সম্পদশালী ও প্রজ্ঞাবান এক রাজা
আপনি কি মনে করেন যে ধন আপনাকে সুখী করবে? কেউ যদি আপনাকে মোটা অঙ্কের কিছু টাকা দেন আপনি কি সন্তুষ্ট হবেন না? অবশ্যই আপনি হবেন। আর সম্ভবত আপনি তা খরচ করার উপায়গুলি সম্বন্ধে চিন্তা করবেন।
সর্বোপরি, জীবনকে আরও আরামদায়ক ও উপভোগ্য করে তোলার জন্য ক্রয় করার মত প্রচুর জিনিস রয়েছে। এছাড়াও অর্থ অপ্রত্যাশিত সমস্যাগুলি যেমন, রোগ ও বেকারত্বের সময় “আশ্রয় বটে।”—উপদেশক ৭:১২.
কিন্তু অর্থ ও সুখের মধ্যে সম্পর্ক কী? অনেকের মত আপনিও কি মনে করেন যে সুখ সম্পদের একটি উপজাত দ্রব্য? এই প্রশ্নগুলির উত্তর খুঁজে পাওয়া হয়ত কঠিন হতে পারে কারণ অর্থ সহজেই পরিমাপ অথবা গণনা করা যায় কিন্তু সুখকে পরিমাপ করা যায় না। আপনি কখনও সুখকে একটি তুলাদণ্ডে রেখে ওজন করতে পারবেন না।
তবুও, কিছু ধনী ব্যক্তিদের দেখে সুখী বলে মনে হলেও অন্যান্যেরা রয়েছেন যারা দুঃখী। যারা দরিদ্র তাদের ক্ষেত্রেও এই বিষয়টি সত্য। কিন্তু অধিকাংশ লোকেরা—এমনকি যারা ইতিমধ্যেই সম্পদশালী—মনে করেন যে আরও অর্থ তাদের জন্য আরও বেশি সুখ নিয়ে আসবে।
প্রাচীন ইস্রায়েলের রাজা শলোমন ছিলেন একজন ব্যক্তি যিনি এই বিষয়গুলি সম্বন্ধে লিখেছিলেন। সর্বকালের ধনী ব্যক্তিদের মধ্যে তিনি একজন। বাইবেলের বই প্রথম রাজাবলির ১০ম অধ্যায়ে আপনি তার প্রচুর সম্পদের এক বিবরণ সম্বন্ধে পড়তে পারেন। উদাহরণস্বরূপ, লক্ষ্য করুন যে ১৪ পদটি উল্লেখ করে: “এক বৎসর মধ্যে শলোমনের কাছে ছয় শত ছেষট্টি তালন্ত পরিমিত স্বর্ণ আসিত।” (বাঁকা অক্ষরে মুদ্রণ আমাদের।) সংখ্যাটি ২৫ টন সোনার সমতুল্য। আজকে এই পরিমাণ সোনার মূল্য ২০ কোটি মার্কিন ডলারেরও বেশি!
কিন্তু শলোমন কেবলমাত্র ধনীই ছিলেন না; তিনি ঈশ্বরের কাছ থেকে প্রাপ্ত প্রজ্ঞা দ্বারা আশীর্বাদপ্রাপ্ত ছিলেন। বাইবেল বর্ণনা করে: “ঐশ্বর্য্যে ও জ্ঞানে শলোমন রাজা পৃথিবীস্থ সকল রাজার মধ্যে প্রধান হইলেন। আর ঈশ্বর শলোমনের চিত্তে যে জ্ঞান দিয়াছিলেন, তাঁহার সেই জ্ঞানের উক্তি শুনিবার জন্য সর্ব্বদেশীয় লোক তাঁহার সহিত সাক্ষাৎ করিতে চেষ্টা করিত।” (১ রাজাবলি ১০:২৩, ২৪) যেহেতু তার লেখাগুলি বাইবেল নথির এক অংশ হয়ে রয়েছে, শলোমনের প্রজ্ঞা থেকে আমরাও উপকৃত হতে পারি। আসুন আমরা দেখি যে সম্পদ ও সুখের মধ্যে বিদ্যমান সম্পর্ক সম্বন্ধে তার কী বলার ছিল।
[৩ পৃষ্ঠার চিত্র সৌজন্যে]
Reproduced from Die Heilige Schrift - Übersetzt von Dr. Joseph Franz von Allioli. Druck und Verlag von Eduard Hallberger, Stuttgart