ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৮ ৩/১ পৃষ্ঠা ২০-২৪
  • এক শক্তিশালী খ্রীষ্টীয় উত্তরাধিকারের জন্য কৃতজ্ঞ

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • এক শক্তিশালী খ্রীষ্টীয় উত্তরাধিকারের জন্য কৃতজ্ঞ
  • ১৯৯৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • বাইবেল সত্যের জন্য বাবার উদ্যোগ
  • যুদ্ধের বছরগুলির প্রতিদ্বন্দ্বিতা
  • উত্তর দেওয়ার জন্য প্রস্তুত
  • এক অপ্রত্যাশিত আমন্ত্রণ
  • মিশনারী কার্যভার
  • কার্যভারের পরিবর্তন
  • নাইজেরিয়ায় কাজ
  • আমাদের আশার দ্বারা সংরক্ষিত হওয়া
  • যুদ্ধ ও শান্তির সময়কালে যিহোবার কাছ থেকে আমরা সাহস পেয়েছি
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২৪
  • যিহোবা আমার আশ্রয় ও বল
    ২০০০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • পূর্ণ-সময় সেবা করে—আমরা যিহোবাকে ধন্যবাদ দিয়েছি!
    ২০০০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • যিহোবা আমাকে তাঁর ইচ্ছা পালন করার জন্য শিক্ষা দিয়েছেন
    ২০১২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
১৯৯৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৮ ৩/১ পৃষ্ঠা ২০-২৪

এক শক্তিশালী খ্রীষ্টীয় উত্তরাধিকারের জন্য কৃতজ্ঞ

গুয়েন গুচ দ্বারা কথিত

বিদ্যালয়ে আমি একটি স্তোত্র গান করতাম, যার শব্দগুলি ছিল ‘মহান যিহোবা আপন মহিমায় সিংহাসনে বিরাজমান।’ আমি প্রায়ই ভাবতাম ‘এই যিহোবা কে?’

আমার ঠাকুমা-ঠাকুরদাদা ঈশ্বর ভয়শীল ছিলেন। এই শতাব্দীর প্রথমদিকে তারা বাইবেল ছাত্রদের সাথে মেলামেশা করতেন যে নামে যিহোবার সাক্ষীরা তখন পরিচিত ছিলেন। আমার বাবা একজন সফল ব্যবসায়ী ছিলেন কিন্তু তিনি তার তিন সন্তানের কাছে প্রথমে সেই খ্রীষ্টীয় উত্তরাধিকার প্রদান করেননি যা তাকে দেওয়া হয়েছিল।

যখন বাবা আমার দাদা ডগলাস, আমার বোন অ্যান ও আমাকে তাঁর কার্যাবলী (ইংরাজি) এবং ঈশ্বর কে? (ইংরাজি) নামক পুস্তিকা দুটি দিয়েছিলেন, কেবল তখনই আমি জেনেছিলাম যে যিহোবা হল সত্য ঈশ্বরের নাম। (গীতসংহিতা ৮৩:১৮) আমি রোমাঞ্চিত হয়েছিলাম! কিন্তু কোন্‌ বিষয়টি বাবার উৎসাহকে পুনরুদ্দীপিত করেছিল?

যখন ১৯৩৮ সালে বাবা জাতিগুলিকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে দেখেছিলেন, তিনি উপলব্ধি করেছিলেন যে জগতের সমস্যাগুলির সমাধানের জন্য মনুষ্য প্রচেষ্টার চেয়ে আরও বেশি কিছুর প্রয়োজন। ঠাকুমা তাকে যিহোবার সাক্ষীদের দ্বারা প্রকাশিত শত্রু (ইংরাজি) নামক বইটি দিয়েছিলেন। এটি পড়ে তিনি জেনেছিলেন যে মানবজাতির প্রকৃত শত্রু হল শয়তান দিয়াবল আর একমাত্র ঈশ্বরের রাজ্যই বিশ্বশান্তি আনতে পারে।a—দানিয়েল ২:৪৪; ২ করিন্থীয় ৪:৪.

যুদ্ধ যতই নিকটবর্তী হচ্ছিল, আমাদের পরিবার উত্তর লন্ডনের উড গ্রীনে যিহোবার সাক্ষীদের কিংডম হলে সভাগুলিতে উপস্থিত হতে শুরু করেছিল। ১৯৩৯ সালের জুন মাসে আমরা নিকটস্থ আলেকজান্দ্রা প্যালেসে ওয়াচ টাওয়ার সোসাইটির তৎকালীন সভাপতি যোষেফ এফ. রাদারফোর্ডের দেওয়া “সরকার ও শান্তি” নামক জনসাধারণের বক্তৃতাটি শুনতে গিয়েছিলাম। নিউ ইয়র্ক শহরের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে দেওয়া রাদারফোর্ডের বক্তৃতাটি বেতারে লন্ডন ও অন্যান্য প্রধান শহরগুলিতে সম্প্রচার করা হয়েছিল। আমরা এত স্পষ্টভাবে সেই বক্তৃতাটি শুনতে পেয়েছিলাম যে যখন এক উচ্ছৃঙ্খল জনতা নিউ ইয়র্কে বিক্ষোভের সৃষ্টি করেছিল আমি চারিদিকে তাকিয়ে দেখেছিলাম যে তা আমাদের মিলনায়তনে ঘটছে কি না!

বাইবেল সত্যের জন্য বাবার উদ্যোগ

বাবা দৃঢ়ভাবে নিয়ম করেছিলেন যে প্রতি শনিবার সন্ধ্যাবেলা আমাদের সম্পূর্ণ পরিবার একসাথে বাইবেল অধ্যয়নে অংশ নেবে। পরের দিন আলোচনা করার জন্য প্রহরীদুর্গ-এ তালিকাবদ্ধ বাইবেল-ভিত্তিক বিষয়টি আমাদের অধ্যয়নের নির্ধারিত বিষয় ছিল। আমাদের উপর এই অধ্যয়নগুলির যে প্রভাব ছিল তার উদাহরণ দিতে গিয়ে বলতে হয় যে যিহোশূয় ও অয় শহরের অবরোধ সম্বন্ধীয় বিবরণ যেটি ১৯৩৯ সালের ১লা মে প্রহরীদুর্গ-এ (ইংরাজি) আলোচিত হয়েছিল তা আজও আমার মনে জীবন্ত। আমি সেই বিবরণের প্রতি এতই কৌতূহলী হয়ে পড়েছিলাম যে আমি এটি সম্বন্ধে সমস্ত উল্লেখ আমার নিজস্ব বাইবেল থেকে পরীক্ষা করেছিলাম। এইধরনের গবেষণা আমার কাছে খুবই আকর্ষণীয় ছিল—আর আজও এটি একইরকম।

আমরা যা শিখছিলাম তা অন্যদের সাথে বন্টন করে নেওয়ার কারণে বাইবেল শিক্ষা আমার হৃদয়ের গভীরে অনুপ্রবেশ করেছিল। একদিন বাবা আমাকে একটি ধ্বনিগ্রাহী যন্ত্র যেটিতে বাইবেল ধর্মোপদেশ রেকর্ড করা ছিল, একটি পুস্তিকা যেটি আমরা বাইবেল অধ্যয়নের জন্য ব্যবহার করতাম আর একজন বয়স্কা মহিলার ঠিকানা দিয়েছিলেন। তারপর তিনি আমাকে তার সাথে সাক্ষাৎ করতে বলেছিলেন।

“আমি কী বলব আর আমি কী করব?” আমি জিজ্ঞাসা করেছিলাম।

“সবকিছু এখানেই পাবে” বাবা উত্তর দিয়েছিলেন। “শুধু রেকর্ডটি বাজিও, প্রশ্নগুলি পড়ো, গৃহকর্তাকে উত্তরগুলি পড়ে বলতে দিও আর তারপর শাস্ত্রপদগুলি পড়ো।”

তিনি আমাকে যেমন বলেছিলেন আমি তাই করেছিলাম আর এইভাবে আমি বাইবেল অধ্যয়ন পরিচালনা করতে শিখেছিলাম। এইভাবে আমার পরিচর্যায় শাস্ত্রপদ ব্যবহার করার মাধ্যমে আমি সেগুলিকে আরও ভালভাবে বুঝতে পেরেছিলাম।

যুদ্ধের বছরগুলির প্রতিদ্বন্দ্বিতা

১৯৩৯ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় আর পরের বছর আমি যিহোবার সেবা করার জন্য আমার উৎসর্গের প্রতীকস্বরূপ বাপ্তিস্ম নিই। তখন আমার বয়স ছিল মাত্র ১৩ বছর। আমি তখনই স্থির করেছিলাম যে আমি একজন অগ্রগামী হব, যেমন একজন পূর্ণ সময়ের পরিচারকদের বলা হত। ১৯৪১ সালে আমি বিদ্যালয় ছেড়েছিলাম আর লাইসেস্টার সম্মেলনে ডগলাসের সাথে পূর্ণ সময়ের প্রচার কাজে যোগ দিয়েছিলাম।

পরের বছর বিবেকবুদ্ধিপূর্ণভাবে যুদ্ধে অংশ না নেওয়ায় বাবাকে কারারুদ্ধ করা হয়েছিল। যুদ্ধের সেই কঠিন সময়ে আমরা সন্তানেরা আমাদের ঘরের দেখাশোনার কাজে মাকে সাহায্য করার জন্য মায়ের সাথে ছিলাম। বাবা কারাগার থেকে ছাড়া পাওয়ার অল্প সময় পরেই সামরিক কাজের জন্য ডগলাসকে ডাকা হয়েছিল। একটি স্থানীয় সংবাদপত্রে এই শিরোনাম ছাপানো হয়েছিল যে “বাবার মত কেন ছেলেও কারাগার বেছে নিয়েছিল?” ফলস্বরূপ, এক উত্তম সাক্ষ্য দেওয়া গিয়েছিল যখন সত্য খ্রীষ্টানেরা তাদের সহমানবের হত্যায় কেন অংশ নেয় না তা ব্যাখ্যা করার সুযোগ এসেছিল।—যোহন ১৩:৩৫; ১ যোহন ৩:১০-১২.

যুদ্ধের সেই বছরগুলিতে, পূর্ণ সময়ের অনেক পরিচারকেরা আমাদের ঘরে নিয়মিতভাবে সাক্ষাৎ করতে আসতেন আর তাদের গঠনমূলক বাইবেল-ভিত্তিক আলোচনা এক স্থায়ী প্রভাব ফেলেছিল। এই বিশ্বস্ত ভাইদের মধ্যে জন বার ও এলবার্ট শ্রোডার ছিলেন যারা এখন যিহোবার সাক্ষীদের পরিচালক গোষ্ঠীর সদস্য। আমার বাবামা প্রকৃতই অতিথিপরায়ণ ছিলেন আর তারা আমাদেরও একইরকম হতে শিখিয়েছিলেন।—ইব্রীয় ১৩:২.

উত্তর দেওয়ার জন্য প্রস্তুত

আমি অগ্রগামীর কাজ শুরু করার অল্প কিছুকাল পরেই গৃহ থেকে গৃহে পরিচর্যায় হিলডার সাক্ষাৎ পেয়েছিলাম। তিনি ক্রুদ্ধভাবে বলেছিলেন: “আপনাদের মত লোকেদের জন্যই আমার স্বামীকে যুদ্ধে যেতে হয়েছে! যুদ্ধের জন্য কেন আপনারা কিছু করছেন না?”

“আমি যা করছি, সে সম্বন্ধে আপনি কতটুকু জানেন?” আমি জিজ্ঞাসা করেছিলাম। “আপনি কি জানেন, কেন আমি আপনার কাছে এসেছি?”

তিনি উত্তর দিয়েছিলেন ‘ঠিক আছে আপনি বরং ভিতরে আসুন ও আমাকে বলুন।’

আমি তার কাছে ব্যাখ্যা করতে পেরেছিলাম যে আমরা সেইসমস্ত লোকেদের প্রকৃত আশা প্রদান করছি যারা এই ভয়ানক কার্যাবলীর কারণে কষ্টভোগ করছে—যা প্রায়ই ঈশ্বরের নামে করা হয়ে থাকে। হিলডা উপলব্ধিসহকারে শুনেছিলেন আর তিনি আমার প্রথম নিয়মিত বাইবেল ছাত্রী হয়েছিলেন। এখন ৫৫ বছরেরও বেশি সময় ধরে তিনি একজন সক্রিয় সাক্ষী।

যুদ্ধের শেষ দিকে, ইংল্যান্ডের দক্ষিণপশ্চিমে অবস্থিত ডর্চেস্টর শহরে আমি আমার নতুন অগ্রগামী কার্যভার পেয়েছিলাম। এই প্রথমবার আমি ঘর ছেড়ে দূরে গিয়েছিলাম। আমাদের ছোট মণ্ডলীটি একটি রেস্তরাঁয় মিলিত হত যেটি ষোড়শ শতাব্দীর এক অট্টালিকা আর যেটিকে “পুরনো চা-ঘর” বলা হত। প্রত্যেক সভার জন্য আমাদের টেবিল ও চেয়ারগুলিকে গোছাতে হত। আমি যে কিংডম হল ব্যবহার করতে অভ্যস্থ ছিলাম তার চেয়ে এটি খুবই ভিন্ন ছিল। তৎসত্ত্বেও একই আধ্যাত্মিক খাদ্য ও খ্রীষ্টীয় ভাই ও বোনেদের প্রেমপূর্ণ সাহচর্য বিদ্যমান ছিল।

ইতিমধ্যে আমার বাবামা দক্ষিণ লণ্ডনের টানব্রিজ ওয়েলসে চলে এসেছিলেন। আমি ঘরে ফিরে এসেছিলাম যাতে করে বাবা, অ্যান আর আমি একসাথে অগ্রগামীর কাজ করতে পারি। আমাদের মণ্ডলী শীঘ্রই ১২ জন থেকে ৭০ জন সাক্ষীতে বৃদ্ধি পেয়েছিল আর তাই আমাদের পরিবারকে দক্ষিণ উপকূলের ব্রিগটনে যেতে বলা হয়েছিল যেখানে রাজ্য ঘোষণাকারীদের অনেক বেশি প্রয়োজন ছিল। অনেকে উদ্যোগের সাথে আমাদের অগ্রগামী পরিবারের সাথে প্রচার কাজে যোগ দিয়েছিলেন আর আমরা দেখেছিলাম যে যিহোবা আমাদের কাজকে প্রচুরভাবে আশীর্বাদ করেছিলেন। একটি মণ্ডলী শীঘ্রই তিনটিতে পরিণত হয়েছিল!

এক অপ্রত্যাশিত আমন্ত্রণ

১৯৫০ সালের গ্রীষ্মকালে নিউ ইর্য়ক শহরের ইয়াংকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ঈশতন্ত্রের বৃদ্ধি আন্তর্জাতিক অধিবেশনে আমাদের পরিবার ব্রিটেন থেকে আসা ৮৫০ জন প্রতিনিধিদের মধ্যে ছিল। সেই সম্মেলনে বিভিন্ন দেশ থেকে আসা অগ্রগামীদের, নিউ ইয়র্ক সাউথ ল্যান্সিংয়ের কাছে অবস্থিত ওয়াচটাওয়ার বাইবেল স্কুল অফ গিলিয়েডে যোগদানের জন্য এক আবেদনপত্র দেওয়া হয়েছিল। ডগলাস, অ্যান আর আমি তাদের মধ্যে ছিলাম! আমার মনে আছে যখন আমার পূরণ করা আবেদনপত্রটি ডাক বাক্সে ফেলেছিলাম তখন ভেবেছিলাম, ‘এখন প্রকৃতই আমি কিছু করেছি! আমার জীবন এখন কোন্‌ পথ গ্রহণ করবে?’ কারণ আমার সংকল্প ছিল: “এই আমি, আমাকে পাঠাও।” (যিশাইয় ৬:৮) যখন আমি সম্মেলনের পর অপেক্ষা করার এবং ডগলাস ও অ্যানের সাথে ১৬তম গিলিয়েড ক্লাসে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছিলাম, আমি রোমাঞ্চিত হয়েছিলাম। আমরা সকলে ভালভাবেই জানতাম যে মিশনারী হিসাবে আমাদের পৃথিবীর যে কোন প্রান্তে পাঠান হতে পারে।

পরিবারগতভাবে সম্মেলন উপভোগ করার পর আমাদের বাবামাকে ইংল্যান্ডে ফিরে যেতে হয়েছিল—একাকী। যখন তারা মৌরিতানিয়া নামক স্টীমারে করে গৃহের উদ্দেশে যাত্রা করেছিলেন, আমরা তিন সন্তান হাত নেড়ে তাদের বিদায় জানিয়েছিলাম। আর এই বিচ্ছেদ কতই না আবেগপ্রবণ ছিল!

মিশনারী কার্যভার

পৃথিবীর বিভিন্ন অংশের ১২০ জন ছাত্র নিয়ে ১৬তম ক্লাসটি গঠিত হয়েছিল যাদের মধ্য কিছুজন নাৎসী কনসেনট্রেশন ক্যাম্পে কষ্টভোগ করেছিলেন। যেহেতু আমাদের ক্লাসে স্প্যানিশ শেখান হয়েছিল, তাই আমরা প্রত্যাশা করেছিলাম যে আমাদের দক্ষিণ আমেরিকার কোন স্প্যানিশ ভাষাভাষী অঞ্চলে কার্যভার দেওয়া হবে। কল্পনা করুন যে আমরা কতখানি অবাক হয়েছিলাম যখন গ্র্যাজুয়েশনের দিনে আমরা জেনেছিলাম, ডগলাসকে জাপানে আর অ্যান ও আমাকে সিরিয়ায় কার্যভার দেওয়া হয়েছে। সুতরাং আমাদের আরবি শিখতে হয়েছিল আর তখনও এটি বহাল ছিল যখন আমাদের কার্যভার পরিবর্তিত হয়ে লেবাননে হয়েছিল। যখন আমরা আমাদের ভিসার জন্য অপেক্ষা করছিলাম, তখন আমরা সপ্তাহে দুইবার করে ওয়াচ টাওয়ার সোসাইটির আরবি প্রহরীদুর্গ এর টাইপসেটার জর্জ শেকাসিরির কাছ থেকে আরবি শিক্ষা লাভ করতাম।

বাইবেলে বর্ণিত একটি দেশে যাওয়া কতই না উত্তেজনাপূর্ণ ছিল যেটি সম্বন্ধে আমরা আমাদের ক্লাসে শিখেছিলাম! কিথ এবং জয়েস চিউ, এডনা স্টকহাউস, অলিভ টার্নার, ডরিন অরবার্টেন এবং ডরিস উড সেখানে আমাদের সঙ্গী হয়েছিলেন। আমরা কতই না আনন্দিত এক মিশনারী পরিবারে পরিণত হয়েছিলাম! একজন স্থানীয় সাক্ষী ভাষা শিখতে আরও সাহায্য করার জন্য আমাদের মিশনারী গৃহে আসতেন। আমাদের প্রতিদিনের নির্দেশনা দান চলাকালে আমরা একটি সংক্ষিপ্ত উপস্থাপনা অভ্যাস করতাম, যার পরে আমরা ক্ষেত্রে যেতাম ও আমাদের প্রচার কাজে সেটি ব্যবহার করতাম।

আমাদের পরিচর্যার প্রথম দুটি বছর আমরা ট্রিপোলিতে কাটাই যেখানে একটি প্রতিষ্ঠিত মণ্ডলী ছিল। জয়েস, এডনা, অলিভ, ডরিন, ডরিস, অ্যান আর আমি সভাগুলিতে ও সেই সাথে সাধারণ্যে পরিচর্যায় অংশ নিতে স্থানীয় সাক্ষীদের স্ত্রী ও কন্যাদের সাহায্য করতাম। তখনও পর্যন্ত আমাদের খ্রীষ্টীয় ভাই ও বোনেরা স্থানীয় প্রথা অনুসরণ করে সভাগুলিতে একত্রে বসতেন না আর এই খ্রীষ্টীয় বোনেরা গৃহ থেকে গৃহে পরিচর্যায় প্রায় অংশই নিতেন না। সাধারণ্যে প্রচারের ক্ষেত্রে ভাষার জন্য আমাদের তাদের সাহায্য করার প্রয়োজন ছিল আর আমরা তাদের নিজেদের এই কাজে অংশ নিতে উৎসাহিত করেছিলাম।

এরপরে অ্যান আর আমি এক প্রাচীন শহর সিদোনে, সাক্ষীদের একটি ছোট দলকে সাহায্য করার জন্য কার্যভার পেয়েছিলাম। তার বেশিদিন পরে নয়, আমাদের রাজধানী বৈরুতে ফিরে যাওয়ার জন্য বলা হয়েছিল। সেখানে আমেরিকা ভাষাভাষী সম্প্রদায়ের মাঝে সত্যের বীজ বপন করা হয়েছিল, সুতরাং তাদের সাহায্য করার জন্য আমরা সেই ভাষা শিখেছিলাম।

কার্যভারের পরিবর্তন

ইংল্যান্ড ছাড়ার আগে, উইলফ্রেড গুচের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। তিনি একজন উদ্যোগী সহানুভূতিশীল ভাই ছিলেন যিনি লণ্ডন বেথেলে সেবা করেছিলেন। উইল্ফ ১৫তম গিলিয়েড ক্লাসের সদস্য ছিলেন যিনি ১৯৫০ সালে ইয়াংকি স্টেডিয়াম সম্মেলনে গ্র্যাজুয়েট হয়েছিলেন। তার মিশনারী কার্যভার ছিল ওয়াচ টাওয়ার সোসাইটির নাইজেরিয়া শাখা দপ্তরে আর কিছু সময়ের জন্য আমরা চিঠিপত্র আদানপ্রদানের মাধ্যমে যোগাযোগ করেছিলাম। ১৯৫৫ সালে আমরা উভয়েই লন্ডনের “জয়োল্লাসিত রাজ্য” সম্মেলনে যোগ দিয়েছিলাম আর তার অল্প পরেই আমাদের বাগদান হয়েছিল। পরের বছর আমরা ঘানায় বিবাহ করেছিলাম আর আমি নাইজেরিয়ার লোগসে উইল্ফের সাথে তার মিশনারী কার্যভারে যোগ দিয়েছিলাম।

লেবাননে অ্যানকে ছেড়ে আসার পর সে এক উত্তম খ্রীষ্টান ভাইকে বিবাহ করে, যিনি যিরূশালেমে বাইবেল সত্য শিখেছিলেন। আমাদের বাবামা আমাদের কারোর বিবাহে উপস্থিত থাকতে পারেননি যেহেতু ডগলাস, অ্যান ও আমি পৃথিবীর বিভিন্ন অংশে বিবাহ করেছিলাম। কিন্তু, তারা এটি জেনে পরিতৃপ্ত ছিলেন যে আমরা সকলে আনন্দের সাথে আমাদের ঈশ্বর যিহোবার সেবা করে চলেছি।

নাইজেরিয়ায় কাজ

লোগস শাখা দপ্তরে আমার কার্যভার ছিল আমাদের শাখা পরিবারের আটজন সদস্যের ঘরগুলি পরিষ্কার করা আর সেই সাথে তাদের খাবার তৈরি করা ও কাপড় ধুয়ে দেওয়া। আমার মনে হয়েছিল যেন আমি কেবল একজন স্বামীই পাইনি বরং এক তাৎক্ষণিক পরিবারও পেয়েছিলাম!

উইল্ফ আর আমি ইয়োরুবা ভাষায় সংক্ষিপ্ত বাইবেল উপস্থাপনা শিখেছিলাম আর আমরা আমাদের প্রচেষ্টার পুরস্কার পেয়েছিলাম। একজন যুবক ছাত্র যার সাথে আমরা যোগাযোগ করেছিলাম, তার এক ছেলে ও এক মেয়ে এখন প্রায় ৪০০ জন সদস্যসহ বৃহৎ নাইজেরিয়া বেথেল পরিবারে সেবা করেন।

১৯৬৩ সালে উইল্ফ নিউ ইর্য়কের ব্রুকলিনে দশ মাস পর্বের এক বিশেষ নির্দেশনার জন্য আমন্ত্রণ পান। এটি শেষ হওয়ার পর তাকে অপ্রত্যাশিতভাবে পুনরায় ইংল্যান্ডে কার্যভার দেওয়া হয়। আমি নাইজেরিয়ায় ছিলাম আর লন্ডনে উইল্ফের কাছে যাওয়ার জন্য মাত্র ১৪ দিনের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। আমি মিশ্র অনুভূতি নিয়ে সেই স্থান ত্যাগ করেছিলাম যেহেতু নাইজেরিয়ায় খুবই আনন্দপূর্ণ এক কার্যভার ছিল। ১৪ বছর বিদেশে সেবা করার পর আবার ইংল্যান্ডের জীবনের সাথে মানিয়ে নিতে সময় লেগেছিল। যাইহোক, আমরা আবারও একবার আমাদের বৃদ্ধ বাবামার কাছাকাছি থাকতে পাওয়ায় কৃতজ্ঞ ছিলাম আর তাদের যত্ন নিতে পেরেছিলাম।

আমাদের আশার দ্বারা সংরক্ষিত হওয়া

১৯৮০ সাল থেকে তিনি যখন আঞ্চলিক অধ্যক্ষ হিসাবে অনেক দেশে ভ্রমণ করেন, আমি উইল্ফের সঙ্গী হওয়ার সুযোগ পেয়েছিলাম। আমি বিশেষভাবে নাইজেরিয়ায় আমাদের পুনরায় সাক্ষাতের জন্য অপেক্ষা করেছিলাম। পরে আমরা স্ক্যান্ডিনেভিয়া, ওয়েষ্ট ইন্ডিজ এবং মধ্যপ্রাচ্যেও গিয়েছিলাম—যার অন্তর্ভুক্ত ছিল লেবানন। পুরনো সুখকর স্মৃতিগুলিতে ফিরে যাওয়া আর যাদের আমি অল্পবয়স্ক কিশোর হিসাবে জানতাম তাদের খ্রীষ্টীয় প্রাচীন হিসাবে সেবা করতে দেখা বিশেষভাবে রোমাঞ্চকর ছিল।

দুঃখজনকভাবে, আমার প্রিয়তম স্বামী ১৯৯২ সালের বসন্তকালে মারা যান। তার বয়স মাত্র ৬৯ বছর ছিল। এটি বিশেষভাবে এক কঠিন আঘাত ছিল যেহেতু তা খুবই আকস্মিক ছিল। বিবাহের ৩৫ বছর পরে এটি মেনে নিতে সময় লেগেছে। কিন্তু আমার জগদ্ব্যাপী খ্রীষ্টীয় পরিবার থেকে আমি অনেক সাহায্য ও ভালবাসা পেয়েছি। স্মরণ করার মত আমার অনেক সুখকর অভিজ্ঞতা রয়েছে।

আমার বাবামা উভয়েই খ্রীষ্টীয় বিশ্বস্ততার এক অত্যুজ্জ্বল উদাহরণ স্থাপন করেছিলেন। মা ১৯৮১ সালে ও বাবা ১৯৮৬ সালে মারা যান। ডগলাস ও অ্যান বিশ্বস্ততার সাথে যিহোবার সেবা করে চলেছে। ডগলাস ও তার স্ত্রী কাম লন্ডনে আছে যেখানে তারা বাবাকে দেখাশোনা করার পর থেকে গিয়েছে। অ্যান ও তার পরিবার এখন যুক্তরাষ্ট্রে। আমরা সকলে আমাদের ঈশ্বর-দত্ত আশা ও উত্তরাধিকারকে অত্যন্ত উপলব্ধি করি। আমরা সেই সময়ের জন্য অপেক্ষা করে অবিরতভাবে ‘প্রত্যাশা করি’ যখন জীবিত ব্যক্তিরা তাদের পুনরুত্থিত প্রিয়জনদের সাথে যিহোবার পার্থিব পরিবারের সদস্য হিসাবে চিরকাল একত্রে সেবা করবে।—বিলাপ ৩:২৪.

[পাদটীকাগুলো]

a আমার বাবা আর্নস্ট বেভারের জীবনকাহিনী ১৯৮০ সালের ১৫ই মার্চ প্রহরীদুর্গ (ইংরাজি) সংখ্যায় প্রকাশিত হয়েছিল।

[Pictures on page 23]

বামদিকের উপর থেকে শুরু করে দক্ষিণাভিমুখী:

১৩ বছর বয়সে এনফিল্ড কিংডম হলে গুয়েন এক বাইবেল অধ্যয়নের নমুনা প্রদর্শন করছে

১৯৫১ সালে লেবাননের ট্রিপোলিতে মিশনারী পরিবার

তার মৃত স্বামী উইল্ফের সাথে গুয়েন

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার