বিশ্বস্ততার ক্ষেত্রে কী ঘটেছে?
একশ বছরের কিছু বেশি সময় পূর্বে, এক হীরা ব্যবসায়ী বার্নি বার্নাটো, দক্ষিণ আফ্রিকা থেকে ইংল্যান্ডে ফিরে এসেছিলেন। তার আগমনের পর, তিনি একটি সংবাদপত্রে তার সম্বন্ধে লেখা এক বর্ণনায় ক্ষুব্ধ হয়েছিলেন। তাই তিনি সম্পাদককে “শুধুমাত্র বিষয়গুলিকে সংশোধন করে,” দ্বিতীয় একটি প্রবন্ধ লেখার জন্য মোটা অংকের এক চেকসহ হাতে লেখা কিছু নোট দিয়েছিলেন।
সম্পাদক জে. কে. জেরম, নোটগুলি বাজে কাগজ ফেলার ঝুড়িতে ফেলে দিয়েছিলেন এবং চেকটি ফেরত দিয়েছিলেন। বিস্মিত বার্নাটো তৎক্ষণাৎ তার প্রদত্ত টাকার অঙ্ক দ্বিগুণ করে দিয়েছিলেন। একইভাবে সেটিকেও প্রত্যাখ্যান করা হয়েছিল। “আপনি কত চান?” তিনি জিজ্ঞাসা করেছিলেন। ঘটনাটি স্মরণ করে জেরম বলেন: “আমি তাকে বুঝিয়েছিলাম, এটি সম্ভব নয়—অন্তত লন্ডনে নয়।” তার সম্পাদকীয় বিশ্বস্ততা অবশ্যই বিক্রয়ের জন্য ছিল না।
“বিশ্বস্ততা”-কে “নৈতিক নীতিবোধ; সততা” হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে। একজন বিশ্বস্ত ব্যক্তি নির্ভরযোগ্য। কিন্তু বর্তমানে, অসাধুতা—বিশ্বস্ততার অভাব—জীবনের প্রতিটি স্তরকেই ধ্বংস করে চলেছে।
বৃটেনে, নৈতিক বিশ্বস্ততার অভাবকে বর্ণনা করতে গিয়ে সংবাদমাধ্যম “অধঃপতন” শব্দটির প্রচলন করেছে। দি ইনডিপেনডেন্ট সংবাদপত্রের বর্ণনানুসারে, অধঃপতন “প্রণয়-সংক্রান্ত বিষয় এবং স্থানীয় সরকারের অন্যায় প্রভাব থেকে শুরু করে বৃহৎ রপ্তানি পরিকল্পনাগুলিকে ব্যর্থ করা পর্যন্ত সমস্তকিছুকে” ছেয়ে ফেলেছে। জীবনের কোন ক্ষেত্রই অব্যাহতি পায়নি।
বিশ্বস্ততার অস্থিতিশীল মানদণ্ডগুলি
বিশ্বস্ততা বলতে অবশ্যই সিদ্ধতাকে বোঝায় না, কিন্তু এটি একজন ব্যক্তির একটি মৌলিক গুণকে প্রতিফলিত করে। আমাদের এই দ্রুত-ধনী-হও জগতে, বিশ্বস্ততাকে হয়ত একটি বাধা হিসাবে দেখা হয়, এক নৈতিক গুণ হিসাবে নয়। উদাহরণস্বরূপ, ছাত্রদের পরীক্ষায় নকল করার জন্য অত্যাধুনিক উপকরণের ব্যবহার ক্রমাগত বেড়েই চলেছে এবং এই নতুন কৌশলগুলি খুঁজে বের করাও প্রায় অসম্ভব। বৃটেনের একটি বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক দাবি করেন যে, বৃটেনের সমস্ত ছাত্রদের মধ্যে অর্ধেকেরও বেশি সংখ্যকেরা নকল করেছে এবং নিশ্চিতভাবে ব্রিটেনই কেবল একমাত্র নয়।
যখন নির্ভরযোগ্য নয় এমন ব্যক্তিরা মিথ্যা বলে এবং প্রতারণা করে তখন নির্দোষ লোকেদের যে মূল্য দিতে হয় তা উপেক্ষা করা যায় না। ভারতের ভূপাল শহরের বিষয়টি বিবেচনা করুন, যেখানে ১৯৮৪ সালে, বিষাক্ত গ্যাস ২,৫০০ পুরুষ, স্ত্রী এবং শিশুদের হত্যা এবং আরও লক্ষাধিক লোকেদের আহত করেছিল। দ্যা সানডে টাইমস্ বিবৃতি দিয়েছিল: “দুর্গতদের ত্রাণ-সাহায্য কর্ম-প্রকল্প দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে। . . . বৈধ ঘটনাগুলি পরীক্ষা করার কাজ হাজার হাজার মিথ্যা দাবি, জাল দলিল এবং নকল প্রমাণগুলির দ্বারা জটিল হয়ে পড়েছে।” ফলস্বরূপ, দশ বছর পর পর্যন্ত নির্লজ্জভাবে ৪৭,০০,০০,০০০ মার্কিন ডলারের স্থানে কেবলমাত্র ৩৫,০০,০০০ মার্কিন ডলারের ক্ষতিপূরণ যাদের প্রয়োজন তাদের মধ্যে বিতরণ করা হয়েছিল।
ধর্ম সম্বন্ধে কী বলা যায়? বিশ্বস্ততার এই বিষয়টির ক্ষেত্রে কিভাবে এটিকে মূল্যায়িত করা যায়? দুঃখজনকভাবে, জগৎ সংসারের মানদণ্ডগুলির তুলনায় প্রায়ই এটি উচ্চ স্তরের নয়। একটি উদাহরণ হিসাবে, রোমান ক্যাথলিক বিশপ এমেন ক্যাসির কথা বিবেচনা করুন, যিনি এক অবৈধ পুত্রসন্তান, যে বর্তমানে একজন কিশোর, তার জন্মদাতা পিতা হওয়ার বিষয়টি স্বীকার করেছিলেন। বৃটেনের গার্ডিয়ান সংবাদপত্র যেমন উল্লেখ করেছিল, ক্যাসির পরিস্থিতি “কিছুই অস্বাভাবিক ছিল না।” একই ভাবে দ্যা টাইমস্ বিবৃতি দিয়েছিল: “বিশপ ক্যাসির মর্যাদাহানি সম্বন্ধে সত্যটি এটি নয় যে তার অপকর্মটি ব্যতিক্রমী ছিল, বরঞ্চ কৌমার্যের প্রতি এই প্রতারণা নতুন কিম্বা বিরল কোনটিই নয়।” এই সারমর্মটিকে সমর্থন করে স্কটল্যাণ্ডের দ্যা গ্লাসগো হেরাল্ড দাবি করে যে যুক্তরাষ্ট্রে রোমান ক্যাথলিক যাজকদের মাত্র ২ শতাংশ বিপরীত লিঙ্গ ও সমলিঙ্গ উভয় যৌন সম্পর্কগুলিকে পরিহার করেছে। এই সংখ্যা যথার্থ হোক বা নাই হোক এটি নৈতিকতার বিষয়ে ক্যাথলিক পাদ্রিদের খ্যাতির প্রতি ইঙ্গিত করে।
এইধরনের উদাহরণগুলির সম্মুখীন হয়ে, একজন ব্যক্তির পক্ষে কি নৈতিক বিশ্বস্ততা বজায় রাখা সম্ভব? এটি কি প্রয়োজনীয়? এটি কী দাবি করে এবং এইরূপ করার পুরস্কারগুলি কী?