একটি কাজ যা “প্রকৃতই সম্মান পাওয়ার যোগ্য”
প্রেরিত পিতর তার সহ খ্রীষ্টানদের পরামর্শ দিয়েছিলেন: “পরজাতীয়দের মধ্যে আপন আপন আচার ব্যবহার উত্তম করিয়া রাখ; তাহা হইলে তাহারা যে বিষয়ে দুষ্কর্ম্মকারী বলিয়া তোমাদের পরীবাদ করে, স্বচক্ষে তোমাদের সৎক্রিয়া দেখিলে সেই বিষয়ে তত্ত্বাবধানের দিনে ঈশ্বরের গৌরব করিবে।” (১ পিতর ২:১২) অনেক বছর ধরে ইতালিতে যিহোবার সাক্ষীরা প্রকাশ্যে এইধরনের উত্তম আচরণ দেখিয়ে এসেছেন। “ছাদের উপরে প্রচার করিও,” যীশুর এই নির্দেশের সঙ্গে মিল রেখে তারা তাদের সমস্ত খ্রীষ্টীয় কার্যাবলি প্রকাশ্যে, লোকচক্ষুর সামনে করে থাকেন। (মথি ১০:২৭; যোহন ১৮:২০) ফলস্বরূপ, যখন একজন ইতালিয় উকিল ও একজন যাজক অভিযোগ করেছিলেন যে যিহোবার সাক্ষীরা “ছদ্মধর্মীয় এক সম্প্রদায়” এবং তারা “লোকেদের জন্য ফাঁদস্বরূপ গুপ্ত সমাজগুলির” অন্তর্ভুক্ত, তখন সাক্ষীরা তাদের প্রতি এইধরনের মানহানিকর মন্তব্যগুলির কারণে আইনের আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।
প্রথম বিচারে আদালত এই রায় দিয়েছিল যে উকিল ও যাজক কোন আইনই ভঙ্গ করেননি। কিন্তু ১৯৯৭ সালের ১৭ই জুলাই ভেনিসের উচ্চ আদালত উভয় প্রতিপক্ষের দোষ দেখিয়ে প্রথম আদালতের রায়কে বাতিল করে দেয়। উচ্চ আদালত উল্লেখ করেছিল: “প্রকাশিত দুটি প্রবন্ধেই এমন বাক্য ও শব্দ লেখা হয়েছে যা নিঃসন্দেহে ‘যিহোবার সাক্ষীদের’ ধর্ম অনুসরণকারীদের সুনামকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এটি স্পষ্ট যে প্রবন্ধ দুটির উদ্দেশ্য হল এই ধর্মের অনুসরণকারীদের, জনসাধারণের কাছে ঘৃণার পাত্র করে তোলা।” আদালত আরও উল্লেখ করেছিল যে প্রবন্ধ দুটির বিষয় “আদালতে পেশ করা এবং বিচার পাওয়ার জন্য বৈধ অধিকার দাবি করতে পারে না।” আদালত এই দুই অভিযোগকারীর জরিমানা করেছিল ও দুটি মামলার জন্য সাক্ষীদের আইনসংক্রান্ত খরচ সহ আদালতের সমস্ত খরচ পরিশোধ করতে আদেশ দিয়েছিল।
ভেনিসের উচ্চ আদালত তাদের লিখিত রায়ে জানিয়েছিল: “কেবল [ইতালিয়] সংবিধান প্রদত্ত সমস্ত অধিকারকে নিরপেক্ষভাবে প্রয়োগ ও সেগুলি রক্ষা করার মাধ্যমেই এইধরনের অসহনীয় ও ধর্মীয় গোঁড়ামী রোধ করা যায়।” গৃহীত রায় স্বীকার করে যে যিহোবার সাক্ষীদের কার্যকলাপ গুপ্ত কিংবা ছদ্মধর্মীয় কোনটিই নয়। আদালত উল্লেখ করে “সাক্ষীদের গুপ্ত সমাজগুলির অন্তর্ভুক্ত করা ঐতিহাসিক সত্যের সঙ্গে খাপ খায় না কারণ এই স্বীকৃত ধর্মটি অনেক দেশে বর্তমান এবং বিশেষ করে রবিবার এবং অন্য ছুটির দিনগুলিতে এর সদস্যদের ব্যাপক প্রচার কাজ সুপরিচিত আর তাদের প্রচেষ্টা সম্মান পাওয়ার যোগ্য, তা প্রচারিত মতবাদ সম্বন্ধে একজন যাই ভেবে থাকুন না কেন।” তাই ইতালিতে যিহোবার সাক্ষীদের উদ্যোগী প্রচার ও উদাহরণযোগ্য আচরণ তাদের বিরুদ্ধে প্রতিকূল ধারণা ছড়ানোকে রোধ করতে সাহায্য করেছে।—মথি ৫:১৪-১৬; ১ পিতর ২:১৫.