ভাল বন্ধুবান্ধব বাছাই করার জন্য পরামর্শ
কিশোর-কিশোরীরা তাদের পোশাক-আশাক ও গান-বাজনা বাছাই করার সময় বাবামাদের চেয়ে বন্ধুবান্ধবদের কাছ থেকে পরামর্শ নিতেই বেশি পছন্দ করে, রিডার্স ডাইজেস্টের একটা রিপোর্ট জানায়। তাই, বাবামাদের জানা খুবই জরুরি যে ছেলেমেয়েরা কাদের সঙ্গে মেশে এবং কোথায় যায়।
দক্ষিণ আফ্রিকার একটা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সিনিয়র লেকচারার এসমি ভান রেন্সবার্গ বলেন, “খোঁজখবর নেওয়ার দায়িত্ব আপনার।” তিনি আরও বলেন: “হতে পারে এতে ছেলেমেয়েরা আপনার ওপর রাগ করবে কিন্তু পরে তারা শান্তও হয়ে যাবে।” তারপর তিনি বাবামায়েদের জন্য এই পরামর্শ দেন। আপনার ছেলেমেয়েদের যে নিয়মগুলো দেবেন তার পিছনে যুক্তি থাকা চাই আর এর মধ্যে নির্দিষ্ট কোন নীতি থাকা উচিত; ছেলেমেয়েদের কথা শুনুন; খুব বেশি চেঁচামেচি না করে শান্ত থাকুন এবং আপনি যা কিছুই বলেন বুঝেশুনে বলুন। আপনার সন্তান যদি খারাপ ছেলেমেয়েদের সঙ্গে বন্ধুত্ব করেই ফেলে তাহলে তখনই তাকে তাদের সঙ্গে মেলামেশা করতে নিষেধ না করে বরং এই বন্ধুত্বের ফলে সে যে খারাপ বিষয়গুলো রপ্ত করেছে তা তাকে বুঝিয়ে বলুন।
ঈশ্বরের বাক্য, বাইবেলে অনেক আগে থেকে বাবামাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হয়েছে। যেমন এটা বলে: “শ্রবণে সত্বর, কথনে ধীর, ক্রোধে ধীর হউক।” (যাকোব ১:১৯) এছাড়াও শাস্ত্র বন্ধুবান্ধব বাছাই করার ব্যাপারে সুন্দর উপদেশ দেয়: “জ্ঞানীদের সহচর হও, জ্ঞানী হইবে; কিন্তু যে হীনবুদ্ধিদের বন্ধু, সে ভগ্ন হইবে।” (হিতোপদেশ ১৩:২০) এই কথাগুলো দেখায় যে যারা গভীর উপলব্ধির সঙ্গে বাইবেল পড়েন ও তাদের দৈনন্দিন জীবনে তা কাজে লাগান তাদের জন্য এখানে সহজেই প্রজ্ঞা পাওয়া যায়।