আপনি কি পুরোপুরিভাবে
আপনার পরিচর্যা সম্পন্ন করছেন?
১ প্রেরিত পুস্তকে আমাদেরকে জানানো হয়েছে যে, যীশুর শিষ্যরা লোকেদের কাছে ‘পুরোপুরিভাবে সাক্ষ্য দিয়ে’ তাদের পরিচর্যা সম্পন্ন করেছিলেন। (প্রেরিত ২:৪০; ৮:২৫; ২৮:২৩, NW) কোন সন্দেহ নেই যে এটাই প্রেরিত পৌলের লক্ষ্য ছিল। (প্রেরিত ২০:২৪) সুসমাচারের একজন পরিচারক হিসেবে আপনার লক্ষ্যও কি এটা নয়? আপনি কীভাবে তা সম্পন্ন করতে পারেন?
২ আগে থেকে আপনার উপস্থাপনা তৈরি করুন: পরিচর্যায় যে আপনি ভাল সাক্ষ্য দেবেন, সেই ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য আগে থেকে তৈরি হওয়া গুরুত্বপূর্ণ। বিশেষ করে পত্রিকাগুলো অর্পণের ব্যাপারে এটা খুবই সত্যি কারণ আলোচনার বিষয়বস্তু ক্ষণে-ক্ষণে পালটাতে থাকে। আমাদের আরও ভালভাবে তৈরি হতে, আমাদের রাজ্যের পরিচর্যা-র এই সংখ্যা একটা নতুন বিষয় তুলে ধরছে, যেটা বাঁদিকের কলমে আছে। এখানে নতুন প্রহরীদুর্গ ও সচেতন থাক! পত্রিকাগুলো উপস্থাপনা করার জন্য কিছু নমুনা দেওয়া হয়েছে। প্রত্যেকটা সংখ্যায় অনেকের মনে দাগ কাটার মতো সময়োপযোগী বিষয় তুলে ধরা হবে। কীভাবে আপনি এই সংক্ষিপ্ত উপস্থাপনাগুলো বলতে পারেন?
৩ এমন একটা নমুনা বেছে নিন, যেটা আপনার এলাকায় ভালভাবে কাজে লাগানো যায় বলে আপনি মনে করেন। এই ব্যাপারে যে প্রবন্ধগুলো উল্লেখ করা হয়েছে, সেগুলো মনোযোগ দিয়ে পড়ুন এবং কিছু নির্দিষ্ট বিষয় মনে রাখুন যেগুলো আগ্রহ জাগাতে পারে। পত্রিকায় উল্লেখিত এমন একটা শাস্ত্রপদ খুঁজে বের করুন, যেটা আলোচনার সঙ্গে সম্পর্কযুক্ত আর আপনি হয়তো গৃহকর্তার সামনে সেটা পড়তে পারেন। যদি ঠিক মনে হয়, তাহলে আপনার শ্রোতাকে পত্রিকাটা পড়তে উৎসাহিত করার জন্য অল্পকথায় একটা উপসংহার করুন এবং সেইসঙ্গে অল্পকথায় নির্ধারিত কিছু বলুন, যাতে গৃহকর্তা চাইলে যিহোবার সাক্ষিদের পৃথিবীব্যাপী কাজের জন্য দান করতে পারেন। এরপর, আপনার উপস্থাপনাটা বারবার অভ্যাস করুন।
৪ বাইবেলকে ব্যবহার করার পরিকল্পনা করুন: ভালভাবে পরিকল্পনা করলে, প্রায়ই আপনার উপস্থাপনায় একটা শাস্ত্রপদ ব্যবহার করা যেতে পারে। কিন্তু প্রথমে, এটা নিশ্চিত হওয়া জরুরি যে আমাদের এলাকায় লোকেরা যে ভাষাগুলোতে কথা বলেন, সেই ভাষাগুলোর সম্পূর্ণ বাইবেল আমাদের সঙ্গে আছে। এরপর, বাইবেল ব্যবহার করলে স্থানীয় লোকেদের যদি কোন বিঘ্ন না জন্মায়, তাহলে আমাদের আলোচনা শুরু করার জন্য আমরা হয়তো বাইবেল ব্যবহার করতে পারি। বন্ধুত্বপূর্ণ সম্ভাষণ জানানোর পর আমরা হয়তো বলতে পারি:
▪ “আমরা লোকেদেরকে জিজ্ঞেস করছি যে তারা যদি এটা বিশ্বাস করেন . . .” আদিপুস্তক ১:১ পদ পড়ুন আর এরপর জিজ্ঞেস করুন: “আপনি কি এই কথাগুলোর সঙ্গে একমত?” গৃহকর্তা যদি একমত হন, তাহলে বলুন: “আমিও এর সঙ্গে একমত। কিন্তু আপনার কি মনে হয় যে, ঈশ্বর যদি সমস্ত কিছু সৃষ্টি করে থাকেন, তাহলে তিনি দুষ্টতার জন্যও দায়ী?” ব্যক্তির উত্তর পাওয়ার পর, উপদেশক ৭:২৯ পদ পড়ুন। জ্ঞান বইয়ের ৭১ পৃষ্ঠাটা খুলুন এবং ২ অনুচ্ছেদটা পড়ুন। বইটা পড়ার জন্য ব্যক্তিকে উৎসাহিত করুন। গৃহকর্তা যদি আদিপুস্তক ১:১ পদের কথাগুলোর সঙ্গে একমত না হন, তাহলে তাকে সৃষ্টি (ইংরেজি) বইটা পরীক্ষা করে দেখার পরামর্শ দিন।
৫ যারা আগ্রহ দেখিয়েছেন তাদের সকলের কাছে ফিরে যান: যারা আগ্রহ দেখিয়েছেন তাদের কাছে যদি ফিরে না যান, তাহলে আপনি আপনার পরিচর্যা পুরোপুরিভাবে সম্পন্ন করতে পারবেন না। আপনি কোন পত্রিকা অথবা সাহিত্য দিয়ে থাকুন বা না-ই থাকুন, আপনার যদি ভাল আলোচনা হয়ে থাকে, তাহলে সেই ব্যক্তির নাম ও ঠিকানা লিখে নিন। সেই ব্যক্তির কাছে ফিরে যেতে দেরি না করে তার আগ্রহকে জাগিয়ে তোলার জন্য প্রাণপণ চেষ্টা করুন। অবশ্যই একটা বাইবেল অধ্যয়নের প্রস্তাব রাখুন।
৬ প্রথম শতাব্দীর শিষ্যরা জানতেন যে, যীশু তাদেরকে ‘পুরোপুরিভাবে সাক্ষ্য দেওয়ার’ আদেশ দিয়েছিলেন। (প্রেরিত ১০:৪২, NW) আমাদের প্রতিও সেই একই আদেশ প্রযোজ্য কারণ একমাত্র এর মাধ্যমেই আমরা শিষ্য তৈরি করতে পারব। (মথি ২৮:১৯, ২০) তাই আসুন, পুরোপুরিভাবে আমাদের পরিচর্যা সম্পন্ন করতে আমরা যথাসাধ্য করি।—২ তীম. ৪:৫.