ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৮ ১/১ পৃষ্ঠা ২২-২৪
  • যিহোবার আশীর্বাদগুলি কি আপনি প্রকৃতই উপলব্ধি করেন?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • যিহোবার আশীর্বাদগুলি কি আপনি প্রকৃতই উপলব্ধি করেন?
  • ১৯৯৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • যোগানদাতা হিসাবে অতুলনীয়
  • আশীর্বাদগুলি যা আমাদের ধনবান করে
  • ধৈর্যসহকারে যিহোবার অপেক্ষা করা
  • তাঁর আশীর্বাদগুলি লাভ করার চেষ্টা করুন
  • যিহোবার আশীর্বাদ আমাদেরকে ধনবান করে
    ২০০১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • নীতিনিষ্ঠার পথে চলার আনন্দ
    ২০০৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • ‘শিশুদের মুখ হইতে’
    ১৯৯৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • আপনি কি যিহোবার সময়ের জন্য অপেক্ষা করবেন?
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২১
আরও দেখুন
১৯৯৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৮ ১/১ পৃষ্ঠা ২২-২৪

যিহোবার আশীর্বাদগুলি কি আপনি প্রকৃতই উপলব্ধি করেন?

কেনিচি নামে একজন মধ্য বয়স্ক ভদ্রলোক, সামান্য সর্দিকাশির জন্য ওষুধ কিনতে ওষুধের দোকানে যান। ওষুধ খাওয়ার পর, তার সারা শরীরে এলার্জির প্রতিক্রিয়ার কারণে চুলকানি ও ফোসকা হয়। আশ্চর্যের বিষয় নয় যে, কেনিচি সন্দেহ করতে আরম্ভ করেন, ফার্মাসিষ্ট তার প্রয়োজনের প্রতি যথেষ্ট মনোযোগী ছিলেন কি না।

কেনিচি ফার্মাসিস্টের জন্য যেমন মনে করেছিলেন, কেউ কেউ হয়ত যিহোবা ঈশ্বর সম্বন্ধেও একইরকম মনে করতে পারেন। সর্বশক্তিমান ঈশ্বর, যিহোবা আমাদের প্রতি ব্যক্তিগতভাবে প্রকৃতই আগ্রহী কি না, সেই সম্বন্ধে তারা সন্দেহ করে থাকেন। যদিও তারা উপলব্ধি করেন যে ঈশ্বর মঙ্গলময়, কিন্তু তারা দৃঢ়প্রত্যয়ী নন যে তিনি আমাদের স্বতন্ত্র ব্যক্তি হিসাবে যত্ন নেন। এটি বিশেষভাবে তখন সত্য হয় যখন তাদের সময় ভাল যায় না অথবা যখন বাইবেলের নীতিগুলির প্রতি অনুগত থাকা কঠিন সমস্যাগুলির দ্বারা জর্জরিত হয়। বিচক্ষণতার অভাবে তারা তাদের সমস্যাগুলিকে সেই চুলকানি ও ফোসকার মত দেখে থাকেন যা কেনিচির শরীরে অপ্রত্যাশিতভাবে এসেছিল, যেন এগুলি সব ঈশ্বরেরই দোষ।—হিতোপদেশ ১৯:৩.

অসিদ্ধ মানুষদের সাথে যিহোবার তুলনা হয় না। মানুষের জ্ঞান ও সক্ষমতা সীমিত। কেনিচির ফার্মাসিস্টের মত, তারা অপরের প্রকৃত চাহিদাগুলি উপলব্ধি করতে ব্যর্থ হন। বিপরীতে, যিহোবার দৃষ্টিতে কিছুই এড়ায় না। বিষয়টি আমাদের বোঝা ও উপলব্ধি করার অগোচরেই যিহোবা প্রায়ই আমাদের সাহায্য করে থাকেন কারণ আমাদের যা নেই তাতে মনোযোগ দেওয়ার এবং যে আশীর্বাদগুলি আমাদের আছে তা উপেক্ষা করার এক প্রবণতা আমাদের রয়েছে। যে কোন সমস্যার সম্মুখেই যিহোবাকে দোষারোপ করতে ত্বরান্বিত হওয়ার পরিবর্তে, যিহোবার কাছ থেকে আসা যে আশীর্বাদগুলি আমরা উপভোগ করছি, আমাদের সেগুলি বোঝার চেষ্টা করা উচিত।

ওয়েবস্টারস নাইনথ নিউ কলেজিয়েট ডিক্সনারী অনুসারে “আশীর্বাদ” শব্দটিকে “সুখ বা মঙ্গলের একটি সহায়ক” হিসাবে সংজ্ঞায়িত করা যেতে পারে। আপনি কি উপলব্ধি করেন যে যিহোবার কাছ থেকে আসা আশীর্বাদগুলির ক্ষেত্রে এটি বিশেষভাবে সত্য?

যোগানদাতা হিসাবে অতুলনীয়

একজন স্ত্রী যখন বলেন যে তার স্বামী একজন উত্তম যোগানদাতা, তিনি সাধারণত বোঝাতে চান যে পরিবারের সুখ এবং মঙ্গলের জন্য পর্যাপ্ত খাদ্য, বাসস্থান ও বস্ত্র যোগানোর মাধ্যমে তার স্বামী যথার্থভাবে পরিবারের চাহিদাগুলির যত্ন নেন। আমাদের যোগানদাতা হিসাবে যিহোবা কতটা মঙ্গলময়? মানুষের গৃহ, আমাদের পৃথিবী গ্রহের প্রতি দৃষ্টি নিবদ্ধ করুন। সূর্য থেকে এটি ১৫,০০,০০,০০০ কিলোমিটার দূরে অবস্থিত, সহনীয় তাপমাত্রার জন্য ঠিক যথাযথ দূরত্ব যা পৃথিবীতে জীবন সম্ভবপর করে। ২৩.৫ ডিগ্রী কোণে হেলে থাকা আমাদের পৃথিবী নিখুঁতভাবে বিন্যস্ত, যার ফলস্বরূপ প্রচুর শস্যের উপহার নিয়ে বিভিন্ন ঋতুর আগমন ঘটে। ফলে পৃথিবী ৫০০ কোটিরও বেশি লোকের আহারের সংস্থান করে। বাস্তবিকই, যিহোবা একজন চমৎকার যোগানদাতা!

এছাড়া বাইবেল আমাদের আশ্বাস দেয় যে যিহোবা ব্যক্তিগতভাবে আমাদের প্রতি ও আমাদের মঙ্গলের প্রতি গভীরভাবে আগ্রহী। শুধুমাত্র চিন্তা করুন যে কোটি কোটি তারকার প্রত্যেকটির নাম যিহোবা জানেন এবং এমনকি একটি চড়ুই পাখিও তাঁর অনুমতি ছাড়া ভূমিতে পড়ে না। (যিশাইয় ৪০:২৬; মথি ১০:২৯-৩১) তাহলে মানুষদের প্রতি তিনি আরও কত অধিক যত্ন নেন, যারা তাঁকে ভালবাসে ও তাঁর প্রিয় পুত্র, যীশু খ্রীষ্টের মহামূল্যবান রক্তের মাধ্যমে যাদের ক্রয় করা হয়েছে! (প্রেরিত ২০:২৮) জ্ঞানী ব্যক্তি যথার্থই ঘোষণা করেছিলেন: “সদাপ্রভুর আশীর্ব্বাদই ধনবান করে, এবং তিনি তাহার সহিত মনোদুঃখ দেন না।”—হিতোপদেশ ১০:২২.

আশীর্বাদগুলি যা আমাদের ধনবান করে

প্রকৃতই আমাদের অধিকারে মহামূল্যবান এমন কিছু রয়েছে যার জন্য আমাদের গভীরভাবে কৃতজ্ঞ হওয়া উচিত। সেটি কী? বাইবেল এটিকে চিহ্নিত করে যখন তা বলে: “তোমার মুখের ব্যবস্থা আমার পক্ষে উত্তম, সহস্র সহস্র স্বর্ণ ও রৌপ্যমুদ্রা অপেক্ষা উত্তম।” (গীতসংহিতা ১১৯:৭২; হিতোপদেশ ৮:১০) উৎকৃষ্ট স্বর্ণ হয়ত অনেক মূল্যবান হতে পারে কিন্তু যিহোবার ব্যবস্থা তার চেয়েও আরও অনেক বেশি আকাঙ্ক্ষিত। অন্তর্দৃষ্টি ও বিচক্ষণতাসহ তাঁর ব্যবস্থা সম্বন্ধে যথার্থ জ্ঞান, যা যিহোবা সত্যের আন্তরিক অন্বেষণকারীদের প্রদান করেন তা সম্পদ হিসাবে গণ্য করার মত বিষয়। সেইগুলি আমাদের সুরক্ষা, কঠিন পরিস্থিতির মোকাবিলা ও সফলতার সাথে সমস্যাগুলি সমাধান করার জন্য সজ্জিত করে আর এইভাবেই আমরা পরিতৃপ্ত এবং সুখী হই।

এমনকি শিশুদের ক্ষেত্রেও এই বিষয়টি সত্য। যিহোবার ব্যবস্থা মেনে চলার দ্বারা একটি ছোট মেয়ে কিভাবে তার সমস্যাগুলি সমাধান করেছিল তা বিবেচনা করুন। একেমি নামের এই মেয়েটি টোকিওর কাছেই বাস করে। তাকে প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে তার পিতামাতা বাইবেলের নীতিগুলি প্রয়োগ করেছিলেন এবং কথা ও নিজেদের উদাহরণ দ্বারা তারা তাদের মেয়েকে যিহোবা ও প্রতিবেশীর প্রতি প্রেম গড়ে তুলতে সাহায্য করেছিলেন। বিদ্যালয়ে যে সমস্যাগুলির সম্মুখীন সে হতে পারে তা আগেই বিবেচনা করে, তারা তাদের সাধ্যমত তাকে প্রস্তুত করার চেষ্টা করেছেন। কিন্তু একেমি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হওয়ার পর, তার কিছু সহপাঠী তাকে “স্বতন্ত্র” হিসাবে দেখতে থাকে কারণ সে খাবারের আগে প্রার্থনা করত এবং বিবেকের দ্বারা চালিত হয়ে নির্দিষ্ট কিছু অশাস্ত্রীয় কার্যকলাপ থেকে বিরত থাকত। শীঘ্রই সে একদল উৎপীড়ক ছেলেমেয়ের শিকারে পরিণত হয়েছিল, যারা তাকে ছুটির পর এক কোণায় নিয়ে গিয়ে গালে চড় মারে, তার হাত মুচড়ে দেয় এবং তাকে নিয়ে ঠাট্টা করে।

ছোট্ট একেমি কিছুই বলেনি বা তার উত্যক্তকারীদের সামনে সে ভয়ে জড়সড় হয়েও থাকেনি। এর পরিবর্তে সে যা শিখেছিল তা প্রয়োগ করার চেষ্টা করেছিল। তার উত্তম আচরণ ও সাহসের ফলস্বরূপ সে তার অনেক সহপাঠীর সম্মান অর্জন করে। তারা শিক্ষকের কাছে বিষয়টি জানায় আর সেই দিন থেকে একেমি বিদ্যালয়ে আর কোন দুর্ব্যবহার ভোগ করেনি।

এক কঠিন পরিস্থিতিকে সাফল্যের সাথে মোকাবিলা করতে একেমিকে কী সাহায্য করেছিল? যথার্থ জ্ঞান, অন্তর্দৃষ্টি এবং যিহোবার প্রজ্ঞা যা তার পিতামাতা যত্নপূর্বক তার মধ্যে অনুপ্রবেশ করিয়েছিলেন। যীশুর ধৈর্যের সাথে সে ভালভাবে পরিচিত ছিল এবং এই বিষয়টিই তাকে তাঁর উদাহরণ অনুকরণ করতে প্রণোদিত করেছিল। বাইবেল তাকে বুঝতে সাহায্য করেছিল যে কিছু লোক অজ্ঞানতার কারণে ভুল কাজগুলি করে থাকেন আর এটি তাকে উৎসাহিত করেছিল উত্যক্তকারীরা যে ভুল কাজগুলি করেছিল সেইগুলি ঘৃণা করতে, সেই লোকেদের নয়।—লূক ২৩:৩৪; রোমীয় ১২:৯, ১৭-২১.

অবশ্যই, কোন পিতামাতা চাইবেন না যে তাদের সন্তান উপহাস বা দুর্ব্যবহারের পাত্র হোক। তবুও আপনি কি কল্পনা করতে পারেন যে একেমির পিতামাতা কতটা গর্বিত হয়েছিলেন, যখন যা ঘটেছিল সেই সম্বন্ধে সম্পূর্ণ ঘটনাটি তারা শুনেছিলেন। এইধরনের সন্তানেরা যিহোবার কাছ থেকে সত্যই এক আশীর্বাদ।—গীতসংহিতা ১২৭:৩; ১ পিতর ১:৬, ৭.

ধৈর্যসহকারে যিহোবার অপেক্ষা করা

তবুও, কখনও কখনও যিহোবার আশীর্বাদ লাভ করার পূর্বে আপনাকে অবশ্যই তাঁর সময়ের জন্য অপেক্ষা করতে হয়। যিহোবা আপনার পরিস্থিতি জানেন এবং আপনার প্রতিটি চাহিদা মেটান, যখন তা আপনার সর্বাধিক মঙ্গল সাধন করবে। (গীতসংহিতা ১৪৫:১৬; উপদেশক ৩:১; যাকোব ১:১৭) আপনি হয়ত ফল খেতে খুব ভালবাসেন কিন্তু যদি খাওয়ার যোগ্য হওয়ার আগেই তা পরিবেশন করা হয়, তাহলে সেই পরিবেশনকারী সম্বন্ধে আপনি কেমন বোধ করবেন? একটি আপেল, কমলা অথবা অন্য যে কিছুই হোক না কেন, আপনি চাইবেন যে ফলটি যেন পাকা, রসালো এবং মিষ্টি হয়। একইভাবে, আপনার যা প্রয়োজন তা যিহোবা যথাসময়ে যুগিয়ে থাকেন—অনেক আগেও না বা অনেক পরেও না।

যোষেফের অভিজ্ঞতাটি স্মরণ করুন। তার নিজের কোন দোষ না থাকা সত্ত্বেও, তিনি মিশরীয় কারগারে বন্দী ছিলেন। তার সহবন্দী, ফরৌণের পানপাত্রবাহক মুক্ত হওয়ার প্রত্যাশাপ্রাপ্ত হয়েছিলেন ও যোষেফের বিষয়টি ফরৌণের মনোযোগে আনার প্রতিজ্ঞা করেছিলেন। কিন্তু মুক্ত হওয়ার পর তিনি যোষেফের কথা সম্পূর্ণ ভুলে গিয়েছিলেন। মনে হয়েছিল যেন যোষেফকে পরিত্যাগ করা হয়েছিল। কিন্তু, সম্পূর্ণ দুই বছর পর, অবশেষে তিনি কারাগার থেকে মুক্ত হয়েছিলেন এবং পরিণামে মিশরের দ্বিতীয় শাসক হিসাবে নিযুক্ত হয়েছিলেন। অধৈর্য হওয়ার পরিবর্তে, যোষেফ যিহোবার অপেক্ষা করেছিলেন। এই কারণে তাকে এমন এক উপায়ে আশীর্বাদ করা হয়েছিল, যার অর্থ ছিল ইস্রায়েলীয় এবং মিশরীয়দের জীবন সংরক্ষণ।—আদিপুস্তক ৩৯:১–৪১:৫৭.

মাসাশি, জাপানের উত্তরাঞ্চলের একটি মণ্ডলীর প্রাচীন ছিলেন। যদিও তিনি কারাগারে ছিলেন না তবুও তাকে যিহোবার অপেক্ষা করতে হয়েছিল। কেন? পরিচারক প্রশিক্ষণ বিদ্যালয়, যেখানে যোগ্য খ্রীষ্টীয় পরিচারকদের প্রশিক্ষণ দেওয়া হয়, জাপানে প্রবর্তিত হওয়ার সময় থেকেই তিনি সেখানে যোগ দেওয়ার ঐকান্তিক লক্ষ্য স্থাপন করেছিলেন। এই সুযোগের জন্য তিনি সনির্বন্ধভাবে প্রার্থনা করেন। তার অগ্রগামী সাথী আমন্ত্রণ পেয়েছিলেন কিন্তু একাগ্র আকাঙ্ক্ষা থাকা সত্ত্বেও মাসাশি পাননি। তিনি চরমভাবে হতাশ হয়ে পড়েছিলেন।

তৎসত্ত্বেও, তিনি তার অনুভূতিগুলির সাথে মোকাবিলা করার জন্য পদক্ষেপ নিয়েছিলেন। তিনি বাইবেল ও ওয়াচ টাওয়ার সোসাইটির দ্বারা প্রকাশিত সেইসব প্রকাশনাদি অধ্যয়ন করেছিলেন যা নম্র হওয়া এবং একজনের আবেগকে নিয়ন্ত্রণ করা সম্বন্ধীয় বিষয়গুলির উপর আলোকপাত করে। তিনি তার চিন্তাধারার সমন্বয় সাধন করেছিলেন এবং এইভাবে তিনি তার কার্যভারে আরও অধিক পরিতৃপ্তি লাভ করেছিলেন। এরপর, যখন তিনি একেবারেই প্রত্যাশা করেননি, তখন তিনি সেই বিদ্যালয়ে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছিলেন।

ধৈর্য ও নম্রতার মত গুণাবলি বিকশিত করায় তিনি সেই বিদ্যালয় থেকে আরও অধিক উপকৃত হয়েছিলেন। পরে, মাসাশিকে একজন ভ্রমণ অধ্যক্ষ হিসাবে তার ভাইদের সেবা করার সুযোগ দেওয়া হয়েছিল। হ্যাঁ, মাসাশির যা প্রয়োজন ছিল তা যিহোবা জানতেন এবং যখন তা সর্বাধিক মঙ্গল সাধন করবে ঠিক তখনই তিনি তা যুগিয়েছিলেন।

তাঁর আশীর্বাদগুলি লাভ করার চেষ্টা করুন

অতএব, যিহোবা সেই ফার্মাসিস্টের মত নন। যদিও আমরা যিহোবার যত্ন ও চিন্তা সম্বন্ধে উপলব্ধি করতে ব্যর্থ হই, তবুও তাঁর দয়া বিভিন্ন রূপে আসে—মাঝে মাঝে এবং সেই উপায়ে যা আমাদের সর্বাধিক মঙ্গল সাধন করে। সুতরাং, ক্রমাগত তাঁর আশীর্বাদগুলি লাভ করার চেষ্টা করে চলুন। মনে রাখবেন যে কৃতজ্ঞ হওয়ার জন্য ইতিমধ্যেই আপনার অনেক কারণ রয়েছে। পৃথিবীতে ক্রমাগত বেঁচে থাকার জন্য মৌলিক বিষয়গুলির দ্বারা আপনি আশীর্বাদপ্রাপ্ত হয়ে এসেছেন। যিহোবা এবং তাঁর সিদ্ধ পথ সম্বন্ধে আপনাকে জ্ঞান দেওয়া হয়েছে। আপনাকে অন্তর্দৃষ্টি প্রদান করা হয়েছে। আর আপনি বিচক্ষণতা অর্জন করেছেন। এই সমস্ত কিছু আপনার মঙ্গল ও সুখে অবদান রাখে।

যিহোবার আশীর্বাদ এমনকি আরও পূর্ণরূপে লাভ করার জন্য নিয়মিতভাবে বাইবেল অধ্যয়ন করে চলুন। তাঁর অনুপ্রাণিত বাক্যের রত্নতুল্য শিক্ষাগুলি বুঝতে ও তা প্রয়োগ করতে আপনাকে সাহায্য করার জন্য যিহোবার কাছে সনির্বন্ধভাবে আবেদন করুন। সেইগুলি আপনাকে প্রকৃতই ধনবান করবে যার ফলে আপনার কোন কিছুরই অভাব হবে না। হ্যাঁ, আপনার জন্য সেইগুলির অর্থ হবে এখন সুখ ও পরিতৃপ্তি এবং ভবিষ্যৎ নতুন জগতে অনন্ত জীবন।—যোহন ১০:১০; ১ তীমথিয় ৪:৮, ৯.

[২৩ পৃষ্ঠার চিত্র]

যিহোবার আশীর্বাদ স্বর্ণের চেয়েও অধিক মূল্যবান

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার