“জোরালো ও দৃঢ়প্রত্যয়-উৎপাদক”
“আগামীকাল থেকে আমি প্রচার কাজে এটি ব্যবহার করব, কেননা এর মধ্যে যে যুক্তিগুলি রয়েছে তা প্রকৃতই জোরালো ও দৃঢ়প্রত্যয়-উৎপাদক,” ফ্রান্স থেকে একজন যিহোবার সাক্ষী লিখেছিলেন। যুক্তরাষ্ট্র থেকে একজন সাক্ষী লিখেছিলেন: “আমি তৎক্ষণাৎ এটি পড়ি আর তারপর ক্ষেত্রের পরিচর্যায় তা ব্যবহার করার জন্য অপেক্ষা করতে পারিনি, যেহেতু আমরা এমন অনেক লোকেদের সাক্ষাৎ পাই যারা উদাসীন ও যাদের বাইবেলের উপর আস্থা নেই।” তারা কোন্ বিষয়ে বর্ণনা করছিলেন? সমস্ত লোকের জন্য একটি পুস্তক (ইংরাজি) নামক ৩২ পৃষ্ঠার ব্রোশার, যেটি ১৯৯৭/৯৮ সালের “ঈশ্বরের বাক্যে বিশ্বাস” জেলা সম্মেলনগুলিতে ওয়াচ টাওয়ার সোসাইটির দ্বারা প্রকাশিত হয়েছিল।
এক বিশেষ শ্রেণীর পাঠকদের কথা স্মরণে রেখে এই প্রকাশনাটি প্রস্তুত করা হয়েছিল—যারা হয়ত শিক্ষিত কিন্তু বাইবেল সম্বন্ধে খুবই অল্প জানেন। এইধরনের অনেক ব্যক্তিদের বাইবেল সম্বন্ধে নির্দিষ্ট মতামত রয়েছে, যদিও ব্যক্তিগতভাবে তারা কখনও এটি পড়েননি। ব্রোশারটির উদ্দেশ্য হল পাঠককে এই বিষয়ে প্রত্যয়ী করা যে বাইবেল অন্ততপক্ষে পরীক্ষার যোগ্য। বাইবেল যে ঈশ্বর অনুপ্রাণিত সেই দৃষ্টিভঙ্গি গ্রহণ করার জন্য এই ব্রোশারটি পাঠককে জোর করে না। পরিবর্তে, এটি ঘটনাগুলিকে স্বপক্ষ সমর্থন করতে দেয়। এর বাক্যগুলি আড়ম্বরপূর্ণ নয় বরং তা স্পষ্ট ও অকপট।
উপরে উদ্ধৃত মন্তব্যগুলি যেমন ইঙ্গিত করে, সম্মেলনগুলিতে উপস্থিতবৃন্দেরা তাদের ক্ষেত্রের পরিচর্যায় এই ব্রোশারটি ব্যবহার করার জন্য আকুল আকাঙ্ক্ষী ছিলেন। উদাহরণস্বরূপ, ফ্রান্সে ২৩ ও ২৪শে আগস্ট এক বিশেষ সাক্ষ্যদান অভিযান সংগঠিত করা হয়েছিল যখন জগতের চতুর্দিক থেকে শত সহস্র যুবক-যুবতী পরিদর্শনকারী বিশ্ব যুব দিবস উপলক্ষ্যে প্যারিসে একত্রিত হয়েছিলেন। প্রায় ২,৫০০ জন সাক্ষী (অধিকাংশেরই বয়স ১৬ থেকে ৩০ বছর) ইংরাজি, ইতালীয়, জার্মান, পোলিস, ফ্রান্স, ও স্প্যানিশ ভাষায় এই ব্রোশারটির ১৮,০০০ কপি অর্পণ করেছিলেন।
আসুন আমরা অবশ্যই, সমস্ত লোকের জন্য একটি পুস্তক এই ব্রোশারটি আমাদের ক্ষেত্র পরিচর্যায় ব্যবহার করি। এই প্রকাশনাটি যুক্তিবাদী লোকেদের মধ্যে এই দৃঢ়প্রত্যয়-উৎপাদনের ক্ষেত্রে মূল্যবান প্রমাণিত হোক যে তাদের ব্যক্তিগতভাবে বাইবেল পরীক্ষা করা উচিত।