্ণরূপে প্রচার কর’
    ২০০২ আমাদের রাজ্যের পরিচর্যা
  • ‘সুসমাচারের পক্ষে সাক্ষ্য দিন’
    ২০০৮ আমাদের রাজ্যের পরিচর্যা
  • যিহোবার আশ্চর্য কাজগুলো সম্বন্ধে প্রচার করে চলুন
    ২০০৪ আমাদের রাজ্যের পরিচর্যা
  • ২০০০ সালের এপ্রিল মাসকে কি আমরা এক বিশেষ মাস করতে পারি?
    ২০০০ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
২০০৩ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৩/০৩ পৃষ্ঠা ৩-৬

সদাচরণের পক্ষে উদ্যোগী হোন!

১ যতই আমরা ২০০৩ সালের স্মরণার্থ মরশুমের দিকে এগিয়ে যাচ্ছি, ততই “সদাচরণে পক্ষে উদ্যোগী” হওয়ার অনেক কারণ আমাদের রয়েছে। (১ পিতর ৩:১৩) এগুলোর মধ্যে সবচেয়ে প্রধান কারণটা হল, যিশু খ্রিস্টের মুক্তির মূল্যরূপ বলিদান। (মথি ২০:২৮; যোহন ৩:১৬) এই বিষয়ে প্রেরিত পিতর লিখেছিলেন: “তোমরা ক্ষয়ণীয় বস্তু দ্বারা, রৌপ্য বা স্বর্ণ দ্বারা, মুক্ত হও নাই, কিন্তু নির্দ্দোষ ও নিষ্কলঙ্ক মেষশাবকস্বরূপ খ্রীষ্টের বহুমূল্য রক্ত দ্বারা মুক্ত হইয়াছ।” (১ পিতর ১:​১৮, ১৯) প্রেমের এই অসাধারণ প্রকাশের প্রতি কৃতজ্ঞতা আমাদের সদাচরণ বা ভাল কাজে ব্যস্ত থাকতে বাধ্য করে, এটা উপলব্ধি করে যে, যিশু “আমাদের নিমিত্তে আপনাকে প্রদান করিলেন, যেন মূল্য দিয়া আমাদিগকে সমস্ত অধর্ম্ম হইতে মুক্ত করেন, এবং আপনার নিমিত্ত নিজস্ব প্রজাবর্গকে, সৎক্রিয়াতে উদ্যোগী প্রজাবর্গকে, শুচি করেন।”​—⁠তীত ২:১৪; ২ করি. ৫:​১৪, ১৫.

২ আমরা যখন ঈশ্বরের চোখে যা প্রীতিজনক তা করি, তখন আমরা তাঁর সঙ্গে এক উত্তম সম্পর্ক উপভোগ করি এবং তাঁর প্রেমময় সতর্ক দৃষ্টির মধ্যে থাকি। পিতর আরও বলেছিলেন: “যে ব্যক্তি জীবন ভাল বাসিতে চায়, ও মঙ্গলের দিন দেখিতে চায়, . . . সে মন্দ হইতে ফিরুক ও সদাচরণ করুক, শান্তির চেষ্টা করুক, ও তাহার অনুধাবন করুক। কেননা ধার্ম্মিকগণের প্রতি প্রভুর [“যিহোবার,” NW] চক্ষু আছে; তাহাদের বিনতির প্রতি তাঁহার কর্ণ আছে।” (১ পিতর ৩:​১০-১২) এই বিপদজনক সময়ে, এটা জানা কতই না আশীর্বাদজনক যে, যিহোবা আমাদের ওপর দৃষ্টি রাখছেন এবং “নয়ন-তারার ন্যায় [আমাদের] রক্ষা করিতে” আমাদের পক্ষে কাজ করার জন্য তৈরি আছেন।​—⁠দ্বিতী. ৩২:১০; ২ বংশা. ১৬:⁠৯.

৩ পিতর যাদের লিখেছিলেন, সেই প্রাথমিক খ্রিস্টানরা বিভিন্ন পরীক্ষার মুখোমুখি হওয়া সত্ত্বেও তারা এতটাই উদ্যোগী হয়েছিল যে, তা দমিয়ে রাখা যায়নি এবং তারা যত দূর সম্ভব সুসমাচার ঘোষণা করেছিল। (১ পিতর ১:৬; ৪:১২) আজকে ঈশ্বরের লোকেদের বেলায়ও একই বিষয় সত্য। যদিও আমরা ‘বিষম সময়ে’ বাস করছি তবুও, যিহোবার মঙ্গলভাবের প্রতি উপলব্ধি আমাদের উদ্যোগের সঙ্গে ঈশ্বরের ইচ্ছা পালন করতে পরিচালিত করে। (২ তীম. ৩:১; গীত. ১৪৫:⁠৭) আসুন আমরা কিছু ভাল কাজ সম্বন্ধে বিবেচনা করি, যেগুলোতে আমরা এই স্মরণার্থ মরশুমে ব্যস্ত থাকব।

৪ স্মরণার্থ সভায় অন্যদের আমন্ত্রণ জানান: একটা যে-উপায়ে আমরা মুক্তির মূল্যের অসাধারণ উপহারের প্রতি আমাদের উপলব্ধি দেখাতে পারি সেটা হল, যিশুর মৃত্যুর বার্ষিক উদ্‌যাপনে উপস্থিত থেকে, যেটি এই বছর ১৬ই এপ্রিল বুধবার সূর্যাস্তের পর উদ্‌যাপিত হবে। (লূক ২২:​১৯, ২০) গত বছর পৃথিবীব্যাপী ৯৪,৬০০টি মণ্ডলী রিপোর্ট করে যে সর্বমোট উপস্থিতি সংখ্যা ছিল ১,৫৫,৯৭,৭৪৬ জন! এটা গত বছরের উপস্থিতির চেয়ে ২,২০,০০০ জনেরও বেশি ছিল।

৫ এই বছর কতজন উপস্থিত থাকবে? বেশির ভাগই নির্ভর করে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য অন্যদের উৎসাহিত করতে আমাদের অধ্যবসায়ী প্রচেষ্টার ওপর। যাদের আপনি আমন্ত্রণ জানাতে চান, তাদের একটি তালিকা তৈরি করতে শুরু করুন। তালিকার শুরুতেই আপনার নিজের পরিবারের লোকেদের নাম থাকা উচিত। আপনার যদি অবিশ্বাসী সাথি থাকে, তা হলে আপনার এই আন্তরিক ইচ্ছার কথা বলুন যেন তিনি আপনার সঙ্গে যোগ দেন। একজন অবিশ্বাসী স্বামী বলেছিলেন যে, তিনি গত বছর স্মরণার্থ সভায় যোগ দিয়েছিলেন কারণ তিনি দেখতে পেয়েছিলেন যে তার উপস্থিতি তার স্ত্রীর কাছে অনেক অর্থ রাখে। এর পরে আপনার তালিকায় থাকতে পারে আত্মীয়স্বজন, প্রতিবেশী, সহকর্মী বা সহপাঠীরা। আপনার বাইবেল ছাত্রদের আমন্ত্রণ জানানোর ব্যাপারে নিশ্চিত থাকুন।

৬ আপনার তালিকা তৈরি করার পর, প্রত্যেককে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানানোর জন্য সময় নির্ধারণ করুন। ছাপানো স্মরণার্থ সভার আমন্ত্রণপত্র ব্যবহার করুন। কখন এবং কোথায় উদ্‌যাপন হবে সেই বিষয়ে মনে রাখতে লোকেদের সাহায্য করার জন্য, আমন্ত্রণপত্রের নিচে স্মরণার্থ সভার সময় এবং স্থান টাইপ করুন বা পরিচ্ছন্নভাবে লিখুন। ১৬ই এপ্রিল এগিয়ে আসার সঙ্গে সঙ্গে, আপনার তালিকাভুক্ত ব্যক্তিদের হয় নিজে গিয়ে অথবা টেলিফোনের মাধ্যমে মনে করিয়ে দিন। আসুন আমরা যতজনকে সম্ভব সবচেয়ে পবিত্র এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সাহায্য করি।

৭ যারা স্মরণার্থ সভায় যোগ দেয়, তাদের সাহায্য করা: স্মরণার্থের রাত সবসময়ই এক উত্তেজনাপূর্ণ সময়। আমাদের সেই সমস্ত ব্যক্তিদের স্বাগতম জানানোর সুযোগ রয়েছে, যারা সাধারণত আমাদের সভাগুলোতে যোগ দেয় না। স্থানীয় পরিস্থিতি অনুযায়ী আগে পৌঁছানোর এবং শেষে একটু বেশি সময় পর্যন্ত থাকার পরিকল্পনা করুন। উপস্থিত ব্যক্তিদের মধ্যে যারা নতুন রয়েছে, তাদের কাছে নিজে থেকে এগিয়ে গিয়ে পরিচিত হোন। আন্তরিক এবং অতিথিপরায়ণ হোন।​—⁠রোমীয় ১২:⁠৩.

৮ যারা স্মরণার্থ সভায় যোগ দিয়েছে, তাদের মধ্যে কিছুজনকে গৃহ বাইবেল অধ্যয়ন করানোর মাধ্যমে কি আরও আধ্যাত্মিক উন্নতি করতে সাহায্য করা যেতে পারে? যেসমস্ত অভ্যাগতদের কাছে সম্প্রতি যাওয়া হয়নি তাদের নাম ও ঠিকানা জোগাড় করার প্রচেষ্টা করুন, যাতে আপনি তাদের সাহায্য করে যেতে পারেন। প্রেমময় সহযোগিতার মাধ্যমে তাদের মধ্যে কেউ কেউ হয়তো পরের বছরের স্মরণার্থের আগেই অবাপ্তাইজিত প্রকাশক হিসেবে যোগ্য হয়ে উঠতে পারে। স্মরণার্থ সভায় উপস্থিত ব্যক্তিদের সঙ্গে পুনর্সাক্ষাৎ করার সময় তাদের ২৭শে এপ্রিল যে-বিশেষ বক্তৃতা দেওয়া হবে, তাতে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানান।

৯ এই গ্রীষ্মে আপনি কি সহায়ক অগ্রগামীর কাজ করতে পারেন? প্রতি বছর যিহোবার প্রতি আমাদের উদ্যোগ বিশেষ কার্যক্রমের মাসগুলোতে নিজেদের পূর্ণরূপে বিলিয়ে দিতে পরিচালিত করে। স্মরণার্থ মরশুমে উদ্যোগের সঙ্গে সুসমাচার প্রচার করার জন্য সমস্ত মণ্ডলীর ঐক্যবদ্ধ প্রচেষ্টা উত্তম উত্তম ফল নিয়ে আসতে পারে।

১০ একটা মণ্ডলী, যেখানে ১০৭ জন প্রকাশক এবং ৯ জন নিয়মিত অগ্রগামী রয়েছে, রিপোর্ট করেছিল যে, গত এপ্রিল ছিল তাদের জন্য এক “অসাধারণ মাস” কারণ ৫৩ জন সহায়ক অগ্রগামীর কাজ করেছিল, যাদের মধ্যে প্রাচীন এবং পরিচারক দাসেরাও ছিল। সেই মাসে সহায়ক অগ্রগামীর কাজ করার জন্য প্রাচীনরা কীভাবে আগ্রহ গড়ে তুলেছিল? তারা আগে থেকেই তা করা শুরু করেছিল, যতজনকে সম্ভব তালিকায় নাম লেখাতে উৎসাহ দিয়েছিল। মণ্ডলীর সকলকে উপযোগী করে তোলার জন্য দিনের বিভিন্ন সময় ক্ষেত্রের পরিচর্যার জন্য সভা হয়েছিল। টেলিফোনে সাক্ষ্য দেওয়ার ওপর জোর দেওয়া হয়েছিল, বিশেষ করে যিনি দুর্বল।

১১ ছিয়াশি বছর বয়স্কা একজন বোন, যিনি তার স্বাস্থ্যগত সমস্যার কারণে হাঁটতে পারেন না, তিনি সহায়ক অগ্রগামীর জন্য নাম লিখিয়েছিলেন। সকাল থেকে তিনি রান্নাঘরের টেবিলে বসে দুঘন্টা টেলিফোনে সাক্ষ্য দিতেন, এরপর কয়েক ঘন্টা বিশ্রাম নিতেন আর তারপর আবারও ফিরে এসে আরও কিছু সময় সাক্ষ্য দিতেন। তিনি এমন একজন ব্যক্তির সঙ্গে কথা বলেছিলেন, যিনি গত দুই বছরের মধ্যে তার স্বামী এবং দুই কিশোর বয়সী ছেলেকে মৃত্যুতে হারিয়েছিলেন এবং বুঝতে পারেননি যে, কেন ঈশ্বর এইরকম মন্দ বিষয়গুলো ঘটতে দেন। এক উত্তম সাক্ষ্য দেওয়া হয়েছিল এবং একটি বাইবেল অধ্যয়ন শুরু হয়েছিল। সন্ধ্যাবেলা এবং অন্যান্য সময়ে টেলিফোনে সাক্ষ্যদান সেই সমস্ত লোকেদের সঙ্গে যোগাযোগ করার এক কার্যকারী উপায়, যারা এমন সব বিল্ডিং বা এলাকায় থাকে যেখানে প্রবেশ করা যায় না। এ ছাড়া, এটা প্রকাশকদের সেই সমস্ত লোকেদের সঙ্গেও যোগাযোগ করতে সমর্থ করে, যারা দিনের বেলায় ঘরে থাকে না।

১২ প্রাচীনরা এই বলে তাদের রিপোর্ট শেষ করেছিল: “আমাদের এইরকম এক অপূর্ব সময় কেটেছিল এবং যিহোবা আমাদের প্রত্যেকের জন্য যে-বিশেষ সুযোগ এবং আশীর্বাদগুলো সম্ভবপর করেছেন, সেগুলো আমরা কৃতজ্ঞার সঙ্গে উপলব্ধি করেছিলাম।” সঠিক পরিকল্পনা করে আপনার মণ্ডলীও এইরকম আশীর্বাদ উপভোগ করতে পারে।

১৩ পরিচর্যায় ১০০ ভাগ অংশগ্রহণ করার জন্য প্রাণপণ চেষ্টা করুন: ঈশ্বর এবং প্রতিবেশীদের প্রতি ভালবাসা আমাদের প্রতি মাসে অন্যদের কাছে সুসমাচার জানানোর জন্য সময় কিনে নিতে পরিচালিত করে। (মথি ২২:​৩৭-৩৯) মণ্ডলীর বই অধ্যয়ন অধ্যক্ষ এবং তাদের সহকারীরা তাদের দলের সকলকে প্রতি মাসে পরিচর্যায় অংশ নিতে সাহায্য করার জন্য যথাসাধ্য চেষ্টা করবে। এটা করার এক উত্তম উপায় হল, দলের নির্দিষ্ট কোনো ব্যক্তির সঙ্গে পরিচর্যায় কাজ করার জন্য আগে থেকে ব্যবস্থা করা। এটা করার জন্য মাস শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা না করে বরং প্রথম দিকেই শুরু করুন। এটা আপনাকে প্রেমময় সাহায্য জোগানোর জন্য আরও অনেক সুযোগ করে দেবে।

১৪ আপনার বই অধ্যয়ন দলে কি দুর্বল প্রকাশকেরা রয়েছে, যাদের পরিচর্যায় অংশ নিতে অনেক কষ্ট করতে হয়? কেউ কেউ যদি নার্সিং হোমে বা বাড়িতেই থাকে, তা হলে এটা বোধগম্য যে তাদের সাক্ষ্য দেওয়ার সুযোগগুলো সীমিত হবে। কিন্তু, তাদের সীমিত সুযোগগুলোর সদ্ব্যবহার করার মাধ্যমে তাদের দীপ্তি উজ্জ্বল হতে দিয়ে, তারা হয়তো সেই সমস্ত ব্যক্তিদের সত্যের প্রতি প্রকৃত আগ্রহ গড়ে তুলতে প্রেরণা দেবে, যারা তাদের ভাল কাজগুলো দেখে। (মথি ৫:১৬) বই অধ্যয়ন অধ্যক্ষদের নিশ্চিত হওয়া উচিত যে, এই ব্যক্তিরা যেন জানে যে তারা ১৫ মিনিট করে ক্ষেত্রের পরিচর্যার রিপোর্ট দিতে পারে। সাক্ষ্য দেওয়ার কাজে তারা যে-সময় ব্যয় করেছে, সেই সম্বন্ধে রিপোর্ট দিতে পারা এই বিশ্বস্ত প্রকাশকদের উৎসাহিত করে এবং এটা তাদের জন্য আনন্দপূর্ণ পরিতৃপ্তি নিয়ে আসে। এ ছাড়া, এটা নিশ্চিত করতে সাহায্য করে যে, সারা পৃথিবীতে ঈশ্বরের লোকেদের কাজের রিপোর্ট একেবারে সঠিক।

১৫ যুবক-যুবতীরা, যারা ভাল কাজে ব্যস্ত! খ্রিস্টান যুবক-যুবতীদের যিহোবার সেবায় তাদের শক্তি এবং ক্ষমতাকে ব্যবহার করতে দেখা কত সতেজতাদায়ক! (হিতো. ২০:২৯) তুমি যদি যুবক বা যুবতী হও, তা হলে কার্যক্রমের এই বিশেষ মাসগুলোতে কীভাবে তুমি যিহোবার প্রতি তোমার উদ্যোগ দেখাতে পার?

১৬ তুমি যদি এখনও মণ্ডলীতে একজন অবাপ্তাইজিত প্রকাশক না হয়ে থাক, তা হলে তুমি কি সেই বিশেষ সুযোগে পৌঁছাতে পার? নিজেকে এই প্রশ্নগুলো জিজ্ঞেস কর: ‘বাইবেলের সত্য সম্বন্ধে আমার কি মৌলিক জ্ঞান আছে? আমি কি রাজ্যের সেবায় অংশগ্রহণ করতে চাই? আমি কি আমার আচার-ব্যবহারে উদাহরণযোগ্য? অন্যদের কাছে সুসমাচার সম্বন্ধে বলার দ্বারা আমি কি ব্যক্তিগতভাবে আমার বিশ্বাসের কথা প্রকাশ করতে সমর্থ? আমি কি হৃদয় থেকে তা করতে পরিচালিত হই?’ তুমি যদি সেই প্রশ্নগুলোর উত্তর হ্যাঁ দিতে পার, তা হলে তুমি তোমার বাবামাকে প্রকাশক হওয়ার ইচ্ছা সম্বন্ধে বল। তোমার বাবামা পরিচর্যা কমিটির প্রাচীনদের কোনো একজনের কাছে গিয়ে তা বলতে পারে।

১৭ তুমি যদি ইতিমধ্যে সুসমাচারের একজন প্রকাশক হয়ে থাক, তা হলে তুমি কি পরিচর্যায় আরও সময় ব্যয় করার জন্য স্কুলের ছুটির সময়গুলোর সদ্ব্যবহার করতে পার? উত্তম তালিকা এবং বাবামা ও অন্যান্য ব্যক্তিদের কাছ থেকে সহযোগিতা পেয়ে বাপ্তাইজিত অনেক যুবক-যুবতী সহায়ক অগ্রগামীর কাজ করতে পেরেছে। সেটা যদি সম্ভব না হয়, তা হলে ক্ষেত্রের পরিচর্যায় তোমার অংশগ্রহণকে আরও বাড়াতে দৃঢ়সংকল্পবদ্ধ হও। নিজের জন্য লক্ষ্য স্থাপন কর। ঘন্টা বাড়ানোর লক্ষ্য ছাড়াও তোমার পরিচর্যার গুণগত মান বাড়ানোর সঙ্গে সম্বন্ধযুক্ত আরেকটা লক্ষ্য স্থাপন কর। তুমি হয়তো প্রতিটা দরজায় একটা শাস্ত্রপদ ব্যবহার করতে, তোমার পুনর্সাক্ষাতের গুণগত মান বাড়াতে, একটা বাইবেল অধ্যয়ন শুরু করতে অথবা টেলিফোনে সাক্ষ্য দিয়ে বা পরিচর্যার অন্যান্য ক্ষেত্রে তোমার পরিচর্যা বাড়াতে প্রাণপণ চেষ্টা করতে পার। একজন প্রতিবেশী, সহপাঠী বা কোনো আত্মীয়কে তোমার সঙ্গে এই বছরের স্মরণার্থ সভায় যোগ দেওয়ার লক্ষ্যের বিষয়ে কী বলা যায়? ঈশতান্ত্রিক কার্যক্রমে পূর্ণ অংশ থাকা পুরস্কারজনক হবে এবং নিশ্চিতভাবে মণ্ডলীতে অন্যদেরও উৎসাহিত করবে।​—⁠১ থিষল. ৫:⁠১১.

১৮ নতুন ব্যক্তিদের উন্নতি করতে সাহায্য করুন: গত পরিচর্যা বছরে ভারতে প্রতি মাসে গড়ে ১৪,৮৯৬টি গৃহ বাইবেল অধ্যয়ন পরিচালনা করা হয়েছে। এক সময়, এই ছাত্রদের মধ্যে অনেকে নিজেকে উৎসর্গ করার এবং বাপ্তিস্ম নেওয়ার জন্য যোগ্য হয়ে উঠবে। কিন্তু, তারা সেই লক্ষ্যে পৌঁছানোর আগে, আমাদের প্রয়োজন তাদের সুসমাচারের প্রকাশক হিসেবে যোগ্য হয়ে উঠতে সাহায্য করা। নতুন ব্যক্তিদের যিশু খ্রিস্টের অনুসারী হওয়ার জন্য শিক্ষা দিতে এটা হল এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। (মথি ৯:৯; লূক ৬:৪০) আপনার কি এমন কোনো বাইবেল ছাত্র আছে, যিনি এই পদক্ষেপ নিতে তৈরি?

১৯ আপনি যদি আপনার ছাত্রের উন্নতি সম্বন্ধে অনিশ্চিত থাকেন, তা হলে আপনার বই অধ্যয়ন অধ্যক্ষ বা পরিচর্যা অধ্যক্ষের সাহায্য চান। আপনি হয়তো তাকে আপনার অধ্যয়নে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাতে পারেন। এই ভাইদের মূল্যবান অভিজ্ঞতা রয়েছে, যা ছাত্রের আধ্যাত্মিক উন্নতি মূল্যায়ন করার জন্য ব্যবহার করা যেতে পারে। তাদের কাছে হয়তো এমন অনেক পরামর্শ রয়েছে, যা ছাত্রকে ক্রমাগত আধ্যাত্মিক উন্নতি করতে সাহায্য করবে।

২০ আপনার ছাত্র যখন একজন অবাপ্তাইজিত প্রকাশক হওয়ার জন্য আগ্রহ দেখায় এবং আপনি যদি মনে করেন যে তিনি যোগ্য, তা হলে পরিচালক অধ্যক্ষের সঙ্গে কথা বলুন। তিনি আমাদের পরিচর্যা (ইংরেজি) বইয়ের ৯৮-৯ পৃষ্ঠার তথ্য ব্যবহার করে ছাত্র যোগ্য হয়েছে কি না, তা বিবেচনা করার জন্য আপনার ও ছাত্রের সঙ্গে দুজন প্রাচীনের সাক্ষাতের ব্যবস্থা করবেন। (১৯৮৮ সালের ১৫ই নভেম্বর প্রহরীদুর্গ ইংরেজি, পত্রিকার ১৭ পৃষ্ঠা দেখুন।) ছাত্র যদি একজন প্রকাশক হিসেবে অনুমোদন পায়, তা হলে এর পরই তাকে আপনার প্রশিক্ষণ দেওয়া শুরু করা উচিত। একবার যখন তিনি ক্ষেত্রের পরিচর্যা রিপোর্ট জমা দেবেন, তখন মণ্ডলীতে জানিয়ে দেওয়া হবে যে, ছাত্র একজন অবাপ্তাইজিত প্রকাশক। এটা আমাদের আশা যে হাজার হাজার নতুন প্রকাশক, যুবক-বৃদ্ধ সবাই যেন এই বিশেষ কার্যক্রমের মাসগুলোতে এই গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক ধাপে পৌঁছাতে পারে।

২১ পরিকল্পনা করা সবচেয়ে ভাল কিছু করতে সাহায্য করে: আগে থেকেই পরিকল্পনা করা এই স্মরণার্থ মরশুমে আমাদের ঈশতান্ত্রিক কার্যক্রমে সফল হতে অবদান রাখবে। (হিতো. ২১:⁠৫) অনেক বিষয় রয়েছে, যেগুলোতে প্রাচীনদের মনোযোগ দেওয়া দরকার।

২২ মণ্ডলীকে ক্ষেত্রের পরিচর্যায় সবচেয়ে বেশি সম্পাদন করতে সাহায্য করার জন্য প্রাচীনদের সেই সপ্তাহ জুড়ে এবং সাপ্তাহিক ছুটির দিনে ক্ষেত্রের পরিচর্যা জন্য সভা করার বাস্তবসম্মত ব্যবস্থাগুলো করা উচিত। এই ব্যবস্থাগুলো করার জন্য পরিচর্যা অধ্যক্ষের নেতৃত্ব নেওয়া উচিত। খুব সকালে, দুপুরের শেষে অথবা সন্ধ্যার শুরুতে কি অতিরিক্ত সভার ব্যবস্থা করা যেতে পারে? মণ্ডলীকে ব্যবস্থাগুলো সম্বন্ধে আগে থেকে জানিয়ে দিতে হবে। নোটিশ বোর্ডে তালিকা টাঙিয়ে রাখলে তা সাহায্যকারী হতে পারে।

২৩ প্রাচীনদের নিশ্চিত হওয়া উচিত যে, এপ্রিলের ১৬ তারিখের আগেই যেন স্মরণার্থের জন্য সমস্ত ব্যবস্থা সম্পন্ন হয়। এগুলোর মধ্যে রয়েছে, অন্যান্য মণ্ডলীগুলোর সঙ্গে কিংডম হল ব্যবহারের ক্ষেত্রে সমন্বয় সাধন করা যারা হয়তো সেখানে মিলিত হবে, কিংডম হল পরিষ্কার করা, পরিচারক এবং পরিবেশনকারীদের বেছে নেওয়া ও সেইসঙ্গে প্রতীকগুলো সংগ্রহ করা। স্মরণার্থ সভার সময় এবং স্থান সম্বন্ধে ও সেইসঙ্গে সেই সপ্তাহের সভার কোনো রদবদল হলে মণ্ডলীকে তা আগে থেকেই জানিয়ে দিতে হবে। অধ্যবসায়ের সঙ্গে এই বিষয়গুলোর যত্ন নিলে তা “শিষ্ট ও সুনিয়মিতরূপে” উদ্‌যাপন করতে সাহায্য করবে।​—⁠১ করি. ১৪:⁠৪০.

২৪ স্মরণার্থ মরশুমে পরিবারের সদস্যরা কীভাবে আরও বেশি করে কাজ করায় অংশ নিতে পারে, সেই বিষয়ে পরিবারের মস্তকরা হয়তো তাদের পারিবারিক অধ্যয়নের কোনো একটা সময় আলোচনা করতে চাইতে পারেন। আপনার পরিবারের সকলে কি সহায়ক অগ্রগামীর কাজ করতে পারে? অথবা পরিবারের সদস্যরা কি একজন বা তারও বেশি সদস্যদের তা করতে সাহায্য করতে পারে? সেটা যদি সম্ভব না হয়, তা হলে পরিবারগতভাবে পরিচর্যায় আরও বেশি সময় ব্যয় করার নির্দিষ্ট লক্ষ্য স্থাপন করুন। পরিবারে কি কোনো অল্পবয়সী সদস্য আছে, যে সামান্য উৎসাহ ও সহযোগিতায় একজন অবাপ্তাইজিত প্রকাশ হওয়ার জন্য যোগ্য হতে পারে? আপনার পরিবার এই বছর কতজনকে স্মরণার্থ সভায় আমন্ত্রণ জানাতে পারে? উত্তম পরিকল্পনা করা আপনার পরিবারের জন্য অনেক আশীর্বাদ এবং আনন্দ নিয়ে আসবে।

২৫ বাকি সময়টুকুর সদ্ব্যবহার করুন: প্রথম শতাব্দীর খ্রিস্টানদের কাছে লেখার সময় প্রেরিত পিতর সময়ের গুরুত্ব সম্বন্ধে তাদের মনে করিয়ে দিয়েছিলেন কারণ যিহুদি বিধিব্যবস্থার শেষ ঘনিয়ে আসছিল। (১ পিতর ৪:⁠৭) আজকে সমস্ত সাক্ষ্যপ্রমাণ দেখায় যে, সারা বিশ্বের বর্তমান বিধিব্যবস্থার শেষ একেবারে কাছে। আমাদের দৈনন্দিন জীবনধারার মধ্যে সেই প্রত্যয় প্রতিফলিত হওয়া উচিত। যিহোবার উদ্যোগী দাস হিসেবে, আমাদের সুসমাচার ঘোষণা করার গুরুত্বপূর্ণ কাজের প্রতি মনোযোগ কেন্দ্রীভূত করা উচিত।​—⁠তীত ২:​১৩, ১৪.

২৬ এখন উদ্যোগ দেখানোর এবং কাজ করার সময়! আপনার, আপনার পরিবার এবং মণ্ডলীর জন্য যিহোবা যা করেছেন, সেটা নিয়ে ধ্যান করুন। যদিও যিহোবা বিভিন্ন উপায়ে আমাদের জন্য যে-উপকার করেছেন, তা আমরা কখনও পরিশোধ করতে পারব না কিন্তু আমরা তাঁকে পূর্ণ-হৃদয়ের উপাসনা দিতে পারি। (গীত. ১১৬:​১২-১৪) আমাদের অধ্যবসায়ী প্রচেষ্টাগুলো ওপর থেকে অনেক আশীর্বাদের দ্বারা পুরস্কৃত হবে। (হিতো. ১০:২২) আরও বেশি করে কাজ করার এই বিশেষ সময়ে আমরা সকলে যেন “সদাচরণের পক্ষে উদ্যোগী” হই “যেন সর্ব্ববিষয়ে যীশু খ্রীষ্টের দ্বারা ঈশ্বর গৌরবান্বিত হন।”​—⁠১ পিতর ৩:১৩; ৪:⁠১১.

[৩ পৃষ্ঠার বাক্স]

সারা পৃথিবীতে স্মরণার্থ সভায় যোগদানকারীরা

১৯৯৯ ১,৪০,৮৮,৭৫১

২০০০ ১,৪৮,৭২,০৮৬

২০০১ ১,৫৩,৭৪,৯৮৬

২০০২ ১,৫৫,৯৭,৭৪৬

[৪ পৃষ্ঠার বাক্স]

আপনি কাদের স্মরণার্থ সভায় আমন্ত্রণ জানাবেন?

□ নিজের পরিবার এবং আত্মীয়স্বজন

□ প্রতিবেশী এবং পরিচিত ব্যক্তিরা

□ সহকর্মী এবং সহপাঠীরা

□ পুনর্সাক্ষাৎ এবং বাইবেল ছাত্ররা

[৫ পৃষ্ঠার বাক্স]

যারা স্মরণার্থ সভায় যোগ দেয়, তাদের সাহায্য করুন

□ আন্তরিক অভ্যর্থনা জানান

□ পুনর্সাক্ষাৎ করুন

□ তাদের বাইবেল অধ্যয়নের প্রস্তাব দিন

□ তাদের বিশেষ বক্তৃতার জন্য আমন্ত্রণ জানান

[৬ পৃষ্ঠার বাক্স]

স্মরণার্থ মরশুমের জন্য আপনার লক্ষ্যগুলো কী?

□ আপনি যাদের আমন্ত্রণ জানিয়েছেন, তাদের মধ্যে কাউকে কাউকে স্মরণার্থ সভায় যোগ দেওয়ার ক্ষেত্রে সাহায্য করুন

□ সুসমাচারের একজন প্রকাশক হিসেবে যোগ্য হোন

□ পরিচর্যায় নির্দিষ্ট কিছু ঘন্টা ব্যয় করুন

□ পরিচর্যার কোনো একটা দিকে উন্নতি করুন

□ একজন সহায়ক অগ্রগামী হিসেবে সেবা করুন

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার