আসুন আমরা সকলে যিহোবা ও তাঁর পুত্রকে সম্মান করি
৮ই এপ্রিল স্মরণার্থক সভায় যারা উপস্থিত থাকবেন তারা যেভাবে পুরোপুরি উপকার পেতে পারেন
১ আজকে কাদেরকে বিশেষ সম্মান দেওয়া হয়? যারা বড় বড় কাজ করেন তাদেরকেই জগৎ উচ্চ সম্মান দিয়ে থাকে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে তাদের ওই কাজগুলোকে খুব তাড়াতাড়ি মানুষ ভুলে যায়। কিন্তু সেই কাজগুলোর সম্বন্ধে কী বলা যায়, যা সত্যিই সমস্ত মানুষের জন্য উপকার আনে? ২০০১ সালের ৮ই এপ্রিল সূর্যাস্তের পর আমরা যখন প্রভুর সান্ধ্যভোজ উদ্যাপন করব তখন সেই মহান কাজগুলোর প্রতি আমরা বিশেষ মনোযোগ দেব।
২ কে সবচেয়ে বেশি সম্মান পাওয়ার যোগ্য? বাইবেল জানায়: “‘হে আমাদের প্রভু [“যিহোবা,” NW] . . . তুমিই প্রতাপ ও সমাদর ও পরাক্রম গ্রহণের যোগ্য; কেননা তুমিই সকলের সৃষ্টি করিয়াছ।’” (প্রকা. ৪:১১) সৃষ্টিকর্তা হিসেবে, যিহোবাই হলেন নিখিল বিশ্বের সার্বভৌম শাসক। যুগ যুগ ধরে তাঁকেই সম্মান করে যেতে হবে।—১ তীম. ১:১৭.
৩ ঈশ্বরের পুত্র যীশু খ্রীষ্ট, অনেক ভাল ভাল কাজ করেছিলেন যা মানবজাতির জন্য অন্তহীন আশীর্বাদ নিয়ে আসবে। তিনি তাঁর পিতাকে নিখুঁতভাবে অনুকরণ করেছিলেন। (যোহন ৫:১৯) কাজের প্রতি তাঁর অটল বাধ্যতা ও বিশ্বস্ততা তাঁকে “‘পরাক্রম ও ধন ও জ্ঞান ও শক্তি ও সমাদর ও গৌরব ও ধন্যবাদ, এই সকল গ্রহণ করিবার যোগ্য’” করে তুলেছে। (প্রকা. ৫:১২) রাজা হিসেবে অধিষ্ঠিত করে তাঁর পিতা তাঁকে সম্মান দেখিয়েছিলেন। (গীত. ২:৬-৮) আর ২০০১ সালের ৮ই এপ্রিল প্রভুর সান্ধ্যভোজ উদ্যাপন করে আমরাও পিতা ও পুত্র দুজনকেই সম্মান করার সুযোগ পাব।
৪ কিন্তু দুঃখের বিষয় যে, মানব ইতিহাসে খুব অল্প লোকই যিহোবা ও তাঁর পুত্রকে তাঁদের প্রাপ্য সম্মান দিয়েছে। কখনও কখনও এমনকি ঈশ্বরের প্রাচীনকালের দাস ইস্রায়েলীয়রা পর্যন্ত যিহোবাকে নামমাত্র সেবা করেছে। তা করে যিহোবাকে তারা চরম অসম্মান করেছিল। (মালাখি ১:৬) সঠিক সম্মান দেখানোর জন্য যিহোবা ও তাঁর পুত্র আমাদের জন্য যা কিছু করেছেন তার প্রতি প্রেম ও উপলব্ধি দেখিয়ে একনিষ্ঠ বাধ্য হওয়া দরকার। এইরকম সম্মান ও শ্রদ্ধা দেখানোর মানে হল এটা দেখানো যে আমরা ঈশ্বরকে ভয় ও শ্রদ্ধা করি এবং আমাদের সমস্ত পথে যিহোবা ও যীশুকে স্বীকার করি। খ্রীষ্টীয় মণ্ডলী অন্যদেরকে একই বিষয় করার জন্য শিক্ষা দিতে ও সাহায্য করতে চেষ্টা করে।
৫ সম্মান দেখানোর এক বিশেষ উপলক্ষ: প্রতি বছর যিহোবার লোকেরা স্মরণার্থক সভা উদ্যাপনের জন্য সমবেত হন আর এই দিনটা তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। প্রত্যেকে যারা যিহোবাকে সেবা ও সম্মান করতে চান তাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকা দরকার। (লূক ২২:১৯) আমরা আশা করছি যে, ৬০ লক্ষ সক্রিয় সাক্ষি ছাড়াও আগ্রহী ব্যক্তিদের সংখ্যা মিলিয়ে এই অনুষ্ঠানে উপস্থিতির সংখ্যা ১ কোটি ৪০ লক্ষকে ছাড়িয়ে যাবে। আমাদের স্বর্গীয় পিতাকে সম্মান দেখানোর কী সুন্দর এক সুযোগ! এই অনুষ্ঠানে যদিও যীশুর প্রতিই বিশেষভাবে জোর দেওয়া হয় কিন্তু তিনি যা করেছেন তার প্রতি সম্মান ও শ্রদ্ধা দেখানো হলে যিনি তাঁকে পাঠিয়েছিলেন সেই পিতাকেই গৌরবান্বিত করা হয়।—যোহন ৫:২৩.
৬ এই বিশেষ উপলক্ষকে সমর্থন জানানোর জন্য আমরা কী করতে পারি? এর থেকে পুরোপুরি উপকার লাভ করার জন্য আমরা নতুন আগ্রহী ব্যক্তিদের সাহায্য করতে পারি। তাদেরকে আসার আমন্ত্রণ জানান আর দরকার হলে তাদেরকে সেখানে উপস্থিত হতে সাহায্য করুন। বক্তৃতার উদ্দেশ্য কী সেই সম্বন্ধে বলুন। অন্যদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দিন। তারা যা দেখবে ও শুনবে তা তাদেরকে যিহোবার প্রশংসা করার জন্য আমাদের সঙ্গে যোগ দিতে অনুপ্রাণিত করতে পারে।
৭ এই কার্যক্রমের গুরুত্বকে হালকাভাবে নেবেন না। বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র এইরকমভাবে প্রতিক্রিয়া দেখিয়েছিল: “আমি আমার গির্জায় অনেকবার প্রভুর সান্ধ্যভোজে যোগ দিয়েছি কিন্তু এই অনুষ্ঠান একেবারে অন্যরকম। আমি বুঝতে পারছি যে, এই অনুষ্ঠানটা একেবারে বাইবেলে যেভাবে বলা আছে সেভাবেই করা হয় আর আমার মনে হয় আপনাদের কাছেই সত্য আছে।” এরপর থেকে সে নিয়মিত সভাগুলোতে আসতে শুরু করে ও শীঘ্রিই বাপ্তিস্ম নেয়।
৮ উন্নতি করতে নতুনদের সাহায্য করুন: যে নতুন ব্যক্তিরা স্মরণার্থক সভায় আসেন তাদের দিকে খেয়াল রাখুন আর শীঘ্রিই তাদের সঙ্গে দেখা করে সভা থেকে তারা যে উৎসাহজনক বিষয়গুলো শিখেছে ও লক্ষ্য করেছে সেগুলো নিয়ে আলোচনা করুন। তাদেরকে অন্য সভাগুলোর সম্পর্কে বলুন, যেখানে এসে তারা তাদের বাইবেলের জ্ঞানকে বাড়াতে পারেন। জ্ঞান বইয়ের ১৭ অধ্যায়ে “ঈশ্বরের লোকেদের মধ্যে নিরাপত্তা লাভ করুন” বিষয়টা পুনরালোচনা করলে তারা দেখতে পাবেন যে প্রচুর পরিমাণে আধ্যাত্মিক খাদ্য মণ্ডলীর মাধ্যমে জোগানো হয়ে থাকে, যা চাইলে তারাও পেতে পারেন। তাদের জন্য আমাদের সমগ্র ভ্রাতৃবর্গ (ইংরেজি) ভিডিওটা দেখানোর ব্যবস্থা করুন, যাতে তারা তাদের নিজেদের চোখে যিহোবার লোকেদের একতা, আনন্দ ও উদ্যোগ দেখতে পারেন!
৯ আগ্রহী ব্যক্তিরা যাতে ব্যক্তিগতভাবে যিহোবাকে সম্মান করতে ও শ্রদ্ধা দেখাতে শেখেন, তা গুরুত্বপূর্ণ। বলুন যে অন্তর থেকে প্রার্থনা যিহোবাকে খুশি করে এবং তা হল আধ্যাত্মিক সতেজতার এক অফুরন্ত উৎস। (১ যোহন ৫:১৪) চান ব্রোশারের পাঠ ৮ থেকে পাঠ ১২ দেখিয়ে বলুন যে কীধরনের আচরণ যিহোবার সম্মান আনে। যিহোবার সাক্ষিবৃন্দ ব্রোশারের ৩০-১ পৃষ্ঠায় যা বলা হয়েছে, তা আলোচনা করে নতুনদেরকে এই কথা চিন্তা করতে উৎসাহ দিন যে তারা নিজেরাও প্রচারে অংশ নিয়ে যিহোবাকে সম্মান করতে পারেন।
১০ যীশুর বলিদানের জন্য এবং তাঁর শিষ্য হিসেবে আমাদের সেবা করার সুযোগের জন্য উপলব্ধিবোধ পিতার সম্মান এবং অন্যদের জন্য প্রচুর আশীর্বাদ নিয়ে আসে। যীশু প্রতিজ্ঞা করেছিলেন: “কেহ যদি আমার পরিচর্য্যা করে, তবে পিতা তাহার সম্মান করিবেন।”—যোহন ১২:২৬.