তারা তাদের নাম বিখ্যাত করেননি
বাইবেল, বাবিলের কুখ্যাত উচ্চ দুর্গটির নির্মাতাদের নাম দেয় না। বিবরণটি জানায়: “পরে তাহারা কহিল, আইস, আমরা আপনাদের নিমিত্তে এক নগর ও গগনস্পর্শী এক উচ্চগৃহ নির্ম্মাণ করিয়া আপনাদের নাম বিখ্যাত করি, পাছে সমস্ত ভূমণ্ডলে ছিন্নভিন্ন হই।” (বাঁকা অক্ষরে মুদ্রণ আমাদের।)—আদিপুস্তক ১১:৪.
“তাহারা” কারা ছিলেন? এই ঘটনাটি জলপ্লাবনের প্রায় ২০০ বছর পরে ঘটেছিল। প্রায় ৮০০ বছর বয়স্ক নোহ তখনও তার হাজার হাজার বংশধরদের মাঝে জীবিত ছিলেন। তারা সকলে একই ভাষায় কথা বলতেন এবং সেই সাধারণ স্থান যেখানে তিনি ও তার পুত্রেরা জলপ্লাবনের পর বসতি স্থাপন করেছিলেন সেখানে একসাথে বসবাস করতেন। (আদিপুস্তক ১১:১) কালক্রমে, এক সময়ে এই বর্ধিত জনসংখ্যার একটি অংশ পূর্বদিকে অগ্রসর হয়েছিলেন এবং ‘শিনিয়র দেশে এক সমস্থলী পেয়েছিলেন।’—আদিপুস্তক ১১:২.
চরম ব্যর্থতা
এটি সেই উপত্যকা যেখানে দলটি ঈশ্বরের বিপক্ষে বিদ্রোহ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তা কিভাবে? যিহোবা ঈশ্বর তাঁর উদ্দেশ্য প্রকাশ করেছিলেন যখন তিনি প্রথম মানব দম্পতিকে আজ্ঞা দিয়েছিলেন “তোমরা প্রজাবন্ত ও বহুবংশ হও, এবং পৃথিবী পরিপূর্ণ . . . কর।” (আদিপুস্তক ১:২৮) এটি জলপ্লাবনের পর নোহ এবং তার পুত্রদের কাছে পুনরাবৃত্ত হয়েছিল। ঈশ্বর তাদের নির্দেশ দিয়েছিলেন: “তোমরা প্রজাবন্ত ও বহুবংশ হও, পৃথিবীকে প্রাণিময় কর, ও তন্মধ্যে বর্দ্ধিষ্ণু হও।” (আদিপুস্তক ৯:৭) যিহোবার নির্দেশনার বিরুদ্ধে লোকেরা একটি নগর নির্মাণ করেছিলেন যাতে তারা “সমস্ত ভূমণ্ডলে ছিন্নভিন্ন” হয়ে না যায়।
এছাড়াও সেই সকল লোকেরা তাদের “নাম বিখ্যাত” করার উদ্দেশ্যে একটি উচ্চ দুর্গ নির্মাণ করতে শুরু করেছিলেন। কিন্তু তাদের প্রত্যাশার বিপরীতে, তারা উচ্চ দুর্গটির নিমার্ণের কাজ শেষ করেননি। বাইবেলের বিবরণী দেখায় যে যিহোবা তাদের ভাষা ভেদ করে দিয়েছিলেন যাতে তারা একজন অন্যজনের কথা বুঝতে না পারেন। “আর” অনুপ্রাণিত বিবরণটি বলে, “সদাপ্রভু তথা হইতে সমস্ত ভূমণ্ডলে তাহাদিগকে ছিন্নভিন্ন করিলেন, এবং তাহারা নগর পত্তন হইতে নিবৃত্ত হইল।”—আদিপুস্তক ১১:৭, ৮.
এই উদ্যোগের সম্পূর্ণ ব্যর্থতা এই সত্যকে তুলে ধরে যে নির্মাতাদের নাম কখনও “বিখ্যাত,” কিংবা সুবিদিত হয়ে ওঠেনি। প্রকৃতপক্ষে, তাদের নামগুলি অজানা রয়েছে এবং তা মানব ইতিহাস থেকে মুছে গিয়েছে। কিন্তু নোহের প্রপৌত্র, নিম্রোদের সম্বন্ধে কী বলা যায়? তিনি কি ঈশ্বরের বিপক্ষে এই বিদ্রোহের অধিনায়ক ছিলেন না? তার নাম কি সুবিদিত নয়?
নিম্রোদ—এক উদ্ধত বিদ্রোহী
নিঃসন্দেহে, নিম্রোদ দলীয় নেতা ছিলেন। আদিপুস্তক ১০ অধ্যায় তাকে “সদাপ্রভুর সাক্ষাতে পরাক্রান্ত ব্যাধ” হিসাবে উপস্থাপন করে। (আদিপুস্তক ১০:৯) শাস্ত্রাবলি আরও বলে যে “তিনি পৃথিবীতে পরাক্রমী হইতে লাগিলেন।” (আদিপুস্তক ১০:৮) নিম্রোদ একজন যোদ্ধা এবং দৌরাত্ম্যপূর্ণ ব্যক্তি ছিলেন। জলপ্লাবনের পর তিনিই প্রথম মানব শাসক হয়েছিলেন এবং নিজেকে রাজা হিসাবে নিযুক্ত করেছিলেন। নিম্রোদ একজন নির্মাতাও ছিলেন। বাইবেল তাকে বাবিল সহ আটটি নগরের প্রতিষ্ঠাতা হিসাবে স্বীকৃতি প্রদান করে।—আদিপুস্তক ১০:১০-১২.
অতএব, নিম্রোদ—ঈশ্বরের একজন বিপক্ষ, বাবিলের রাজা এবং নগরের নির্মাতা—নিশ্চিতভাবে বাবিলের উচ্চ দুর্গ নির্মাণ করার কাজে অংশ নিয়েছিলেন। তিনি কি নিজের নাম বিখ্যাত করেননি? নিম্রোদ নামটি সম্পর্কে, প্রাচ্যভাষাবিদ্ ই. এফ. সি. রোজেনমূলার লিখেছিলেন: “[ম্যারাড] থেকে নিম্রোদ নামটি দেওয়া হয়েছিল, যার ইব্রীয় অর্থ অনুযায়ী ‘তিনি বিদ্রোহী হয়েছিলেন’, ‘তিনি বশ্যতা অস্বীকার করেছিলেন।’” পরে রোজেনমূলার ব্যাখ্যা করেন যে “প্রাচ্যদেশবাসীদের মধ্যে বেশির ভাগ সময় বিশিষ্ট ব্যক্তিদের তাদের মৃত্যুর পর অর্পিত নামগুলি ধরে ডাকার প্রচলন রয়েছে যা কখনও কখনও, নাম ও কৃত কাজের মধ্যে আশ্চর্যজনক মিল থেকে এসেছে।”
নিম্রোদ নামটি যে জন্মের সময় দেওয়া কোন নাম নয় সেই মতামতটির সাথে বেশ কয়েকজন পণ্ডিত ব্যক্তি ঐক্যমত পোষণ করেন। অধিকন্তু, তারা মনে করেন যে এই নামটি তার বিদ্রোহাত্মক চরিত্র প্রকাশ হওয়ার পর এর সাথে মিল রেখে পরবর্তী সময়ে দেওয়া হয়েছিল। উদাহরণস্বরূপ সি. এফ. কিল জানান: “[ম্যারাড] থেকে আসা নিম্রোদ, ‘আমরা বিদ্রোহ করব,’ নামটি স্বয়ং ঈশ্বরের বিপক্ষে কোনও দৌরাত্ম্যপূর্ণ বিরোধিতাকে নির্দেশ করে। এটি এতই বৈশিষ্ট্যপূর্ণ যে তা শুধু তার সময়কালীন লোকেরাই দিতে পারতেন আর এভাবে তা এক ব্যক্তিগত নামে পরিণত হয়েছে।” একটি পাদটীকায় কিল ঐতিহাসিক যেকোব পেরিজোনিয়াস যেমন লিখেছেন সেটি এইভাবে উদ্ধৃত করেন: “আমি মনে করি যে এই ব্যক্তিটি [নিম্রোদ], এক দুর্দান্ত ব্যাধ হওয়ায় ও একদল সহকারী দ্বারা পরিবেষ্টিত থাকায়, অবশিষ্ট ব্যক্তিদের বিদ্রোহী হতে উদ্দীপ্ত করার লক্ষ্যে সব সময় তার মুখে এই কথা থাকত ও দ্বিরুক্ত হত ‘নিম্রোদ, নিম্রোদ’ যার অর্থ হল ‘এসো আমরা বিদ্রোহ করি!’ ‘এসো আমরা বিদ্রোহ করি!’ এইজন্য, পরবর্তী সময়ে, অন্যান্যদের দ্বারা এমনকি স্বয়ং মোশি তাকে ব্যক্তিগত নাম হিসাবে সেই শব্দের মাধ্যমে আখ্যায়িত করেছিলেন।”
স্পষ্টতই, নিম্রোদ নিজের নামটি বিখ্যাত করেননি। তার জন্মগত নামটি আপাতদৃষ্টিতে অজ্ঞাত রয়ে যায়। এটি ইতিহাস থেকে মুছে গিয়েছে ঠিক অন্যান্যদের নামের মত যারা তার নেতৃত্ব অনুসরণ করেছিলেন। তার নাম বহন করার জন্য তিনি কোন বংশ রেখে যাননি। গৌরব ও খ্যাতি লাভ করার পরিবর্তে তিনি দুর্নাম নিয়ে গিয়েছেন। নিম্রোদ নামটি চিরকালের জন্য তাকে এক উদ্ধত বিদ্রোহী হিসাবে চিহ্নিত করেছে যিনি নির্বোধভাবে যিহোবা ঈশ্বরের প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।