খ্রীষ্টীয় সাহচর্য কতখানি জরুরি?
১ “কোন ব্যক্তিই অন্যের থেকে একেবারে পৃথক হয়ে সফল হতে পারে না।” সপ্তদশ শতাব্দীর একজন কবির এই মন্তব্য, মানুষের এক মৌলিক চাহিদা—সাহচর্য সম্বন্ধে বাইবেল যা বলে সেটাকেই প্রতিধ্বনিত করে। (হিতো. ১৮:১) আমাদের খ্রীষ্টীয় সাহচর্য এই চাহিদাকে মেটায়। কোন্ কোন্ উপায়ে তা আমাদের উপকার করে?
২ পরিচর্যায়: সাধারণ্যে প্রচার কাজে আমাদের ভাইয়েরা যেভাবে আমাদেরকে শক্তি জোগান ও সাহায্য করেন, সেটা হল একটা প্রধান উপকার। যীশু তাঁর শিষ্যদের “দুই দুই জন” করে প্রচার করতে পাঠিয়েছিলেন। (মার্ক ৬:৭; লূক ১০:১) এই নমুনার সঙ্গে মিল রেখে, ক্ষেত্রের পরিচর্যায় আমরা যখন অন্যদের সঙ্গে কাজ করি, তখন আমরা উপদেশক ৪:৯, ১০ পদের কথাগুলোর সত্যতা বুঝতে পারি। একসঙ্গে পরিচর্যা করে আমাদের সঙ্গীদের বিশ্বাস, বাধ্যতা এবং ভালবাসা আমাদেরকে সাহস জোগায় ও আমাদের উদ্যোগকে নতুন করে জাগিয়ে তোলে।
৩ ব্যক্তিগত সাহায্য: এছাড়া বিভিন্ন চাপ মোকাবিলা করতে ও প্রলোভনগুলোকে প্রতিরোধ করতে আমাদের ভাইবোনেরা উৎসাহ ও নির্দেশনারও এক উৎস। আমাদের খ্রীষ্টান ভাইবোনেরা সেই শাস্ত্রপদগুলো আমাদের দেখিয়ে দিতে সাহায্য করতে পারেন, যেগুলো আমাদের ব্যক্তিগত চিন্তাভাবনাগুলো সম্বন্ধে উত্তর দেয়। এমনকি তারা হয়তো আমাদের জন্য প্রার্থনাও করতে পারেন, ঠিক যেমন আমরা তাদের জন্য করি। (২ করি. ১:১১) নিঃসন্দেহে, তাদের ভাল উদাহরণ আমাদেরকে ভাল কাজ করতে প্রেরণা দেয় ও আমাদেরকে শক্তি জোগায়।
৪ সভাগুলোতে: আমরা যখন মণ্ডলীর সভাগুলোতে নিয়মিত আসি, তখনও খ্রীষ্টীয় সাহচর্যের আশীর্বাদ উপভোগ করি। (ইব্রীয় ১০:২৪, ২৫) কার্যক্রম আধ্যাত্মিক শিক্ষায় ভরপুর থাকে আর সভাগুলোতে আমাদের উপস্থিতি আমাদেরকে সহ বিশ্বাসীদের আরও কাছে রাখে। এই সমাবেশগুলো আমাদের ভাইবোনদের কাছ থেকে তাদের বিশ্বাস সম্বন্ধে শোনার জন্য আমাদেরকে সুযোগ করে দেয়, তা সেটা প্ল্যাটফর্ম থেকে হোক বা শ্রোতাদের মধ্যে থেকেই হোক। (রোমীয় ১:১২) আমাদের সাহচর্যের বন্ধন আরও গভীর হয়, যখন আমরা সভাগুলোর আগে ও পরে ভাইবোনদের সঙ্গে মেলামেশা করি। এই উপলক্ষগুলো আমাদেরকে নিজেদের বিশ্বাস গড়ে তোলার অভিজ্ঞতাগুলোকে জানানোর জন্য সুযোগ করে দেয়। যারা যিহোবাকে, তাঁর বাক্যকে, তাঁর কাজকে এবং তাঁর লোকেদেরকে ভালবাসেন তাদের সঙ্গে যখন আমরা প্রাণখুলে মেলামেশা করি, তখন সেটা আমাদের ব্যক্তিত্বের ওপর ভাল ছাপ ফেলে।—ফিলি. ২:১, ২.
৫ খ্রীষ্টান ভাইবোনদের সাহচর্য আমাদের দরকার আছে। জীবনের দিকে নিয়ে যায় এমন সংকীর্ণ পথে তাদেরকে ছাড়া চলা আরও কঠিন হয়ে উঠবে। কিন্তু, তাদের ভালবাসা ও উৎসাহ পেয়ে আমরা যিহোবার ধার্মিক নতুন জগতের দিকে এগিয়ে চলতে পারি।—মথি ৭:১৪.