ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w০৩ ৮/১৫ পৃষ্ঠা ২৫-২৮
  • আপনি কি আন্তরিকভাবে যিহোবার অন্বেষণ করছেন?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আপনি কি আন্তরিকভাবে যিহোবার অন্বেষণ করছেন?
  • ২০০৩ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • যারা আন্তরিকভাবে যিহোবার অন্বেষণ করেছিল
  • তাঁর ইচ্ছানুসারে
  • আপনি কতটা আন্তরিক?
  • আন্তরিক প্রচেষ্টা পুরস্কৃত হয়
  • আন্তরিকভাবে যিহোবার আশীর্বাদ অন্বেষণ করুন
    ২০১০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • আন্তরিক প্রচেষ্টা কখন এতে যিহোবা আশীর্বাদ করেন?
    ২০০২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • অধ্যবসায়ের পুরস্কারসকল
    ১৯৯৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • যিহোবা সেই ব্যক্তিদের পুরস্কার দেন, যারা তাঁর অন্বেষণ করে
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৬
আরও দেখুন
২০০৩ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w০৩ ৮/১৫ পৃষ্ঠা ২৫-২৮

আপনি কি আন্তরিকভাবে যিহোবার অন্বেষণ করছেন?

একজন খ্রিস্টান ব্যক্তি ট্রেনে অন্য সহ যাত্রীদের কাছে বাইবেল থেকে সুসমাচার জানানোর জন্য অত্যন্ত আগ্রহী ছিলেন। (মার্ক ১৩:১০) কিন্তু ভয় তাকে থামিয়ে রেখেছিল। তিনি কি হাল ছেড়ে দিয়েছিলেন? না, তিনি এর জন্য আন্তরিকভাবে প্রার্থনা করেছিলেন এবং কীভাবে আলোচনা শুরু করা যায়, তা শেখার জন্য পরিশ্রম করেছিলেন। যিহোবা ঈশ্বর এই ব্যক্তির প্রার্থনার উত্তর দিয়েছিলেন এবং সাক্ষ্য দেওয়ার জন্য তাকে শক্তি জুগিয়েছিলেন।

এই ধরনের আন্তরিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যখন আমরা যিহোবার ও তাঁর অনুগ্রহের অন্বেষণ করি। প্রেরিত পৌল বলেছিলেন: “যে ব্যক্তি ঈশ্বরের নিকটে উপস্থিত হয়, তাহার ইহা বিশ্বাস করা আবশ্যক যে ঈশ্বর আছেন, এবং যাহারা [“আন্তরিকভাবে,” NW] তাঁহার অন্বেষণ করে, তিনি তাহাদের পুরস্কারদাতা।” (ইব্রীয় ১১:৬) যিহোবাকে যেনতেনভাবে অন্বেষণ করাই যথেষ্ট নয়। যে-গ্রিক ক্রিয়াপদকে ‘আন্তরিকভাবে অন্বেষণ করে’ বলে অনুবাদ করা হয়েছে সেটা এমন এক বিষয়, যা তীব্র ও মনোযোগপূর্ণ প্রচেষ্টাকে বোঝায়। এর সঙ্গে একজনের সম্পূর্ণ হৃদয়, মন, প্রাণ ও শক্তি জড়িত। আমরা যদি আন্তরিকভাবে যিহোবার অন্বেষণ করছি, তা হলে আমরা উদাসীন, উদ্যমহীন অথবা অলস আচরণ করব না। এর পরিবর্তে, আমরা তাঁকে অনুধাবন করার ক্ষেত্রে অকৃত্রিম উদ্যোগ দেখাব।—প্রেরিত ১৫:১৭.

যারা আন্তরিকভাবে যিহোবার অন্বেষণ করেছিল

শাস্ত্রে এমন অনেকের উদাহরণ রয়েছে, যারা যিহোবাকে অন্বেষণ করার ব্যাপারে মনোযোগপূর্ণ প্রচেষ্টা করেছিল। তাদের মধ্যে একজন ছিলেন যাকোব, যিনি মানুষের রূপধারী ঈশ্বরের স্বর্গদূতের সঙ্গে ভোর পর্যন্ত পুরো শক্তি দিয়ে মল্লযুদ্ধ করেছিলেন। এর ফলে যাকোবকে ইস্রায়েল (ঈশ্বরের সহিত যুদ্ধকারী) নাম দেওয়া হয়েছিল কারণ তিনি ঈশ্বরের সঙ্গে “যুদ্ধ” করেছিলেন বা চালিয়ে গিয়েছিলেন, প্রাণপণ করেছিলেন ও লেগে থেকেছিলেন। স্বর্গদূত তাকে তার আন্তরিক প্রচেষ্টার জন্য আশীর্বাদ করেছিলেন।—আদিপুস্তক ৩২:২৪-৩০.

এরপর ছিলেন গালীলের একজন স্ত্রীলোক, যার নাম উল্লেখ করা হয়নি এবং তিনি ১২ বছর ধরে প্রদর রোগে ভুগছিলেন, যা তাকে “বিস্তর ক্লেশ” দিচ্ছিল। এই অবস্থায় তার অন্য লোকেদেরকে স্পর্শ করার কথা ছিল না। তবুও, তিনি যিশুর সঙ্গে দেখা করতে সাহস সঞ্চয় করেছিলেন। তিনি বার বার বলেছিলেন: “আমি যদি কেবল উহাঁর বস্ত্র স্পর্শ করিতে পাই, তবেই সুস্থ হইব।” তার সম্বন্ধে চিন্তা করুন যে তিনি কত কষ্ট করে এগিয়ে যাচ্ছিলেন, যখন ‘অনেক লোক [যিশুর] পশ্চাৎ পশ্চাৎ চলিতেছিল, ও তাঁহার উপরে চাপাচাপি করিয়া পড়িতে লাগিল।’ যিশুর বস্ত্র স্পর্শ করার সঙ্গে সঙ্গে তিনি টের পেয়েছিলেন যে “তাহার রক্তস্রোত শুকাইয়া গেল”—তার দীর্ঘস্থায়ী রোগটা সেরে গিয়েছিল! যিশু যখন জিজ্ঞেস করেছিলেন “কে আমার বস্ত্র স্পর্শ করিল?” তিনি ভয় পেয়ে গিয়েছিলেন। কিন্তু যিশু উষ্ণ স্বরে তাকে বলেছিলেন: “হে কন্যে তোমার বিশ্বাস তোমাকে রক্ষা করিল, শান্তিতে চলিয়া যাও, ও তোমার রোগ হইতে মুক্ত থাক।” তার প্রচেষ্টা পুরস্কৃত হয়েছিল।—মার্ক ৫:২৪-৩৪; লেবীয় পুস্তক ১৫:২৫-২৭.

আরেকবার একজন কনানীয় স্ত্রীলোক তার মেয়েকে সুস্থ করার জন্য যিশুর কাছে আন্তরিকভাবে অনুরোধ করেছিলেন। যিশু উত্তর দিয়েছিলেন যে, ছেলেমেয়েদের খাবার কুকুর ছানাদের দেওয়া অনুপযুক্ত। তিনি বোঝাতে চেয়েছিলেন যে, যোগ্য যিহুদিদের বঞ্চিত করে তিনি ন-ইস্রায়েলীয়দের যত্ন নিতে পারতেন না। তাঁর দৃষ্টান্তের অর্থটি বোঝা সত্ত্বেও, সেই স্ত্রীলোকটি মিনতি করেছিলেন: “হাঁ, প্রভু, কেননা কুকুরেরাও [“কুকুর ছানারাও,” NW] আপন আপন কর্ত্তাদের মেজ হইতে যে গুঁড়াগাঁড়া পড়ে, তাহা খায়।” তার দৃঢ় বিশ্বাস এবং অকপটতা যিশুকে এই কথা বলতে পরিচালিত করেছিল: “হে নারি, তোমার বড়ই বিশ্বাস, তোমার যেমন ইচ্ছা, তেমনই তোমার প্রতি হউক।”—মথি ১৫:২২-২৮.

এই লোকেরা যদি তাদের প্রচেষ্টা চালিয়ে না যেত, তা হলে তাদের কী হতো? প্রাথমিক পর্যায়ের বাধা বা প্রত্যাখ্যানের মুখোমুখি হয়ে যদি তারা হাল ছেড়ে দিত, তা হলে কি তারা আশীর্বাদগুলো পেত? না! এই উদাহরণগুলো স্পষ্টভাবে এই বিষয়টা দেখায় যে, যিশুর শিক্ষানুযায়ী যিহোবাকে অন্বেষণ করার ব্যাপারে “আগ্রহ” থাকা উপযুক্ত এমনকি অত্যাবশ্যক।—লূক ১১:৫-১৩.

তাঁর ইচ্ছানুসারে

ওপরে উল্লেখিত বিবরণগুলোতে যারা অলৌকিক সুস্থতা লাভ করেছিল, তাদের ক্ষেত্রে সুস্থ হওয়ার জন্য আন্তরিকতাই কি একমাত্র প্রয়োজন ছিল? না, তাদের অনুরোধগুলোকে ঈশ্বরের ইচ্ছার সঙ্গে মিল রাখার প্রয়োজন ছিল। যিশু যে ঈশ্বরের পুত্র, সেই প্রতিজ্ঞাত মশীহ ছিলেন সেটার উল্লেখযোগ্য প্রমাণ জোগাতে তাঁকে অলৌকিক শক্তি দেওয়া হয়েছিল। (যোহন ৬:১৪; ৯:৩৩; প্রেরিত ২:২২) এ ছাড়া, যিশু যে-অলৌকিক কাজগুলো করেছিলেন সেগুলো পার্থিব পরম আশীর্বাদগুলোর এক পূর্বাভাস দেয়, যা খ্রিস্টের হাজার বছরের রাজত্বের সময় যিহোবা মানবজাতির ওপর বর্ষণ করবেন।—প্রকাশিত বাক্য ২১:৪; ২২:২.

এটা আর ঈশ্বরের ইচ্ছা নয় যে, যারা সত্য ধর্ম পালন করছে তাদের অলৌকিক শক্তিগুলো থাকবে যেমন সুস্থ করার ও বিশেষ বিশেষ ভাষা বলার ক্ষমতা। (১ করিন্থীয় ১৩:৮, ১৩) আমাদের দিনের জন্য তাঁর ইচ্ছার অন্তর্ভুক্ত হল পৃথিবীর সমস্ত জায়গায় রাজ্যের সুসমাচার ঘোষিত হওয়া, যাতে ‘সমুদয় মনুষ্য সত্যের তত্ত্বজ্ঞান পর্য্যন্ত পঁহুছিতে পারে।’ (১ তীমথিয় ২:৪; মথি ২৪:১৪; ২৮:১৯, ২০) ঈশ্বরের দাসেরা উপযুক্তভাবেই তাদের অবিরত প্রার্থনার অনুকূল উত্তর আশা করতে পারে, যদি তারা তাঁর ইচ্ছার সঙ্গে মিল রেখে ঐকান্তিক প্রচেষ্টা করে।

কেউ কেউ হয়তো ভাবতে পারে যে, ‘শেষ পর্যন্ত যেকোনোভাবেই হোক ঈশ্বরের উদ্দেশ্য যেহেতু সম্পাদন হবেই, তা হলে আমরা কেন প্রাণপণ করব?’ যদিও এটা ঠিক যে, মানুষ প্রচেষ্টা করুক বা না-ই করুক, যিহোবা তাঁর উদ্দেশ্য সাধন করবেনই কিন্তু তাঁর ইচ্ছা পূরণ করায় জড়িত ব্যক্তিদের পেয়ে তিনি খুশি হন। যিহোবাকে সেই ব্যক্তির সঙ্গে তুলনা করা যেতে পারে যিনি একটা বাড়ি নির্মাণ করেন। নির্মাতার কাছে এই প্রকল্পের সম্পূর্ণ একটা নকশা রয়েছে কিন্তু তিনি বাড়ি নির্মাণের সেই উপাদানগুলো বেছে নেন যেগুলো স্থানীয়ভাবে পাওয়া যায়। একইভাবে, আজকে সম্পাদন করার জন্য যিহোবার একটি প্রকল্প আছে এবং তিনি তাঁর সেই দাসদের ব্যবহার করতে পেরে খুশি হন, যারা নিজেদের স্বেচ্ছায় বিলিয়ে দেয়।—গীতসংহিতা ১১০:৩; ১ করিন্থীয় ৯:১৬, ১৭.

