ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৭ ৭/১৫ পৃষ্ঠা ২০-২৩
  • আপনার সন্তানের জীবন রক্ষা করুন!

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আপনার সন্তানের জীবন রক্ষা করুন!
  • ১৯৯৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • একজন ঘনিষ্ঠ বন্ধু হোন
  • ঈশ্বরের প্রতি প্রেম
  • ঈশ্বর ভয়
  • আনন্দজনক পুরস্কারগুলি
  • আপনার সন্তানকে শিশুকাল থেকেই প্রশিক্ষণ দিন
    পারিবারিক সুখের রহস্য
  • বাবামারা—আপনাদের সন্তানদের প্রেমের সঙ্গে প্রশিক্ষণ দিন
    ২০০৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • বাবা-মায়েরা, আপনাদের সন্তানদের যিহোবাকে ভালোবাসতে শেখান
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২২
  • আধ্যাত্মিক দিক দিয়ে শক্তিশালী পরিবার গড়ে তোলা
    ২০০১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
১৯৯৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৭ ৭/১৫ পৃষ্ঠা ২০-২৩

আপনার সন্তানের জীবন রক্ষা করুন!

মাইকেল এবং আলফিনা দক্ষিণ আফ্রিকায়, খাজুলু নাটালের সবুজ পাহাড়ি অঞ্চলের মাঝে এক গ্রাম্য উপত্যকায় বাস করেন। সাতটি সন্তানকে প্রতিপালন করতে তারা অনেক প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হয়েছিলেন। তার স্ত্রীর পূর্ণ সমর্থনে পিতাদের উদ্দেশ্যে বাইবেলের আদেশ পালন করার ক্ষেত্রে মাইকেল তার সর্বোত্তমটিই করেছিলেন: “প্রভুর শাসনে ও চেতনা প্রদানে [আপনাদের সন্তানদের] মানুষ করিয়া তুল।” (ইফিষীয় ৬:৪) কিন্তু কখনও কখনও সমস্যাগুলি উদ্ভূত হয়।

উদাহরণস্বরূপ, তাদের পারিবারিক গবাদি পশুর পালকে সংযুক্ত করা আফ্রিকার পশুপালক ছেলেদের জন্য একটি সাধারণ ব্যাপার যাতে করে একত্রে খেলা করার জন্য আরও বেশি সময় থাকে। কখনও কখনও তারা দুষ্টুমিতে লিপ্ত হয় এবং এমন বিষয়গুলি সম্বন্ধে কথা বলে যা তাদের আলোচনা করা উচিত নয়। যখন মাইকেলের ছেলেরা পারিবারিক গবাদি পশুর পালকে চরাতে যেত তখন তিনি তাদের নিদির্ষ্ট কিছু ছেলেমেয়েদের সাথে মেলামেশা না করার জন্য কঠোর নির্দেশাবলী দিয়েছিলেন। (যাকোব ৪:৪) কিন্তু, কর্মস্থল থেকে গৃহে ফিরে এসে, কখনও কখনও তিনি তাদের সেইগুলিই করতে দেখতেন। ফলস্বরূপ, তাকে তাদের শাসন করতে হয়েছিল।—হিতোপদেশ ২৩:১৩, ১৪.

আপনি কি মনে করেন যে মাইকেল তার সন্তানদের প্রতি খুব বেশি কঠোর ছিলেন? কেউ কেউ ঐরকমই মনে করতে পারে কিন্তু যীশু খ্রীষ্ট বলেছিলেন যে “প্রজ্ঞা নিজ কর্ম্মসমূহ দ্বারা নির্দ্দোষ বলিয়া গণিত হয়।” (মথি ১১:১৯) তাদের সন্তানদের সাথে সময় ব্যয় করে এবং বাইবেলের ঘটনা এবং সত্যগুলি সম্বন্ধে তাদের শিক্ষা দেওয়ার মাধ্যমে মাইকেল এবং আলফিনা তাদের গৃহে এক প্রেমময় পরিবেশ সৃষ্টি করেছিলেন।

