ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৩ ৯/১ পৃষ্ঠা ১৪-১৯
  • খ্রীষ্টীয় পরিবার বয়স্ক ব্যক্তিদের সাহায্য করে

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • খ্রীষ্টীয় পরিবার বয়স্ক ব্যক্তিদের সাহায্য করে
  • ১৯৯৩ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • বাইবেলের সময়ে বয়স্ক ব্যক্তিদের যত্ন নেওয়া
  • কারা সহানুভূতির যোগ্য?
  • বয়স্কদের যত্ন নিতে পরিবারের ভূমিকা
  • যত্ন নেওয়ায় মণ্ডলীর ভূমিকা
  • মণ্ডলীর এক অপূর্ব সম্পদ
  • বয়স্ক ব্যক্তিদের যত্ন নেওয়া —এক খ্রিস্টীয় দায়িত্ব
    ২০০৪ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • ঈশ্বর বয়স্ক ব্যক্তিদের যত্ন নিয়ে থাকেন
    ২০০৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • যিহোবা তাঁর বয়স্ক দাসদের কোমলভাবে যত্ন নেন
    ২০০৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • বয়স্ক ব্যক্তিদের সমাদর করুন
    ২০১৪ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
১৯৯৩ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৩ ৯/১ পৃষ্ঠা ১৪-১৯

খ্রীষ্টীয় পরিবার বয়স্ক ব্যক্তিদের সাহায্য করে

“বৃদ্ধ বয়সে আমাকে পরিত্যাগ করিও না, আমার বল ক্ষয় পাইলে আমাকে ছাড়িও না।”—গীতসংহিতা ৭১:৯.

১. বহু সমাজে বয়স্ক ব্যক্তিদের সঙ্গে কিরকম ব্যবহার করা হয়?

“পরিসংখ্যান দেখায় যে দুর্ব্যবহারপ্রাপ্ত সাতজন বয়স্ক ব্যক্তিদের মধ্যে ছয়জনের (৮৬%) প্রতি তাদের নিজেদের পরিবার দুর্ব্যবহার করেছে,” দ্যা ওয়াল্‌ স্ট্রীট জার্নাল জানিয়েছে। মডার্ন ম্যাচিয়োরিটি পত্রিকা বলেছে: “বৃদ্ধ ব্যক্তিদের প্রতি দুর্ব্যবহার হল [পরিবারে হিংসাত্মক ঘটনার] সবচেয়ে আধুনিক নিদর্শন, যা অবশেষে জাতীয় সংবাদপত্রগুলিতে আলোড়নের সৃষ্টি করছে।” হ্যাঁ, বহু সমাজে বয়স্ক ব্যক্তিরা ব্যাপক দুর্ব্যবহার এবং অবহেলার শিকার হয়ে পড়েছেন। আমাদের সময়ে বাস্তবিকই অনেককে দেখা যায়, যারা “আত্মপ্রেমী, . . . অকৃতজ্ঞ, অসাধু, স্নেহরহিত।”—২ তীমথিয় ৩:১-৩.

২. ইব্রীয় শাস্ত্রানুযায়ী, যিহোবা কোন্‌ দৃষ্টিতে বয়স্ক ব্যক্তিদের দেখেন?

২ কিন্তু, প্রাচীন ইস্রায়েলে, বয়স্কদের প্রতি এইরকম ব্যবহার করা উচিৎ ছিল না। নিয়মে বলা হয়েছিল: “তুমি পক্ককেশ প্রাচীনের সামনে উঠিয়া দাঁড়াইবে, বৃদ্ধ লোককে সমাদর করিবে, ও আপন ঈশ্বরের প্রতি ভয় রাখিবে; আমি সদাপ্রভু।” অনুপ্রাণিত বিজ্ঞ প্রবাদবাক্যের বই আমাদের উপদেশ দেয়: “তোমার জন্মদাতা পিতার কথা শুন, তোমার মাতা বৃদ্ধা হইলে তাঁহাকে তুচ্ছ করিও না।” সেখানে আরও আদেশ দেওয়া হয়েছে: “তুমি তোমার পিতার উপদেশ শুন, তোমার মাতার ব্যবস্থা ছাড়িও না।” বয়স্ক পুরুষ এবং মহিলা, সকলের প্রতিই শ্রদ্ধা এবং সম্মান দেখাতে মোশির নিয়মে শিক্ষা দেওয়া হয়েছে। স্পষ্টতই, যিহোবার ইচ্ছা যে বয়স্ক ব্যক্তিদের সম্মান দেখানো হোক।—লেবীয় পুস্তক ১৯:৩২; হিতোপদেশ ১:৮; ২৩:২২.

বাইবেলের সময়ে বয়স্ক ব্যক্তিদের যত্ন নেওয়া

৩. যোষেফ কিভাবে তার বয়স্ক পিতার প্রতি করুণা দেখিয়েছিলেন?

৩ শুধুমাত্র কথায় নয়, কিন্তু সহানুভূতিশীল কাজের মাধ্যমেও শ্রদ্ধা দেখাতে হত। যোষেফ তার বয়স্ক পিতার জন্য গভীর সমবেদনা দেখিয়েছিলেন। তিনি চেয়েছিলেন যে যাকোব যেন ৩০০ কিলোমিটার পথ অতিক্রম করে কনান থেকে মিশরে আসেন। সুতরাং যোষেফ যাকোবের জন্য “দশ গর্দ্দভে চাপাইয়া মিসরের উৎকৃষ্ট দ্রব্য এবং পিতার পাথেয়ের জন্য দশ গর্দ্দভীতে চাপাইয়া শস্য ও রুটী প্রভৃতি ভক্ষ্য দ্রব্য” পাঠিয়েছিলেন। যাকোব যখন গোশনে পৌঁছলেন, যোষেফ তার কাছে গিয়ে “তাঁহার গলা ধরিয়া অনেকক্ষণ রোদন করিলেন।” যোষেফ তার পিতার প্রতি গভীর অনুভূতি প্রকাশ করেছিলেন। বয়স্কদের জন্য সহানুভূতির কী চমৎকার উদাহরণ!—আদিপুস্তক ৪৫:২৩; ৪৬:৫, ২৯.

৪. অনুকরণ করার জন্য, রূৎ কেন একটি ভাল উদাহরণ?

৪ বয়স্কদের প্রতি করুণা দেখানোর ক্ষেত্রে আরেকজন সুন্দর উদাহরণ হল রূৎ। নিজে একজন পরজাতিয় হলেও, সে তার বয়স্কা, বিধবা যিহূদী শাশুড়ী নয়মীর সঙ্গে থেকে গিয়েছিলেন। সে তার নিজের লোকেদের ছেড়ে এসেছিল এবং আরেকজন স্বামী খুঁজে না পাওয়ার ঝুঁকি নিয়েছিল। নয়মী যখন তাকে তার স্বজাতির লোকেদের কাছে ফিরে যেতে বলেছিল, তখন রূৎ বাইবেলে লিখিত সবচেয়ে সুন্দর কয়েকটি কথার মাধ্যমে তাকে উত্তর দিয়েছিল: “তোমাকে ত্যাগ করিয়া যাইতে, তোমার পশ্চাকখমন হইতে ফিরিয়া যাইতে, আমাকে অনুরোধ করিও না; তুমি যেখানে যাইবে, আমিও তথায় যাইব; এবং তুমি যেখানে থাকিবে, আমিও তথায় থাকিব; তোমার লোকই আমার লোক, তোমার ঈশ্বরই আমার ঈশ্বর; তুমি যেখানে মরিবে, আমিও তথায় মরিব, সেই স্থানেই কবরপ্রাপ্ত হইব; কেবল মৃত্যু ব্যতীত আর কিছুই যদি আমাকে ও তোমাকে পৃথক্‌ করিতে পারে, তবে সদাপ্রভু আমাকে অমুক ও ততোধিক দণ্ড দিউন।” (রূৎ ১:১৬, ১৭) লেবীয় বিবাহ-ব্যবস্থার অধীনে, প্রৌঢ় বোয়সকে বিবাহ করতে সম্মত হয়েও রূৎ সদ্‌গুণাবলি প্রকাশ করেছিল।—রূৎ, ২ থেকে ৪ অধ্যায়।

৫. লোকেদের সঙ্গে ব্যবহারে যীশু কোন্‌ কোন্‌ গুণাবলি প্রদর্শণ করেছিলেন?

৫ লোকেদের সঙ্গে ব্যবহারে, যীশুও একই রকম উদাহরণ দেখিয়েছিলেন। তিনি ধৈর্যশীল, সহানুভূতিশীল, দয়ালু এবং সতেজক ছিলেন। একজন বিকলাঙ্গ দরিদ্র ব্যক্তি, যে ৩৮ বছর ধরে হাঁটতে অক্ষম ছিল, তার প্রতি তিনি বিশেষ আগ্রহ দেখিয়েছিলেন এবং তাকে সুস্থ করেছিলেন। তিনি বিধবাদের জন্য সুবিবেচনা দেখাতেন। (লূক ৭:১১-১৫; যোহন ৫:১-৯) এমনকি যাতনাদণ্ডে যন্ত্রণাদায়ক মৃত্যুর মুখেও, তিনি নিশ্চিত হতে চেয়েছিলেন যে তার মায়ের যেন দেখাশোনা করা হয়, যার বয়স হয়ত তখন পঞ্চাশের গোড়ার দিকে ছিল। তার ভণ্ড শত্রুদের ছাড়া, অন্য সকলের কাছে যীশুর সঙ্গ খুবই উৎসাহজনক ছিল। সেইজন্য তিনি বলতেন: “হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইস, আমি তোমাদিগকে বিশ্রাম দিব। আমার যোঁয়ালি আপনাদের উপরে তুলিয়া লও, এবং আমার কাছে শিক্ষা কর, কেননা আমি মৃদুশীল ও নম্রচিত্ত; তাহাতে তোমরা আপন আপন প্রাণের জন্য বিশ্রাম পাইবে।”—মথি ৯:৩৬; ১১:২৮, ২৯; যোহন ১৯:২৫-২৭.

কারা সহানুভূতির যোগ্য?

৬. (ক) কারা বিশেষ যত্ন পাওয়ার যোগ্য? (খ) আমরা নিজেদের কী কী প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি?

৬ যত্ন নেওয়ার ক্ষেত্রে, যিহোবা ঈশ্বর এবং তাঁর পুত্র, যীশু খ্রীষ্ট যেহেতু এত ভাল উদাহরণ রেখেছেন, সুতরাং উৎসর্গীকৃত খ্রীষ্টানদের পক্ষে উপযুক্ত কাজ হবে তাঁদের উদাহরণ অনুকরণ করা। আমাদের মধ্যে এমন কয়েকজন আছেন যারা বহু বছর ধরে পরিশ্রম করেছেন এবং ভারাক্রান্ত হয়েছেন—বয়স্ক ভাই এবং বোনেরা যারা তাদের জীবনের শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছেন। এদের মধ্যে কয়েকজন হয়ত আমাদের পিতা-মাতা অথবা তাদেরও পিতা-মাতা। আমরা কি তাদের উপেক্ষা করি? আমরা কি তাদের উপরে কর্তৃত্ব করি অথবা তাদের তুচ্ছ জ্ঞান করি? অথবা আমরা তাদের বহু অভিজ্ঞতা এবং জ্ঞানের প্রতি প্রকৃতই উপলব্ধি দেখাই? সত্য, যে কয়েকজন হয়ত বয়স্কদের মধ্যে সাধারণত যে খামখেয়ালিপনা এবং আত্মগর্ব দেখা যায়, তার দ্বারা আমাদের ধৈর্য পরীক্ষা করতে পারেন। কিন্তু নিজেকে জিজ্ঞাসা করুন, ‘তাদের পরিস্থিতিতে আমি কি কিছু অন্যরকম ব্যবহার করব?’

৭. বয়স্ক ব্যক্তিদের প্রতি যে সমবেদনা রাখা উচিৎ, কী তা প্রদর্শন করে?

৭ বয়স্কদের প্রতি একটি ছোট মেয়ের সহানুভূতি সম্বন্ধে মধ্য-প্রাচ্যে একটি মর্মস্পর্শী গল্প আছে। একজন মাতামহী রান্নাঘরে সাহায্য করছিলেন, হঠাৎ তার হাত থেকে একটি কাঁচের প্লেট পড়ে গিয়ে ভেঙে যায়। তিনি নিজের অসাবধানতায় বিরক্ত হয়েছিলেন; কিন্তু তার মেয়ে আরও বেশি রেগে যায় আর নিজের ছোট মেয়েকে ডেকে দোকান থেকে একটি কাঠের প্লেট নিয়ে আসতে বলেন, যেটি সহজে ভাঙে না। মেয়েটি দুটো কাঠের প্লেট নিয়ে ফিরে আসে। তার মা জিজ্ঞাসা করেন: “তুমি দুটো প্লেট কিনলে কেন?” সেই মেয়েটি তখন সঙ্কোচের সাথে উত্তর দিল: “একটা দিদিমার জন্য আর অন্যটা তোমার যখন বয়স হবে, তখন তোমার জন্য।” হ্যাঁ, এই জগতে আমাদের সকলকেই বৃদ্ধ হতে হবে। তখন, আমাদের সাথে ধৈর্য এবং করুণার সাথে ব্যবহার করা হোক আমরা কি তা চাইব না?—গীতসংহিতা ৭১:৯.

৮, ৯. (ক) আমাদের মাঝে যে বয়স্ক ব্যক্তিরা আছেন, তাদের প্রতি কিরকম ব্যবহার করা উচিৎ? (খ) যারা সম্প্রতি খ্রীষ্টান হয়েছেন, তাদের কয়েকজনকে কী মনে রাখতে হবে?

৮ কখনও ভুলে যাবেন না যে আমাদের বয়স্ক ভাই-বোনেদের মধ্যে অনেকে বহু বছর ধরে বিশ্বস্ত খ্রীষ্টীয় পরিচর্যার নিদর্শন রেখেছেন। তারা অবশ্যই আমাদের শ্রদ্ধা এবং সহানুভূতি, সাহায্য ও উৎসাহ পাওয়ার যোগ্য। জ্ঞানী ব্যক্তি শলোমন যথার্থই বলেছিলেন: “পক্ক কেশ শোভার মুকুট; তাহা ধার্ম্মিকতার পথে পাওয়া যায়।” আর পুরুষ বা স্ত্রী, যেই হোক না কেন, পক্ক কেশকে শ্রদ্ধা করা উচিৎ। এই বয়স্ক ব্যক্তিদের মধ্যে কয়েকজন বিশ্বস্তভাবে অগ্রগামী হিসাবে, পুরুষদের মধ্যে অনেকে মণ্ডলীতে বিশ্বস্ত প্রাচীন হিসাবে এবং কয়েকজন এখনও ভ্রমণকারী অধ্যক্ষ হিসাবে অনুকরণযোগ্য কাজ করে যাচ্ছেন।—হিতোপদেশ ১৬:৩১.

৯ পৌল তীমথিয়কে উপদেশ দিয়েছিলেন: “তুমি কোন প্রাচীনকে তিরস্কার করিও না, কিন্তু তাঁহাকে পিতার ন্যায়, যুবকদিগকে ভ্রাতার ন্যায়, প্রাচীনাদিগকে মাতার ন্যায়, যুবতীদিগকে সম্পূর্ণ শুদ্ধ ভাবে ভগিনীর ন্যায় জানিয়া অনুনয় কর।” (১ তীমথিয় ৫:১, ২) যারা একটি শ্রদ্ধাহীন জগত থেকে সম্প্রতি খ্রীষ্টীয় মণ্ডলীতে এসেছেন, তাদের উচিৎ প্রেমের উপরে ভিত্তি করে পৌলের কথাগুলি বিশেষভাবে হৃদয়ে গ্রহণ করা। কিশোর-কিশোরীরা, তোমরা স্কুলে যে অসৎ আচরণ লক্ষ্য কর, তা অনুকরণ কোর না। বয়স্ক সাক্ষীদের করুণাপূর্বক উপদেশকে বিদ্বেষ কোর না। (১ করিন্থীয় ১৩:৪-৮; ইব্রীয় ১২:৫, ৬, ১১) কিন্তু, অসুস্থ হওয়ার জন্য অথবা আর্থিক সমস্যার জন্য বয়স্ক ব্যক্তিদের যখন সাহায্যের প্রয়োজন হয়, তখন বিশেষত কাদের উচিৎ তাদের যত্ন নেওয়া?

বয়স্কদের যত্ন নিতে পরিবারের ভূমিকা

১০, ১১. (ক) বাইবেল অনুযায়ী, বয়স্কদের যত্ন নেওয়ার জন্য কাদের এগিয়ে যাওয়া উচিৎ? (খ) বয়স্কদের যত্ন নেওয়া কেন সমসময় সহজ নয়?

১০ প্রারকি খ্রীষ্টীয় মণ্ডলীতে, বিধবাদের যত্ন নেওয়া সম্বন্ধে একটি সমস্যা উত্থাপিত হয়েছিল। এই প্রয়োজন যেভাবে মেটানো যায়, সেই সম্বন্ধে প্রেরিত পৌল কী বলেছিলেন? “যাহারা প্রকৃত বিধবা, সেই বিধবাদিগকে সমাদর কর, কিন্তু যদি কোন বিধবার পুত্ত্রগণ কি পৌত্ত্রগণ থাকে তবে তাহারা প্রথমতঃ নিজ বাটীর লোকদের প্রতি ভক্তি প্রকাশ করিতে ও পিতামাতার প্রত্যুপকার করিতে শিক্ষা করুক; কেননা তাহাই ঈশ্বরের সাক্ষাতে গ্রাহ্য। কিন্তু কেহ যদি আপনার সম্পর্কীয় লোকদের বিশেষতঃ নিজ পরিজনগণের জন্য চিন্তা না করে, তাহা হইলে সে বিশ্বাস অস্বীকার করিয়াছে, এবং অবিশ্বাসী অপেক্ষা অধম হইয়াছে।”—১ তীমথিয় ৫:৩, ৪, ৮.

১১ প্রয়োজন হলে, নিকট আত্মীয়দেরই উচিৎ বয়স্ক ব্যক্তিদের প্রথম সাহায্য করা।a এইভাবে প্রাপ্তবয়স্ক ছেলেমেয়েরা, তাদের বাবা-মায়ের বহু বছর ধরে প্রদর্শিত প্রেম, যত্ন এবং কাজের প্রতি উপলব্ধি দেখাতে পারেন। সবসময় তা সহজ হয় না। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে, মানুষে ধীর-গতি, কেউ কেউ এমনকি অথর্ব্য হয়ে পড়ে। অন্যেরা হয়ত না জেনেই আত্ম-কেন্দ্রিক এবং হুকুম করায় অভ্যস্থ হয়ে ওঠে। কিন্তু আমরা যখন খুব ছোট ছিলাম, তখন আমরাও কি আত্ম-কেন্দ্রিক ছিলাম না ও সব কিছু পাওয়ার জন্য দাবি করতাম না? আর আমাদের সাহায্য করতে আমাদের বাবা-মা কি ছুটে আসতেন না? এখন, তাদের বার্দ্ধক্যের সময়ে পরিস্থিতি পালটে গেছে। সুতরাং, এখন কিসের প্রয়োজন? করুণা এবং ধৈর্যের।—তুলনা করুন ১ থিষলনীকীয় ২:৭, ৮.

১২. বয়স্ক ব্যক্তিদের—এবং খ্রীষ্টীয় মণ্ডলীতে অন্যান্যদের যত্ন নেওয়ার জন্য কী কী গুণাবলির প্রয়োজন হয়?

১২ প্রেরিত পৌল ব্যবহারিক উপদেশ দিয়ে লিখেছিলেন: “অতএব তোমরা, ঈশ্বরের মনোনীত লোকদের, পবিত্র ও প্রিয় লোকদের, উপযোগী মতে করুণার চিত্ত, মধুর ভাব, নম্রতা, মৃদুতা, সহিষ্ণুতা পরিধান কর। পরস্পর সহনশীল হও, এবং যদি কাহাকেও দোষ দিবার কারণ থাকে, তবে পরস্পর ক্ষমা কর; প্রভু যেমন তোমাদিগকে ক্ষমা করিয়াছেন, তোমরাও তেমনি কর। আর এই সকলের উপরে প্রেম পরিধাণ কর; তাহাই সিদ্ধির যোগবন্ধন।” মণ্ডলীতে যদি আমাদের এই ধরনের প্রেম এবং করুণা দেখাতে হয়, তাহলে পরিবারের মধ্যে কি আরও বেশি করে আমাদের তা দেখানো উচিৎ নয়?—কলসীয় ৩:১২-১৪.

১৩. বয়স্ক পিতামাতা অথবা পিতামহ-পিতামহী বা মাতামহ-মাতামহী ছাড়া আর কাদের সাহায্যের প্রয়োজন হতে পারে?

১৩ কখনও কখনও, শুধুমাত্র বাবা-মা অথবা তাদেরও পিতা-মাতা নয়, কিন্তু অন্যান্য বয়স্ক আত্মীয়দেরও এই ধরনের সাহায্যের প্রয়োজন হয়। কিছু বয়স্ক ব্যক্তিরা, যাদের কোন ছেলেমেয়ে নেই, তারা বহু বছর ধরে মিশনারী, ভ্রমণকারী এবং পূর্ণ-সময় পরিচর্যার অন্যান্য ক্ষেত্রে বহু বছর কাজ করেছেন। সারা জীবন ধরে, তারা প্রকৃতই সত্যকে প্রথম স্থান দিয়ে এসেছেন। (মথি ৬:৩৩) তাদের প্রতি যত্নশীল মনোভাব দেখানো কি উপযুক্ত হবে না? আর ওয়াচ টাওয়ার সোসাইটি যেভাবে বেথেলের বয়স্ক সদস্যদের যত্ন নেয়, তা থেকে আমরা অবশ্যই একটি ভাল উদাহরণ শিখতে পারি। ব্রুকলিনে প্রধান বেথেল অফিসে এবং সোসাইটির অন্যান্য অনেকগুলি শাখাতে, বহু বয়স্ক ভাই-বোনেদের প্রত্যহ যত্ন নেয় পরিবারের প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যেরা, যাদের এই কাজে নিযুক্ত করা হয়েছে। তারা এই বয়স্ক ব্যক্তিদের যত্ন নিতে আনন্দ পায়, ঠিক যেন তারা তাদের নিজের বাবা-মা, পিতামহ-পিতামহী অথবা মাতামহ-মাতামহী। একই সঙ্গে, এই বয়স্ক ব্যক্তিদের অভিজ্ঞতা থেকেও তারা অনেক কিছু শিখতে পারে।—হিতোপদেশ ২২:১৭.

যত্ন নেওয়ায় মণ্ডলীর ভূমিকা

১৪. প্রারকি খ্রীষ্টীয় মণ্ডলীতে বয়স্ক ব্যক্তিদের জন্য কী ব্যবস্থা করা হয়েছিল?

১৪ আজকাল বহু দেশে বয়স্ক ব্যক্তিদের পেন্‌শন দেওয়া হয় এবং সরকার তাদের চিকিৎসা-খরচ বহন করে। যেখানে সবে, সেখানে খ্রীষ্টানেরা এই ব্যবস্থার পূর্ণ সুযোগ নিতে পারেন। কিন্তু, প্রথম শতাব্দীতে এইরকম কোন ব্যবস্থা ছিল না। সুতরাং, নিঃস্ব বিধবাদের সাহায্য করতে খ্রীষ্টীয় মণ্ডলী থেকে সক্রিয় পদক্ষেপ নেওয়া হয়েছিল। পৌল নির্দেশ দিয়েছিলেন: “বিধবা বলিয়া কেবল তাহাকেই গণনা করা হউক [মণ্ডলী থেকে সাহায্যের জন্য], যাহার বয়স ষাট বৎসরের নীচে নয়, ও যাহার একমাত্র স্বামী ছিল, এবং যাহার পক্ষে নানা সৎকর্ম্মের প্রমাণ পাওয়া যায়; অর্থাৎ যদি সে সন্তানদের লালন পালন করিয়া থাকে, যদি অতিথিসেবা করিয়া থাকে, যদি পবিত্রদিগের পা ধুইয়া থাকে, যদি ক্লিষ্টদিগের উপকার করিয়া থাকে, যদি সমস্ত সৎকর্ম্মের অনুসরণ করিয়া থাকে।” এইভাবে পৌল দেখিয়েছিলেন যে বয়স্ক ব্যক্তিদের সাহায্য করতে মণ্ডলীরও একটি ভূমিকা আছে। আধ্যাত্মিক-মনা মহিলারা, যাদের ছেলেমেয়েরা বিশ্বাসী নয়, তারা এই ধরনের সাহায্য পেতে পারেন।—১ তীমথিয় ৫:৯, ১০.

১৫. সরকার থেকে ত্রাণসামগ্রী পাওয়ার জন্য কেন সাহায্যের প্রয়োজন হতে পারে?

১৫ যেখানে রাষ্ট্র থেকে বয়স্ক ব্যক্তিদের সাহায্য করা হয়, সেখানে সাধারণত অনেক লেখা-লিখির কাজ জড়িত থাকে, যে জন্য সমস্যার সৃষ্টি হয়। এই সব ক্ষেত্রে, বয়স্ক ব্যক্তিরা যাতে সাহায্যের জন্য আবেদন করতে, তা সংগ্রহ করতে এবং বছরের শেষে সেই আবেদনপত্র নবীকৃত করতে পারেন, সেই জন্য মণ্ডলীর অধ্যক্ষেরা সাহায্যের ব্যবস্থা করতে পারেন। কয়েকসময়, অবস্থার পরিবর্তনের জন্য, তাদের পেন্‌শনে বৃদ্ধি হতে পারে। কিন্তু বয়স্কদের যত্ন নিতে অধ্যক্ষেরা আরও অনেক ব্যবহারিক উপায়ের ব্যবস্থা করতে পারেন। এইগুলির মধ্যে কয়েকটি বিষয় কী?

১৬, ১৭. মণ্ডলীর বয়স্ক ব্যক্তিদের প্রতি কী কী উপায়ে আমরা আতিথেয়তা দেখাতে পারি?

১৬ বাইবেলের সময় থেকে আতিথেয়তা দেখানোর প্রথা চলে আসছে। এখনও, মধ্য-প্রাচ্যের বহু দেশে অচেনা ব্যক্তিদেরও আতিথেয়তা দেখানো হয়, অন্ততপক্ষে এক কাপ চা বা কফি তাদের দেওয়া হয়। সুতরাং, পৌলের এইরকম লেখা কোন আশ্চর্যের বিষয় নয়: “পবিত্রগণের অভাবের সহভাগী হও, অতিথি-সেবায় রত হও।” (রোমীয় ১২:১৩) আতিথেয়তার গ্রীক শব্দ, ফাই·লো·জে·নি’য়ার আক্ষরিক অর্থ হল “অপরিচিত ব্যক্তিদের প্রতি প্রেম (সদ্ব্যবহার অথবা সহৃদয় ব্যবহার)।” যদি একজন খ্রীষ্টানকে অপরিচিত ব্যক্তিদের আতিথেয়তা দেখাতে হয়, তাহলে বিশ্বাসের মাধ্যমে সম্পর্কযুক্ত ব্যক্তিদের কি আরও বেশি করে আতিথেয়তা দেখানো উচিৎ নয়? খাওয়া-দাওয়ার জন্য আমন্ত্রণ জানালে, একজন বয়স্ক ব্যক্তি তার দৈনন্দিন একঘেয়ে জীবন থেকে কিছুটা নিস্তার পেতে পারেন। আপনার আয়োজিত সামাজিক মেলামেশার আসরে যদি আপনি জ্ঞান এবং অভিজ্ঞতা রাখতে চান, তাহলে বয়স্ক ব্যক্তিদের অন্তর্ভুক্ত করুন।—তুলনা করুন লূক ১৪:১২-১৪.

১৭ বহুভাবে বয়স্ক ব্যক্তিদের উৎসাহ দেওয়া যায়। কিংডম হল অথবা কোন সম্মেলনে যাওয়ার জন্য আমরা যদি গাড়ির ব্যবস্থা করি, তাহলে এমন কোন বয়স্ক ব্যক্তি আছেন কি যাকে নিয়ে গেলে তিনি খুশিই হবেন? তারা জিজ্ঞাসা করা পর্যন্ত অপেক্ষা করবেন না। আরেকটি ব্যবহারিক উপায় হল তাদের জন্য দোকানবাজার করে দেওয়া। অথবা যদি তারা সক্ষম হন, তাহলে দোকানবাজার করতে আমাদের সঙ্গে কি তাদের নিয়ে যেতে পারি? কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে প্রয়োজন হলে, সেখানে যেন তারা বিশ্রাম নিতে পারেন। এই জন্য নিঃসন্দেহে ধৈর্য এবং করুণার প্রয়োজন হয়, কিন্তু একজন বয়স্ক ব্যক্তির কৃতজ্ঞতা সত্যিই খুবই আনন্দদায়ক হতে পারে।—২ করিন্থীয় ১:১১.

মণ্ডলীর এক অপূর্ব সম্পদ

১৮. বয়স্ক ব্যক্তিরা মণ্ডলীর পক্ষে কেন আশীর্বাদস্বরূপ?

১৮ একটি মণ্ডলীতে চুলে পাক ধরা, সাদা চুলসমেত (এবং বয়সের সঙ্গে সঙ্গে টাক পড়া মাথাও) দেখা কত আনন্দের বিষয়! এর অর্থ যে যুবক-যুবতীদের প্রাণোজ্জ্বল শক্তির মাঝেও কিছু জ্ঞান এবং অভিজ্ঞতা আছে—মণ্ডলীর পক্ষে যা প্রকৃতই একটি সম্পদ। তাদের জ্ঞান ঠিক কুয়ো থেকে তোলা সতেজক জলের মত। হিতোপদেশ ১৮:৪ বিষয়টিকে এইভাবে বলে: “মানুষের মুখের কথা গভীর জলের ন্যায়, প্রজ্ঞার উৎস স্রোতোবাহী প্রণালীর ন্যায়।” বয়স্ক ব্যক্তিরা যদি অনুভব করেন যে তাদের চাওয়া হয় এবং উপলব্ধি করা হয়, তাহলে তারা কত উৎসাহিত হন!—তুলনা করুন গীতসংহিতা ৯২:১৪.

১৯. কেউ কেউ কিভাবে তাদের বয়স্ক পিতামাতার জন্য ত্যাগ স্বীকার করেছেন?

১৯ পূর্ণ-সময় পরিচর্যায় রত অনেকে, তাদের সুযোগ পরিত্যাগ করে, অসুস্থ, বয়স্ক পিতামাতার যত্ন নেওয়ার জন্য নিজেদের দেশে ফিরে আসার প্রয়োজন বোধ করেছেন। অতীতে যারা তাদের জন্য ত্যাগ স্বীকার করেছিলেন, এখন তাদের জন্য তারা ত্যাগ স্বীকার করেছেন। একটি দম্পতি, যারা আগে মিশনারী ছিলেন এবং এখনও পূর্ণ-সময় পরিচর্যায় আছেন, তারা নিজেদের বাবা-মায়ের যত্ন নিতে দেশে ফিরে আসেন। প্রায় ২০ বছর আগে তারা ফিরে এসেছিলেন। চার বছর আগে সেই ভাইয়ের মাকে হাসপাতালে ভর্তি করতে হয়। সেই স্বামী, এখন যার বয়স ষাটের ঘরে, তিনি প্রত্যেক দিন তার ৯৩-বছর-বয়স্ক মাকে দেখতে যান। তিনি বলেছেন: “আমি কিভাবে তাকে ছেড়ে দিতে পারি? তিনি যে আমার মা!” অন্যান্য ক্ষেত্রে মণ্ডলীগতভাবে এবং ব্যক্তিগতভাবে অনেকে এগিয়ে এসে, বয়স্ক ব্যক্তিদের দেখাশোনা করার ভার নিয়েছে, যাতে সেই বৃদ্ধদের ছেলেমেয়েরা তাদের কাজ চালিয়ে যেতে পারেন। এইরকম স্বার্থত্যাগী প্রেমও খুবই প্রশংসনীয়। প্রত্যেকটি পরিস্থিতির দেখাশোনা যত্ন সহকারে করা উচিৎ কারণ বয়স্ক ব্যক্তিদের অবহেলা করা উচিৎ নয়। আপনি যে আপনার বয়স্ক পিতামাতাকে ভালবাসেন, তা প্রদর্শন করুন।—যাত্রাপুস্তক ২০:১২; ইফিষীয় ৬:২, ৩.

২০. বয়স্ক ব্যক্তিদের যত্ন নেওয়ার জন্য যিহোবা আমাদের কোন্‌ উদাহরণ দিয়েছেন?

২০ প্রকৃতই, আমাদের বয়স্ক ভাইবোনেরা হলেন যে কোন পরিবার অথবা মণ্ডলীর জন্য শোভনীয় মুকুটতুল্য। যিহোবা বলেছেন: “তোমাদের বৃদ্ধ বয়স পর্য্যন্ত আমি যে সেই থাকিব, পক্ককেশ হওয়া পর্য্যন্ত আমিই তুলিয়া বহন করিব; আমিই নির্ম্মাণ করিয়াছি, আমিই বহন করিব; হ্যাঁ, আমিই তুলিয়া বহন করিব, রক্ষা করিব।” খ্রীষ্টীয় পরিবারে আমাদের বয়স্ক ভাই-বোনেদের জন্য আমরাও যেন একই রকম ধৈর্য এবং যত্ন প্রদর্শন করতে পারি।—যিশাইয় ৪৬:৪; হিতোপদেশ ১৬:৩১. (w93 9/1)

[পাদটীকাগুলো]

a বয়স্কদের সাহায্য করতে, পরিবারের সদস্যেরা কী কী করতে পারেন, তার বিস্তারিত বিবরণের জন্য ডিসেম্বর ১, ১৯৮৭ সালের প্রহরীদুর্গ দেখুন।

আপনার কি মনে আছে?

▫ বয়স্কদের যত্ন নেওয়া সম্বন্ধে বাইবেলে কোন্‌ কোন্‌ উদাহরণ আছে?

▫ বয়স্ক ব্যক্তিদের প্রতি কিরকম ব্যবহার আমাদের করা উচিৎ?

▫ পরিবারের সদস্যেরা কিভাবে বয়স্ক প্রিয়জনদের দেখাশোনা করতে পারেন?

▫ বয়স্কদের সাহায্য করতে মণ্ডলী কী করতে পারে?

▫ আমাদের সকলের কাছে বয়স্ক ব্যক্তিরা কেন আশীর্বাদস্বরূপ?

[Pictures on page 16]

রূৎ, বয়স্কা নয়েমীর প্রতি করুণা এবং শ্রদ্ধা দেখিয়েছিলেন

[Pictures on page 17]

বয়স্ক ব্যক্তিরা হলেন মণ্ডলীর মূল্যবান সদস্য

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার