যুবক-যুবতীদের প্রতি কী ঘটছে?
সুসংবাদ অথবা দুঃসংবাদ—কোন্টি আপনি প্রথমে শুনতে চান? যখন এই প্রশ্নটি জিজ্ঞাসা করা হয়েছিল, অনেকেই এই বিষয়টি আশা করে প্রথমে দুঃসংবাদ শোনাকে বেছে নিয়েছিল যে সুসংবাদের রেশ মনের মধ্যে দীর্ঘকাল থেকে যাবে।
যুবক-যুবতীদের প্রতি কী ঘটছে তা পরীক্ষা করার সময়ে প্রথমেই বর্তমান দুঃখজনক পরিস্থিতিটি বিবেচনা করুন। বয়স্ক ব্যক্তিরা সাধারণত মন্তব্য করে থাকেন যে আজকের দিনের যুবক-যুবতীরা অতীতের যুবক-যুবতীদের মত নয়। অপরপক্ষে, যুবক-যুবতীরা এইপ্রকার মন্তব্যে বিরক্ত হয় যে তারা বিগত দিনের মানগুলির সাথে সামঞ্জস্য রাখে না। তৎসত্ত্বেও, মনুষ্যত্বের সূক্ষ্ম পর্যবেক্ষকেরা এই বিষয়ে একমত যে আজকের দিনের যুবক-যুবতীরা স্বতন্ত্র।
কিভাবে স্বতন্ত্র?
যদিও সাধারণত লোকেরা মনে করে যে যুবক-যুবতীদের উত্তম আচার-আচরণ, দায়িত্ববোধ ও অন্যদের প্রতি শ্রদ্ধা থাকা উচিত, বাস্তবে প্রায়ই এই আদর্শগুলির অভাব দেখা যায়। লন্ডনের দি ইনডিপেনডেন্ট সংবাদপত্রে প্রকাশিত একটি সমীক্ষা অনুসারে, যুবক-যুবতীরা “সেই জগতের বিরুদ্ধে ‘বিদ্রোহের এক নতুন মনোভাব’ গড়ে তুলছে যেটিকে তারা তাদের ব্যাপকভাবে ব্যর্থ করতে দেখেছে।” “বিদ্রোহের এক নতুন মনোভাব” এই অনুসন্ধানের দ্বারা প্রতিফলিত হয়েছে যে আধুনিক দিনের খুব অল্প সংখ্যক যুবক-যুবতীই নিজেরা “বিচক্ষণ ও দায়িত্বশীল” রূপে বিবেচিত হতে চায়। পরিবর্তে তারা “অবাধ ও হটকারী” হিসাবে গণ্য হতে চায়।
উদাহরণস্বরূপ, ব্রিটেনে, নথিবদ্ধ অপরাধ—যার অধিকাংশই যুবক-যুবতীদের দ্বারা কৃত—১৯৫০ থেকে ১৯৯৩ সালের মধ্যে দশগুণ বৃদ্ধি পেয়েছে। নেশাকর ওষুধ এবং মাদকদ্রব্যের বর্ধিত অপব্যবহার এই প্রবণতার সমরূপ ধারণ করেছে। লন্ডনের দ্যা টাইমস্ উল্লেখ করে, একই সময়ে প্রায় সমস্ত উন্নত দেশগুলি বিশেষত “দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যুবক-যুবতীদের মধ্যে প্রচুর পরিমাণে মনস্তাত্ত্বিক ও সামাজিক ব্যাধির বৃদ্ধি” দেখেছে। অপরাধ-বিজ্ঞান বিষয়ক অধ্যাপক, ডেভিড জে. স্মিথের মতানুসারে, এই ব্যাধিগুলির “বঞ্চনা অথবা বর্ধিত সমৃদ্ধির সাথে স্পষ্ট কোন সম্পর্ক নেই।” গবেষণা নির্দেশ করে যে আজকে যুবক-যুবতী এবং বয়স্ক ব্যক্তিদের মধ্যে এক বিরাট পার্থক্য স্পষ্ট প্রতীয়মান।
শিশু এবং অল্পবয়স্ক কিশোর-কিশোরীরা বর্তমানে ক্রমবর্ধিত চাপের মুখোমুখি হচ্ছে। আত্মহত্যার চেষ্টা করা অথবা তাতে সফল হওয়া সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। স্কটল্যান্ডের গ্লাসগো হেরাল্ড বিবৃতি দেয়, দশ বছরেরও কম সময়ের মধ্যে ১২ বছরের চেয়ে কম বয়সী শিশুদের মধ্যে আত্মহত্যার প্রচেষ্টা দ্বিগুণ হয়েছে। আর একটু বেশি বয়স্ক শিশুরাও হতাশাকে তাদের এই একই পথে পরিচালিত করতে অনুমতি দেয়। সংবাদপত্রটি মন্তব্য করে, “এগুলি যুবক ব্যক্তিদের মনোরোগজনিত সমস্যারূপ জোয়ারের চূড়ান্ত শেষ পর্যায় যা তাদের সাহায্য করার জন্য গৃহীত প্রচেষ্টাকে ব্যাহত করে।
কাকে দোষ দেওয়া যায়?
প্রাপ্তবয়স্কেরা যৌবনের “ভ্রান্ত” দৃষ্টিভঙ্গির জন্য সহজেই যুবক-যুবতীদের দোষ দিয়ে থাকেন। কিন্তু প্রকৃতপক্ষে, বর্তমানে যুবক-যুবতীদের মাঝে যা ঘটছে তার জন্য প্রাপ্তবয়স্কেরা কি অনেকাংশেই দায়ী নন? নিপীড়ন, পিতামাতার অবহেলা, যাদের উপর যুবক-যুবতীরা আস্থা রাখতে পারে এমন আদর্শ ব্যক্তিদের অভাবকে প্রায়ই এর ব্যাখ্যা হিসাবে উল্লেখ করা যেতে পারে। “সাধারণ জনগণের মধ্যে হতাশা এখনও তেমনই আছে যেমন এটি ৩০ বছর আগে ছিল,” ব্রিটেনের চিকিৎসা গবেষণা পরিষদের শিশু মনোরোগবিদ্যা শাখার প্রধান অধ্যাপক স্যার মাইকেল রটার দাবি করেন। “কিন্তু,” তিনি যোগ দেন, “এই পরিস্থিতিটি কিশোর-কিশোরী এবং প্রাপ্তবয়স্ক যুবক-যুবতীদের মধ্যে সাংঘাতিকভাবে বৃদ্ধি পেয়েছে। . . . কোন সন্দেহ নেই যে পারিবারিক ভাঙন এতে অবদান রাখে; আর কেবলমাত্র বিবাহবিচ্ছেদই নয় কিন্তু প্রাপ্তবয়স্কদের মধ্যে বিদ্যমান সাধারণ মতবিরোধ ও সংঘাতও।”
একজন গবেষক দাবি করেন যে যুবক-যুবতীরা “আদর্শ প্রথাকে প্রত্যাখ্যান করে।” কেন? “কারণ আদর্শ প্রথাগুলি তাদের জন্য নয়।” উদাহরণস্বরূপ, লিঙ্গের ভূমিকা সম্বন্ধে পরিবর্তনশীল দৃষ্টিভঙ্গির কথা বিবেচনা করুন। অনেক অল্পবয়স্ক স্ত্রীলোকেরা আক্রমণ ও হিংস্রতার ক্ষেত্রে আরও বেশি পুরুষোচিত বৈশিষ্ট্যগুলিকে গ্রহণ করে, যেখানে অল্পবয়স্ক পুরুষেরা নারীসুলভ হচ্ছে। অতীতের আদর্শ থেকে কতই না আলাদা!
কিন্তু কেন এখন আমরা এই প্রকার আমূল পরিবর্তনগুলি দেখতে পাই? আর আজকে যুবক-যুবতীদের সম্বন্ধে কী সুসংবাদ রয়েছে? কিভাবে তাদের এক সুরক্ষিত ভবিষ্যৎ থাকতে পারে? আমাদের পরবর্তী প্রবন্ধ এই প্রশ্নগুলির উত্তর বিবেচনা করবে।