মাইকেল এবং আলফিনার চারটি মেয়ে—টিমবেকিলি, সিফিয়া, টোলাকেলি এবং টিমবেকানি। তাদের সকলেই ঈশ্বরের রাজ্যের সুসমাচারের পূর্ণ-সময়ের প্রচারক। তাদের দুটি পুত্র যিহোবার সাক্ষীদের মণ্ডলীগুলিতে পরিচালক অধ্যক্ষ হিসাবে সেবা করছেন। তাদের তৃতীয় পুত্র পরিচারক দাস হিসাবে সেবা করছেন, যার স্ত্রীও একজন পূর্ণ-সময়ের সুসমাচার প্রচারক।

বৃহৎ পরিবারের বহু খ্রীষ্টীয় পিতামাতা তাদের সন্তান প্রতিপালনের ক্ষেত্রে সফলতার দ্বারা আশীর্বাদপ্রাপ্ত হয়েছেন। কিন্তু, কিছু সন্তানেরা শৈশবে পিতামাতার কাছ থেকে উত্তম প্রশিক্ষণ পাওয়া সত্ত্বেও সত্য পরিত্যাগ করে। কোন সন্দেহ নেই যে, তাদের পিতামাতারা যীশুর দৃষ্টান্তে হারানো পুত্রের কথা মনে রাখেন এবং এই আশা নিয়ে বেঁচে থাকেন যে তাদের ছেলে অথবা মেয়ে অনুতপ্ত হবে এবং পরিশেষে পরিত্রাণ লাভ করবে।—লূক ১৫:২১-২৪.

কিন্তু, দুঃখের বিষয় যে, কিছু খ্রীষ্টীয় পিতামাতা তাদের সব সন্তানদের এই জগতে হারিয়ে ফেলছে। এটি বিশেষ করে আফ্রিকার কিছু অংশে উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায় যেখানে সন্তানেরা তাদের কৈশরের বছরগুলিতে পৌঁছানোর আগে পর্যন্ত ভাল থাকে বলে মনে হয়। তারপর, যৌবনের প্রারম্ভে, তারা শয়তানের জগতের অনৈতিক উপায়গুলির দ্বারা প্রলোভিত হয়। (১ যোহন ৫:১৯) ফলস্বরূপ, অনেক পিতারা মণ্ডলীতে প্রাচীন হিসাবে সেবা করার জন্য যোগ্য বলে বিবেচিত হন না। (১ তীমথিয় ৩:১, ৪, ৫) স্পষ্টতই, একজন পিতার তার নিজের পরিবারের পরিত্রাণকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে দেখা উচিত। সুতরাং, তাদের ছেলেমেয়েদের জীবনকে রক্ষা করার জন্য পিতামাতারা কী করতে পারেন?

একজন ঘনিষ্ঠ বন্ধু হোন

যীশু কেবলমাত্র সিদ্ধই ছিলেন না কিন্তু জ্ঞান এবং অভিজ্ঞতায় অন্য যে কোন মানুষের তুলনায় উৎকৃষ্ট ছিলেন। তৎসত্ত্বেও, তাঁর অসিদ্ধ শিষ্যদের সাথে তিনি ঘনিষ্ঠ বন্ধুর ন্যায় ব্যবহার করেছিলেন। (যোহন ১৫:১৫) সেই কারণে তারা তাঁর সাথে থাকতে চেয়েছিলেন এবং তাঁর উপস্থিতিতে বিকাশলাভ করেছিলেন। (যোহন ১:১৪, ১৬, ৩৯-৪২; ২১:৭, ১৫-১৭) পিতামাতারা এর থেকে শিক্ষালাভ করতে পারেন। উষ্ণ সূর্যের আলোয় প্রসারিত পত্রসহ ছোট উদ্ভিদের মত ছেলেমেয়েরা গৃহের প্রেমময়, বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিকশিত হয়।

পিতামাতারা, আপনাদের সন্তানেরা কি তাদের সমস্ত উদ্বেগগুলি নিয়ে আপনাদের কাছে আসতে স্বচ্ছন্দ বোধ করে? আপনারা কি তাদের কথা শোনেন? উপসংহারে পৌঁছানোর পূর্বে, আপনারা কি তাদের চিন্তাধারা এবং অনুভূতিগুলিকে বের করে আনেন যাতে করে আরও সম্পূর্ণ চিত্রটি পান? বাইবেল প্রকাশনাদি নিয়ে তাদের সাথে গবেষণা করার দ্বারা নির্দিষ্ট প্রশ্নগুলির উত্তর নির্ণয় করতে আপনারা কি ধৈর্যের সাথে তাদের সাহায্য করেন?

দক্ষিণ আফ্রিকার একজন মা ব্যাখ্যা করেন: “আমাদের মেয়ের বিদ্যালয়ে যাওয়ার প্রথম দিন থেকে আমরা প্রতিদিনের ঘটনাগুলি বর্ণনা করার জন্য তাকে উৎসাহিত করেছিলাম। উদাহরণস্বরূপ, আমি জিজ্ঞাসা করতাম: ‘দুপুরবেলা খাওয়ার বিরতির সময় তুমি কার সাথে সময় কাটিয়েছ?’ তোমার নতুন শিক্ষক সম্বন্ধে আমাকে কিছু বল। তিনি দেখতে কেমন? সপ্তাহের জন্য কোন্‌ কাজগুলির পরিকল্পনা করা হয়েছে?’ একবার, আমাদের মেয়ে বাড়ি ফিরে জানায় যে ইংরাজি শিক্ষক তাদের শ্রেণীকে একটি চলচ্চিত্র দেখাতে নিয়ে যাবেন, যার সম্বন্ধে পরে তাদের একটি পর্যালোচনামূলক লেখনি লিখতে হবে। চলচ্চিত্রের নামকরণটি ছিল আপত্তিজনক। পরীক্ষা করার দ্বারা আমরা দেখেছিলাম যে এটি একজন খ্রীষ্টানের জন্য উপযুক্ত নয়। আমরা পরিবারগতভাবে এটিকে আলোচনা করেছিলাম। পরের দিন আমাদের মেয়ে শিক্ষকের কাছে গিয়ে ব্যাখ্যা করে যে সে চলচ্চিত্রটি দেখতে চায় না, যেহেতু এতে চিত্রিত নৈতিক মানগুলি তার খ্রীষ্টীয় বিশ্বাসগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। শিক্ষক বিষয়টি নিয়ে পুনরায় চিন্তা করেন এবং পরে আমাদের মেয়েকে ধন্যবাদ দেন এই বলে যে তিনি এমন কিছু দেখার জন্য শ্রেণীকে নিয়ে যেতে চাননি যার জন্য তাকে পরে অনুশোচনা করতে হবে।” এই মেয়ের পরিত্রাণের প্রতি পিতামাতা যেভাবে ক্রমাগত প্রেমময় আগ্রহ দেখিয়েছিলেন তা উত্তম ফল উৎপন্ন করেছিল। সে সুখী, ইতিবাচক প্রকৃতির একটি মেয়ে এবং ওয়াচ টাওয়ার বাইবেল অ্যান্ড ট্র্যাক্ট সোসাইটির দক্ষিণ আফ্রিকার শাখায় এখন একজন স্বেচ্ছাসেবিকা হিসাবে সেবা করছে।

অন্য লোকেদের ছেলেমেয়েদের সাথে ব্যবহারের ক্ষেত্রে যীশু একটি উৎকৃষ্ট উদাহরণ স্থাপন করেছিলেন। তিনি তাদের সঙ্গ উপভোগ করেছিলেন। (মার্ক ১০:১৩-১৬) তাদের নিজেদের ছেলেমেয়েদের সাথে তা করে পিতামাতাদের কতই না সুখী হওয়া উচিত! আফ্রিকার কিছু অংশে ছেলেদের সাথে একজন পিতাকে ফুটবল অথবা অন্যান্য খেলাগুলি খেলতে দেখা লজ্জাজনক বলে মনে করা হয়। কিন্তু একজন খ্রীষ্টীয় পিতার কখনও মনে করা উচিত নয় যে তার সন্তানের সাথে এইগুলি করা তার পক্ষে অপমানজনক। ছোটদের পিতামাতার প্রয়োজন রয়েছে যারা তাদের সাথে সময় ব্যয় করা উপভোগ করে। এটি সন্তানদের জন্য তাদের উদ্বেগগুলিকে প্রকাশ করাকে সহজ করে তোলে। যখন এইধরনের আবেগগত প্রয়োজনগুলিকে উপেক্ষা করা হয়, তখন সন্তানেরা হয়ত বিরক্তবোধ করতে অথবা অবজ্ঞাত হয়েছে বলে মনে করতে পারে, বিশেষ করে যদি তাদের ক্রমাগতভাবে সংশোধন করা হতে থাকে।

পারিবারিক সম্পর্ক সম্বন্ধে কলসীয়দের উদ্দেশ্যে লিখতে গিয়ে পৌল বলেছিলেন: “পিতারা, তোমরা আপন আপন সন্তানদিগকে ক্রুদ্ধ করিও না, পাছে তাহাদের মনোভঙ্গ হয়।” (কলসীয় ৩:২১) এটি হয়ত ইঙ্গিত করতে পারে যে কখনও কখনও খুব বেশি শাসন এবং খুব কম বন্ধুত্বের মধ্যে ভারসাম্যের অভাব আছে। সন্তানেরা, যার অন্তর্ভুক্ত কিশোর-কিশোরী, যাদের ভালবাসা ও উপলব্ধি করা হয় তারা প্রয়োজনীয় শাসনের প্রতি সম্ভবত আরও বেশি সাড়া দেবে।

ঈশ্বরের প্রতি প্রেম

সবচেয়ে মূল্যবান উত্তরাধিকার যা পিতামাতারা তাদের সন্তানদের দিতে পারেন তা হল প্রেম দেখানো সম্বন্ধে তাদের নিজেদের উদাহরণ। সন্তানদের দেখা এবং শোনা প্রয়োজন যে তাদের পিতামাতারা ঈশ্বরের প্রতি অকৃত্রিম প্রেম প্রকাশ করেন এবং তা দেখান। একজন যুবক ব্যক্তি যিনি ওয়াচ টাওয়ার বাইবেল অ্যান্ড ট্র্যাক্ট সোসাইটির আফ্রিকা শাখায় সেবা করেন, তিনি ব্যাখ্যা করেন: “যখন আমি একজন বালক ছিলাম, গৃহের বিভিন্ন কাজে আমার বাবাকে আমি সাহায্য করতাম। তাকে সাহায্য করা আমি উপভোগ করতাম, কারণ বাবা আমার অতি ক্ষুদ্র কাজকেও সত্যই উপলব্ধি করতেন। যিহোবা সম্বন্ধে অনেক বিষয় বলার জন্য তিনি সেই সময়টি ব্যয় করতেন। উদাহরণস্বরূপ, আমার একটি শনিবারের কথা মনে পড়ে, যখন আমরা কঠোর পরিশ্রম করে ঘাস কাটছিলাম। এটি প্রকৃতই গরমের দিন ছিল। বাবা ঘামছিলেন, সুতরাং আমি দৌড়ে যাই এবং দুই গ্লাস জল নিয়ে এসে সেগুলিতে বরফ দিই। বাবা বলেছিলেন: ‘তুমি কি দেখেছ যিহোবা কত প্রজ্ঞাবান? বরফ জলের উপর ভাসে। যদি এটি ডুবে যেত, তাহলে হ্রদ এবং পুকুরগুলির তলদেশের সমস্ত জীব মারা যেত। পরিবর্তে, বরফ অপরিবাহী একটি কম্বল হিসাবে কাজ করে! সেটি কি আমাদের যিহোবাকে আরও ভালভাবে জানতে সাহায্য করে না?’a পরে, নিরপেক্ষতা বজায় রাখার জন্য যখন আমাকে কারারুদ্ধ করা হয়েছিল, তখন আমার চিন্তা করার সময় ছিল। একদিন রাত্রে আমার কারাগার কক্ষে হতাশার মুহূর্তে আমি বাবার সেই কথাগুলিকে স্মরণ করেছিলাম। সেগুলির কতই না অর্থ ছিল! আমি যদি পারি, চিরকাল আমি যিহোবার উপাসনা করব।”

হ্যাঁ, তাদের পিতামাতারা যা করেন তার প্রতিটি ক্ষেত্রে ঈশ্বরের প্রেমকে প্রতিফলিত হতে দেখা সন্তানদের জন্য প্রয়োজন। খ্রীষ্টীয় সভাগুলিতে উপস্থিতি, ক্ষেত্র পরিচর্যায় অংশগ্রহণ এবং পারিবারিক বাইবেল পাঠ ও অধ্যয়নের পশ্চাতে ঈশ্বরের প্রতি প্রেম এবং তাঁর প্রতি স্বেচ্ছাকৃত বাধ্যতাই বিশেষভাবে অনুপ্রেরণাকারী শক্তি হওয়া উচিত। (১ করিন্থীয় ১৩:৩) সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, ঈশ্বরের প্রতি প্রেম আন্তরিক পারিবারিক প্রার্থনাগুলিতে প্রতিফলিত হওয়া উচিত। আপনার সন্তানকে এইধরনের উত্তরাধিকার প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণে ইস্রায়েলীয়দের আদেশ দেওয়া হয়েছিল: “তুমি তোমার সমস্ত হৃদয়, তোমার সমস্ত প্রাণ, ও তোমার সমস্ত শক্তি দিয়া আপন ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করিবে। আর এই যে সকল কথা আমি অদ্য তোমাকে আজ্ঞা করি, তাহা তোমার হৃদয়ে থাকুক। আর তোমরা প্রত্যেকে আপন আপন সন্তানগণকে এ সকল যত্নপূর্ব্বক শিক্ষা দিবে, এবং গৃহে বসিবার কিম্বা পথে চলিবার সময়ে এবং শয়ন কিম্বা গাত্রোত্থান কালে ঐ সমস্তের কথোপকথন করিবে।”—দ্বিতীয় বিবরণ ৬:৫-৭; মথি ২২:৩৭-৪০ পদের সাথে তুলনা করুন।

ঈশ্বরকে প্রেম করা ও তাঁর বাধ্য হওয়ার ক্ষেত্রে একটি প্রধান প্রতিবন্ধকতা হল উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত আমাদের পাপপূর্ণ স্বভাব। (রোমীয় ৫:১২) তাই, বাইবেল এটিও আদেশ করে: “হে সদাপ্রভু-প্রেমিকগণ, দুষ্টতাকে ঘৃণা কর।” (গীতসংহিতা ৯৭:১০) মন্দ চিন্তাগুলি প্রায়ই মন্দ কাজগুলি করতে পরিচালিত করে। এগুলিকে এড়িয়ে চলার জন্য, একটি শিশুর অবশ্যই অন্য আরেকটি অত্যাবশ্যক চারিত্রিক বৈশিষ্ট্যও গড়ে তুলতে হবে।

ঈশ্বর ভয়

প্রেমের সাথে যুক্ত যিহোবাকে অসন্তুষ্ট করার সশ্রদ্ধ ভয় খুবই বাঞ্ছিত। যীশু খ্রীষ্ট নিজে আমাদের জন্য একটি নিখুঁত উদাহরণ স্থাপন করে গেছেন যিনি “সদাপ্রভু-ভয়ে” আনন্দ খুঁজে পেয়েছিলেন। (যিশোইয় ১১:১-৩) যখন একটি শিশু বয়ঃসন্ধিতে পৌঁছায় এবং শক্তিশালী যৌন চাপগুলি অভিজ্ঞতা করতে শুরু করে তখন এইধরনের ভয় অত্যাবশ্যক। ঈশ্বর ভয় একজন যুবককে জাগতিক চাপগুলি যা অনৈতিক আচরণের দিকে পরিচালিত করতে পারে সেইগুলিকে প্রতিরোধ করতে সাহায্য করতে পারে। (হিতোপদেশ ৮:১৩) কিছু সম্প্রদায়ের মধ্যে, পিতামাতারা কিভাবে যৌন প্রলোভনগুলির সাথে মোকাবিলা করতে হয় সেইবিষয়ে তাদের সন্তানদের শিক্ষা দিতে লজ্জাবোধ করেন। বস্তুতপক্ষে, অনেকেই মনে করেন যে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করা ভুল। কিন্তু পিতামাতাদের এইধরনের উপেক্ষা করার ফল কী হয়েছে?

