‘সৎকর্ম্ম করিয়া’ চলুন
১ যেদিন আপনি যিহোবা ঈশ্বরের একজন দাস হয়েছেন, আপনি ভাল কাজই করেছেন। কিন্তু, এখন এই বিষম সময়ে যেটা কঠিন সেটা হল ‘সৎকর্ম্ম করিয়া’ চলা। (গালা. ৬:৯) যদিও এর জন্য অনেক চেষ্টার দরকার কিন্তু আপনি তা করতে পারেন। কীভাবে?
২ যীশুর মতো মনোভাব গড়ে তুলুন: আপনি যদি রাজ্যের আশার ওপর দৃষ্টি রাখেন, তাহলে যীশুর মতো আপনিও পরীক্ষাগুলোকে সহ্য করতে পারবেন। (ইব্রীয় ১২:২, ৩) নিশ্চিত থাকুন যে, যিহোবা আপনাকে ভালবাসেন আর তিনি চান আপনি সফল হোন। (২ পিতর ৩:৯) তাঁর ওপর পুরোপুরি আস্থা রাখুন ও নিশ্চিত থাকুন যে তিনি আপনাকে সাহায্য করবেন। (১ করি. ১০:১৩) সবসময় প্রার্থনা করুন, ধৈর্য ধরে রাখতে যিহোবার কাছে সাহায্য চান। (রোমীয় ১২:১২) আপনার ধৈর্য ঈশ্বরের অনুমোদন নিয়ে আসবে এই নিশ্চয়তায় আনন্দ করুন। (রোমীয় ৫:৩-৫) “খ্রীষ্ট যীশুর অনুরূপে পরস্পর একমনা” হওয়ার জন্য আপনার বিশ্বস্ততা আপনাকে পরিতৃপ্তি এনে দেবে এবং যিহোবার হৃদয়কে আনন্দিত করবে।—রোমীয় ১৫:৫; হিতো. ২৭:১১.
৩ ভাল কাজ করে চলুন: ভাল কাজ করে চলতে তাঁর লোকেদের সাহায্য করার জন্য যিহোবা যে ব্যবস্থাগুলো করেছেন সেগুলোকে পুরোপুরি কাজে লাগান। ঈশ্বরের বাক্য পড়া এবং বিশ্বস্ত ও বুদ্ধিমান দাস শ্রেণীর মাধ্যমে জোগানো বাইবেল-ভিত্তিক প্রকাশনাগুলোকে ভালভাবে অধ্যয়ন করার এক তালিকা মেনে চলুন। মণ্ডলীর সমস্ত সভাগুলোর জন্য সবসময় ভাল করে তৈরি হোন, সেগুলোতে উপস্থিত থাকুন ও অংশ নিন। খ্রীষ্টীয় সভাগুলোর আগে ও পরে আপনার আত্মিক ভাইবোনদের সঙ্গে ঘনিষ্ঠভাবে মেলামেশা করুন। ক্ষেত্রের পরিচর্যায় অর্থপূর্ণ অংশ নেওয়ার এবং অন্যদের কাছে সুসমাচার জানানোর ক্ষেত্রে আপনার দক্ষতাকে বাড়ানোর জন্য বাস্তবধর্মী লক্ষ্যগুলো রাখুন।
৪ এভাবে আপনি ভাল কাজ করে যেতে পারেন আর একই সঙ্গে অনেক আনন্দও পেতে পারেন। এই বিষয়ে ইতালির একজন ভাই বলেছিলেন: “এটা ঠিক যে, যিহোবার সেবা করে দিনের শেষে সন্ধ্যেবেলায় যখন আমি বাড়ি ফিরে আসি, তখন আমি ক্লান্ত হয়ে পড়ি। কিন্তু আমি আনন্দিত আর আমাকে এমন আনন্দ দেওয়ার জন্য আমি যিহোবাকে ধন্যবাদ জানাই, যা কেউ-ই কেড়ে নিতে পারবে না।” তাই, ভাল কাজ করে চলুন, তাহলে আপনিও অনেক আনন্দ লাভ করবেন।