অল্পবয়সী তোশিয়োর অভিজ্ঞতাটি বিবেচনা করুন। হাইস্কুলে ঢোকার পর সে তার অদ্বিতীয় এলাকায় যতজনের কাছে সম্ভব সাক্ষ্য দিতে চেয়েছিল। সে সবসময় তার সঙ্গে বাইবেল রাখত এবং একজন উদাহরণযোগ্য খ্রিস্টান হওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করত। স্কুলে তার প্রথম বছর যখন প্রায় শেষ দিকে, তখন সে ক্লাসের উদ্দেশে একটা বক্তৃতা দেওয়ার সুযোগ পেয়েছিল। তোশিয়ো সাহায্যের জন্য যিহোবার কাছে প্রার্থনা করেছিল এবং ক্লাসের সবাইকে তার বক্তৃতাটির প্রতি পূর্ণ মনোযোগ দিতে দেখে খুবই উল্লাসিত হয়েছিল, যেটার শিরোনাম ছিল “অগ্রগামীর কাজকে বৃত্তি হিসেবে নেওয়ার আমার লক্ষ্য।” সে ব্যাখ্যা করেছিল যে, সে যিহোবার সাক্ষিদের এক পূর্ণ-সময়ের পরিচারক হতে চায়। ছাত্রদের মধ্যে একজন তার সঙ্গে বাইবেল অধ্যয়ন করতে রাজি হয়েছিল এবং সে বাপ্তিস্ম নেওয়ার মতো উন্নতি করেছিল। তোশিয়োর প্রার্থনার সঙ্গে মিল রেখে করা আন্তরিক প্রচেষ্টা প্রচুররূপে পুরস্কৃত হয়েছিল।

আপনি কতটা আন্তরিক?

আপনি বিভিন্ন উপায়ে দেখাতে পারেন যে, যিহোবা ও তাঁর আশীর্বাদগুলো আপনি আন্তরিকভাবে অন্বেষণ করছেন। প্রথমত, কিছু মৌলিক বিষয় আপনি করতে পারেন, যেমন খ্রিস্টীয় সভাগুলোর জন্য ভালভাবে প্রস্তুতি নেওয়া। ভালভাবে প্রস্তুত করা মন্তব্য, প্রেরণাদায়ক বক্তৃতা এবং কার্যকারী নমুনাগুলোর মাধ্যমে আপনি প্রকাশ করেন যে, যিহোবাকে কতটা আকুলভাবে অন্বেষণ করছেন। এ ছাড়া, আপনার পরিচর্যার মানকে উন্নত করেও আপনি আপনার আন্তরিকতা প্রদর্শন করতে পারেন। গৃহকর্তার সঙ্গে বন্ধুত্বপূর্ণভাবে কথা শুরু করার এবং আপনার এলাকায় যেটা উপযুক্ত সেই ধরনের কার্যকারী ভূমিকাগুলো ব্যবহার করার চেষ্টার বিষয়ে কী বলা যায়? (কলসীয় ৩:২৩) সর্বান্তঃকরণে নিজেকে বিলিয়ে দিয়ে একজন খ্রিস্টান পুরুষ মণ্ডলীতে বিভিন্ন দায়িত্ব গ্রহণ করতে পারেন, যেমন একজন পরিচারক দাস বা একজন প্রাচীন হিসেবে সেবা করা। (১ তীমথিয় ৩:১, ২, ১২, ১৩) এগুলো করার জন্য সবসময় তৈরি থেকে আপনি দান করার আনন্দের ভাগী হতে পারেন। আপনি হয়তো এক শাখা নির্মাণ প্রকল্পে কাজ করার জন্য অথবা যিহোবার সাক্ষিদের এক শাখা অফিসে সেবা করার জন্য আবেদন জানাতে পারেন। আপনি যদি একজন যোগ্য অবিবাহিত পুরুষ হন, তা হলে আপনি হয়তো মিনিস্টিরিয়াল ট্রেনিং স্কুলে যোগ দিতে চাইবেন, যেটা আধ্যাত্মিক পুরুষদের ভাল পালক হতে সজ্জিত করে। আপনি যদি বিবাহিত হন, তা হলে মিশনারি সেবা হয়তো যিহোবাকে আরও বেশি করে সেবা করতে আপনার আন্তরিক ইচ্ছাকে দেখানোর একটা উপায় হতে পারে। যেখানে রাজ্য প্রচারকের বেশি দরকার সেখানে চলে যাওয়া আপনার জন্য এক সম্ভাবনা হতে পারে।—১ করিন্থীয় ১৬:৯.