বুগা, আমোকো এবং টসেইয়ানা নামে তিনজন চিকিৎসা বিশেষজ্ঞ দক্ষিণ আফ্রিকার ট্রান্সকির গ্রামাঞ্চল থেকে ১,৭০২ জন বালিকা ও ৯০৩ জন বালকের সাক্ষাৎকার নিয়েছিলেন। দক্ষিণ আফ্রিকার চিকিৎসা পত্রিকা (ইংরাজি) জানায় যে “এই সমীক্ষায় বালিকাদের মধ্যে শতকরা ৭৬ ভাগ এবং বালকদের মধ্যে শতকরা ৯০.১ ভাগ ইতিমধ্যেই যৌনসংক্রান্ত অভিজ্ঞতা লাভ করেছিল।” এই বালিকাদের গড় বয়স ছিল ১৫ বছর এবং অনেককেই যৌন সম্ভোগে লিপ্ত হতে জোর করা হয়েছিল। ২৫০ এরও বেশি জন এক অথবা তার অধিক বার গর্ভাবস্থা অভিজ্ঞতা করেছিল। অপর পরিণামটি ছিল যৌনতা সংক্রান্ত রোগগুলির এক তীব্র প্রকাশ।

আপাতদৃষ্টিতে, অনেক পিতামাতাই কিভাবে বিবাহপূর্ব যৌনতাকে এড়ানো যায় সেইবিষয়ে তাদের সন্তানদের শিক্ষা দেওয়ার প্রয়োজনীয়তাকে উপলব্ধি করেন না। পরিবর্তে, পূর্বের পত্রিকাটি ব্যাখ্যা করে: “গ্রাম্য ট্রান্সকি সমাজে সন্তান ধারণ এবং মাতৃত্বকে নারীত্বের এক উচ্চমূল্যসম্পন্ন অঙ্গ হিসাবে দেখা হয় এবং যৌবনরাম্ভের প্রকাশ থেকেই বালিকারা তা প্রত্যক্ষ করে।” জগতের অন্যান্য অংশগুলিতেও একই সমস্যা অস্তিত্বশীল।

আফ্রিকায় বহু যুবকেরা যৌনতাকে বুঝতে তাদের সাহায্য না করার জন্য তাদের পিতামাতাদের সমালোচনা করে। কিছু খ্রীষ্টীয় পিতামাতা, তোমার যৌবন—এর থেকে সর্বোত্তমটি লাভ করা (ইংরাজি) নামক বইটি ব্যবহার করতে খুবই বিব্রত বোধ করেছেন।b পৃষ্ঠা ২০-৩-এ, এটি যৌন অঙ্গগুলির সম্মানজনক ব্যবহার এবং সেই পরিবর্তনগুলি যা বয়ঃসন্ধিকালে ঘটে থাকে তা ব্যাখ্যা করে।

খ্রীষ্টীয় পিতামাতারা যারা তাদের ছেলেমেয়েদের সাথে যৌনতা সম্বন্ধীয় ঈশ্বরের দৃষ্টিভঙ্গি আলোচনা করার প্রতিদ্বন্দ্বিতাটি গ্রহণ করেন তারা প্রশংসনীয়। বিষয়গুলি বোঝার জন্য শিশুর ক্ষমতা অনুযায়ী এটি ক্রমান্বয়ে করা সবচেয়ে উত্তম। এইধরনের বিষয়গুলি যেমন শিশুর বয়সের উপর নির্ভর করে, পিতামাতাদের হয়ত দেহের অংশগুলি এবং সেগুলির কাজগুলির সম্বন্ধে উল্লেখ করার ক্ষেত্রে নির্দিষ্ট হওয়া প্রয়োজন। অন্যথায়, এক অনভিজ্ঞ যুবক যা বলা হয়েছে তা হয়ত বুঝতে পারবে না।—১ করিন্থীয় ১৪:৮, ৯.

দক্ষিণ আফ্রিকার দুই মেয়ে এবং এক ছেলের একজন পিতা ব্যাখ্যা করেন: “প্রায়ই আমার, এমনকি মেয়েদের সাথেও যৌনতা সম্বন্ধিত সংবেদনশীল বিষয়ে আলোচনা করার সুযোগ হয়েছিল। যদিও, আমার স্ত্রী যুবক-যুবতীদের জিজ্ঞাস্য—যে উত্তরগুলি কাজ করে নামক বইটি ব্যবহার করে আমাদের মেয়েদের প্রতি বিশেষ মনোযোগ দিয়েছিল। [২৬-৩১ পৃষ্ঠায় দেখুন।] আমার ছেলের ১২ বছর বয়সে আমি তাকে নিয়ে পাহাড়ে অনেকক্ষণ হাঁটার সিদ্ধান্ত নিয়েছিলাম। সেই সময়ে, আমরা বিস্তারিতভাবে একটি ছেলের দেহের বিকাশ এবং পরে এটি বিবাহের ক্ষেত্রে যে বিশেষ উদ্দেশ্যটি সম্পাদন করবে সেই সম্বন্ধে আলোচনা করেছিলাম। এছাড়াও আমি তার সাথে ক্ষতিকর হস্তমৈথুনের অভ্যাস এড়িয়ে চলা এবং মেয়েদের সম্মান ও শ্রদ্ধার সাথে দেখার প্রয়োজনীয়তার বিষয়ে আলোচনা করেছিলাম—যেমন সে তার মা ও বোনেদের দেখে থাকে।”

আনন্দজনক পুরস্কারগুলি

উল্লেখিত এই পিতা ও মাতা কঠোর পরিশ্রম করেছিলেন এবং তারা সুখী যে তাদের তিনটি সন্তান প্রতিপালনে তারা উত্তম ফল লাভ করেছেন। এই তিনজনই এখন প্রাপ্তবয়স্ক এবং বিশ্বস্ত খ্রীষ্টানদের বিবাহ করেছে। তাদের ছেলে এবং জামাতা সকলে খ্রীষ্টীয় মণ্ডলীতে প্রাচীন হিসাবে সেবা করছে এবং দুটি দম্পতি অনেক বছর ধরে পূর্ণ-সময়ের সুসমাচার প্রচারকের কাজ করে চলেছে।

হ্যাঁ, যে সমস্ত পিতামাতারা তাদের পরিজনের পরিত্রাণের জন্য কঠোর পরিশ্রম করেন, তারা সন্তানদের কাছ থেকে এক আনন্দজনক পুরস্কার প্রত্যাশা করতে পারেন যারা এইধরনের বাইবেল শিক্ষার প্রতি সাড়া দেওয়াকে বেছে নেয়, কারণ হিতোপদেশ ২৩:২৪, ২৫ পদ বলে: “জ্ঞানবানের জন্মদাতা তাহাতে আনন্দ করেন। তোমার পিতামাতা আহ্লাদিত হউন।” এই প্রবন্ধের ভূমিকায় উল্লেখিত বৃহৎ পরিবারটির কথা বিবেচনা করুন। আলফিনা বলেন, “যখন আমি আমার সন্তানদের আধ্যাত্মিক উন্নতির বিষয়ে চিন্তা করি যা তারা করেছে, আমার হৃদয় আনন্দে ভরে যায়।” সমস্ত খ্রীষ্টীয় পিতামাতারা যেন এই সুখী পুরস্কারের উদ্দেশ্যে কাজ করেন।

[পাদটীকাগুলো]

a যখন জল জমে কঠিন হয়ে আসে, তখন এটির ঘনত্ব কমে আসে এবং উপরে ভাসতে থাকে। ওয়াচটাওয়ার বাইবেল অ্যান্ড ট্র্যাক্ট সোসাইটির দ্বারা প্রকাশিত জীবন—কিভাবে তা এখানে এসেছে? ক্রমবিবর্তন অথবা সৃষ্টির মাধ্যমে? (ইংরাজি) নামক বইটির ১৩৭-৮ পৃষ্ঠাগুলি দেখুন।

b ওয়াচটাওয়ার বাইবেল অ্যান্ড ট্র্যাক্ট সোসাইটি দ্বারা প্রকাশিত যুবক-যুবতীদের জিজ্ঞাস্য—যে উত্তরগুলি কাজ করে (ইংরাজি) নামক বইটিও দেখুন।

[২৩ পৃষ্ঠার চিত্র]

একজন পিতা জীবনের বাস্তব বিষয়গুলি ব্যাখ্যা করার জন্য সঠিক পরিবেশের ব্যবস্থা করতে পারেন

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার