ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৮ ১১/১ পৃষ্ঠা ৪-৭
  • শান্তিপূর্ণভাবে সমস্যাগুলি সমাধানের উপায়

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • শান্তিপূর্ণভাবে সমস্যাগুলি সমাধানের উপায়
  • ১৯৯৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • হিংস্রতা থেকে সহিষ্ণুতা
  • হিংসাত্মক প্রবণতাগুলির মোকাবিলা করা
  • এটি কি সম্ভব?
  • দৌরাত্ম্যমুক্ত এক জগৎ কি সম্ভব?
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (জনসাধারণের সংস্করণ)—২০১৬
  • পৌলের উদাহরণ অনুসরণ করে আধ্যাত্মিক উন্নতি করো
    ২০০৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • কেন শৌল খ্রীষ্টানদের তাড়না করেছিলেন?
    ১৯৯৯ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • দৌরাত্ম্য
    ২০১৫ সচেতন থাক!
আরও দেখুন
১৯৯৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৮ ১১/১ পৃষ্ঠা ৪-৭

শান্তিপূর্ণভাবে সমস্যাগুলি সমাধানের উপায়

মানব হিংস্রতা প্রায় মানবজাতির অস্তিত্বের মতোই পুরনো। বাইবেল হিংসাত্মক কাজের উৎস বর্ণনা করতে গিয়ে হেবলের ভাই এবং প্রথম মানব দম্পতির জ্যেষ্ঠ পুত্র, কয়িনের বিষয় তুলে ধরে। ঈশ্বর যখন কয়িনের উপহার গ্রহণ না করে হেবলের উপহার গ্রহণ করেছিলেন তখন সে “অতিশয় ক্রুদ্ধ হইল।” ওই পরিস্থিতিতে সে কেমন আচরণ করেছিল? “কয়িন আপন ভ্রাতা হেবলের বিরুদ্ধে উঠিয়া তাহাকে বধ করিল।” ফলে, ঈশ্বরের সঙ্গে তার সম্পর্ক অত্যন্ত খারাপ হয়ে গিয়েছিল। (আদিপুস্তক ৪:৫, ৮-১২) হিংস্র আচরণ সৃষ্টিকর্তার সামনে কয়িনের যে কুখ্যাতি ছিল, সেই সমস্যাটিকে সমাধান করতে পারেনি।

সমস্যা সমাধান করার জন্য আমরা কিভাবে কয়িনের মতো দৈহিক শক্তি অবলম্বন করাকে পরিহার করতে পারি?

হিংস্রতা থেকে সহিষ্ণুতা

একজন ব্যক্তির কথা চিন্তা করুন যিনি প্রথম খ্রীষ্টান শহীদ, স্তিফানের হত্যাকে সমর্থন করেছিলেন। (প্রেরিত ৭:৫৮; ৮:১) তার্ষ নগরের শৌল নামের এই ব্যক্তি, স্তিফানের ধর্মীয় মতের সঙ্গে একমত ছিলেন না আর স্তিফানের কাজকে বন্ধ করার উদ্দেশ্যে এই হিংসাত্মক হত্যাকাণ্ডকে সমর্থন করাকে ন্যায্য বলে মনে করেছিলেন। এটি সত্য যে শৌল হয়ত তার জীবনের প্রতিটি ক্ষেত্রেই হিংস্র ছিলেন না। তথাপি তিনি সমস্যা সমাধানের একটি উপায় হিসাবে হিংস্রতার পথ অবলম্বন করতে চেয়েছিলেন। স্তিফানের মৃত্যুর ঠিক পরেই, শৌল “[খ্রীষ্টীয়] মণ্ডলীর উচ্ছেদ সাধন করিতে লাগিলেন, ঘরে ঘরে প্রবেশ করিয়া পুরুষ ও স্ত্রীলোকদিগকে টানিয়া আনিয়া কারাগারে সমর্পণ করিতে লাগিলেন।”—প্রেরিত ৮:৩.

বাইবেল পণ্ডিত অ্যালবার্ট বার্নসের মতানুযায়ী, এখানে যে গ্রিক শব্দটিকে “উচ্ছেদ সাধন” হিসাবে অনুবাদ করা হয়েছে, তা সিংহ ও নেকড়ের মতো বন্য জন্তু যে ধ্বংস সাধন করতে পারে তা বোঝায়। “শৌল,” বার্নস্‌ বর্ণনা করেন, “একটি বন্য জন্তুর মতো মণ্ডলীর বিরুদ্ধে ক্রোধ প্রকাশ করেছিলেন—এক জোরালো অভিব্যক্তি যেটি প্রবল উত্তেজনা ও প্রচণ্ড রোষকে বোঝায় যা শৌলকে তাড়না করতে পরিচালিত করে।” শৌল যখন খ্রীষ্টের অন্যান্য অনুসারীদের ধরার জন্য দম্মেশকের দিকে অগ্রসর হচ্ছিলেন তখনও তিনি “প্রভুর [খ্রীষ্টের] শিষ্যদের বিরুদ্ধে ভয়প্রদর্শন ও হত্যার নিশ্বাস টানিতেছিলেন।” পথে পুনরুত্থিত যীশু তার সঙ্গে কথা বলেন আর এর ফলে শৌল খ্রীষ্ট ধর্ম গ্রহণ করেছিলেন।—প্রেরিত ৯:১-১৯.

ধর্মান্তরিত হওয়ার পর, অন্যদের সঙ্গে শৌলের আচরণে পরিবর্তন এসেছিল। প্রায় ১৬ বছর পরের একটি ঘটনায় সেই পরিবর্তন দেখা গিয়েছিল। এক দল লোক তার নিজ মণ্ডলী আন্তিয়খিয়ায় এসেছিলেন এবং সেখানকার খ্রীষ্টানদের মোশির আইন মেনে চলার উপদেশ দিয়েছিলেন। ফলস্বরূপ “অনেক বাগ্‌যুদ্ধ” হয়েছিল। শৌল, যিনি এর মধ্যে পৌল নামেই বেশি পরিচিত হয়েছিলেন তিনি এই বাদানুবাদে তার মত পেশ করেছিলেন। স্পষ্টতই তাদের মধ্যে প্রচণ্ড বাদানুবাদ হয়েছিল। কিন্তু পৌল হিংসাত্মক আচরণ দেখাননি। পরিবর্তে, তিনি বিষয়টিকে যিরূশালেম মণ্ডলীর প্রেরিতগণ ও প্রাচীনবর্গের কাছে পেশ করার বিষয়ে মণ্ডলীর সিদ্ধান্তের সাথে একমত হয়েছিলেন।—প্রেরিত ১৫:১, ২.

যিরূশালেমেও প্রাচীনদের সভায় “অনেক বাদানুবাদ” হয়েছিল। পৌল “সমস্ত লোক নীরব” হওয়া পর্যন্ত অপেক্ষা করার পর, অছিন্নত্বক বিশ্বাসীদের মধ্যে ঈশ্বরের আত্মার পরাক্রম কার্যের বিষয়ে বিবৃতি দিয়েছিলেন। এক শাস্ত্রসম্মত আলোচনার পর, প্রেরিতগণ ও যিরূশালেমের প্রাচীনগোষ্ঠী অছিন্নত্বক বিশ্বাসীদের অপ্রয়োজনীয়রূপে ভারগ্রস্ত না করতে ও তারা যেন “প্রতিমার প্রসাদ এবং রক্ত ও গলা টিপিয়া মারা প্রাণীর মাংস ও ব্যভিচার হইতে পৃথক্‌” থাকেন সেই বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য “একমত” হয়েছিলেন। (প্রেরিত ১৫:৩-২৯) বাস্তবিকই, পৌল পরিবর্তিত হয়েছিলেন। তিনি কোন প্রকার হিংস্র আচরণ ছাড়াই বিচার্য বিষয়গুলি সমাধান করতে শিখেছিলেন।

হিংসাত্মক প্রবণতাগুলির মোকাবিলা করা

“যুদ্ধ করা প্রভুর দাসের উপযুক্ত নহে,” পরবর্তী সময়ে পৌল পরামর্শ দিয়েছিলেন “কিন্তু সকলের প্রতি কোমল, শিক্ষাদানে নিপুণ, সহনশীল হওয়া, এবং মৃদু ভাবে বিরোধিগণকে শাসন করা তাহার উচিত।” (২ তীমথিয় ২:২৪, ২৫) পৌল, যুবক অধ্যক্ষ তীমথিয়কে কঠিন পরিস্থিতিগুলি শান্তভাবে সমাধান করার জন্য পরামর্শ দিয়েছিলেন। পৌল বাস্তববাদী ছিলেন। তিনি জানতেন যে এমনকি খ্রীষ্টানদের মধ্যেও প্রচণ্ডরূপে আবেগ কাজ করতে পারে। (প্রেরিত ১৫:৩৭-৪১) উত্তম কারণেই তিনি উপদেশ দিয়েছিলেন: “ক্রুদ্ধ হইলে পাপ করিও না; সূর্য্য অস্ত না যাইতে যাইতে তোমাদের কোপাবেশ শান্ত হউক।” (ইফিষীয় ৪:২৬) প্রচণ্ড ক্রোধের সময়, চিৎকার না করে রাগ নিয়ন্ত্রণ করাই হল এইধরনের আবেগকে মোকাবিলা করার যথার্থ উপায়। কিন্তু তা কিভাবে করা যেতে পারে?

আজকে, রাগকে নিয়ন্ত্রণে রাখা খুব সহজ নয়। “বিদ্বেষ-পরায়ণ হওয়া অত্যন্ত সহজ,” হার্ভার্ড স্কুল অফ পাবলিক হেল্‌থ এর সহকারী পরিচালিকা ড. ডেবোরা প্রোথরো-স্টিথ বলেছিলেন। “প্রকৃতপক্ষে, মানিয়ে নেওয়ার গুণাবলি—মীমাংসা, আপোশ, সহানুভূতি, ক্ষমাকে—সাধারণত দুর্বল ব্যক্তিদের বৈশিষ্ট্য বলে বিবেচনা করা হয়।” কিন্তু সেগুলি মানুষেরই গুণাবলি এবং সেগুলি হিংসাত্মক প্রবণতা যা আমাদের মনে আসতে পারে তাকে নিয়ন্ত্রণে রাখার মুখ্য চাবিকাঠি।

একজন খ্রীষ্টান হওয়ার পর, পৌল মতভেদগুলি অধিকতর উত্তম উপায়ে সমাধান করতে শিখেছিলেন। আর সেগুলির ভিত্তি ছিল বাইবেলের শিক্ষা। যিহূদীবাদে শিক্ষিত একজন পণ্ডিত হিসাবে পৌল ইব্রীয় শাস্ত্রের সঙ্গে পরিচিত ছিলেন। তিনি নিশ্চয়ই এই শাস্ত্রপদগুলির সঙ্গে পরিচিত ছিলেন: “উপদ্রবীর প্রতি ঈর্ষা করিও না, আর তাহার কোন পথ মনোনীত করিও না।” “যে ক্রোধে ধীর, সে বীর হইতেও উত্তম, নিজ আত্মার শাসনকারী নগর-জয়কারী হইতেও শ্রেষ্ঠ।” “যে আপন আত্মা দমন না করে, সে এমন নগরের তুল্য, যাহা ভাঙ্গিয়া গিয়াছে, যাহার প্রাচীর নাই।” (হিতোপদেশ ৩:৩১; ১৬:৩২; ২৫:২৮) তথাপি, ধর্মান্তরিত হওয়ার আগে সেই জ্ঞান পৌলকে খ্রীষ্টানদের প্রতি হিংস্র হওয়া থেকে বিরত করেনি। (গালাতীয় ১:১৩, ১৪) কিন্তু একজন খ্রীষ্টান হিসাবে, কী পৌলকে সংবেদনশীল বিতর্কিত বিষয়গুলিকে হিংস্র আচরণের দ্বারা সমাধান করার পরিবর্তে যুক্তি ও প্রত্যয় উৎপাদনের দ্বারা মীমাংসা করতে সাহায্য করেছিল?

পৌল আমাদের এক সূত্র দিয়েছিলেন যখন তিনি বলেন: “যেমন আমিও খ্রীষ্টের অনুকারী, তোমরা তেমনি আমার অনুকারী হও।” (১ করি. ১০:৩৪) যীশু খ্রীষ্ট তার জন্য যা করেছেন তা তিনি অত্যন্ত উপলব্ধি করেছিলেন। (১ তীমথিয় ১:১৩, ১৪) খ্রীষ্ট তার কাছে অনুকরণ করার মতো আদর্শ ছিলেন। পাপী মানবজাতির জন্য যীশু কিভাবে দুঃখভোগ করেছিলেন তা তিনি জানতেন। (ইব্রীয় ২:১৮; ৫:৮-১০) মশীহ সম্বন্ধীয় যিশাইয়ের ভাববাণী যে যীশুতে পূর্ণ হয়েছিল পৌল তার সত্যতা সম্বন্ধে বুঝেছিলেন: “তিনি উপদ্রুত হইলেন, তবু দুঃখভোগ স্বীকার করিলেন, তিনি মুখ খুলিলেন না; মেষশাবক যেমন হত হইবার জন্য নীত হয়, মেষী যেমন লোমচ্ছেদকদের সম্মুখে নীরব হয়, সেইরূপ তিনি মুখ খুলিলেন না।” (যিশাইয় ৫৩:৭) প্রেরিত পিতর লিখেছিলেন: “তিনি [যীশু] নিন্দিত হইলে প্রতিনিন্দা করিতেন না; দুঃখভোগ কালে তর্জ্জন করিতেন না, কিন্তু যিনি ন্যায় অনুসারে বিচার করেন, তাঁহার উপর ভার রাখিতেন।”—১ পিতর ২:২৩, ২৪.

পীড়নকর পরিস্থিতিকে যীশু খ্রীষ্ট যেভাবে মোকাবিলা করেছিলেন তার প্রতি উপলব্ধিবোধই পৌলকে পরিবর্তিত হতে প্রেরণা দিয়েছিল। তিনি তার সহবিশ্বাসীদের পরামর্শ দিতে পেরেছিলেন: “পরস্পর সহনশীল হও, এবং যদি কাহাকেও দোষ দিবার কারণ থাকে, তবে পরস্পর ক্ষমা কর; প্রভু যেমন তোমাদিগকে ক্ষমা করিয়াছেন, তোমরাও তেমনি কর।” (কলসীয় ৩:১৩) হিংস্র হওয়ার কোন প্রয়োজন নেই, তা স্বীকার করাই কেবল যথেষ্ট নয়। যিহোবা ও যীশু খ্রীষ্ট আমাদের জন্য যা করেছেন তার প্রতি উপলব্ধিবোধই হিংসাত্মক প্রবণতাগুলি কাটিয়ে ওঠার জন্য আমাদের প্রয়োজনীয় প্রেরণা যোগায়।

এটি কি সম্ভব?

জাপানের একজন ব্যক্তির এইধরনের দৃঢ় প্রেরণার প্রয়োজন ছিল। তার পিতা একজন বদমেজাজী সৈনিক ছিলেন যিনি হিংসাত্মক উপায়ে তার পরিবারের উপর কর্তৃত্ব করতেন। নিজে হিংসাত্মক আচরণের শিকার হওয়ায় এবং মা-কেও একইরকম দুর্দশা ভোগ করতে দেখে এই ব্যক্তি হিংস্র স্বভাব গড়ে তুলেছিলেন। তিনি ভিন্ন আকারের দুটি সামুরাই তলোয়ার সঙ্গে রাখতেন, যা তিনি সমস্যা সমাধান এবং লোকেদের ভয় দেখানোর জন্য ব্যবহার করতেন।

তার স্ত্রী যখন বাইবেল অধ্যয়ন করতে শুরু করেছিলেন তখন তিনি কোন গুরুত্ব না দিয়েই অধ্যয়নে বসতেন। কিন্তু রাজ্যের এই সুসমাচারa নামক পুস্তিকাটি পড়ার পর তিনি পরিবর্তিত হন। কেন? “আমি এই পুস্তিকাটির ‘যীশু খৃষ্ট’ এবং ‘মুক্তির মূল্য’ শিরোনামের বিষয়বস্তু পড়ার সময় লজ্জিত হয়েছিলাম,” তিনি বর্ণনা করেন। “স্বেচ্ছাচারী জীবনযাপন করা সত্ত্বেও, আমি সেই ব্যক্তিদের প্রতি দয়ালু হতে চাইতাম যাদের সঙ্গে আমার মতের মিল ছিল। আমি আমার বন্ধুদের সুখী করে আনন্দ পেতাম কিন্তু কেবল ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ তা আমার নিজের জীবনকে ক্ষতিগ্রস্ত না করে। কিন্তু ঈশ্বরের পুত্র, যীশু সমস্ত মানবজাতির জন্য তাঁর জীবন দান করতে ইচ্ছুক ছিলেন যার মধ্যে আমিও আছি। আমি হতবুদ্ধি হয়ে পড়েছিলাম, মনে হয়েছিল যেন আমাকে হাতুড়ি দিয়ে মারা হয়েছে।”

তিনি তার আগের বন্ধুদের সঙ্গে মেলামেশা করা বন্ধ করে দিয়েছিলেন এবং শীঘ্রই যিহোবার সাক্ষীদের মণ্ডলীতে ঐশিক পরিচর্যা বিদ্যালয়ে নাম তালিকাভুক্ত করেছিলেন। এই বিদ্যালয়, ছাত্রদেরকে অন্যদের কাছে বাইবেল শিক্ষা দেওয়ার কৌশল অর্জন করতে সাহায্য করে। বিদ্যালয়ের প্রশিক্ষণ এই ব্যক্তির জন্য আরও অন্যান্য উপকার এনেছিল। তিনি স্মরণ করেন: “আমি যখন যুবক ছিলাম আমি অন্যদের ভয় দেখাতাম ও হিংস্র ছিলাম, কারণ আমি অন্যদের কাছে আমার অনুভূতি প্রকাশ করতে পারতাম না। কিন্তু যখন আমি আমার চিন্তাভাবনা অন্যদের সঙ্গে আদানপ্রদান করতে শিখেছিলাম, আমি হিংস্র হওয়ার পরিবর্তে তাদের যুক্তি দেখাতে আরম্ভ করেছিলাম।”

তিনি কি পৌলের মতো খ্রীষ্টের পথকে তার নিজের করে নিয়েছিলেন? তার বিশ্বাস পরীক্ষিত হয়েছিল যখন তারই একজন আগের বন্ধু তাকে খ্রীষ্টান হতে বাধা দিয়েছিলেন। এই বন্ধুর সঙ্গে তিনি পরস্পরকে সাহায্য করার এক শপথে আবদ্ধ ছিলেন। তার “বন্ধু” তাকে আঘাত করেছিলেন এবং তার ঈশ্বর যিহোবার নিন্দা করেছিলেন। পূর্বের হিংস্র ব্যক্তিটি নিজেকে সংযত রেখেছিলেন এবং তার শপথ রক্ষা করতে না পারায় ক্ষমা চেয়েছিলেন। হতাশ হয়ে তার “ভাই” তাকে রেখে চলে গিয়েছিলেন।

পূর্বের এই রাগী ব্যক্তি, হিংসাত্মক প্রবণতাগুলিকে জয় করার দ্বারা অনেক আধ্যাত্মিক ভাইবোন পেয়েছিলেন যারা ঈশ্বর ও প্রতিবেশীর প্রতি প্রেম দেখানোর ক্ষেত্রে ঐক্যবদ্ধ। (কলসীয় ৩:১৪) বাস্তবে, একজন উৎসর্গীকৃত খ্রীষ্টান হওয়ার প্রায় ২০ বছরেরও বেশি সময় পরে তিনি বর্তমানে যিহোবার সাক্ষীদের ভ্রমণ অধ্যক্ষ হিসাবে সেবা করছেন। পাশবিক মেজাজের মানুষেরাও যে তার মতো দৌরাত্ম্য ছাড়া মতভেদের মীমাংসা করতে শিখতে পারেন, তা বাইবেল থেকে দেখাতে পারা তাকে কী আনন্দিতই না করে! আর ভবিষ্যদ্বাণীমূলক এই বাক্যগুলির মহান পরিপূর্ণতা সম্বন্ধে বলা তার জন্য খুবই বড় এক সুযোগ: “সে সকল আমার পবিত্র পর্ব্বতের কোন স্থানে হিংসা কিম্বা বিনাশ করিবে না; কারণ সমুদ্র যেমন জলে আচ্ছন্ন, তেমনি পৃথিবী সদাপ্রভু-বিষয়ক জ্ঞানে পরিপূর্ণ হইবে”!—যিশাইয় ১১:৯.

প্রেরিত পৌল এবং পূর্বের এই হিংস্র ব্যক্তির মতো আপনিও, বিরক্তির উদ্রেক করে এমন পরিস্থিতি এবং বিভিন্ন সমস্যা শান্তিপূর্ণভাবে সমাধান করতে পারেন। আপনার এলাকার যিহোবার সাক্ষীরা আপনাকে সাহায্য করতে আনন্দিত হবেন।

[পাদটীকাগুলো]

a ওয়াচটাওয়ার বাইবেল অ্যান্ড ট্র্যাক্ট সোসাইটি দ্বারা প্রকাশিত।

[৫ পৃষ্ঠার ব্লার্ব]

পৌল বাস্তববাদী ছিলেন। তিনি জানতেন যে এমনকি খ্রীষ্টানদের মধ্যেও প্রচণ্ডরূপে আবেগ কাজ করতে পারে

[৭ পৃষ্ঠার চিত্র]

ঈশ্বর আমাদের জন্য যা করেছেন, তার প্রতি উপলব্ধিবোধ শান্তিপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে অবদান রাখে

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার