ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৬ ৬/১ পৃষ্ঠা ৯-১৪
  • সর্পের বংশকে—কিভাবে উন্মোচন করা হয়েছে?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • সর্পের বংশকে—কিভাবে উন্মোচন করা হয়েছে?
  • ১৯৯৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • ভবিষ্যদ্বাণীটি কী বুঝায়
  • “তোমাতে ও নারীতে . . . শত্রুতা”
  • ঈশ্বরের নারীর বংশের প্রতি শত্রুতা
  • আধুনিক-দিনে শয়তানের বংশের উন্মোচন
  • যাঁর সম্বন্ধে সমস্ত ভাববাদী সাক্ষ্য দিয়েছিল
    একমাত্র সত্য ঈশ্বরের উপাসনা করুন
  • পাঠক-পাঠিকাদের থেকে প্রশ্নসকল
    ২০০৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • এক পুরোনো ভবিষ্যদ্‌বাণী আপনার জন্য কোন অর্থ রাখে?
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২২
১৯৯৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৬ ৬/১ পৃষ্ঠা ৯-১৪

সর্পের বংশকে—কিভাবে উন্মোচন করা হয়েছে?

“আমি তোমাতে ও নারীতে, এবং তোমার বংশে ও তাহার বংশে পরস্পর শত্রুতা জন্মাইব।”—আদিপুস্তক ৩:১৫.

১. (ক) কেন যিহোবা হলেন সুখী ঈশ্বর? (খ) তাঁর আনন্দে আমাদের অংশ নিতে সাহায্য করার জন্য তিনি কী করেছেন?

যিহোবা হলেন সুখী ঈশ্বর এবং এর পিছনে উত্তম কারণ রয়েছে। যা কিছু উত্তম সেই জিনিসগুলির তিনি হলেন সবচেয়ে মহান এবং প্রধানতম দাতা আর এমন কোনকিছু নেই যা তাঁর উদ্দেশ্যগুলির পরিপূর্ণতায় বাধা দিতে পারে। (যিশাইয় ৫৫:১০, ১১; ১ তীমথিয় ১:১১; যাকোব ১:১৭) তিনি চান তাঁর দাসেরা যেন তাঁর আনন্দে অংশ নেয় আর তিনি তা করার জন্য তাদের যথেষ্ট কারণ যুগিয়ে থাকেন। তাই, মানব ইতিহাসের এক চরম দুঃখময় মুহূর্তে—এদনে বিদ্রোহে—তিনি আমাদের জন্য আশা নিয়ে ভবিষ্যতের দিকে তাকানোর ভিত্তি যুগিয়েছেন।—রোমীয় ৮:১৯-২১.

২. এদনে বিদ্রোহের জন্য বিচারাজ্ঞা ঘোষণা করার সময়ে কিভাবে যিহোবা আদম ও হবার বংশধরদের জন্য আশার ভিত্তি যুগিয়েছিলেন?

২ যিহোবার আত্মিক পুত্রদের মধ্যে একজন, ঈশ্বরকে প্রতিরোধ করা ও মিথ্যা অপবাদ দেওয়ার দ্বারা, নিজেকে শয়তান দিয়াবলে পরিণত করে। প্রথম মনুষ্য, হবা ও পরে আদম তার প্রভাবে পতিত হয় এবং স্পষ্টভাবে বর্ণিত যিহোবার আইনকে লঙ্ঘন করে। তাদের ন্যায়সঙ্গতভাবে মুত্যুদণ্ড দেওয়া হয়। (আদিপুস্তক ৩:১-২৪) তবুও, এই বিদ্রোহীদের উপর বিচারাজ্ঞা ঘোষণা করার সময়ে যিহোবা আদম ও হবার বংশধরদের জন্য আশার এক ভিত্তি যোগান। কিভাবে? যেমন আদিপুস্তক ৩:১৫ পদে লিপিবদ্ধ করা আছে, যিহোবা বলেছিলেন: “আমি তোমাতে ও নারীতে, এবং তোমার বংশে ও তাহার বংশে পরস্পর শত্রুতা জন্মাইব; সে তোমার মস্তক চূর্ণ করিবে, এবং তুমি তাহার পাদমূল চূর্ণ করিবে।” সমগ্র বাইবেলটিকে এবং সেইসাথে অতীত ও বর্তমান কালের ঘটনাগুলি যার সাথে এই জগৎ এবং যিহোবার দাসেরা জড়িত তা বুঝবার জন্য এটি হল একটি মুখ্য ভবিষ্যদ্বাণী।

ভবিষ্যদ্বাণীটি কী বুঝায়

৩. আদিপুস্তক ৩:১৫ পদে যেমন ইঙ্গিত করা হয়েছে, শনাক্ত করুন (ক) সর্পকে, (খ) ‘নারীকে,’ (গ) সর্পের ‘বংশকে,’ (ঘ) নারীর ‘বংশকে।’

৩ এর তাৎপর্যকে উপলব্ধি করার জন্য স্বয়ং এই ভবিষ্যদ্বাণীটির বিভিন্ন দিককে বিবেচনা করুন। আদিপুস্তক ৩:১৫ পদে যার প্রতি ইঙ্গিত করা হয়েছে সে হল সর্প—বুকে হাঁটা কোন সর্প নয়, কিন্তু এমন একজন যে এটিকে ব্যবহার করেছিল। (প্রকাশিত বাক্য ১২:৯) ‘নারী’ হবা নয়, কিন্তু যিহোবার স্বর্গীয় সংগঠন, পৃথিবীতে তাঁর আত্মায়-অভিষিক্ত দাসেদের মাতা। (গালাতীয় ৪:২৬) সর্পের ‘বংশ’ হল শয়তানের বংশ, তার বংশধর—মন্দ দূতেরা এবং মনুষ্যেরা এবং সেইসাথে মনুষ্য সংগঠনগুলি যা শয়তানের বৈশিষ্ট্যগুলিকে প্রকাশ করে আর সেটি নারীর ‘বংশের’ প্রতি শত্রুতাকে প্রকাশ করে। (যোহন ১৫:১৯; ১৭:১৫) নারীর ‘বংশ’ হল মূলত যীশু খ্রীষ্ট, যিনি সা.শ. ২৯ সালে পবিত্র আত্মার দ্বারা অভিষিক্ত হয়েছিলেন। ১,৪৪,০০০ জন, যারা “জল এবং আত্মা হইতে . . . জন্মে” এবং যারা খ্রীষ্টের সাথে স্বর্গীয় রাজ্যের উত্তরাধিকারী, তারা হল সেই প্রতিজ্ঞাত বংশের প্রাথমিক অংশ। এরা সা.শ. ৩৩ সালের পঞ্চাশত্তমীর দিন থেকে নারীর বংশে যুক্ত হতে শুরু করে।—যোহন ৩:৩, ৫; গালাতীয় ৩:১৬, ২৯.

৪. পাপ ও মৃত্যু থেকে মুক্ত লোকেদের দ্বারা পৃথিবী পরমদেশে পরিণত হওয়া সম্বন্ধে আদিপুস্তক ৩:১৫ পদ কিভাবে বর্ণনা করে?

৪ এদনের আক্ষরিক সর্প মুখপাত্র হিসাবে শয়তানের দ্বারা ব্যবহৃত হয়েছিল যার চাতুরী মানবজাতির পরমদেশ হারানোর দিকে পরিচালিত করে। আদিপুস্তক ৩:১৫ পদ সেই সময়ের প্রতি ইঙ্গিত করে যখন যে সেই সর্পকে পরিচালিত করেছিল সে চূর্ণ হবে। তারপর ঈশ্বরের মনুষ্যরূপ দাসেদের জন্য পুনরায় পাপ ও মৃত্যু থেকে মুক্ত পরমদেশে বসবাস করার পথ খুলে দেওয়া হবে। তা কতই না আনন্দের সময় হবে!—প্রকাশিত বাক্য ২০:১-৩; ২১:১-৫.

৫. কোন্‌ বৈশিষ্ট্যগুলি দিয়াবলের আত্মিক বংশধরদের চরিত্র বর্ণনা করে?

৫ এদনে বিদ্রোহের পর, ব্যক্তি বিশেষ এবং সংগঠনগুলি শয়তান দিয়াবলের প্রদর্শিত সেই বৈশিষ্ট্যগুলিকে প্রকাশ করতে শুরু করে—বিদ্রোহ, মিথ্যা বলা, অপবাদ দেওয়া এবং হত্যা করা, যিহোবার ইচ্ছার এবং যারা যিহোবার উপাসনা করে তাদের বিরুদ্ধে সংঘবদ্ধ হওয়া। সেই বৈশিষ্ট্যগুলি দিয়াবলের বংশধর, আত্মিক সন্তানদের শনাক্ত করে। এদের মধ্যে ছিল কয়িন, যে হেবলকে হত্যা করেছিল যখন কয়িনের পরিবর্তে হেবলের উপাসনাকে যিহোবা গ্রাহ্য করেছিলেন। (১ যোহন ৩:১০-১২) নিম্রোদ ছিল এইরকম আর একজন যার নামের অর্থই তাকে একজন বিদ্রোহী হিসাবে শনাক্ত করে আর যে যিহোবার বিরুদ্ধে একজন পরাক্রান্ত ব্যাধ ও শাসক হয়েছিল। (আদিপুস্তক ১০:৯) এছাড়া, ধারাবাহিকভাবে ছিল প্রাচীন রাজ্যগুলি, যার অন্তর্ভুক্ত ছিল বাবিল এবং এর সাথে ছিল তাদের রাষ্ট্রের দ্বারা অনুমোদিত মিথ্যার উপরে ভিত্তি করা সুপ্রতিষ্ঠিত ধর্মগুলি আর এগুলি যিহোবার উপাসকদের নিষ্ঠুরভাবে উৎপীড়ন করত।—যিরমিয় ৫০:২৯.

“তোমাতে ও নারীতে . . . শত্রুতা”

৬. কোন্‌ কোন্‌ উপায়ে শয়তান যিহোবার নারীর প্রতি শত্রুতা দেখিয়েছে?

৬ সব সময়েই সেই সর্প ও যিহোবার নারীর মধ্যে, শয়তান দিয়াবল এবং যিহোবার বিশ্বস্ত আত্মিক প্রাণীদের স্বর্গীয় সংগঠনের মধ্যে শত্রুতা ছিল। শয়তানের শত্রুতা প্রদর্শিত হয়েছিল যেহেতু সে যিহোবাকে টিটকারি দিয়েছিল এবং যিহোবার স্বর্গীয় সংগঠন থেকে বিচ্ছিন্ন হয়েছিল, দূতেদের উপযুক্ত বাসস্থান পরিত্যাগ করতে তাদের প্রলুব্ধ করেছিল। (হিতোপদেশ ২৭:১১; যিহূদা ৬) এটি প্রকাশিত হয়েছিল যখন শয়তান যিহোবার দ্বারা প্রেরিত দূতরূপ বার্তাবাহকগণের বিষয়ে হস্তক্ষেপ করার চেষ্টা করতে তার মন্দ দূতেদের ব্যবহার করেছিল। (দানিয়েল ১০:১৩, ১৪, ২০, ২১) এই বিংশ শতাব্দীতে এটি এক উল্লেখযোগ্য প্রমাণ হয়ে ওঠে যখন শয়তান এর জন্ম মুহূর্তেই মশীহ রাজ্যকে নষ্ট করার চেষ্টা করেছিল।—প্রকাশিত বাক্য ১২:১-৪.

৭. প্রতীক সর্পের প্রতি কেন যিহোবার বিশ্বস্ত দূতেরা শত্রুতা অনুভব করেছে, তবুও কী সংযম তারা দেখিয়েছে?

৭ এছাড়া যিহোবার নারীর অংশ অর্থাৎ বিশ্বস্ত দূতেদের গোষ্ঠীর ক্ষেত্রেও প্রতীক সর্পের বিরুদ্ধে শত্রুতা ছিল। শয়তান ঈশ্বরের সুনামের অপবাদ করেছিল; ঈশ্বরের বুদ্ধিবিশিষ্ট প্রতিটি প্রাণীর বিশ্বস্ততা সম্বন্ধেও সে প্রশ্ন তুলেছিল, যার অন্তর্ভুক্ত ছিল সমস্ত দূত আর সে সক্রিয়ভাবে ঈশ্বরের প্রতি তাদের বিশ্বস্ততাকে নষ্ট করতে চেষ্টা করেছিল। (প্রকাশিত বাক্য ১২:৪ক) বিশ্বস্ত দূতেরা, করূব এবং সেরফেরা বাস্তবিকই সেই ব্যক্তির প্রতি, যে নিজেকে দিয়াবল ও শয়তান বানিয়েছিল, ঘৃণা ছাড়া আর কিছুই বোধ করতে পারেনি। তবুও, তারা তাঁর নিজস্ব সময়ে ও পথে বিষয়গুলিকে পরিচালনা করার জন্য যিহোবার অপেক্ষা করেছে।—তুলনা করুন যিহূদা ৯.

ঈশ্বরের নারীর বংশের প্রতি শত্রুতা

৮. কার জন্য শয়তান সতর্ক পাহারায় ছিল?

৮ ইত্যবসরে শয়তান, নারীর যে বংশ সম্বন্ধে ভাববাণী করা হয়েছিল, তার প্রতি মনোযোগপূর্ণভাবে লক্ষ্য রাখে, সেই ব্যক্তি যার সম্বন্ধে যিহোবা বলেছিলেন সর্পের মস্তক চূর্ণ করবেন। যখন দূত স্বর্গ থেকে ঘোষণা করেছিল যে যীশু, যিনি বৈৎলেহমে জন্মগ্রহণ করেছিলেন, তিনি হলেন “ত্রাণকর্ত্তা . . . খ্রীষ্ট প্রভু” তখন এটিই ছিল দৃঢ় নিশ্চয়তা যে তিনিই হবেন নারীর বংশ যার সম্বন্ধে ভাববাণী করা হয়েছিল।—লূক ২:১০, ১১.

৯. যীশুর জন্মের পর কিভাবে শয়তান হিংসাত্মক শত্রুতা দেখিয়েছিল?

৯ শয়তানের এই অধার্মিকতাপূর্ণ শত্রুতা শীঘ্রই দেখা গিয়েছিল যখন সে পৌত্তলিক জ্যোতিষীদের প্রলুব্ধ করেছিল একটি বিশেষ কাজে যেতে যা তাদের প্রথমে যিরূশালেমে রাজা হেরোদের কাছে নিয়ে যায় এবং তারপর বৈৎলেহমের সেই গৃহে যেখানে তারা ছোট যীশু এবং তাঁর মা, মরিয়মকে দেখতে পায়। এর অল্প কিছুদিন পরেই, রাজা হেরোদ আদেশ দেন বৈৎলেহমের মধ্যে এবং তার চারপাশে দুবছর ও তার চেয়ে অল্পবয়স্ক যত শিশু আছে তাদের হত্যা করতে। এর দ্বারাই হেরোদ বংশের প্রতি শয়তানসুলভ ঘৃণা প্রদর্শন করেছিলেন। স্পষ্টতঃই হেরোদ খুব ভাল করেই জানতেন যে তিনি এমন এক ব্যক্তিকে হত্যা করার চেষ্টা করছেন যিনি ছিলেন মশীহ। (মথি ২:১-৬, ১৬) ইতিহাস সাক্ষ্য দেয় যে রাজা হেরোদ ছিলেন নীতিজ্ঞানশূন্য, চতুর এবং হত্যাকারী—বাস্তবিকই সর্পের বংশের একজন।

১০. (ক) যীশুর বাপ্তিস্মের পর, কিভাবে শয়তান ব্যক্তিগতভাবে প্রতিজ্ঞাত বংশ সম্বন্ধে যিহোবার উদ্দেশ্যকে ব্যাহত করার চেষ্টা করেছিল? (খ) তার লক্ষ্যগুলি অনুধাবনে কিভাবে শয়তান ধর্মীয় যিহূদী নেতাদের ব্যবহার করেছিল?

১০ সা.শ. ২৯ সালে পবিত্র আত্মা দ্বারা যীশু অভিষিক্ত হওয়ার এবং স্বর্গ থেকে যিহোবা কথা বলে তাঁর পুত্র হিসাবে যীশুকে স্বীকার করার পর, শয়তান বারংবার যীশুকে প্রলোভনে ফেলতে চেষ্টা করেছিল, এইভাবে তাঁর পুত্র সম্বন্ধে যিহোবার উদ্দেশ্যকে ব্যর্থ করার চেষ্টা করেছিল। (মথি ৪:১-১০) কিন্তু তাতে ব্যর্থ হয়ে, তার লক্ষ্যকে সাধন করতে সে মনুষ্য প্রতিনিধিদের মাধ্যম হিসাবে ব্যবহার করেছিল। যীশুর প্রতি দুর্নাম আনার চেষ্টায় যারা ব্যবহৃত হয়েছিল তাদের মধ্যে ছিল কপট ধর্মীয় নেতারা। স্বয়ং শয়তানের দ্বারা ব্যবহৃত এক ধরনের প্রবঞ্চনা যা হল মিথ্যা কথা এবং অপবাদ তারা প্রয়োগ করেছিল। যখন যীশু এক পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিকে বলেছিলেন “সাহস কর, তোমার পাপ ক্ষমা হইল,” অধ্যাপকেরা বাস্তবিকই ব্যক্তিটি সুস্থ হয়েছে কি না তা দেখার অপেক্ষা না করে যীশুকে ঈশ্বরনিন্দাকারী বলে বিচার করে। (মথি ৯:২-৭) যখন বিশ্রামবারে যীশু লোকেদের সুস্থ করেন, ফরীশীরা তাঁকে বিশ্রামবারের আইন লঙ্ঘনকারী বলে ঘোষণা করে এবং তাঁকে হত্যা করার ষড়যন্ত্র করে। (মথি ১২:৯-১৪; যোহন ৫:১-১৮) যখন তিনি ভূত ছাড়ান, ফরীশীরা “ভূতগণের অধিপতি বেল্‌সবূলের” সাথে তার যোগাযোগ আছে বলে তাঁকে অভিযুক্ত করে। (মথি ১২:২২-২৪) লাসার মৃত্যু থেকে উত্থিত হওয়ার পর অনেকেই যীশুর প্রতি বিশ্বাস স্থাপন করেছিল, কিন্তু প্রধান যাজকগণ ও ফরীশীরা পুনরায় তাঁকে হত্যা করার ষড়যন্ত্র করে।—যোহন ১১:৪৭-৫৩.

১১. যীশুর মৃত্যুর তিন দিন আগে, কাদের তিনি সর্পের বংশের অংশ হিসাবে শনাক্ত করেছিলেন এবং কেন?

১১ তাদের ষড়যন্ত্রের কথা ভালভাবে জেনেও, সা.শ. ৩৩ সালে ১১ই নিশান যীশু নির্ভয়ে যিরূশালেমের মন্দিরে গিয়েছিলেন এবং সেখানে প্রকাশ্যে তাদের উপর বিচারাজ্ঞা ঘোষণা করেছিলেন। অধ্যাপক এবং ফরীশীরা একটি দল হিসাবে সঙ্গতিপূর্ণভাবে দেখিয়েছিল যে তারা কী প্রকৃতির লোক ছিল, তাই যীশু বলেছিলেন: “কিন্তু, হা অধ্যাপক ও ফরীশীগণ, কপটীরা, ধিক্‌ তোমাদিগকে! কারণ তোমরা মনুষ্যদের সম্মুখে স্বর্গরাজ্য রুদ্ধ করিয়া থাক; আপনারাও তাহাতে প্রবেশ কর না, এবং যাহারা প্রবেশ করিতে আইসে, তাহাদিগকে প্রবেশ করিতে দেও না।” যীশু এই বলে স্পষ্টভাবে ঘোষণা করেছিলেন যে তারা সর্পের বংশের অংশ ছিল: “সর্পেরা, কালসর্পের বংশেরা, তোমরা কেমন করে গিহেন্নার বিচারদণ্ড এড়াবে?” (মথি ২৩:১৩, ১৪, ৩৩, NW) তাঁর বাক্যগুলি আদিপুস্তক ৩:১৫ পদে ভবিষ্যদ্বাণীর কথা মনে করিয়ে দিয়েছিল।

১২, ১৩. (ক) কে তাদের আত্মিক পিতা ছিল সে সম্বন্ধে কিভাবে প্রধান যাজকেরা এবং অধ্যাপকেরা অতিরিক্ত প্রমাণ দিয়েছিল? (খ) কারা তাদের সাথে যোগ দিয়েছিল? (গ) আদিপুস্তক ৩:১৫ পদের পরিপূর্ণতায় কিভাবে নারীর বংশের পাদমূলে আঘাত করা হয়েছিল?

১২ যীশুর কথাগুলি শুনে কি তারা অনুশোচনা করেছিল, যাতে করে তারা ঈশ্বরের কাছ থেকে দয়া প্রার্থনা করতে পারে? তাদের দুষ্টতার জন্য কি তারা অনুতপ্ত হয়েছিল? না! মার্ক ১৪:১ পদ জানায় যে তারপরের দিনই, মহাযাজকের প্রাঙ্গনে এক সভায় “প্রধান যাজকগণ ও অধ্যাপকেরা, কিরূপে [যীশুকে] কৌশলে ধরিয়া বধ করিতে পারে, তাহারই চেষ্টা করিতেছিল।” এরা ক্রমাগত শয়তানের হত্যা করার মনোভাবকে প্রকাশ করে চলে, যাকে যীশু পূর্বে নরঘাতক রূপে বর্ণনা করেছিলেন। (যোহন ৮:৪৪) শীঘ্রই তারা ইষ্করিয়োতীয় যিহূদার সাথে যোগ দেয় যাকে শয়তান ধর্মভ্রষ্ট হতে প্রবৃত্ত করেছিল। যিহূদা ঈশ্বরের নারীর নিষ্কলঙ্ক বংশকে পরিত্যাগ করে এবং শয়তানের বংশে যোগ দেয়।

১৩ ১৪ই নিশানের প্রত্যুষে, যিহূদী ধর্মীয় মহাসভার সদস্যেরা বন্দী হিসাবে যীশুকে রোমীয় শাসকের কাছে নিয়ে যায়। এই সময়ে তাঁকে ক্রুশে বিদ্ধ করার জন্য চিৎকার করার ক্ষেত্রে, প্রধান যাজকেরা নেতৃত্ব নেয়। যখন পীলাত জিজ্ঞাসা করেন, “তোমাদের রাজাকে কি ক্রুশে দিব?” তখন প্রধান যাজকেরা উত্তর করে, “কৈসর ছাড়া আমাদের অন্য রাজা নাই।” (যোহন ১৯:৬, ১৫) বাস্তবিকই, প্রতিটি ক্ষেত্রে তারা প্রমাণ করেছিল, যে তারা ছিল সর্পের বংশের অংশ। কিন্তু তারাই একমাত্র ছিল না। মথি ২৭:২৪, ২৫ পদে অনুপ্রাণিত বিবরণ এর বর্ণনা দেয়: ‘পীলাত জল লইয়া লোকদের সাক্ষাতে হাত ধুইলেন।’ তারপর সমস্ত লোকেরা বলতে থাকে: “উহার রক্ত আমাদের উপরে ও আমাদের সন্তানদের উপরে বর্ত্তুক।” এইভাবে সেই কালের বহু যিহূদী নিজেদের সর্পের বংশের অংশ হিসাবে শনাক্ত করেছিল। সেইদিনটি শেষ হওয়ার পূর্বেই যীশু মারা যান। তার দৃশ্যত বংশকে ব্যবহার করে শয়তান ঈশ্বরের নারীর বংশের পাদমূলে আঘাত করেছিল।

১৪. কেন নারীর বংশের পাদমূল চূর্ণের অর্থ শয়তানের জন্য বিজয় নয়?

১৪ কিন্তু, শয়তান কি জয়ী হয়েছিল? একবারেই নয়! যীশু খ্রীষ্ট জগৎকে জয় করেছিলেন এবং এর শাসকদের উপরেও বিজয়লাভ করেন। (যোহন ১৪:৩০, ৩১; ১৬:৩৩) মৃত্যু পর্যন্ত তিনি যিহোবার প্রতি তাঁর বিশ্বস্ততা বজায় রেখেছিলেন। জীবনের অধিকার যা আদম স্বেচ্ছায় ত্যাগ করেছিল তা ফিরে পেতে সিদ্ধ মানব হিসাবে তাঁর মৃত্যু প্রয়োজনীয় মুক্তির মূল্য প্রদান করেছিল। সুতরাং যারা সেই ব্যবস্থার প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং ঈশ্বরের আজ্ঞাসকল পালন করবে তাদের জন্য তিনি অনন্ত জীবনের পথ খুলে দিয়েছিলেন। (মথি ২০:২৮; যোহন ৩:১৬) স্বর্গে অমর জীবনে যিহোবা যীশুকে মৃত্যু থেকে উত্থাপন করেছিলেন। যিহোবার নিরূপিত সময়ে, যীশু শয়তানকে চূর্ণ করে অস্তিত্বহীন করবেন। আদিপুস্তক ২২:১৬-১৮ পদে ভবিষ্যদ্বাণী করা হয়েছিল যে যিহোবা সেই বিশ্বস্ত বংশের মাধ্যমে নিজেদের আশীর্বাদপ্রাপ্ত করতে যারা প্রযোজনীয় কাজ করবে, পৃথিবীর সেই সমস্ত পরিবাবের প্রতি অনুগ্রহ করবেন।

১৫. (ক) যীশুর মৃত্যুর পর, কিভাবে তাঁর প্রেরিতেরা ক্রমাগতভাবে শয়তানের বংশকে উন্মোচন করেছিল? (খ) আমাদের দিন পর্যন্ত আর কোন্‌ শত্রুতা শয়তানের বংশের দ্বারা প্রকাশিত হয়েছে?

১৫ যীশুর মৃত্যুর পর, আত্মায়-অভিষিক্ত খ্রীষ্টানেরা ক্রমাগতভাবে সর্পের বংশকে উন্মোচন করতে থাকে, যেমন তাদের প্রভু করেছিলেন। পবিত্র আত্মা দ্বারা পরিচালিত হয়ে, প্রেরিত পৌল “পাপ-পুরুষ” এর বিরুদ্ধে সাবধান করে দিয়েছিলেন যার আগমন হবে “শয়তানের কার্য্য সাধন অনুসারে।” (২ থিষলনীকীয় ২:৩-১০) সমষ্টিগতভাবে এই “পুরুষ” খ্রীষ্টীয়জগতের যাজক হিসাবে প্রমাণিত হয়েছে। পর্যায়ক্রমে, সর্পের বংশ নিষ্ঠুরভাবে যীশু খ্রীষ্টের অনুগামীদের নির্যাতন করে চলে। প্রকাশিত বাক্য ১২:১৭ পদে লিপিবদ্ধ ভাববাণীতে, প্রেরিত যোহন ভাববাণী করেছিলেন যে আমাদের দিন পর্যন্ত ঈশ্বরের নারীর বংশের অবশিষ্টাংশের বিরুদ্ধে শয়তান ক্রমাগত যুদ্ধ করে চলবে। এটিই নির্দিষ্টভাবে ঘটেছে। বহু দেশে, ঈশ্বরের রাজ্য ও তাঁর ধার্মিক পথের প্রতি তাদের দৃঢ় পদক্ষেপের জন্য যিহোবার সাক্ষীদের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, দলবদ্ধভাবে আক্রমণ করা হয়েছে, কারারুদ্ধ করা হয়েছে অথবা কনসেনট্রেশন ক্যাম্পে নিক্ষেপ করা হয়েছে।

আধুনিক-দিনে শয়তানের বংশের উন্মোচন

১৬. আধুনিক সময়ে, সর্পের বংশের অংশ হিসাবে কাদের উন্মোচন করা হয়েছে এবং কিভাবে?

১৬ যীশু খ্রীষ্টকে অনুকরণ করে, সত্য খ্রীষ্টানেরা সর্প ও তার বংশকে উন্মোচন করার জন্য তাদের সাহসিকতার ক্ষেত্রে বিরত হয়নি। ১৯১৭ সালে বাইবেল ছাত্রেরা, যেমন যিহোবার সাক্ষীরা তখন পরিচিত ছিল, রহস্য সমাপ্ত হল (ইংরাজি) নামক বইটি প্রকাশ করে, যেটিতে তারা খ্রীষ্টীয়জগতের যাজকদের কপটতাকে উন্মোচন করে। এরপর ১৯২৪ সালে ইকলিজিয়াসটিকস্‌ ইনডিকটেড নামে এক মুদ্রিত ব্যাখ্যা প্রকাশিত হয়। পাঁচ কোটি কপি আন্তর্জাতিক বিতরণের জন্য দেওয়া হয়েছিল। ১৯৩৭ সালে, তৎকালীন ওয়াচ টাওয়ার সোসাইটির সভাপতি জে. এফ. রাদারফোর্ড “উন্মোচিত” এবং “ধর্ম ও খ্রীষ্টতত্ত্ব” নামক বক্তৃতাগুলিতে শয়তানের বংশকে কঠোরভাবে উন্মোচন করেছিলেন। পরবর্তী বছরে, বিভিন্ন দেশের শ্রোতারা ৫০টি সম্মেলন শোনার সময় লন্ডন, ইংল্যান্ড থেকে রেডিওটেলিফোনের দ্বারা তিনি “বাস্তবের মুখোমুখি হোন” নামক বক্তৃতাটি দিয়েছিলেন। এক মাস পরে, মার্কিন যুক্তরাষ্ট্রের এক ব্যাপক রেডিও নেটওয়ার্ক “ফ্যাসীবাদ অথবা স্বাধীনতা” নামক বক্তৃতাটি তুলে ধরে। শত্রুরা এবং ধর্ম (ইংরাজি) নামক বইগুলি আর এছাড়া অনাবৃত (ইংরাজি) নামক পুস্তিকার মধ্যে দেওয়া শক্তিশালী প্রকাশপ্রাপ্তিই এগুলির সম্পূরক হিসাবে ব্যবহৃত হয়েছিল। ১৯২০-র দশকের পর থেকে যা প্রকাশিত হয়েছে তার সাথে মিল রেখে, এখন ৬৫টি ভাষায় “প্রকাশিত বাক্য—তার মহান পরিপূর্ণতা সন্নিকট!a (ইংরাজি) নামক বইটি ছাপানো হয় এবং তা কলুষিত রাজনৈতিক শাসকবর্গকে ও লোভী, অসাধু ব্যবসায়ীদের শয়তানের দৃশ্যত বংশের প্রধানতম সদস্যদের অন্তর্ভুক্ত বলে শনাক্ত করে। যখন রাজনৈতিক নেতারা তাদের প্রজাদের বিভ্রান্ত করতে, রক্তের পবিত্রতার প্রতি কোন সম্মান না দেখাতে এবং যিহোবার দাসেদের উৎপীড়ন করতে (এইভাবে ঈশ্বরের নারীর বংশের প্রতি ঘৃণা দেখাচ্ছে) মিথ্যাকে অবলম্বন হিসাবে অভ্যাস করে, তখন তারা নিশ্চিতভাবে নিজেদের সর্পের বংশের অংশ হিসাবে শনাক্ত করে। ব্যবসায়ীদের ক্ষেত্রেও তা একইভাবে সত্য, যারা বিবেবহীনভাবে অর্থ লাভের আশায় মিথ্যা বলে এবং সেই সব উৎপাদিত দ্রব্য যা রোগের কারণ তা জেনেও সেগুলিকে তৈরি ও বিক্রি করে।

১৭. বিশিষ্ট ব্যক্তিবিশেষদের জন্য যারা হয়ত জগতের বিধিব্যবস্থা থেকে বের হয়ে আসবে, কোন্‌ সুযোগের দ্বার এখনও খোলা রয়েছে?

১৭ জগতিক ধর্ম, রাজনীতি অথবা বাণিজ্যের দ্বারা কলুষিত প্রত্যেক ব্যক্তি কিন্তু পরিশেষে সর্পের বংশের অংশ রূপে বিবেচিত হবে না। এদের মধ্যে কিছু পুরুষ ও স্ত্রী যিহোবার সাক্ষীদের সম্বন্ধে শ্রদ্ধা পোষণ করে। তাদের সাহায্য করার জন্য তারা তাদের প্রভাবকে কাজে লাগায় এবং যথোপযুক্তকালে সত্য উপাসনাকে সাগ্রহে গ্রহণ করে। (তুলনা করুন প্রেরিত ১৩:৭, ১২; ১৭:৩২-৩৪.) এইধরনের সকল ব্যক্তিদের উদ্দেশ্য এই আবেদনটি প্রসারিত করা হয়েছে: “অতএব এখন, রাজগণ! বিবেচক হও; পৃথিবীর বিচারকগণ! শাসন গ্রাহ্য কর। তোমরা সভয়ে সদাপ্রভুর আরাধনা কর, সকম্পে উল্লাস কর। পুত্ত্রকে চুম্বন কর, পাছে তিনি ক্রুদ্ধ হন ও তোমরা পথে বিনষ্ট হও, কারণ ক্ষণমাত্রে তাঁহার ক্রোধ প্রজ্বলিত হইবে। ধন্য তাহারা সকলে, যাহারা তাঁহার শরণাপন্ন।” (গীতসংহিতা ২:১০-১২) বাস্তবিকই, যারা যিহোবার অনুগ্রহ পেতে চায় তাদের জন্য স্বর্গীয় বিচারক, সুযোগের দ্বার বন্ধ করার আগে এখনই কাজ করা অত্যন্ত প্রয়োজন!

১৮. যদিও নারীর বংশের অংশ নয়, তবুও কারা যিহোবার উপাসক?

১৮ একমাত্র যাদের নিয়ে স্বর্গীয় রাজ্য গঠিত হবে তারাই নারীর বংশের অংশ। তারা সংখ্যায় অল্প। (প্রকাশিত বাক্য ৭:৪, ৯) তবুও, অন্যদের এক বিস্তর লোক রয়েছে, হ্যাঁ, তাদের লক্ষ লক্ষ লোকেরা, যারা যিহোবার উপাসক হিসাবে পার্থিব পরমদেশে অনন্ত জীবনের জন্য সামনের দিকে তাকিয়ে আছে। কথা এবং কাজ উভয়ের দ্বারা, যিহোবার অভিষিক্ত ব্যক্তিদের উদ্দেশ্যে তারা বলে: “আমরা তোমাদের সহিত যাইব, কেননা আমরা শুনিলাম, ঈশ্বর তোমাদের সহবর্ত্তী।”—সখরিয় ৮:২৩.

১৯. (ক) সকলকে অবশ্যই কী নির্ণয় নিতে হবে? (খ) এখনও যখন সুযোগ রয়েছে, বিজ্ঞতার সাথে কাজ করতে নির্দিষ্টভাবে কাদের কাছে এক আন্তরিক আবেদন করা হচ্ছে?

১৯ এখনই সকল মানবজাতির অবশ্যই বেছে নেওয়ার সময়। তারা কি যিহোবাকে উপাসনা করতে এবং তাঁর সার্বভৌমত্বকে তুলে ধরতে চাইবে, অথবা যে জিনিসগুলি শয়তানকে খুশি করে তা করার দ্বারা তারা শয়তানকে তাদের শাসক হতে দেবে? বিভিন্ন জাতি থেকে বেরিয়ে আসা প্রায় ৫০ লক্ষ লোক রাজ্যের উত্তরাধিকারী, নারীর বংশের অবশিষ্টাংশদের সাথে মেলামেশা করে যিহোবার পক্ষে দাঁড়িয়েছে। অপর আশি লক্ষ ব্যক্তি তাদের সাথে বাইবেল অধ্যয়ন করার জন্য আগ্রহ দেখিয়েছে অথবা তাদের সভাগুলিতে যোগদান করেছে। যিহোবার সাক্ষীরা এদের সকলকে বলে: সুযোগের দ্বার এখনও খোলা রয়েছে। যিহোবার পক্ষে সুস্পষ্টভাবে আপনার পদক্ষেপ গ্রহণ করুন। প্রতিজ্ঞাত বংশ হিসাবে যীশু খ্রীষ্টকে স্বীকার করুন। আনন্দের সাথে যিহোবার দৃশ্যত সংগঠনের সাথে মেলামেশা করুন। সকল আশীর্বাদ যা তিনি রাজা, যীশু খ্রীষ্টের শাসনের মাধ্যমে যোগাবেন তাতে যেন আপনি অংশ নিতে পারেন।

[পাদটীকাগুলো]

a ওয়াচটাওয়ার বাইবেল অ্যান্ড ট্র্যাক্ট সোসাইটির দ্বারা প্রকাশিত।

আপনার কি স্মরণে আছে?

◻ আদিপুস্তক ৩:১৫ পদে উল্লেখিত, কে সেই সর্প? আর কে সেই নারী?

◻ কোন্‌ বৈশিষ্ট্যগুলি সর্পের বংশের চরিত্রকে বর্ণনা করে?

◻ সর্পের বংশকে যীশু কিভাবে উন্মোচন করেছিলেন?

◻ আধুনিক সময়ে সর্পের বংশের অংশ বলে কাদের উন্মোচিত করা হয়েছে?

◻ সর্পের বংশের সাথে শনাক্তিকরণকে এড়াতে কোন্‌ জরুরি পদক্ষেপ নেওয়ার প্রয়োজন?

[১০ পৃষ্ঠার চিত্র]

সর্পের বংশের অংশ বলে যীশু কপট ধর্মীয় নেতাদের উন্মোচন করে দিয়েছিলেন

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার