যিহোবার শরণাগত হও
“সদাপ্রভু, আমি তোমারই শরণ লইয়াছি।”—গীতসংহিতা ৩১:১.
১. আশ্রয় দেওয়া সম্বন্ধে যিহোবার সামর্থ্যের প্রতি গীতসংহিতা ৩১ অধ্যায়ে কিভাবে আস্থা প্রকাশ করা হয়েছে?
একটি সুরেলা কণ্ঠস্বর এক ব্যক্তির সম্বন্ধে গান করে, যে দৈহিক এবং মানসিকভাবে যদিও পরিশ্রান্ত হয়ে পড়েও যিহোবার কাছে নিজেকে সমর্পণ করেছে। সেই পবিত্র গানের কথাগুলি জানায় যে বিশ্বাসের জয় হয়। সর্বশক্তিমানের এগিয়ে দেওয়া বাহুর মধ্যে, এই লোকটি তেড়ে আসা নির্যাতনকারীদের থেকে আশ্রয় পায়। “সদাপ্রভু, আমি তোমারই শরণ লইয়াছি; আমাকে কখনও লজ্জিত হইতে দিও না; তোমার ধর্ম্মশীলতায় আমাকে রক্ষা কর।”—গীতসংহিতা ৩১:১.
২. (ক) কোন্ দুটি স্তম্ভের উপরে নির্ভর করে আমাদের দুর্গ হিসাবে আমরা যিহোবার প্রতি আস্থা রাখতে পারি? (খ) যিহোবা কী ধরনের ঈশ্বর?
২ গীতরচকের একটিই আশ্রয় আছে—সবচেয়ে ভাল আশ্রয়! অন্য সবকিছু অনিশ্চিত হলেও, এই বিষয়ে কোন সংশয় নেই: যিহোবা তার শৈল তার দুর্গ। তার আস্থা নির্ভরযোগ্য দুটি স্তম্ভের উপর স্থাপিত। একটি হল তার বিশ্বাস যে যিহোবা কখনও তাকে লজ্জিত করবেন না আর অন্যটি হল যিহোবার ধার্মিকতা, যার অর্থ যে তিনি কখনও তাঁর সেবকদের চিরকালের মত ত্যাগ করবেন না। যিহোবা তাঁর বিশ্বস্ত সেবকদের লজ্জিত করেন না; তিনি প্রতিজ্ঞা ভঙ্গ করেন না। বরং তিনি হলেন সত্যের ঈশ্বর এবং যারা একান্তভাবে তাঁর প্রতি আস্থা রাখেন তাদের তিনি পুরস্কৃত করেন। শেষ পর্যন্ত, বিশ্বাস পুরস্কৃত হবে! মুক্তি পাওয়া যাবে!—গীতসংহিতা ৩১:৫, ৬.
৩. গীতরচক কিভাবে যিহোবাকে মহিমা দিয়েছেন?
৩ গভীর বেদনা বা দুঃখ থেকে প্রগাঢ় আস্থা প্রকাশ করে, উঁচু-নিচু সুরের মাধ্যমে তার সঙ্গীত রচনা করে গীতরচক অন্তরে শক্তি পেয়েছেন। যিহোবার বিশ্বস্ত প্রেমের জন্য তিনি তাঁর মহিমা করেছেন। “ধন্য সদাপ্রভু” তিনি গেয়েছেন, “কেননা তিনি দৃঢ় নগরে আমার প্রতি আশ্চর্য্য দয়া করিলেন।”—গীতসংহিতা ৩১:২১.
রাজ্যের প্রচারকদের জোরদার ঐকতান
৪, ৫. (ক) কোন্ জোরদার ঐকতান বর্তমানে যিহোবার প্রশংসা করছে, আর গত পরিচর্যা বছরে কিভাবে তারা তা করেছে? (খ) স্মরণার্থক সভায় উপস্থিতি কিভাবে দেখায় যে আরও বেশি লোক রাজ্যের প্রকাশকদের ঐকতানে যোগ দিয়ে চায়? (গ) আপনার মণ্ডলীতে কোন্ দলটি এই ঐকতানে যোগ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে?
৪ বর্তমানে, সেই গীতটির কথাগুলি আবার জীবন্ত হয়েছে। কোন মন্দ বিরোধী, কোন প্রাকৃতিক দুর্যোগ বা কোন আর্থিক সমস্যা যিহোবার প্রশংসা-গীতকে বাধা দিতে পারবে না; সত্যই যিহোবার প্রেমময় করুণা তাঁর লোকেদের প্রতি অপূর্বরূপে প্রকাশ পেয়েছে। গত পরিচর্যা বছরে সারা পৃথিবীতে ২৩১টি দেশে, ৪৭,০৯,৮৮৯ জনের একটি বিশাল দল, ঐকতানে ঈশ্বরের রাজ্যের বার্তা একটি বিশাল দল, ঐকতানে ঈশ্বরের রাজ্যের বার্তা গেয়েছিল। খ্রীষ্ট যীশুর মাধ্যমে যিহোবার স্বর্গীয় সরকার হল এমন একটি আশ্রয় যা তাদের নিরাশ করবেন না। গত বছর, ৭৩,০৭০ মণ্ডলী থেকে রাজ্যের এই প্রচারকেরা মোট ১,০৫,৭৩,৪১,৯৭২ ঘন্টা প্রচার কাজে ব্যয় করেছিলেন। এর ফলে, জলে বাপ্তিস্ম নেওয়ার দ্বারা ২,৯৬,০০৪ জন ঈশ্বরের কাছে তাদের উৎসর্গীকরণ চিত্রিত করেছেন। আর গত আগস্ট মাসে, ইউক্রেনের কিয়েভে অনুষ্ঠিত ঐশিক শিক্ষা আন্তর্জাতিক সম্মেলনে যারা উপস্থিত ছিলেন তারা কী আশ্চর্যই না হয়েছিলেন। তারা ইতিহাস স্থাপিত হতে দেখেছিলেন, সত্য খ্রীষ্টানদের একত্রে বাপ্তিস্ম নেওয়ার সবচেয়ে বড় লিখিত উদাহরণ তারা প্রত্যক্ষ করেছিলেন! যিশাইয় ৫৪:২, ৩ পদে যেমন ভবিষ্যদ্বাণী করা হয়েছে, ঈশ্বরের লোকেরা সবচেয়ে বেশি সংখ্যায় বেড়ে চলেছে।
৫ কিন্তু, ঈশ্বরের রাজ্যের আরও ইচ্ছুক প্রজারা সেই ঐকতানে যোগ দেওয়ার জন্য অপেক্ষা করছে। গত বছর, যীশুর মৃত্যুর স্মরণার্থক সভায় মোট ১,১৮,৬৫,৭৬৫ জন লোকের আশ্চর্যজনক সংখ্যা উপস্থিত ছিল। আশা করা যায় যে এই পরিচর্যা বছরে এদের মধ্যে অনেকে ঘরে-ঘরে রাজ্যের গান করার জন্য যোগ্য হয়ে উঠবেন। এই প্রত্যাশার ফলে, সত্যের শত্রু, শয়তান দিয়াবল কতই না রেগে উঠবে!—প্রকাশিত বাক্য ১২:১২, ১৭.
৬, ৭. একজন আগ্রহী ব্যক্তি কিভাবে যিহোবার সাহায্যে মন্দ আত্মাদের প্রভাব থেকে মুক্ত হয়েছিলেন তা বর্ণনা করুন।
৬ সেই বিশাল ঐকতানের সাথে গলা মেলাতে অন্যদের শয়তান বাধা দেওয়ার চেষ্টা করবে। উদাহরণস্বরূপ থাইল্যাণ্ডের প্রকাশকেরা, মন্দ আত্মাদের দ্বারা জর্জরিত বহু লোকেদের খুঁজে পেয়েছেন। কিন্তু বহু একাগ্র ব্যক্তি যিহোবার সাহায্যে মুক্তি পেয়েছে। আগ্রহবশত একজন ওঝার কাছে যাওয়ার পর থেকে, দশ বছর ধরে একজন ব্যক্তি মন্দ আত্মার কবলে ছিলেন। একজন পাদ্রির সাহায্যে তিনি তাদের হাত থেকে নিস্তার পেতে চেয়েছিলেন, কিন্তু তাতে বিশেষ লাভ হয়নি। যিহোবার সাক্ষীদের একজন পূর্ণ-সময় প্রচারক তার সাথে বাইবেল অধ্যয়ন শুরু করেন এবং বাইবেল থেকে তাকে শেখান একমাত্র কিভাবে মন্দ আত্মাদের হাত থেকে নিস্তার পাওয়া যায়—সত্য সম্বন্ধে যথার্থ জ্ঞান নেওয়া, যিহোবা ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখা, এবং প্রার্থনায় তাঁর সাহায্য চাওয়ার মাধ্যমে।—১ করিন্থীয় ২:৫; ইফিষীয় ৪:৬, ৭; ১ তীমথিয় ২:৩, ৪.
৭ এই আলোচনার পরের দিন রাত্রে, সেই ব্যক্তিটি একটি স্বপ্নে তার মৃত পিতাকে দেখেছিলেন, যিনি শাসিয়েছিলেন যে তিনি যদি আবার মন্দ আত্মাদের মাধ্যম না হন তাহলে পরিণতি ভাল হবে না। তার পরিবার বিভিন্নভাবে কষ্ট পেতে লাগল। হাল ছেড়ে না দিতে মনস্থ করে, এই ব্যক্তিটি তার বাইবেল অধ্যয়ন বজায় রাখলেন এবং সভায় আসতে শুরু করলেন। একদিন অধ্যয়নের সময়ে, সেই অগ্রগামী বুঝিয়ে দিয়েছিলেন যে প্রেতচর্চার ক্রিয়াকলাপে ব্যবহৃত কোন জিনিস কাছে রাখলে, যারা তাদের কবল থেকে মুক্তি পেতে চাইছে তাদের জ্বালাতন করতে মন্দ আত্মারা পথ খুঁজে নিতে পারে। সেই লোকটির মনে পড়ল যে তাবিজ হিসাবে ব্যবহার করার জন্য তার কাছে কিছু তেল ছিল। এখন সে বুঝতে পারল যে সেই তেলটি তাকে ফেলে দিতে হবে। ফেলে দেওয়ার পর থেকে আর মন্দ আত্মার তাকে জ্বালাতন করেনি। (তুলনা করুন ইফিষীয় ৬:১৩; যাকোব ৪:৭, ৮) তিনি এবং তার স্ত্রী অধ্যয়নে ভালভাবে উন্নতি করছেন এবং বাইবেল থেকে নির্দেশ নেওয়ার জন্য নিয়মিত সভায় আসছেন।
৮, ৯. রাজ্যের কিছু প্রচারকেরা অন্য কোন্ বাধা অতিক্রম করেছেন?
৮ অন্যান্য বাধা সুসমাচারের ধ্বনিকে অস্পষ্ট করে দিতে পারে। ঘানাতে, প্রচণ্ড আর্থিক সমস্যার জন্য, অনেক কর্মীদের ছাটাই করা হয়েছে। জীবিকার মূল্য আকাশছোঁয়া হয়েছে আর সেইজন্য জীবনের সামান্য প্রয়োজনীয় বিষয়গুলি জোগাড় করাও বিরাট সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যিহোবার লোকেরা কিভাবে এর মোকাবিলা করছে? নিজেদের উপর নয় কিন্তু যিহোবার প্রতি নির্ভর রেখে। উদাহরণস্বরূপ, একদিন একজন ব্যক্তি শাখা অফিসের রিসেপ্শন ডেস্কে একটি বন্ধ খাম রেখে গিয়েছিলেন। খামটির মধ্যে ২০০ ডলার ছিল, অথবা প্রায় তিন মাসের নুন্যতম বেতন। খামটি এসেছিল একজন অজানা উপহারদাতার কাছ থেকে, কিন্তু খামের উপরে এই লেখা ছিল: “আমি চাকরি হারিয়েছিলাম, কিন্তু যিহোবা আমাকে আরেকটি দিয়েছেন। তাঁর প্রতি এবং তাঁর পুত্র যীশু খ্রীষ্টের প্রতি আমি কৃতজ্ঞ। শেষ আসার আগে রাজ্যের সুসমাচার প্রচার করায় সাহায্য করার জন্য, আমি এই সামান্য দান করতে চাই।”—তুলনা করুন ২ করিন্থীয় ৯:১১.
৯ যারা যিহোবার প্রশংসায় মহান ঐকতানে যোগ দেয়, সভায় উপস্থিতি তাদের প্রশিক্ষণ দেয়। (তুলনা করুন গীতসংহিতা ২২:২২.) হণ্ডুরাসের দক্ষিণ অঞ্চলে, এল্ হর্ডান নামে একটি মণ্ডলী আছে। এই ছোট দলটির বিশেষত্ব কী? বিশ্বস্তভাবে সভায় তাদের উপস্থিতি। প্রত্যেক সপ্তাহে সভায় আসার জন্য, ১৯ জন প্রকাশকের মধ্যে ১২ জনকে একটি চওড়া নদী পার হতে হয়। গরমকালে, এটা কোন সমস্যা নয়, কারণ পড়ে থাকা পাথরের উপরে পা দিয়ে তারা পার হতে পারে। কিন্তু বর্ষাকালে পরিস্থিতির পরিবর্তন হয়। একসময় যা সামান্য একটি জলাশয় ছিল, এখন তা এমন স্রোতে পরিণত হয় যে সামনে যা কিছু পড়ে ভাসিয়ে নিয়ে যায়। এই বাধা অতিক্রম করার জন্য, ভাই-বোনেদের দক্ষ সাঁতারু হতেই হবে। পার হওয়ার আগে, সভায় যাওয়ার জন্য তাদের জামাকাপড় তারা একটি টিনাতে (ধাতুর টিন) ভরে, তার উপরে প্লাস্টিক জড়িয়ে নেয়। তাদের মধ্যে সবচেয়ে ভাল সাঁতারু টিনাটিকে একটি বয়া হিসাবে ব্যবহার করে অন্যদের পার করে নিয়ে যায়। নিরাপদে অন্য দিকে পৌঁছে তারা গায়ের জল মুছে, জামাকাপড় পরে, হাসিমুখে, পরিষ্কার-পরিচ্ছন্ন হয়ে কিংডম হলে এসে পৌঁছায়!—গীতসংহিতা ৪০:৯.
যে দৃঢ় আশ্রয়ে আমরা বাস করতে পারি
১০. চাপের সম্মুখীন হয়ে আমরা কেন যিহোবার স্মরণাপন্ন হতে পারি?
১০ আপনি সরাসরিভাবে মন্দ আত্মাদের আক্রমণের লক্ষ্যই হোন অথবা অন্যভাবে চাপের সম্মুখীন হোন, যিহোবা আপনার আশ্রয় হতে পারেন। প্রার্থনায় তাঁর কাছে সাহায্য চান। তাঁর লোকেদের সামান্য অনুযোগও তিনি মন দিয়ে শোনেন। গীতরচক তা সত্য বলে অনুভব করে লিখেছিলেন: “আমার দিকে কর্ণপাত কর সত্বর আমাকে উদ্ধার কর; আমার দৃঢ় শৈল হও, আমার ত্রাণার্থক দুর্গগৃহ হও। কেননা তুমিই আমার শৈল ও আমার দুর্গ; অতএব তোমার নামের অনুরোধে আমাকে পথ দেখাইয়া গমন করাও। আমাকে সেই জাল হইতে উদ্ধার কর, যাহা লোকে আমার জন্য গোপনে পাতিয়াছে, কেননা তুমিই আমার দৃঢ় আশ্রয়।”—গীতসংহিতা ৩১:২-৪.
১১. যিহোবার দুর্গ কেন একটি সাময়িক আশ্রয় নয় তা ব্যাখ্যা করুন।
১১ যিহোবা শুধুমাত্র একটি সাময়িক আশ্রয় নয়, কিন্তু একটি দুর্ভেদ্য দুর্গ দেন যেখানে আমরা সুরক্ষিত থাকতে পারি। তাঁর নির্দেশনা এবং উপদেশ তাঁর লোকেদের হতাশ করেনি। ঐশ্বরিক শক্তি, শয়তান এবং তার দলের সমস্ত কৌশলকে ব্যর্থ করবে। (ইফিষীয় ৬:১০, ১১) যিহোবার প্রতি সম্পূর্ণ-চিত্তে বিশ্বাস রাখলে, শয়তানের ফাঁদ থেকে তিনি আমাদের উদ্ধার করবেন। (২ পিতর ২:৯) গত চার বছরে, ৩৫টি দেশে যিহোবার সাক্ষীদের প্রচার কাজ আইনত স্বীকৃতি লাভ করেছে। আরও, পৃথিবীর যে সমস্ত জায়গায় সামাজিক, অর্থনৈতিক অথবা রাজনৈতিক আবস্থা সুসমাচার প্রচারে বিঘ্ন ঘটায়, সেখান থেকে কিছু মেষতুল্য ব্যক্তিরা এমন জায়গায় গেছেন যেখানে তাদের সাথে আরও সহজে সাক্ষাৎ করা যায়। জাপান হল এইরকম একটি জায়গা।
১২. জাপানে একজন অগ্রগামী কিভাবে যিহোবাকে তার আশ্রয় করে নিয়েছিল?
১২ জাপানে, বহু বিদেশী কর্মীরা সাময়িকভাবে কাজ করতে আসেন আর বিদেশী ভাষায় বহু মণ্ডলী সেখানে স্থাপন করা হয়েছে। একটি জাপানী মণ্ডলীতে একজন ভাইয়ের অভিজ্ঞতা দেখায় যে বিদেশী ভাষায় এই ক্ষেত্রটি কত ফলোৎপাদক। যেখানে বেশি প্রয়োজন আছে সেখানে গিয়ে তিনি কাজ করতে চেয়েছিলেন। কিন্তু, তিনি যেখানে থাকতেন, ইতিমধ্যেই তিনি সেখানে দশজনের সাথে বাইবেল অধ্যয়ন করতেন। তার একজন বন্ধু ঠাট্টা করে বলেছিলেন: “যেখানে আরও বেশি প্রয়োজন আছে সেখানে যদি তুমি যাও, তাহলে তোমাকে কুড়িজনকে বাইবেল অধ্যয়ন করাতে হবে!” তিনি হিরোশিমায় কার্যভার পেয়ে সেখানে গেলেন। কিন্তু চার মাস পরে, তিনি মাত্র একজনের সাথে বাইবেল অধ্যয়ন করতেন। একদিন প্রচারে, তার সঙ্গে ব্রাজিল থেকে একজন ব্যক্তির সাক্ষাৎ হল, যিনি একমাত্র পোর্তুগীজ্ ভাষা বলতেন। সেই ভাই যেহেতু লোকটির সাথে পোর্তুগীজ্ ভাষায় কথা বলতে পারতেন না, তাই তিনি পোর্তুগীজ্ শেখার একটি বই কিনলেন। কিছু সাধারণ কথাবার্তা শিখবার পরে, তিনি আবার সেই লোকটির কাছে ফিরে গেলেন। সেই ভাই যখন তাকে পোর্তুগীজ ভাষায় অভিবাদন জানালেন, তখন আশ্চর্য হলেও, লোকটি খুশি হয়ে দরজা খুলে তাকে ভিতরে ডাকলেন। বাইবেল অধ্যয়ন শুরু হল। শীঘ্রই, সেই ভাই বাইশজনের সাথে বাইবেল অধ্যয়ন করতে লাগলেন, ১৪ জনের সাথে পোর্তুগীজ্, ৬ জনের সাথে স্প্যানিশ এবং ২ জনের সাথে জাপানী ভাষায়!
আস্থার সাথে প্রচার করা
১৩. কারো জন্য লজ্জিত হয়ে যিহোবার সেবা করার চেষ্টা করা কেন উচিত নয়?
১৩ যিহোবা যে তাদের আশ্রয় সেই বিষয়ে দৃঢ় আস্থার সাথে যিহোবার লোকেরা রাজ্যের গানটি করেন। (গীতসংহিতা ৩১:১৪) তারা লজ্জিত হবেন না—যিহোবা তাদের অপদস্থ করবেন না, কারণ তিনি তাঁর প্রতিজ্ঞা পূর্ণ করবেন। (গীতসংহিতা ৩১:১৭) শয়তান এবং তার মন্দ আত্মা অনুচরেরা লজ্জিত হবে। যে বার্তা যিহোবার লোকেদের ঘোষণা করতে দেওয়া হয়েছে তার সঙ্গে যেহেতু কোনরকম লজ্জা জড়িত নেই, সেইজন্য অন্য করো দ্বারা লজ্জিত হয়ে প্রচার করতে আমরা বাধ্য হই না। যিহোবা অথবা তাঁর পুত্র এইভাবে তাঁর লোকেদের উপাসনা চান না যিহোবার মঙ্গলভাব এবং প্রেমময় করুণার জন্য বিশ্বাস এবং উপলব্ধিতে যখন লোকেদের হৃদয় ভরে ওঠে, তখন তাদের আন্তরিক প্রবৃত্তি তাদের কথা বলতে প্রেরণা দেয়। (লূক ৬:৪৫) সুতরাং, প্রত্যেক মাসে পরিচর্যায় আমরা যতটা সময়ই দিই না কেন, সেই সময় যদি আমাদের যথাসম্ভব চেষ্টার ফল হয়, তাহলে তাই ভাল, লজ্জাস্কর নয়। যীশু এবং তাঁর পিতা কি বিধবার সামান্য দান উপলব্ধি করেননি?—লূক ২১-৪.
১৪. অগ্রগামীর কাজ সম্বন্ধে আপনি কী মন্তব্য করতে পারেন?
১৪ ক্রমাগত আরও বেশি প্রকাশকদের জন্য, উপাসনায় সম্পূর্ণচিত্ত হওয়ার অর্থ হল অগ্রগামীর কাজ করা—গত বছর সর্বোচ্চ সংখ্যা ছিল ৮,৯০,২৩১. যদি তার আগের বছরের বৃদ্ধি বজায় থাকে তাহলে এই সংখ্যা সম্ভবত ১০,০০,০০০ ছাড়িয়ে যাবে। নিচে দেওয়া অভিব্যক্তিটি দেখায় যে নাইজেরিয়াতে একজন ভগ্নী কিভাবে অগ্রগামীর কাজে যোগ দেন। তিনি লিখেছেন: “আমি যখন মাধ্যমিক স্কুল প্রায় শেষ করছিলাম, তখন যিহোবার সাক্ষীদের অগ্রগামীদের স্কুলে যারা উপস্থিত ছিলেন তাদের জন্য রান্না করায় আমি সাহায্য করতে যাই। সেখানে দুইজন ভগ্নীর সাথে আমার দেখা হয়, যারা আমার দিদিমার চাইতেও বয়সে বড় ছিলেন। আমি যখন জানতে পারলাম যে তারা সেই স্কুলে অগ্রগামী হিসাবে যোগ দিতে এসেছেন, তখন আমি মনে মনে চিন্তা করলাম, ‘যদি এরা অগ্রগামী হতে পারেন, তাহলে আমি কেন পারব না?’ তাই, স্কুল শেষ করার পরে আমিও নিয়মিত অগ্রগামীর কাজ শুরু করলাম।”
১৫. যিহোবাকে আশ্রয় করে নিতে, রীতিবহির্ভূত সাক্ষ্যদান কিভাবে অন্যদের জন্য পথ করে দিতে পারে?
১৫ সকলেই অগ্রগামীর কাজ করতে পারেন না, কিন্তু তারা সাক্ষ্য দিতে পারেন। বেল্জিয়ামে, ৮২ বছর বয়স্ক একজন ভগ্নী মাংস কিনতে বাজারে গিয়েছিলেন। তিনি লক্ষ্য করেছিলেন যে সাম্প্রতিক রাজনৈতিক অনিশ্চয়তা সম্বন্ধে মাংসবিক্রেতার স্ত্রী বেশ চিন্তিত ছিলেন। তাই, টাকা দেওয়ার সময়ে, নোটগুলির সঙ্গে তিনি যিহোবার সাক্ষীরা কী বিশ্বাস করে? ট্র্যাক্টটি ঢুকিয়ে দিয়েছিলেন। সেই ভগ্নী যখন আবার সেই দোকানে ফিরে এসেছিলেন, তখন মাংসবিক্রেতা স্ত্রী বিনা দ্বিধায় জিজ্ঞাসা করেছিলেন যে সম্ভাব্য তৃতীয় বিশ্বযুদ্ধ সম্বন্ধে বাইবেল কী বলে। ভগ্নী তাকে প্রকৃত শান্তি এবং নিরাপত্তা—আপনি কিভাবে তা পেতে পারেন? (ইংরাজি) বইটি এনে দিয়েছিলেন। কয়েকদিন পরে সেই বয়স্কা ভগ্নী সমবেদনাবোধ করছিলেন; বাইবেল অধ্যয়নের জন্য তাকে আমন্ত্রণ জানাতেই হয় আর তা গ্রহণ করা হয়েছিল। এখন, মাংসবিক্রেতার স্ত্রী বাপ্তিস্ম নিতে চান। আর মংসবিক্রেতা সম্বন্ধ কী? তিনি ট্র্যাক্টটি পড়েছিলেন এবং এখন তিনিও বাইবেল অধ্যয়ন করছেন।
‘মঙ্গলভাবের একটি সম্পদ’
১৬. যিহোবা কিভাবে তাঁর লোকেদের জন্য মঙ্গলভাবের একটি সম্পদ সঞ্চিত রেখেছেন?
১৬ এই সঙ্কটপূর্ণ শেষকালে, যারা যিহোবাকে তাদের আশ্রয় করে নিয়েছে তাদের প্রতি তিনি কি “আশ্চর্য্য দয়া” প্রদর্শন করেননি? একজন প্রেমময়, যত্নশীল পিতার মত, যিহোবা তাঁর পার্থিব সন্তানদের জন্য মঙ্গলভাবের একটি সম্পদ সঞ্চিত রেখেছেন। সর্বসমক্ষে তিনি তাদের উপরে আনন্দ বর্ষন করেছেন, গীতরচক যেমন বলেছে: “তোমার দত্ত মঙ্গল কেমন মহৎ, যাহা তুমি তোমার ভয়কারীদের জন্য সঞ্চয় করিয়াছ, যাহা মনুষ্য-সন্তানদের সাক্ষাতে তোমার শরণাপন্নদের পক্ষে সাধন করিয়াছ।”—গীতসংহিতা ৩১:১৯,২১.
১৭-১৯. ঘানাতে, একজন বয়স্ক ব্যক্তির বিবাহ আইনসম্মত করার জন্য কী উপকার হয়েছিল?
১৭ সুতরাং, যারা যিহোবার উপাসনা করেন, জাগতিক লোকেরা তাদের সততার প্রতক্ষ্যদর্শী হন এবং আশ্চর্য হয়ে যান উদাহরণস্বরূপ, ঘানাতে ৯৬-বয়স্ক একজন ব্যক্তি বিবাহ-নিবন্ধকের অফিসে এসে বলেছিলেন যে তিনি ৭০ বছর ধরে আইনত স্বীকৃতি ছাড়াই থাকার পরে, তার বিবাহ রেজিস্ট্রিকৃত করতে চান। বিবাহ-নিবন্ধক খুবই আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করেছিলেন: “আপনি নিশ্চিত যে আপনি তাই করতে চান? আপনার বয়সে?”
১৮ সেই লোকটি বুঝিয়ে দিয়েছিলেন: “আমি একজন যিহোবার সাক্ষী হতে চাই এবং এই জগৎ শেষ হওয়ার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজে অংশ নিতে চাই—ঈশ্বরের রাজ্যের সুসমাচার প্রচারের কাজ। এই কাজ অনন্ত জীবন দিতে পারে। যিহোবার সাক্ষীরা নাগরিক নিয়ম মেনে চলে যার মধ্যে বিবাহ রেজিস্ট্রিকৃত করার নিয়মও পড়ে। তাই দয়া করে আমার বিবাহ রেজিস্ট্রিকৃত করে দিন।” সেই কর্মকর্তাটি হতবাক হয়ে গিয়েছিলেন। তিনি রেজিস্ট্রি করে দিয়েছিলেন আর বয়স্ক লোকটি খুশি হয়ে চলে এসেছিলেন কারণ এখন তার বিবাহ আইনত সম্মতি পেয়েছে।—তুলনা করুন রোমীয় ১২:২.
১৯ তারপরে, বিবাহ-নিবন্ধক কর্মীটি যা শুনেছিলেন সেই বিষয়ে চিন্তা করছিলেন। “যিহোবার সাক্ষীরা . . . সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ . . . জগতের ধ্বংস . . . ঈশ্বরের রাজ্য . . . অনন্ত জীবন।” একজন ৯৬ বছর বয়স্ক লোকের জীবনে এইসব কিছু কী অর্থ রাখতে পারে তা বুঝতে না পেরে, তিনি আরও জানবার জন্য সাক্ষীদের খোঁজ করতে লাগলেন। তিনি গৃহ বাইবেল অধ্যয়ন শুরু করলেন এবং দ্রুত উন্নতি করতে লাগলেন। বর্তমানে, এই বিবাহ-নিবন্ধক একজন বাপ্তিস্মিত সাক্ষী। সুতরাং, অন্যেরা যেগুলিকে তুচ্ছ বিষয় ভাবে, এমনকি সেই বিষয়গুলিতেও যদি আমরা যিহোবাকে মেনে চলি তাহলে আমাদের ক্ষেত্রে এবং যারা আমাদের আচরণ লক্ষ্য করে, তাদের ক্ষেত্রেও অশেষ উপকার আসতে পারে।—তুলনা করুন ১পিতর ২:১২.
২০. মিয়ানমারে, একজন যুবতী ভগ্নীর সততা কিভাবে ভাল সাক্ষ্য দেওয়ার পথ করে দিয়েছিল?
২০ বয়স্ক ব্যক্তিরা, যারা নিজেদের সৎ ব্যক্তি হিসাবে গড়ে তুলতে সত্যকে অনুমতি দিয়েছেন, এই অসৎ জগতে অল্পবয়স্ক ব্যক্তিদের জন্য তারা ভাল উদাহরণ স্থাপন করেছেন। মিয়ানমারে, এইরকম একজন যুবতী ভগ্নী থাকে। দশ-জন ভাইবোনসহ একটি দরিদ্র পরিবার থেকে সে এসেছে। তার পিতা, যিনি পেন্শন পান, তিনি একজন নিয়মিত অগ্রগামী। একদিন স্কুলে, সেই ভগ্নী একটি হীরের আংটি খুঁজে পায় এবং সঙ্গে সঙ্গে তা শিক্ষিকার কাছে নিয়ে যায়। পরের দিন ক্লাস শুরু হওয়ার পর, শিক্ষিকা সকলকে জানিয়েছিলেন কিভাবে আংটিটি খুঁজে পাওয়া যায় এবং কিভাবে সেটি তার মালিককে ফিরিয়ে দেওয়ার জন্য জমা দেওয়া হয়। তারপর তিনি সেই যুবতী ভগ্নীটিকে সকলের সামনে দাঁড়িয়ে কেন সে আংটিটি জমা দিয়েছে তা বলতে বলেন, কারণ তিনি জানতেন যে অন্যেরা হয়ত ফিরিয়ে দিত না। সেই ভগ্নী বলেছিল যে সে একজন যিহোবার সাক্ষী এবং তার ঈশ্বর কোন রকম চুরি অথবা অসততা পছন্দ করেন না। সম্পূর্ণ স্কুল তা শুনেছিল এবং শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রী সকলকেই সাক্ষ্য দেওয়ার সুযোগ আমাদের যুবতী ভগ্নী পেয়েছিল।
২১. যুবক-যুবতীরা যখন যিহোবার প্রতি আস্থা রাখে, তখন তাদের আচরণ তাঁর প্রতি কী প্রভাব নিয়ে আসে?
২১ বেল্জিয়ামে, একজন শিক্ষক যিহোবার সাক্ষীদের সম্পর্কে ক্লাসে একটি আগ্রহজনক মন্তব্য করেছিলেন। তিনি তার একজন ছাত্রী, যেও একজন যুবতী ভগ্নী ছিল, তার আচার-ব্যবহার লক্ষ্য করে বলেছিলেন: “এখন যিহোবার সাক্ষীদের সম্বন্ধে আমার ধারণা বদলে গেছে। পক্ষপাতবশত আমি মনে করতাম যে তারা সবচেয়ে কম উদারপন্থী। কিন্তু তাদের নীতি ত্যাগ না করেও, তারাই হল সবচেয়ে বেশি উদারপন্থী লোক।” প্রত্যেক বছর শিক্ষক-শিক্ষিকারা সেরা ছাত্র-ছাত্রীদের একটি পুরস্কার দেন। অন্য বিষয়ের সঙ্গে ভাল আচরণের জন্যেও একটি পুরস্কার আছে। এই শিক্ষক পর পর তিন বছর ধরে, তিনটি উঁচু ক্লাসের পুরস্কার যিহোবার সাক্ষীদের ছেলেমেয়েদের দিয়েছিলেন। যারা যিহোবার প্রতি বিশ্বস্তভাবে আস্থা রাখে, তাদের ক্ষেত্রে প্রায়ই এইরকম হয়।—গীতসংহিতা ৩১:২৩.
২২. গীতসংহিতা ৩১এর জয়সূচক উপসংহারটি কী এবং এই বিধিব্যবস্থার শেষ দিনগুলিতে তা আমাদের কিভাবে সাহায্য করতে পারে?
২২ গীত ৩১ একটি জয়সূচক উপসংহারের সাথে শেষ হয়েছে: “হে সদাপ্রভুর অপেক্ষাকারী সকলে, সাহস কর, তোমাদের অন্তঃকরণ সবল হউক।” (গীতসংহিতা ৩১:২৪) সুতরাং, শয়তানের মন্দ বিধিব্যবস্থার শেষ দিনগুলিতে, আমাদের পরিত্যাগ করার বদলে যিহোবা আমাদের আরও কাছে আসবেন এবং তাঁর নিজস্ব শক্তি আমাদের দান করবেন। যিহোবা বিশ্বাসযোগ্য এবং ব্যর্থ হন না। তিনি আমাদের আশ্রয়; তিনিই আমাদের দুর্গ।—হিতোপদেশ ১৮:১০.
আপনার কি মনে আছে?
▫কেন আমরা আস্থার সাথে যিহোবাকে আমাদের আশ্রয় করে নিতে পারি?
▫কী প্রমাণ রয়েছে যে একটি শক্তিশালী ঐকতান সাহসের সাথে রাজ্যের প্রশংসা-গান করছে?
▫আমরা কেন নিশ্চিত থাকতে পারি যে শয়তানের ফাঁদ যিহোবার লোকদের আটকে রাখতে পারবে না?
▫যারা যিহোবাকে তাদের আশ্রয় করে নিচ্ছেন, তাদের জন্য কী সম্পদ তিনি সঞ্চিত রেখেছেন?
[১২-১৫ পৃষ্ঠার তালিকা]
বিশ্বব্যাপী যিহোবার সাক্ষীদের ১৯৯৩ পরিচর্যা বছরের রিপোর্ট
(See printed magazine)
[Pictures on page 12, 13]
যারা যিহোবাকে তাদের আশ্রয় করে নেয় তারা একটি শক্তিশালী ঐকতান গড়ে তোলে—সংখ্যায় তারা ৪৭,০৯,৮৮৯ জন!
১. সেনেগাল
২. ব্রাজিল
৩. চিলি
৪. বলিভিয়া