আধুনিক গ্রীক ভাষায় একটি নতুন বাইবেল
গ্রিসে যারা “ঈশ্বরের বাক্যে বিশ্বাস” জেলা সম্মেলনে মিলিত হয়েছিলেন তাদের জন্য ১৯৯৭ সালের ২৩শে আগস্ট ছিল একটি বিশেষ দিন। দুপুরের অধিবেশন শেষ হওয়ার আগে, একটি নতুন বাইবেল প্রকাশ করা হয়েছিল—আধুনিক গ্রীক ভাষায় পবিত্র শাস্ত্রের নতুন জগৎ অনুবাদ। বিস্ময়াভিভূত শ্রোতারা আনন্দাশ্রু সহকারে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আনন্দধ্বনি করার দ্বারা সাড়া দিয়েছিলেন!
১৯০৫ সাল থেকে, যিহোবার সাক্ষীরা একজন গ্রীক অর্থোডক্স পাদ্রি কর্তৃক প্রকাশিত একটি ঊনবিংশ শতাব্দীর বাইবেল অনুবাদ ব্যবহার করে আসছিলেন। এই বাইবেলটি অনেক বছর ধরে তাদের জন্য অত্যন্ত সহায়ক ছিল। কিন্তু, কিছু সময় ধরে যিহোবার সাক্ষীরা এমন একটি বাইবেল অনুবাদের প্রয়োজন অনুভব করেছিলেন যা আরও বেশি সঠিক এবং সহজবোধ্য হবে। ১৯৯৩ সালে, তারা খ্রীষ্টীয় গ্রীক শাস্ত্রের নতুন জগৎ অনুবাদ এর গ্রীক সংস্করণটি পেয়ে আনন্দিত হয়েছিলেন। কিন্তু, এখন তারা সম্পূর্ণ বাইবেলটি আধুনিক গ্রীক ভাষায় পেয়ে অত্যন্ত আনন্দিত।
একজন উপলব্ধিপূর্ণ সাক্ষী এই নতুন জগৎ অনুবাদ-কে “একটি কবিতা, যিহোবার কণ্ঠস্বর বহনকারী এক মৃদু হাওয়া যা প্রথমবারের মত আমরা আমাদের নিজেদের ভাষায় পেয়েছি ও স্পষ্টভাবে বুঝতে পারছি” বলে উল্লেখ করেছিলেন। কয়েকজন তাদের ঘরে পৌঁছানো মাত্রই নতুন বাইবেলটি পড়তে শুরু করেছিলেন। সম্মেলনে যোগদানকারী একজন রোমাঞ্চিত ব্যক্তি রাত একটা পর্যন্ত তার বাইবেলটি ছেড়ে উঠতে পারেননি, যতক্ষণ পর্যন্ত না তিনি সম্পূর্ণ ইয়োব পুস্তকটি পড়া শেষ করেছিলেন!
গ্রীক ভাষায় পবিত্র শাস্ত্রের নতুন জগৎ অনুবাদ প্রায় সাত বছরের অধ্যবসায়ী কাজের ফল। একটি চিঠিতে বলা হয়েছিল: “আপনি নিশ্চিত হতে পারেন যে নতুন জগৎ অনুবাদ-টি আন্তরিক ব্যক্তিদের যিহোবা সম্বন্ধে জানতে সাহায্য করার ক্ষেত্রে অত্যন্ত সহযোগিতা করতে যাচ্ছে।”