সকলকে অবশ্যই ঈশ্বরের কাছে নিকাশ দিতে হবে
“আমাদের প্রত্যেক জনকে ঈশ্বরের কাছে আপন আপন নিকাশ দিতে হইবে।”—রোমীয় ১৪:১২.
১. আদম ও হবার স্বাধীনতার উপর কোন্ সীমাবদ্ধতা স্থাপন করা হয়েছিল?
যিহোবা ঈশ্বর আমাদের প্রথম পিতামাতা, আদম এবং হবাকে, নৈতিকজ্ঞান দ্বারা চালিত স্বাধীন ব্যক্তি হিসাবে সৃষ্টি করেছিলেন। যদিও তারা দূতগণের চাইতে নিম্নতর ছিল, তবুও তারা বিজ্ঞ সিদ্ধান্ত নিতে সক্ষম বুদ্ধিমান প্রাণী ছিল। (গীতসংহিতা ৮:৪, ৫) তথাপি, ঈশ্বর-প্রদত্ত ঐ স্বাধীনতা, আত্ম-সিদ্ধান্ত অনুশীলন করার জন্য একটি অনুমতিপত্র ছিল না। তারা তাদের সৃষ্টিকর্তার নিকট নিকাশ দিতে বাধ্য ছিল আর এই নিকাশ দেওয়ার দায়িত্ব তাদের সমস্ত বংশধরদের প্রতি সম্প্রসারিত হয়েছে।
২. যিহোবা শীঘ্রই কোন্ নিকাশ নেবেন এবং কেন?
২ এখন আমরা যেহেতু এই দুষ্ট বিধিব্যবস্থার চরম পরিণতির নিকটবর্তী হচ্ছি, যিহোবা পৃথিবীর নিকাশ নেবেন। (তুলনা করুন রোমীয় ৯:২৮.) পৃথিবীর সম্পদ বিনাশ, মানব জীবন ধ্বংস এবং বিশেষভাবে তাঁর দাসেদের তাড়না করার জন্য ঈশ্বরভক্তিহীন লোকেদের শীঘ্রই যিহোবা ঈশ্বরের কাছে নিকাশ দিতে হবে।—প্রকাশিত বাক্য ৬:১০; ১১:১৮.
৩. কোন্ প্রশ্নগুলি আমরা বিবেচনা করব?
৩ এই গুরুত্বপূর্ণ আগত দৃশ্যের সম্মুখীন হওয়ার সাথে সাথে, অতীতে তাঁর সৃষ্ট প্রাণীদের সাথে যিহোবার ধার্মিক আচরণ সম্পর্কে চিন্তা করা আমাদের জন্য উপকারজনক। কিভাবে আমাদের সৃষ্টিকর্তার কাছে গ্রহণযোগ্য নিকাশ দিতে, শাস্ত্রগুলি ব্যক্তিগতভাবে আমাদের সাহায্য করতে পারে? কোন্ উদাহরণগুলি সাহায্যকারী হতে পারে এবং আমাদের কোন্গুলিকে অনুকরণ করা এড়িয়ে চলা উচিত?
দূতেরা নিকাশ দিতে বাধ্য
৪. কিভাবে আমরা জানতে পারি যে ঈশ্বর দূতেদের তাদের কাজের জন্য নিকাশ দিতে বাধ্য করেন?
৪ স্বর্গে যিহোবার দূতরূপ প্রাণীরাও ঠিক আমাদের মতই তাঁর কাছে নিকাশ দিতে বাধ্য। নোহের দিনে জল প্লাবনের পূর্বে, কিছু দূতেরা স্ত্রীলোকদের সাথে যৌন সম্পর্কে আবদ্ধ হওয়ার জন্য অবাধ্যভাবে মাংসিক রূপ ধারণ করেছিল। নৈতিকজ্ঞান দ্বারা চালিত স্বাধীন ব্যক্তি হিসাবে, এই আত্মিক প্রাণীরা এই সিদ্ধান্ত নিতে পারত, কিন্তু ঈশ্বর তাদেরকে নিকাশ দিতে বাধ্য করেছিলেন। যখন ঐ অবাধ্য দূতেরা আত্মিক রাজ্যে ফিরে গিয়েছিল তখন তাদের আদি স্থানকে পুনর্লাভ করতে যিহোবা তাদের অনুমোদন করেননি। শিষ্য যিহূদা আমাদের বলেন যে তারা “মহাদিনের বিচারার্থে ঘোর অন্ধকারের অধীনে অনন্তকালীয় শৃঙ্খলে বদ্ধ” রয়েছে।—যিহূদা ৬.