যে-মনোভাব নিয়ে আপনি দায়িত্ব পালন করেন সেটা হল সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনাকে যে-দায়িত্বই দেওয়া হোক না কেন, সেটা আন্তরিকতার সঙ্গে, সক্রিয়ভাবে ও “হৃদয়ের সরলতায়” করুন। (প্রেরিত ২:৪৬; রোমীয় ১২:৮) আপনার উচিত প্রত্যেকটা কার্যভারকে যিহোবার প্রশংসা আনতে আপনার উৎসুক মনোভাব প্রদর্শন করার এক সুযোগ হিসেবে দেখা। সাহায্যের জন্য সবসময় যিহোবার কাছে প্রার্থনা করুন এবং আপনার যথাসাধ্য করুন। তা হলে আপনি এক উত্তম পুরস্কার পেতে পারেন।

আন্তরিক প্রচেষ্টা পুরস্কৃত হয়

সেই খ্রিস্টান ব্যক্তির কথা কি আপনার মনে আছে, যিনি তার ভয় কাটিয়ে ওঠার জন্য প্রার্থনা করেছিলেন, যাতে তিনি অন্য সহ যাত্রীদের কাছে প্রচার করতে পারেন? যিহোবা তার অকপট ইচ্ছাকে আশীর্বাদ করেছিলেন। সেই ভাই এক বন্ধুত্বপূর্ণ ভূমিকা ব্যবহার করার আপ্রাণ চেষ্টা করেছিলেন, সেই ধরনের বিষয়বস্তু বেছে নিয়েছিলেন যেগুলোর দ্বারা আলোচনা শুরু করার যায়। তিনি এমন একজন ব্যক্তির কাছে সাক্ষ্য দিতে কার্যকারিভাবে বাইবেল ব্যবহার করায় সক্ষম হয়েছিলেন, যিনি মানুষের সম্পর্কের মধ্যে যে-চাপগুলো রয়েছে সেই সম্বন্ধে চিন্তিত ছিলেন। ট্রেনে কয়েকটা পুনর্সাক্ষাৎ করার ফলে একটা গৃহ বাইবেল অধ্যয়ন শুরু হয়েছিল। সত্যিই যিহোবা তার আন্তরিক প্রচেষ্টার জন্য আশীর্বাদ করেছিলেন!

আপনি একই ফল পেতে পারেন, যদি আপনি আন্তরিকভাবে যিহোবার অন্বেষণ করে চলেন। আপনি যদি নম্রভাবে লেগে থাকেন এবং যেধরনের ঈশতান্ত্রিক কাজেই আপনি যুক্ত থাকুন না কেন, তা পূর্ণ হৃদয়ে করেন, তা হলে যিহোবা তাঁর উদ্দেশ্যের সঙ্গে মিল রেখে আপনাকে ব্যবহার করবেন এবং আপনার ওপর প্রচুর আশীর্বাদ বর্ষণ করবেন।

[২৬ পৃষ্ঠার চিত্র]

এই স্ত্রীলোকটি যদি লেগে না থাকতেন, তা হলে তার কী হতো?

[২৭ পৃষ্ঠার চিত্র]

যিহোবার আশীর্বাদ পাওয়ার জন্য আপনি কি তাঁর কাছে মিনতি করেই চলেন?

[২৮ পৃষ্ঠার চিত্রগুলো]

আপনি কীভাবে দেখাতে পারেন যে আপনি যিহোবাকে আন্তরিকভাবে অন্বেষণ করছেন?

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার