সত্য জীবনকে রূপান্তরিত করে
দুঃখজনক হলেও সত্য যে আজকে বহু লোকের জীবন কঠিন, এমনকি সংকটময়। এইধরনের লোকেদের পক্ষে কি সুখ লাভ করা সম্ভব? কিছুজন অপরাধী আর তারা তাদের সহমানবদের ওপর আক্রমণ করে থাকে। তারা কি কখনও সমাজের সৎ সদস্য হতে পারবে? এই দুটি প্রশ্নেরই উত্তর হল, হ্যাঁ। মানুষ পরিবর্তিত হতে পারে। জীবনকে রূপান্তরিত করা যেতে পারে। প্রেরিত পৌল দেখিয়েছিলেন যে কিভাবে তা সম্ভব যখন তিনি লেখেন: “মনের নূতনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও; যেন তোমরা পরীক্ষা করিয়া জানিতে পার, ঈশ্বরের ইচ্ছা কি, যাহা উত্তম ও প্রীতিজনক ও সিদ্ধ।”—রোমীয় ১২:২.
“ঈশ্বরের ইচ্ছা . . . সিদ্ধ,” এর উল্লেখ হয়ত পৌল উপরোক্ত বাক্যগুলি লেখার ২০ বছরেরও বেশি আগে যীশু তাঁর শিষ্যদের যা বলেছিলেন তা স্মরণ করিয়ে দিতে পারে। যীশু বলেছিলেন: “তোমরা সেই সত্য জানিবে, এবং সেই সত্য তোমাদিগকে স্বাধীন করিবে।” (যোহন ৮:৩২) “সত্য” বলতে যীশু ঐশিকভাবে অনুপ্রাণিত তথ্যকে বুঝিয়েছিলেন—বিশেষভাবে ঈশ্বরের ইচ্ছা সম্বন্ধীয় তথ্য—যা আমাদের জন্য বাইবেলে সংরক্ষিত রয়েছে। (যোহন ১৭:১৭) বাইবেলের সত্য কি প্রকৃতই লোকেদের স্বাধীন করে? ঈশ্বরের ইচ্ছার সাথে মিল রেখে জীবনযাপন করা কি প্রকৃতই জীবনকে রূপান্তরিত করে? অবশ্যই তা করে। কয়েকটি উদাহরণ বিবেচনা করুন।
জীবনে এক উদ্দেশ্য
বেশিদিন আগের কথা নয়, জিব্রালটারে মইসেস নামক এক ব্যক্তি অত্যন্ত অসুখী ছিলেন। তিনি বলেন: “আমি একজন মাতাল ছিলাম ও রাস্তায় ঘুমাতাম। আমি এমন বোধ করতাম যে আমার সবকিছু শেষ হয়ে গিয়েছে। প্রতি রাতে আমি ঈশ্বরকে বলতাম যে তিনি যেন আমার প্রতি দয়া করেন ও আমাকে আরেকটি দিন সহ্য করতে না হয়। আমি ঈশ্বরের কাছে কাঁদতাম ও বলতাম, আমি যদি একটা অপদার্থ, অকর্মা, পরিবারবিহীন হই আর আমায় সাহায্য করার মত কেউ না থাকে তাহলে আমি কেন এই জগতে এসেছিলাম। কেনই বা আমি বেঁচে থাকব?” এরপর, কিছু ঘটেছিল।
মইসেস আরও বলেন: “রবার্টো নামে একজন যিহোবার সাক্ষীর সাথে সাক্ষাৎ হওয়ার পর আমি বুঝতে পেরেছিলাম যে ঈশ্বর আমার প্রার্থনা শুনেছিলেন। রবার্টো আমাকে একটি বাইবেল ও বাইবেল অধ্যয়ন সহায়ক ঈশ্বর আমাদের কাছ থেকে কী চান?a নামক ব্রোশারটির একটি কপি দিয়েছিলেন। প্রতিদিন আমরা একসাথে সেই বেঞ্চটিতে যেখানে আমি ঘুমাতাম, সেখানে বসে বাইবেল অধ্যয়ন করতাম। এক মাস পরে রবার্টো আমাকে যিহোবার সাক্ষীদের স্থানীয় কিংডম হলের একটি সভায় নিয়ে যান। শীঘ্রই, বাইবেলের সত্য আমার দৃষ্টিভঙ্গিকে সম্পূর্ণভাবে বদলে দেয়। আমি আর বাইরে ঘুমাই না; এমনকি আমি মদ্যপান কিংবা ধূমপানও করি না। আমার জীবন পরিবর্তিত হয়েছে আর আমি সুখী। আমি শীঘ্রই বাপ্তাইজিত হওয়ার ও যিহোবার একজন সাক্ষী হিসাবে তাঁর সেবা করার আশা রাখি।”
কী এক রূপান্তর! যখন লোকেদের কোন আশা থাকে না তখন প্রায়ই তার কারণ হল জ্ঞানের অভাব। তারা ঈশ্বর কিংবা তাঁর অপূর্ব উদ্দেশ্যগুলি সম্বন্ধে জানেন না। মইসেসের ক্ষেত্রে, তিনি যখন সেই জ্ঞান অর্জন করেন, এটি তার জীবনধারাকে পরিবর্তন করতে শক্তি ও সাহস যুগিয়েছিল। ঈশ্বরের প্রতি গীতরচকের প্রার্থনার উত্তর মইসেসের ক্ষেত্রেও সত্য হয়েছিল: “তোমার দীপ্তি ও তোমার সত্য প্রেরণ কর; তাহারাই আমার পথপ্রদর্শক হউক, তোমার পবিত্র গিরিতে ও তোমার আবাসে আমাকে উপস্থিত করুক।”—গীতসংহিতা ৪৩:৩.
বেলিজে, ড্যানিয়েলের একটি সমরূপ অভিজ্ঞতা ছিল। ড্যানিয়েল রাস্তায় ঘুমাতেন না—তার একটি সম্মানজনক চাকুরি ছিল। কিন্তু ২০ বছর ধরে তিনি নেশাকর ওষুধ ও মাদকাসক্তির সাথে লড়াই করছিলেন এবং এক নীতিহীন জীবনযাপনে লিপ্ত ছিলেন। যদিও একজন ক্যাথলিক হিসাবে বড় হয়েছিলেন, ড্যানিয়েল জীবনের কোন অর্থ খুঁজে পাননি আর ঈশ্বরের অস্তিত্ব সম্বন্ধে তিনি সন্দিহান ছিলেন। সাহায্য লাভের জন্য তিনি বিভিন্ন গির্জায় গিয়েছিলেন কিন্তু তিনি দেখেন যে তার অনেক গির্জাগামী বন্ধু আর এমনকি কয়েকজন পাদ্রি বন্ধুও নেশাকর ওষুধ ও মাদক দ্রব্যাদির অপব্যবহার করছেন। ইত্যবসরে, তার স্ত্রীও বিবাহ-বিচ্ছেদ করতে উদ্যত হয়েছিলেন।
অত্যন্ত হতাশাগ্রস্ত হয়ে ড্যানিয়েল নিজেই এক পুনর্বাসন কেন্দ্রে যোগদান করেছিলেন। তবুও তিনি জানতেন যে সেখান থেকে ছাড়া পাওয়ার পর যদি কোনও সাহায্য না পান তাহলে শীঘ্রই তিনি আবার নেশাকর ওষুধে আসক্ত হয়ে পড়বেন। কিন্তু কিধরনের সাহায্য? ১৯৯৬ সালের মে মাসে, পুনর্বাসন কেন্দ্র থেকে বেরিয়ে আসার দুই দিন পর, ড্যানিয়েল একজন যিহোবার সাক্ষীর কাছে যান আর তাকে বিস্মিত করেন যখন তিনি তাকে বিনতি করে বলেন, “দয়া করে আমার সাথে বাইবেল অধ্যয়ন করুন।” সাক্ষীটি, ড্যানিয়েলের সাথে সপ্তাহে দুই দিন বাইবেল অধ্যয়নের ব্যবস্থা করেন আর ড্যানিয়েল শীঘ্রই তার জীবন ঈশ্বরের ইচ্ছার উপযোগী করে তোলেন এবং পুরনো বন্ধুদের পরিবর্তে খ্রীষ্টীয় বন্ধুদের গ্রহণ করেন যারা নেশাকর ওষুধ বা মদের অপব্যবহার করেন না আর নীতিহীনতাকে সম্পূর্ণ পরিহার করেছেন। এইভাবে ড্যানিয়েল দেখতে পান যে বাইবেল যা বলে তা সত্য: “জ্ঞানীদের সহচর হও, জ্ঞানী হইবে; কিন্তু যে হীনবুদ্ধিদের বন্ধু, সে ভগ্ন হইবে।” (হিতোপদেশ ১৩:২০) শীঘ্রই তিনি বলেন: “আমার জীবনে এই প্রথমবার আমি জানতে পেরেছি যে শুদ্ধ বিবেক থাকা কাকে বলে।” ড্যানিয়েলের জীবনও রূপান্তরিত হয়েছিল।
পুয়ের্টো রিকোতে, আরেকজন ব্যক্তি এক লক্ষণীয় রূপান্তর অভিজ্ঞতা করেছিলেন। তিনি কারাগারে ছিলেন ও তাকে অত্যন্ত বিপদজনক বলে মনে করা হত কারণ তিনি অনেক লোককে হত্যা করেছিলেন। বাইবেল সত্য কি তাকে পরিবর্তিত করতে পেরেছিল? হ্যাঁ। যিহোবার সাক্ষীদের একজন তাকে প্রহরীদুর্গ ও সচেতন থাক! পত্রিকার কয়েকটি কপি দিতে পেরেছিলেন আর শীঘ্রই তিনি আরও কয়েকটি চেয়েছিলেন। তার সাথে একটি বাইবেল অধ্যয়ন শুরু করা হয়েছিল আর বাইবেলের সত্য যতই তার হৃদয়ে প্রভাব বিস্তার করতে আরম্ভ করেছিল, তার পরিবর্তনগুলি ততই সকলের দৃষ্টিগোচর হয়েছিল। তার পরিবর্তনের প্রথম প্রমাণটি হল যে তিনি তার লম্বা চুল ছোট করে কেটেছিলেন ও তার খোঁচা খোঁচা ইতস্ততভাবে বেড়ে ওঠা দাড়ি কামিয়ে ফেলেছিলেন।
বাইবেল জানায় যে ঈশ্বর সেই পাপীদের ক্ষমা করেন যারা প্রকৃতই অনুতপ্ত হয় ও তাদের জীবনধারাকে পরিবর্তিত করে। পৌল লিখেছিলেন: “তোমরা কি জান না যে, অধার্ম্মিকেরা ঈশ্বরের রাজ্যে অধিকার পাইবে না? . . . আর তোমরা কেহ কেহ সেই প্রকার লোক ছিলে; কিন্তু . . . আপনাদিগকে ধৌত করিয়াছ।” (১ করিন্থীয় ৬:৯, ১১) নিঃসন্দেহে, এই বাক্যগুলি ব্যক্তিটিকে সান্ত্বনা দিয়েছিল ঠিক যেমন প্রেরিত ২৪:১৫ পদের বাক্যগুলিও দিয়েছিল: “ধার্ম্মিক অধার্ম্মিক উভয় প্রকার লোকের পুনরুত্থান হইবে।” তিনি বলেন: “যখন মৃতদের পুনরুত্থান হবে তখন আমি সেখানে থাকতে চাই, কারণ আমি যাদের হত্যা করেছিলাম যেন তাদের কাছে ক্ষমা চাইতে পারি।”
এক নতুন পরিবার
আর্জেন্টিনায় যিহোবার সাক্ষীদের একজন পূর্ণ সময়ের সুসমাচার প্রচারক লুইস, একদিন এক যুবক ব্যক্তির সাথে পরিচিত হয়েছিলেন যার এক করুণ ইতিহাস ছিল। জন্মের পরেই পিতামাতার দ্বারা পরিত্যক্ত হয়ে তিনি বিভিন্ন আশ্রমে প্রতিপালিত হয়েছিলেন। যখন তার বয়স প্রায় ২০ বছর তখন তার মা কোথায় আছেন তা তিনি জানতে পেরেছিলেন ও তার কাছাকাছি থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি কঠোর পরিশ্রম করেন ও প্রচুর টাকা সঞ্চয় করেন এবং তার মা যে শহরে ছিলেন সেখানে যান। যতক্ষণ পর্যন্ত তার টাকা শেষ না হয় তার মা তাকে নিজের কাছে থাকতে দেন, তারপর চলে যেতে বলেন। আর এই প্রত্যাখ্যান তাকে আত্মহত্যার দিকে নিয়ে যায়।
যাইহোক, লুইস সেই যুবক ব্যক্তিটির সাথে বাইবেলের সত্য বন্টন করতে পেরেছিলেন। সেই সত্য নিশ্চয়তা দেয়: “আমার পিতামাতা আমাকে ত্যাগ করিয়াছেন, কিন্তু সদাপ্রভু আমাকে তুলিয়া লইবেন।” (গীতসংহিতা ২৭:১০) সেই যুবক ব্যক্তিটি দেখেছিলেন যে তার একজন স্বর্গীয় পিতা আছেন যিনি তাকে কখনও পরিত্যাগ করবেন না। তিনি এখন এক নতুন পরিবার, যিহোবার পরিবারের এক অংশ হতে পেরে সুখী।
সেই একই দেশে আরেকজন ব্যক্তি যিহোবার সাক্ষীদের একজনকে বলেছিলেন যে তিনি প্রহরীদুর্গ পত্রিকাটি পছন্দ করেন। কেন? কারণ এটি তার বিবাহকে রক্ষা করেছিল। একদিন যখন এই ব্যক্তি তার কার্যালয় থেকে ফিরছিলেন, তিনি আবর্জনার মধ্যে বড় অক্ষরে লেখা “বিবাহ-বিচ্ছেদ” শিরোনামযুক্ত একটি প্রহরীদুর্গ পত্রিকা পড়ে থাকতে দেখেছিলেন। যেহেতু তার বিবাহ সমস্যার মধ্যে ছিল আর তিনি ও তার স্ত্রী সম্পর্ক ছিন্ন করার জন্য আইনগত ব্যবস্থা নিতে শুরু করেছিলেন, তাই তিনি ওই পত্রিকাটি তুলে এনেছিলেন ও তা পড়তে আরম্ভ করেছিলেন। তিনি এটি বাড়িতে নিয়ে আসেন ও তার স্ত্রীর সাথে পড়েন। সেই দম্পতি, ওই পত্রিকায় দেওয়া বাইবেল ভিত্তিক পরামর্শ প্রয়োগ করার চেষ্টা করেছিলেন। (ইফিষীয় ৫:২১–৬:৪) শীঘ্রই তাদের সম্পর্কের উন্নতি হয়। তারা সম্পর্ক ছিন্ন করার আইনগত ব্যবস্থা নেওয়া বন্ধ করে দেন আর এখন এক একতাবদ্ধ বিবাহিত দম্পতি হিসাবে বাইবেল অধ্যয়ন করছেন।
উরুগুয়েতে, লুইস নামে আরেকজন ব্যক্তি অত্যন্ত অসুখী ছিলেন। নেশাকর ওষুধে আসক্তি, প্রেতচর্চা, মূর্তিপূজা, মদের অপব্যবহার—এইগুলি হল কিছু বিষয় যা তার জীবনকে বিক্ষিপ্ত করে তুলেছিল। পরিশেষে, লুইস পুরোপুরি হতাশাগ্রস্ত হয়ে নাস্তিক হয়ে যান। একজন বন্ধু তাকে জীবন—কিভাবে তা এখানে এসেছে? ক্রমবিবর্তন অথবা সৃষ্টির মাধ্যমে?b (ইংরাজি) নামক বইটি দিয়েছিলেন। এর ফলস্বরূপ তিনি অল্প সময়ের জন্য যিহোবার সাক্ষীদের সান্নিধ্যে এসেছিলেন। কিন্তু শীঘ্রই তিনি আবার মদ ও নেশাকর ওষুধে ফিরে যান। নিদারুণ মানসিক যন্ত্রণার এক মুহূর্তে যখন তিনি নিজেকে একটি আবর্জনায় পরিপূর্ণ স্তূপের মধ্যে বসে থাকা অবস্থায় দেখতে পান, তখন তিনি “যীশু খ্রীষ্টের পিতা”-র কাছে প্রার্থনা করেছিলেন, যেহেতু তিনি ঈশ্বরের নাম সম্পর্কে অনিশ্চিত ছিলেন।
তিনি ঈশ্বরের কাছে আবেদন জানান যে পৃথিবীতে তার অস্তিত্বের কোন কারণ আছে কি না, তা যেন তিনি তাকে দেখিয়ে দেন। “ঠিক তার পরের দিনই,” লুইস বলেন, “একজন পরিচিত ব্যক্তি আমাকে একটি বই দেন, যেটি তার আর দরকার ছিল না। শিরোনাম কী ছিল? প্রকাশিত বাক্য—তার মহান পরিপূর্ণতা সন্নিকট!”c (ইংরাজি) সেই বইটি তাকে তার প্রশ্নের উত্তর পেতে সাহায্য করেছিল। লুইস সেই ধর্মটি খুঁজে পাওয়ার জন্য সাহায্য চেয়ে আবার প্রার্থনা করেন যেটি তাকে দেখাবে কিভাবে ঈশ্বরের সেবা করতে হয়। কী ভীষণ আশ্চর্যের বিষয়! দরজার ঘন্টা বেজে ওঠে আর বাইরে দুইজন যিহোবার সাক্ষী দাঁড়িয়ে। লুইস তখনই তাদের সাথে বাইবেল অধ্যয়ন শুরু করেছিলেন। তিনি দ্রুত উন্নতি করেন আর এখন একজন বাপ্তাইজিত সাক্ষী হয়ে নিজেকে আশীর্বাদপ্রাপ্ত বলে মনে করেন। তিনি নিজে এক শুদ্ধ জীবন যাপন করেন আর অন্যদেরও জীবনের উদ্দেশ্য খুঁজে পেতে সাহায্য করেন। তার ক্ষেত্রে, গীতসংহিতা ৬৫:২ পদের কথাগুলি সত্য প্রতিপন্ন হয়েছে: “হে প্রার্থনা-শ্রবণকারী, তোমারই কাছে মর্ত্ত্যমাত্র আসিবে।”
ফিলিপাইনে, অ্যালেন রাজনৈতিক আন্দোলনগুলির একজন সক্রিয় অংশগ্রহণকারী ছাত্র ছিলেন। তিনি একটি সংগঠনের অন্তর্ভুক্ত ছিলেন যাদের উদ্দেশ্য ছিল “সরকারকে ক্ষমতাচ্যুত করা, যাতে করে ভবিষ্যৎ বংশ সাম্য উপভোগ করতে পারে।” কিন্তু একদিন, তার সাথে একজন যিহোবার সাক্ষীর সাক্ষাৎ হয়েছিল আর তিনি বাইবেল থেকে মানবজাতির জন্য ঈশ্বরের উদ্দেশ্য সম্বন্ধে জানতে পেরেছিলেন। সেই উদ্দেশ্যের মধ্যে এই অনুপ্রাণিত প্রতিশ্রুতিটি ছিল: “ক্ষণকাল, পরে দুষ্ট লোক আর নাই, . . . কিন্তু মৃদুশীলেরা দেশের অধিকারী হইবে, এবং শান্তির বাহুল্যে আমোদ করিবে।” (গীতসংহিতা ৩৭:১০, ১১) অ্যালেন বলেন: “শীঘ্রই আমি উপলব্ধি করতে পেরেছিলাম যে আমরা যে বিষয়টির জন্য আন্দোলন করছি তা বহু পূর্ব থেকেই বাইবেলে প্রতিজ্ঞা করা রয়েছে। যে বিষয়গুলির জন্য আমরা আকুলভাবে আকাঙ্ক্ষা করে আছি সেইগুলি ঈশ্বরের রাজ্যের অধীনে প্রদান করা হবে।” অ্যালেন এখন ঈশ্বরের রাজ্যকে সমর্থন করেন এবং অন্যদের বাইবেলের সত্যের ওপর বিশ্বাস রাখতে সাহায্য করেন।
হ্যাঁ, জীবন রূপান্তরিত হয়েছে যখন লোকেরা ঈশ্বরের বাক্য, বাইবেলের সত্যের প্রতি মনোযোগী হন। বস্তুতপক্ষে, সেই সময় আগতপ্রায় যখন সমস্ত রক্ষাপ্রাপ্ত মানবজাতি তাদের জীবন ঈশ্বরের ইচ্ছার সাথে সামঞ্জস্যপূর্ণ করবে। কী এক রূপান্তরই না তা হবে! তখন সেই ভবিষ্যদ্বাণীটি পরিপূর্ণ হবে: “সে সকল আমার পবিত্র পর্ব্বতের কোন স্থানে হিংসা কিম্বা বিনাশ করিবে না; কারণ সমুদ্র যেমন জলে আচ্ছন্ন, তেমনি পৃথিবী সদাপ্রভু-বিষয়ক জ্ঞানে পরিপূর্ণ হইবে।”—যিশাইয় ১১:৯.
[পাদটীকাগুলো]
a ওয়াচটাওয়ার বাইবেল অ্যান্ড ট্র্যাক্ট সোসাইটি দ্বারা প্রকাশিত।
b ওয়াচটাওয়ার বাইবেল অ্যান্ড ট্র্যাক্ট সোসাইটি দ্বারা প্রকাশিত।
c ওয়াচটাওয়ার বাইবেল অ্যান্ড ট্র্যাক্ট সোসাইটি দ্বারা প্রকাশিত।