উত্তম আচরণ প্রশংসা নিয়ে আসে
ইতালীয় সংবাদপত্র লা গাজেট্টা ডেল মেজ্জোজিয়র্নো “মাটেরা—গুহাবাসীদের অদ্বিতীয় শহর” নামক প্রবন্ধটি প্রকাশের জন্য যিহোবার সাক্ষীদের প্রশংসা করেছিল। এই প্রবন্ধটি সচেতন থাক! (ইংরাজি) পত্রিকার জুলাই ৮, ১৯৯৭ সংখ্যাটিতে প্রকাশিত হয়েছিল, যেটি বহু ভাষায় ব্যাপকভাবে বিতরণ করা হয়েছিল। সচেতন থাক! পত্রিকাটি সম্প্রতি ৮১টি ভাষায় অনুবাদ এবং পৃথিবীব্যাপী ১ কোটি ৯০ লক্ষেরও বেশি প্রতিলিপি বিতরণ করা হচ্ছে। সংবাদপত্রটি মন্তব্য করেছিল যে “[মাটেরা] শহরের ঐতিহাসিক ও শৈল্পিক ঐতিহ্যকে উন্নত করতে বিজ্ঞাপন অভিযানে” সচেতন থাক! পত্রিকাটি এই গ্রীষ্মে অনতিক্রম্য নজির স্থাপন করেছিল।
সংবাদপত্রটি ১৯৯৭ সালে মাটেরায় অনুষ্ঠিত “ঈশ্বরের বাক্যে বিশ্বাস” জেলা সম্মেলনের বিষয়ে সাক্ষীদের প্রশংসা করেছিল। প্রবন্ধটি উল্লেখ করেছিল যে সাক্ষীরা “গ্রীষ্মের মাঝামাঝি সময়ে উত্তপ্ত সূর্যের নিচে [শহরের] একবিংশ সেটেমব্রে স্টেডিয়ামে ৪,০০০ জনকে” একত্রিত করতে পেরেছিলেন; তারা সম্পূর্ণভাবে বিনামূল্যে পরিষ্কার করার, পুনরায় রঙ করার এবং এই খেলার কেন্দ্রের সুযোগসুবিধাগুলির (বিশেষ করে শৌচাগারের) মৌলিক উন্নয়ন সাধনের দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং প্রয়োজনীয় বস্তু কেনার জন্য নিজেরা খরচ বহন করেছিলেন।”
যিহোবার সাক্ষীরা উত্তম প্রতিবেশী হতে চেষ্টা করেন। (মথি ২২:৩৭-৩৯) এছাড়াও তারা শাস্ত্রীয় এই উপদেশটি অনুসরণ করেন: “আর পরজাতীয়দের মধ্যে আপন আপন আচার ব্যবহার উত্তম করিয়া রাখ; তাহা হইলে . . . স্বচক্ষে তোমাদের সৎক্রিয়া দেখিলে সেই বিষয়ে তত্ত্বাবধানের দিনে ঈশ্বরের গৌরব করিবে।”—১ পিতর ২:১২.