আমাদের বিশ্বাস আমাদেরকে ভাল কাজ করতে পরিচালিত করে
১ বিশ্বাস নোহ, মোশি এবং রাহবকে পদক্ষেপ নিতে পরিচালিত করেছিল। নোহ জাহাজ বানিয়েছিলেন। মোশি ফরৌণের রাজপ্রাসাদে ক্ষণিক সুযোগসুবিধাগুলো ত্যাগ করেছিলেন। রাহব গুপ্তচরদের লুকিয়ে রেখেছিলেন আর তারপর তাদের নির্দেশনা মেনে চলে তার পরিবারকে রক্ষা করেছিলেন। (ইব্রীয় ১১:৭, ২৪-২৬, ৩১) আমাদের বিশ্বাস আজকে কোন্ ভাল কাজ করতে আমাদের পরিচালিত করে?
২ সাক্ষ্য দিতে: বিশ্বাস আমাদেরকে চমৎকার ঈশ্বর এবং অনন্ত সুখের জন্য তিনি যে-ব্যবস্থাগুলো করেছেন, সে বিষয়ে জানাতে পরিচালিত করে। (২ করি. ৪:১৩) কখনও কখনও, আমরা হয়তো সাক্ষ্য দিতে ইতস্তত বোধ করি। কিন্তু আমরা যখন ‘সদাপ্রভুকে নিয়ত সম্মুখে রাখি,’ তখন আমরা শক্তি পাই এবং ভয় কাটিয়ে উঠি। (গীত. ১৬:৮) এরপর আমাদের বিশ্বাস প্রতিটা সুযোগে আত্মীয়স্বজন, পাড়াপ্রতিবেশী, সহকর্মী, সহপাঠী এবং অন্যদের কাছে সুসমাচার জানাতে আমাদেরকে অনুপ্রাণিত করে।—রোমীয় ১:১৪-১৬.
৩ একসঙ্গে মিলিত হতে: নিয়মিত সভায় আসা হল আরেকটা ভাল কাজ যেটা বিশ্বাস থেকে উদ্ভূত হয়। কীভাবে? এটা আমাদের এই দৃঢ় বিশ্বাসকে প্রকাশ করে যে, আমরা যখন খ্রীষ্টীয় সভাগুলোতে মিলিত হই, তখন ঈশ্বরের পবিত্র আত্মার মাধ্যমে যীশু আমাদের সঙ্গে সেখানে উপস্থিত থাকেন। (মথি ১৮:২০) এটা “আত্মা মণ্ডলীগণকে কি কহিতেছেন” তা ‘শুনিবার’ জন্য আমাদের ইচ্ছাকে প্রকাশ করে। (প্রকা. ৩:৬) আমরা এখানে যে-শিক্ষা পাই সেটা মন দিয়ে শুনি কারণ আমাদের বিশ্বাসের মাধ্যমে আমরা বুঝতে পারি যে, যিনি আমাদের শিক্ষা দিচ্ছেন তিনি হলেন, মহান শিক্ষক যিহোবা।—যিশা. ৩০:২০, NW.
৪ যে-বিষয়গুলোকে আমরা বেছে নিই: অদৃশ্য বাস্তবের প্রতি দৃঢ় বিশ্বাস আমাদেরকে জীবনে আধ্যাত্মিক বিষয়গুলোকে অগ্রাধিকার দিতে পরিচালিত করে। (ইব্রীয় ১১:১) প্রায়ই এর অর্থ বোঝায় বস্তুগত ত্যাগস্বীকার। উদাহরণ হিসেবে, একজন প্রাচীন চাকরিতে এক উচ্চপদ লাভের সুযোগ গ্রহণ করেননি কারণ সেটা গ্রহণ করার মানে হতো সভাগুলো বাদ দেওয়া, তার পরিবার থেকে দূরে থাকা এবং অগ্রগামীর পরিচর্যা বন্ধ করা। আসুন একইভাবে, আমরাও বাইবেলের এই প্রতিশ্রুতিতে পূর্ণ আস্থা রাখি যে, যারা ‘তাঁহার রাজ্য ও তাঁহার ধার্ম্মিকতার বিষয়ে চেষ্টা করে’ যিহোবা তাদের প্রয়োজনীয় জিনিসগুলো জোগাবেন।—মথি ৬:৩৩.
৫ আমাদের জীবনে বিশ্বাস যে-জোরালো প্রভাব ফেলে সেটা অন্যদের নজর এড়ায় না। সত্যিই, আমাদের বিশ্বাস সম্বন্ধে সারা পৃথিবী জানে। (রোমীয় ১:৮) তাই, আসুন আমরা সকলে আমাদের ভাল কাজের দ্বারা দেখাই যে, আমাদের বিশ্বাস জীবন্ত।—যাকোব ২:২৬.