মোজাম্বিকে “লবণ বিক্রয়”
ফ্রানসিসকো কোয়ানা, যিনি ছিলেন মোজাম্বিক দেশের কমিটির একজন সদস্য, দশ বৎসর “পূর্ণশিক্ষামূলক ক্যাম্পে” অতিবাহিত করেন। নিজের অভিজ্ঞতার বর্ণনা তিনি এইভাবে দেন: “আমি জানতাম যে বেশ কিছু সময়ের জন্য আমাদের এখানে থাকতে হবে, সেইজন্য আমি সীমা অধ্যক্ষকে প্রশ্ন করেছিলাম যে নিয়মিত অগ্রগামীর কাজ আমি করতে পারব কি না। তিনি বলেছিলেন যে তা করার জন্য আমাকে নিরূপিত ঘন্টা পূরণ করতে হবে। সীমা অধ্যক্ষ আমার কাছে জানতে চেয়েছিলেন যে জনসাধারণে পরিচর্যার কাজে আমি কিভাবে এতটা পরিমাণ সময় দেব, যখন ক্যাম্পের প্রায় সকল সদস্যই যিহোবার সাক্ষী? আমি বলেছিলাম যে ৪৭ কিলোমিটার দূরে মিলাঞ্জ শহরে প্রচার করার জন্য লোক খুঁজতে আমি যাব।
“আইনত, যদিও আমাদের ক্যাম্পের বাইরে যাওয়ার অধিকার ছিল না, তথাপি তা তখনও প্রখরভাবে বলবৎ করা হয়নি। আমার স্মরণে আছে যখন ঝোপঝাড়ে গিয়ে হাঁটু গেড়ে বসে প্রার্থনায় যিহোবাকে জানাতাম যে স্থানীয় লোকেদের কাছে প্রচার করার একটা রাস্তা করে দিতে। তাতে যিহোবা খুব শীঘ্রই উত্তর দিয়েছিলেন।
“সাইকেল আছে এমন এক লোকের সঙ্গে আমি যোগাযোগ করেছিলাম এবং তার সঙ্গে আমি একটি চুক্তি করেছিলাম। বর্ষা আসার আগেই যদি আমি তার দুই একর জমি কর্ষণ করে দিই, তার বিনিময়ে মজুরি রূপে সে আমাকে তার সাইকেলটি দেবে, এই চুক্তিতে সে রাজি হয়েছিল। এইজন্য প্রতিদিন সকালে আমি সেই জমি কর্ষণ করার কাজে সময় ব্যয় করতাম। এই আয়োজনকে যিহোবা আশীর্বাদ করেছিলেন, যেহেতু শেষপর্যন্ত এই সাইকেলটি আমি পেয়েছিলাম।
“এর ফলে আমি মিলাঞ্জের মত বড় শহরে যেতে পেরেছিলাম এবং এই ফলবতী ক্ষেত্রে কার্যকারিতার সঙ্গে অগ্রগামীর কাজ চালিয়ে যেতে পেরেছিলাম। আমাদের কাজ সেখানে স্বীকৃতি না পাওয়ার দরুন, লোকের কাছে সত্য পৌঁছে দেবার জন্য আমাকে একটা কৌশল অবলম্বন করতে হয়েছিল। সার্টের ভিতরে বই ও পত্রিকা ভাল করে ঠেসে নিতাম এবং একটি ব্যাগে কিছুটা পরিমাণ লবণ নিয়ে লবণ বিক্রয়ের কাজে বেরিয়ে পড়তাম। ৫ মেটেকিস মূল্যে বিক্রয় করার পরিবর্তে আমি ১৫ মেটেকিস চাইতাম। (সস্তায় বিক্রি করলে লোকে সব কিনে নেবে, আর আমার প্রচার কাজ চালানোর জন্য বিক্রি করার মত কিছুই লবণ থাকবে না!) আমার কথাবার্তার ভঙ্গিমা ছিল এইরকম:
“‘নমস্কার! আজ কিছু লবণ বিক্রয় করছিলাম।’
“‘এর দাম কত?’
“‘১৫ মেটেকিস’?
“‘না, না। এটা অত্যন্ত ব্যয়বহুল!’
“হ্যাঁ, আমি স্বীকার করছি এটা ব্যয়বহুল। কিন্তু আপনি যদি এখনই এটিকে ব্যয়বহুল মনে করেন, তাহলে অল্প কিছুদিন অপেক্ষা করুন, দেখবেন এর দাম ভবিষ্যতে হু হু করে বৃদ্ধি পাবে? আপনি কি জানেন, এই বিষয়টা বাইবেলে ভবিষ্যদ্বাণী করা হয়েছিল?’
“‘আমার বাইবেলে এবিষয়ে আমি কখনও পড়িনি।’
“‘হ্যাঁ, সেটা বাইবেলে আছে। দয়া করে আপনার বাইবেলটা নিয়ে আসুন ও আমাকে দেখাতে দিন।’
“এইধরনের কথাবার্তার মাধ্যমেই তার বাইবেল ব্যবহার করবার সুযোগ পেতাম, আর আমারটা সার্টের মধ্যেই গোজা থাকত। আমি প্রকাশিত বাক্য ৬ অধ্যায়ের দুঃসহ পরিস্থিতি এবং খাদ্যাভাবের প্রতি দৃষ্টি আকর্ষণ করাতাম। যদি অনুকূল সাড়া পেতাম, তাহলে আমি যে সত্য অনন্ত জীবনে লইয়া যায় অথবা সুসমাচার আপনাকে সুখী করে বইটি বার করে রীতিগত বাইবেল অধ্যয়ন শুরু করতাম।
“এর ফলে আমি মিলাঞ্জে ১৫ জন আগ্রহী ব্যক্তির একটি দল শুরু করতে পেরেছিলাম। কিন্তু কর্তৃপক্ষ আমাদের কাজকর্মের খবর খুব শীঘ্রই পেয়ে যান। একদিন আমি যখন একটি বাইবেল অধ্যয়ন পরিচালনা করছিলাম, অকস্মাৎ পুলিশ সেখানে ঢুকে পড়ে এবং আমাদের গ্রেপ্তার করে। আমাদের সকলকেই, এমনকি পরিবারের ছোট শিশুদেরও স্থানীয় হাজতে নিয়ে যাওয়া হয়। প্রায় এক মাস সেখানে অতিবাহিত করার পর আমাদের সকলকে আবার ক্যাম্পে ফেরত পাঠান হয়েছিল।”
এমন অভিজ্ঞতাগুলি আমাদের ভাইদের উদ্যমকে দমিয়ে দেয়নি। বিপরীতে, ফ্রানসিসকো এবং তার পরিবার ও সেইসঙ্গে আরও হাজার হাজার ভায়েরা, যারা সেই ক্যাম্পে ছিল, বর্তমানে স্বাধীনতার সঙ্গে মোজাম্বিকে যিহোবাকে উপাসনা করতে পারে এবং প্রচার করতে পারে।