৫. কোন্ অধঃপতন শয়তান এবং তার মন্দ দূতেরা অভিজ্ঞতা করেছিল এবং কিভাবে তাদের বিদ্রোহের জন্য নিকাশ স্থির করা হবে?
৫ এই অবাধ্য দূতেদের অথবা মন্দ দূতেদের শাসক শয়তান দিয়াবল। (মথি ১২:২৪-২৬) এই দুষ্ট দূত তাঁর সৃষ্টিকর্তার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল এবং যিহোবার সার্বভৌমত্বের বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়েছিল। শয়তান আমাদের আদি পিতামাতাকে পাপে পরিচালিত করেছিল এবং এর পরিণামস্বরূপ পরিশেষে তাদের মৃত্যু হয়েছিল। (আদিপুস্তক ৩:১-৭, ১৭-১৯) যদিও এরপরে যিহোবা একটি নির্দিষ্ট সময়কালের জন্য শয়তানকে স্বর্গীয় বিচারালয়ে প্রবেশের অনুমতি দিয়েছিলেন, কিন্তু বাইবেলের পুস্তক প্রকাশিত বাক্য ভাববাণী করেছিল যে ঈশ্বরের নিরূপিত সময়ে, এই দুষ্টকে পৃথিবীর সান্নিধ্যে নিক্ষিপ্ত করা হবে। সাক্ষ্যপ্রমাণ ইঙ্গিত করে যে ১৯১৪ সালে যীশু খ্রীষ্ট রাজ্যের ক্ষমতা গ্রহণের অল্প কিছু সময় পরেই এটি ঘটেছিল। পরিণামস্বরূপ, দিয়াবল এবং তার মন্দ দূতেরা অনন্তকালীন ধ্বংসে যাবে। সার্বভৌমত্বের বিচার্য বিষয়টি চূড়ান্তভাবে সমাধান করা হলে, বিদ্রোহের নিকাশ ন্যায়পরায়ণতার সাথে তখন পরিশোধ করা হবে।—ইয়োব ১:৬-১২; ২:১-৭; প্রকাশিত বাক্য ১২:৭-৯; ২০:১০.
ঈশ্বরের পুত্র নিকাশ দিতে বাধ্য
৬. তাঁর পিতার প্রতি তাঁর নিজ নিকাশ দেওয়াকে যীশু কোন্ দৃষ্টিভঙ্গিতে দেখেন?
৬ ঈশ্বরের পুত্র, যীশু খ্রীষ্টের দ্বারা কী এক চমৎকার উদাহরণই না স্থাপন করা হয়েছে! একজন সিদ্ধ মানুষ হিসাবে আদমের সমকক্ষ হয়ে, যীশু ঐশিক ইচ্ছা পালন করতে পরমানন্দিত ছিলেন। তিনি যিহোবার ব্যবস্থা পালন করার জন্য নিকাশ দিতেও খুশি ছিলেন। তাঁর সম্বন্ধে, গীতরচক উপযুক্তভাবে ভবিষ্যদ্বাণী করেছিলেন: “হে আমার ঈশ্বর, তোমার অভীষ্ট সাধনে আমি প্রীত, আর তোমার ব্যবস্থা আমার অন্তরে আছে।”—গীতসংহিতা ৪০:৮; ইব্রীয় ১০:৬-৯.
৭. তাঁর মৃত্যুর প্রাক্কালে প্রার্থনা করার সময়ে, কেন যীশু যোহন ১৭:৪, ৫ পদে লিপিবদ্ধ বাক্যগুলি বলতে পেরেছিলেন?
৭ ঘৃণাপূর্ণ বিরোধিতা যা যীশু অভিজ্ঞতা করেছিলেন তৎসত্ত্বেও, তিনি ঈশ্বরের ইচ্ছা পালন করেছিলেন এবং যাতনাদণ্ডে মৃত্যু পর্যন্ত বিশ্বস্ততা বজায় রেখেছিলেন। এইভাবে তিনি মানবজাতিকে আদম জাত পাপের প্রাণঘাতী পরিণাম থেকে উদ্ধার করতে মুক্তির মূল্য প্রদান করেছিলেন। (মথি ২০:২৮) এই কারণে, তাঁর মৃত্যুর প্রাক্কালে, যীশু আস্থার সাথে প্রার্থনা করতে পেরেছিলেন: “তুমি আমাকে যে কার্য্য করিতে দিয়াছ, তাহা সমাপ্ত করিয়া আমি পৃথিবীতে তোমাকে মহিমান্বিত করিয়াছি। আর এক্ষণে, হে পিতঃ, জগৎ হইবার পূর্ব্বে তোমার কাছে আমার যে মহিমা ছিল, তুমি সেই মহিমায় তোমার নিজের কাছে আমাকে মহিমান্বিত কর।” (যোহন ১৭:৪, ৫) যীশু তাঁর স্বর্গীয় পিতাকে ঐ কথাগুলি বলতে পেরেছিলেন কারণ তিনি নিকাশ দেওয়ার পরীক্ষাকে কৃতকার্যতার সাথে মোকাবিলা করেছিলেন এবং ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য হয়েছিলেন।
৮. (ক) পৌল কিভাবে দেখিয়েছিলেন যে আমাদের অবশ্যই যিহোবা ঈশ্বরের কাছে নিজ নিজ নিকাশ দিতে হবে? (খ) ঈশ্বরের স্বীকৃতি পেতে কী আমাদের সাহায্য করবে?
৮ সিদ্ধ মানুষ যীশু খ্রীষ্টের বিপরীতে আমরা হলাম অসিদ্ধ। তবুও, আমরা ঈশ্বরের কাছে নিকাশ দিতে বাধ্য। প্রেরিত পৌল বলেছিলেন: “তুমি কেন তোমার ভ্রাতার বিচার কর? কেনই বা তুমি তোমার ভ্রাতাকে তুচ্ছ কর? আমরা সকলেই ত ঈশ্বরের বিচারাসনের সম্মুখে দাঁড়াইব। কেননা লিখিত আছে, “‘প্রভু [“যিহোবা,” NW] কহিতেছেন, আমার জীবনের দিব্য, আমার কাছে প্রত্যেক জানু পাতিত হইবে, এবং প্রত্যেক জিহ্বা ঈশ্বরের গৌরব স্বীকার করিবে।” সুতরাং আমাদের প্রত্যেক জনকে ঈশ্বরের কাছে আপন আপন নিকাশ দিতে হইবে।’” (রোমীয় ১৪:১০-১২) আমরা যাতে এইরূপ করতে এবং যিহোবার অনুমোদন পেতে পারি, সেইজন্য তিনি আমরা যা বলি ও যা করি সেক্ষেত্রে আমাদের পরিচালিত করার জন্য প্রেমের সাথে এক বিবেক এবং তাঁর অনুপ্রাণিত বাক্য, বাইবেল উভয়ই আমাদের দিয়েছেন। (রোমীয় ২:১৪, ১৫; ২ তীমথিয় ৩:১৬, ১৭) যিহোবার আধ্যাত্মিক ব্যবস্থার পূর্ণ সুযোগ গ্রহণ করা এবং আমাদের বাইবেল-শিক্ষিত বিবেককে অনুসরণ করা ঈশ্বরের অনুমোদন পেতে আমাদের সাহায্য করবে। (মথি ২৪:৪৫-৪৭) যিহোবার পবিত্র আত্মা বা কার্যকারী শক্তি, ক্ষমতা এবং পরিচালনার বাড়তি উৎস। আমরা যদি আত্মার নির্দেশ এবং আমাদের বাইবেল-শিক্ষিত বিবেকের সাথে মিল রেখে কাজ করি, তাহলে আমরা দেখাব যে আমরা ‘ঈশ্বরকে অগ্রাহ্য’ করি না, যাঁর কাছে আমাদের সমস্ত কাজের জন্য আমাদের অবশ্যই নিকাশ দিতে হবে।—১ থিষলনীকীয় ৪:৩-৮; ১ পিতর ৩:১৬, ২১.
জাতি হিসাবে নিকাশ দিতে বাধ্য
৯. ইদোমীয়রা কারা ছিল এবং ইস্রায়েলের সাথে তাদের আচরণের কারণে তাদের প্রতি কী ঘটেছিল?
৯ যিহোবা জাতিদের নিকাশ দিতে বলেন। (যিরমিয় ২৫:১২-১৪; সফনিয় ৩:৬, ৭) লবণ সমুদ্রের দক্ষিণে এবং আকাবা উপসাগরের উত্তরে অবস্থিত, প্রাচীন রাজ্য ইদোমের কথা বিবেচনা করুন। ইদোমীয় শেম বংশীয় লোক ছিল, যাদের ইস্রায়েলীয়দের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। যদিও অব্রাহামের পৌত্র এষৌ ইদোমীয়দের পূর্বপুরুষ ছিলেন, ইস্রায়েলীয়দের ইদোমের “রাজপথ” দিয়ে প্রতিজ্ঞাত দেশে গমন করার অনুমতি দিতে অস্বীকার করা হয়েছিল। (গণনাপুস্তক ২০:১৪-২১) বহু শতাব্দী ধরে ইস্রায়েলের প্রতি ইদোমের শত্রুতা এক অপ্রশমিত ঘৃণা জাগিয়ে তুলেছিল। অবশেষে, সা.শ.পূ. ৬০৭ সালে যিরূশালেম ধ্বংস করতে বাবিলনীয়দের প্ররোচিত করার জন্য ইদোমীয়দের নিকাশ দিতে হয়েছিল। (গীতসংহিতা ১৩৭:৭) সা.শ.পূ. ষষ্ঠ শতাব্দীতে, রাজা নেবোনাইডাসের অধীনে বাবিলনীয় সৈন্যরা ইদোম জয় করেছিল এবং এটি উৎসন্ন হয়ে পড়ে, যেমন যিহোবা বিধান দিয়েছিলেন।—যিরমিয় ৪৯:২০; ওবদিয় ৯-১১.
১০. ইস্রায়েলের প্রতি মোয়াবীয়রা কিরূপ ব্যবহার করেছিল এবং ঈশ্বর কিভাবে মোয়াবের কাছ থেকে নিকাশ নিয়েছিলেন?
১০ মোয়াবের পরিণতিও এর চেয়ে ভাল হয়নি। মোয়াবীয় রাজ্য ইদোমের উত্তরে এবং লবণ সমুদ্রের পূর্ব দিকে অবস্থিত ছিল। ইস্রায়েলীয়রা প্রতিজ্ঞাত দেশে প্রবেশের পূর্বে, মোয়াবীয়রা তাদের প্রতি আতিথেয়তা দেখায়নি, স্পষ্টতই কেবলমাত্র আর্থিক লাভের জন্য তাদের রুটি ও জল সরবরাহ করেছিল। (দ্বিতীয় বিবরণ ২৩:৩, ৪) মোয়াবের রাজা বালাক ইস্রায়েলকে শাপ দেওয়ার জন্য ভাববাদী বিলিয়মকে ভাড়া করেছিল আর ইস্রায়েলীয় লোকদের অনৈতিকতা এবং প্রতিমাপূজায় প্রলুব্ধ করতে মোয়াবীয় স্ত্রীলোকেরা ব্যবহৃত হয়েছিল। (গণনাপুস্তক ২২:২-৮; ২৫:১-৯) কিন্তু, ইস্রায়েলের প্রতি মোয়াবের ঘৃণা যিহোবা অলক্ষিতভাবে অতিক্রম হতে দেননি। যেমন ভবিষ্যদ্বাণী করা হয়েছিল, মোয়াব বাবিলনীয়দের হাতে উৎসন্নদশা ভোগ করেছিল। (যিরমিয় ৯:২৫, ২৬; সফনিয় ২:৮-১১) হ্যাঁ, মোয়াবকে ঈশ্বরের কাছে নিকাশ দিতে হয়েছিল।
১১. মোয়াব এবং অম্মোন কোন্ নগরগুলির তুল্য হয়েছিল এবং বর্তমান দুষ্ট বিধিব্যবস্থা সম্পর্কে বাইবেলের ভবিষ্যদ্বাণীগুলি কী ইঙ্গিত করে?
১১ শুধুমাত্র মোয়াবই নয়, কিন্তু অম্মোনদেরও ঈশ্বরের কাছে নিকাশ দিতে হয়েছিল। যিহোবা ভাববাণী করেছিলেন: “মোয়াব অবশ্য সদোমের তুল্য, এবং অম্মোন-সন্তানেরা ঘমোরার তুল্য হইবে, বিছুটির আশ্রয়, লবণের কূপ ও নিত্য ধ্বংসস্থান হইবে।” (সফনিয় ২:৯) মোয়াব এবং অম্মোন দেশ উৎসন্ন হয়েছিল, ঠিক যেমন ঈশ্বর সদোম ও ঘমোরা নগর ধ্বংস করেছিলেন। লন্ডনের ভূতাত্ত্বিক সমিতির মত অনুযায়ী, লবণ সমুদ্রের পূর্ব উপকূলে সদোম ও ঘমোরার ধ্বংসাবশেষ অবস্থিত বলে গবেষকেরা দাবি করে থাকেন। এই বিষয়ে যে কোন নির্ভরযোগ্য প্রমাণ যা হয়ত প্রকাশিত হবে কেবলমাত্র বাইবেলের ভবিষ্যদ্বাণীকে সমর্থন করে যা ইঙ্গিত করে যে, বর্তমান দুষ্ট বিধিব্যবস্থার নিকাশও যিহোবা ঈশ্বরের দ্বারা নেওয়া হবে।—২ পিতর ৩:৬-১২.
১২. যদিও ইস্রায়েলকে তাদের পাপের জন্য ঈশ্বরের কাছে নিকাশ দিতে হয়েছিল, তবুও যিহূদী অবশিষ্টাংশের বিষয় কোন্ ভাববাণী করা হয়েছিল?
১২ যদিও ইস্রায়েল অত্যন্তভাবে যিহোবার প্রীতিরপাত্র হয়েছিল, তবুও এর পাপের জন্য ঈশ্বরের কাছে তাকে নিকাশ দিতে হয়েছিল। যখন যীশু খ্রীষ্ট ইস্রায়েল জাতির কাছে এসেছিলেন, অধিকাংশই তাঁকে প্রত্যাখ্যান করেছিল। কেবলমাত্র এক অবশিষ্টাংশ বিশ্বাস প্রদর্শন করেছিল এবং তাঁর অনুগামী হয়েছিল। পৌল এই যিহূদী অবশিষ্টাংশের প্রতি নির্দিষ্ট ভবিষ্যদ্বাণীগুলি প্রয়োগ করেছিলেন যখন তিনি লিখেছিলেন: “যিশাইয় ইস্রায়েলের বিষয়ে এই কথা উচ্চৈঃস্বরে বলেন, ‘ইস্রায়েল-সন্তানগণের সংখ্যা যদি সমুদ্রের বালুকার ন্যায়ও হয়, অবশিষ্টাংশই পরিত্রাণ পাইবে; যেহেতুক প্রভু পৃথিবীতে আপন বাক্য সাধন করিবেন, তাহা সম্পূর্ণ ও সংক্ষিপ্ত করিবেন।’ আর যেমন যিশাইয় পূর্ব্বে বলিয়াছিলেন, ‘বাহিনীগণের প্রভু যদি আমাদের জন্য একটী বীজ অবশিষ্ট না রাখিতেন, তবে আমরা সদোমের তুল্য হইতাম, ও ঘমোরার তুল্য হইতাম।’ (রোমীয় ৯:২৭-২৯; যিশাইয় ১:৯; ১০:২২, ২৩) ইলিশায়ের সময়ে যারা বালের সম্মুখে নত হয়নি সেই ৭,০০০ জনের উদাহরণটি প্রেরিত উল্লেখ করেছিলেন এবং তারপর তিনি বলেছিলেন: “তদ্রূপ এই বর্ত্তমান কালেও অনুগ্রহের নির্ব্বাচন অনুসারে অবশিষ্ট এক অংশ রহিয়াছে।” (রোমীয় ১১:৫) এই অবশিষ্টাংশ পৃথক পৃথক ব্যক্তিদের নিয়ে গঠিত হয়েছিল যারা ব্যক্তিগতভাবে ঈশ্বরের কাছে নিকাশ দিতে বাধ্য ছিল।
ব্যক্তিগত নিকাশ দেওয়ার উদাহরণগুলি
১৩. কয়িনের প্রতি কী ঘটেছিল যখন ঈশ্বর তার ভাই হেবলকে হত্যার জন্য তার কাছে নিকাশ চেয়েছিলেন?
১৩ যিহোবা ঈশ্বরের কাছে ব্যক্তিগত নিকাশ দেওয়ার বহু ঘটনার বিষয় বাইবেল উল্লেখ করে। একটি উদাহরণ হিসাবে আদমের প্রথমজাত পুত্র, কয়িনের কথা বিবেচনা করুন। সে এবং তার ভাই হেবল উভয়ই যিহোবার কাছে বলি উৎসর্গ করেছিল। হেবলের উৎসর্গ ঈশ্বরের কাছে গ্রাহ্য হয়েছিল, কিন্তু কয়িনেরটি হয়নি। নৃশংসভাবে তার ভাইকে হত্যা করার জন্য যখন নিকাশ দিতে বলা হয়েছিল, কয়িন নির্মমভাবে ঈশ্বরকে বলেছিল: “আমার ভ্রাতার রক্ষক কি আমি?” তার পাপের জন্য, কয়িন “এদনের পূর্ব্বদিকে নোদ দেশে” নির্বাসিত হয়েছিল। সে তার অপরাধের জন্য কোন আন্তরিক অনুশোচনা দেখায়নি, শুধুমাত্র তার ন্যায্য দণ্ডের জন্য দুঃখ প্রকাশ করেছিল।—আদিপুস্তক ৪:৩-১৬.
১৪. ঈশ্বরের কাছে ব্যক্তিগত নিকাশ দানের বিষয়টি কিভাবে মহাযাজক এলি এবং তার পুত্রদের ক্ষেত্রে বর্ণনা করা হয়েছিল?
১৪ ঈশ্বরের কাছে একজনের ব্যক্তিগত নিকাশ দানের বিষয়টি ইস্রায়েলের মহাযাজক এলির ক্ষেত্রে বর্ণনা করা যায়। তার পুত্র হফ্নি ও পীনহস, বদলি যাজক হিসাবে সেবা করত, কিন্তু “লোকদের প্রতি অবিচার এবং ঈশ্বরের প্রতি অধার্মিকতার দায়ে দোষী ছিল এবং কোন দুষ্টতা থেকে বিরত থাকত না,” বলেন ঐতিহাসিক যোসেফাস। এই ‘পাষণ্ডেরা’ যিহোবাকে স্বীকার করেনি, ভ্রষ্টাচারজনক আচরণে লিপ্ত হয়েছিল এবং গুরুতর অনৈতিকতায় দোষী ছিল। (১ শমূয়েল ১:৩; ২:১২-১৭, ২২-২৫) তাদের পিতা এবং ইস্রায়েলের মহাযাজক হিসাবে, এলির কর্তব্য ছিল তাদেরকে শাসন করা, কিন্তু তিনি শুধু তাদের মৃদুভাবে ভর্ৎসনা করেছিলেন। এলি ‘যিহোবা অপেক্ষা তাহার পুত্ত্রদিগকে অধিক গৌরবান্বিত করিতেছিলেন।’ (১ শমূয়েল ২:২৯) এলির গৃহের উপর প্রতিশোধ নেমে এসেছিল। উভয় পুত্রই একই দিনে তাদের পিতার মত মারা গিয়েছিল এবং অবশেষে তাদের যাজকীয় বংশ সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়েছিল। এইভাবে নিকাশ স্থির করা হয়েছিল।—১ শমূয়েল ৩:১৩, ১৪; ৪:১১, ১৭, ১৮.
১৫. কেন রাজা শৌলের পুত্র যোনাথন পুরস্কৃত হয়েছিলেন?
১৫ সম্পূর্ণরূপে ভিন্ন একটি উদাহরণ রাজা শৌলের পুত্র যোনাথন স্থাপন করেছিলেন। দায়ূদ গলিয়াৎকে মারার অল্পদিন পর, “যোনাথনের প্রাণ দায়ূদের প্রাণে সংসক্ত হইল” এবং তারা একটি বন্ধুত্বের চুক্তি স্থাপন করেছিলেন। (১ শমূয়েল ১৮:১, ৩) সম্ভবত, যোনাথন উপলব্ধিবোধ করেছিলেন যে ঈশ্বরের আত্মা শৌলকে ত্যাগ করেছিল, কিন্তু সত্য উপাসনার জন্য তার স্বীয় উদ্যোগ কিছুমাত্র কমেনি। (১ শমূয়েল ১৬:১৪) দায়ূদের জন্য ঈশ্বর প্রদত্ত কর্তৃত্বের প্রতি যোনাথনের উপলব্ধি কখনোই দ্বিধাপূর্ণ হয়নি। ঈশ্বরের কাছে তার নিকাশ দেওয়ার বিষয়টিকে যোনাথন উপলব্ধি করতে পেরেছিলেন এবং যিহোবা তার সম্মানিত পথের জন্য তাকে পুরস্কৃত করেছিলেন এই বিষয়টি নিশ্চিত করে যে তার পরিবারিক কুল বংশানুক্রমে স্থায়ী হবে।—১ বংশাবলি ৮:৩৩-৪০.
খ্রীষ্টীয় মণ্ডলীতে নিকাশ দেওয়া
১৬. তীত কে ছিলেন এবং কেন এটি বলা যেতে পারে যে তিনি ঈশ্বরের প্রতি নিজের জন্য উত্তম নিকাশ প্রদান করেছিলেন?
১৬ খ্রীষ্টীয় গ্রীক শাস্ত্র বহু পুরুষ ও নারীদের প্রশংসা করে যারা নিজেদের জন্য এক উত্তম নিকাশ প্রদান করেছিলেন। উদাহরণস্বরূপ, তীত নামে একজন গ্রীক খ্রীষ্টান ছিলেন। এটি ধারণা করা হয় যে সাইপ্রাসে পৌলের প্রথম মিশনারী ভ্রমণের সময়ে তিনি খ্রীষ্টান হয়েছিলেন। যেহেতু সাইপ্রাসের যিহূদী এবং যিহূদী-ধর্মাবলম্বী ব্যক্তিরা সা.শ. ৩৩ সালে পঞ্চাশত্তমীর সময়ে হয়ত যিরূশালেমে ছিলেন, তাই খ্রীষ্টতত্ত্ব হয়ত এর কিছু সময় পরেই দ্বীপটিতে পৌঁছেছিল। (প্রেরিত ১১:১৯) তৎসত্ত্বেও, তীত পৌলের এক বিশ্বস্ত সহকর্মী হিসাবে প্রমাণিত হয়েছিলেন। তিনি সা.শ. ৪৯ সালের কাছাকাছি যিরূশালেম ভ্রমণের সময় পৌল এবং বার্ণবার সঙ্গী হয়েছিলেন, যখন ত্বকচ্ছেদের গুরুত্বপূর্ণ বিচার্য বিষয়টি সমাধান করা হয়েছিল। তীতের অচ্ছিন্নত্বক থাকার বিষয়টি পৌলের বিতর্ককে আরও মূল্যবান করে তুলেছিল যে খ্রীষ্টতত্ত্বে ধর্মান্তরিত হওয়ার বিষয়টি মোশির ব্যবস্থার অধীনে নয়। (গালাতীয় ২:১-৩) তীতের চমৎকার পরিচর্যা সম্বন্ধে শাস্ত্রে সাক্ষ্য দেওয়া হয়েছে এবং পৌল এমনকি তাকে ঐশিকভাবে অনুপ্রাণিত এক চিঠিও লিখেছিলেন। (২ করিন্থীয় ৭:৬; তীত ১:১-৪) স্পষ্টতই তার পার্থিব জীবনের অন্তিম পর্যায় পর্যন্ত, তীত ঈশ্বরের কাছে নিজের বিষয়ে এক উত্তম নিকাশ প্রদান করে চলেছিলেন।
১৭. কিধরনের নিকাশ তীমথি প্রদান করেছিলেন এবং এই উদাহরণ কিভাবে আমাদের প্রভাবিত করে?
১৭ তীমথি ছিলেন আরেকজন উদ্যোগী ব্যক্তি যিনি যিহোবা ঈশ্বরের কাছে নিজের বিষয়ে এক গ্রহণযোগ্য নিকাশ প্রদান করেছিলেন। যদিও তীমথিয়ের কিছু স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা ছিল, তবুও তিনি ‘অন্তরস্থ অকল্পিত বিশ্বাস’ দেখিয়েছিলেন এবং ‘পৌলের সহিত তেমনি সুসমাচারের নিমিত্ত দাস্যকর্ম্ম করিয়াছিলেন।’ প্রেরিত তাই ফিলিপীর সহখ্রীষ্টানদের বলতে পেরেছিলেন: “আমার কাছে এমন [তীমথিয়ের] সমপ্রাণ কেহই নাই যে, প্রকৃতরূপে তোমাদের বিষয় চিন্তা করিবে।” (২ তীমথিয় ১:৫; ফিলিপীয় ২:২০, ২২; ১ তীমথিয় ৫:২৩) মানবিক দুর্বলতা এবং অন্যান্য পরীক্ষাগুলির সম্মুখীন হয়ে, আমরাও অকপট বিশ্বাস রাখতে পারি এবং ঈশ্বরের কাছে নিজেদের জন্য এক গ্রহণযোগ্য নিকাশ প্রদান করতে পারি।
১৮. লুদিয়া কে ছিলেন এবং কিধরনের মনোভাব তিনি দেখিয়েছিলেন?
১৮ লুদিয়া একজন ঈশ্বর-ভক্ত স্ত্রীলোক ছিলেন যিনি স্পষ্টতই ঈশ্বরের কাছে নিজের জন্য এক উত্তম নিকাশ প্রদান করেছিলেন। সা.শ. ৫০ সালের কাছাকাছি সময়ে ফিলিপীতে পৌলের কাজের পরিপ্রেক্ষিতে, তিনি এবং তার পরিবার ইউরোপে খ্রীষ্টতত্ত্ব গ্রহণকারী প্রথম ব্যক্তিদের মধ্যে ছিলেন। থুয়াতীরায় বসবাসকারী স্বদেশী লুদিয়া সম্ভবত একজন যিহূদী-ধর্মাবলম্বী ছিলেন, কিন্তু ফিলিপীতে হয়ত অল্পকিছু যিহূদী থাকত এবং সেখানে কোন সমাজগৃহ ছিল না। তিনি এবং অন্যান্য ধার্মিক স্ত্রীলোকেরা নদীর পাড়ে মিলিত হয়েছিলেন যখন পৌল তাদের উদ্দেশ্যে কথা বলেছিলেন। ফলস্বরূপ, লুদিয়া খ্রীষ্টান হয়েছিলেন এবং পৌল ও তার সঙ্গীদের তার সাথে বাস করতে অনুরোধ করেছিলেন। (প্রেরিত ১৬:১২-১৫) লুদিয়া যে আতিথেয়তা দেখিয়েছিলেন তা সত্য খ্রীষ্টানদের জন্য একটি শনাক্তিকরণ চিহ্নস্বরূপ।
১৯. কোন্ সৎক্রিয়ার দ্বারা দর্কা ঈশ্বরের প্রতি নিজের জন্য এক উত্তম নিকাশ প্রদান করেছিলেন?
১৯ দর্কা ছিলেন আরেকজন স্ত্রীলোক যিনি যিহোবা ঈশ্বরের কাছে নিজের জন্য এক উত্তম নিকাশ প্রদান করেছিলেন। যখন তিনি মারা যান, সেখানে বসবাসরত শিষ্যদের অনুরোধের প্রতি সাড়া দিয়ে পিতর যাফোতে গিয়েছিলেন। যে দুইজন লোক পিতরের সাথে সাক্ষাৎ করেছিলেন তারা “তাঁহাকে সেই উপরের কুঠরীতে লইয়া গেল, আর বিধবারা সকলে তাঁহার চারিদিকে দাঁড়াইয়া রোদন করিতে থাকিল, এবং দর্কা তাহাদের সঙ্গে থাকিবার সময়ে যে সকল আঙ্রাখা ও বস্ত্র প্রস্তুত করিয়াছিলেন, সেই সকল দেখাইতে লাগিল।” দর্কাকে জীবনে ফিরিয়ে আনা হয়েছিল। কিন্তু তিনি কি কেবলমাত্র তার উদার মনোভাবের জন্যই স্মরণীয় হবেন? না। তিনি একজন “শিষ্যা” ছিলেন এবং নিশ্চিতভাবে নিজেকে শিষ্যকরণের কাজে যুক্ত রেখেছিলেন। একইভাবে বর্তমান দিনে খ্রীষ্টীয় নারীরা ‘নানা সৎক্রিয়া ও দানকার্য্যে ব্যাপৃতা আছেন।’ এছাড়াও তারা রাজ্যের সুসমাচার প্রচার এবং শিষ্যকরণের কাজে সক্রিয় অংশ নিতে আনন্দিত।—প্রেরিত ৯:৩৬-৪২; মথি ২৪:১৪; ২৮:১৯, ২০.
২০. কোন্ প্রশ্নগুলি আমরা নিজেদের জিজ্ঞাসা করতে পারি?
২০ বাইবেল স্পষ্টতভাবে দেখায় যে জাতিগুলি এবং ব্যক্তিদেরকে সার্বভৌম প্রভু যিহোবার কাছে অবশ্যই নিকাশ দিতে হবে। (সফনিয় ১:৭) যদি আমরা ঈশ্বরের কাছে উৎসর্গীকৃত হই, তাহলে আমরা হয়ত নিজেদের জিজ্ঞাসা করতে পারি, ‘কিভাবে আমি আমার ঈশ্বর-প্রদত্ত সুযোগ এবং দায়িত্বগুলিকে দেখে থাকি? আমি নিজের বিষয়ে যিহোবা ঈশ্বর এবং যীশু খ্রীষ্টের কাছে কিধরনের নিকাশ দিচ্ছি?’
আপনার উত্তরগুলি কী?
◻ কিভাবে আপনি প্রমাণ করবেন যে দূতেরা এবং ঈশ্বরের পুত্র যিহোবার কাছে নিকাশ দিতে বাধ্য?
◻ ঈশ্বর জাতিদের নিকাশ দিতে বাধ্য করেন তা দেখাতে বাইবেলে কোন্ উদাহরণগুলি রয়েছে?
◻ ঈশ্বরের কাছে ব্যক্তিগত নিকাশ সম্পর্কে বাইবেল কী বলে?
◻ বাইবেলে লিপিবদ্ধ কিছু ব্যক্তিবিশেষেরা কারা যারা যিহোবা ঈশ্বরের প্রতি এক উত্তম নিকাশ প্রদান করেছিলেন?
[২০ পৃষ্ঠার চিত্র]
যীশু খ্রীষ্ট তাঁর স্বর্গীয় পিতার কাছে নিজের জন্য এক উত্তম নিকাশ প্রদান করেছিলেন
[২৫ পৃষ্ঠার চিত্র]
দর্কার ন্যায়, বর্তমানে খ্রীষ্টীয় নারীরা যিহোবা ঈশ্বরের কাছে নিজেদের জন্য এক উত্তম নিকাশ প্রদান করেন
[২৩ পৃষ্ঠার চিত্র সৌজন্যে]
The Death of Abel/The Doré Bible Illustrations/Dover Publications, Inc.