গুপ্তধনের সন্ধান করা
যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়ার সাটারের কাঠ চেরাই কারখানায় ১৮৪৮ সালে সোনার খোঁজ পাওয়া যায়। ১৮৪৯ সালের মধ্যে, হাজার হাজার লোকেরা ধনী হওয়ার জন্য সেখানে চলে আসে এবং যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বিরাট সোনার খোঁজ শুরু হয়। এক বছরের মধ্যেই, সবথেকে নিকঢবর্তী বন্দর সান ফ্রান্সিস্কো একটি ছোট লোকালয় থেকে ২৫,০০০ লোকসহ একটি শহরে পরিণত হয়।
প্রাচীন ইস্রায়েলের রাজা শলোমন জানতেন যে লোকেরা গুপ্তধনের সন্ধানে কত উদ্যোগ নিয়ে খনন করত, আর তিনি এই বিষয়ে উল্লেখ করে লিখেছিলেন: “যদি সুবিবেচনাকে আহ্বান কর, যদি বুদ্ধির জন্য উচ্চেঃস্বর কর; যদি রৌপ্যের ন্যায় তাহার অন্বেষণ কর, গুপ্তধনের ন্যায় তাহার অনুসন্ধান কর; তবে যিহোবার ভয় বুঝিতে পারিবে, ঈশ্বরবিষয়ক জ্ঞান প্রাপ্ত হইবে।”—হিতোপদেশ ২:৩-৫, NW.
আপনি সোনা ও রূপা দিয়ে অনেক কিছুই করতে পারেন কিন্তু বুদ্ধি ও প্রজ্ঞা দ্বারা আপনি আরও অনেক বেশি কিছু করতে পারেন। বুদ্ধি ও প্রজ্ঞা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে, সমস্যার সমাধান করতে, বিবাহে সাফল্য লাভ করতে এবং আনন্দ পেতে সাহায্য করবে। (হিতোপদেশ ২:১১, ১২) একইভাবে, প্রকৃত জ্ঞান এবং প্রজ্ঞা সৃষ্টিকর্তাকে জানতে, তাঁর উদ্দেশ্যগুলি বুঝতে এবং তাঁর প্রতি বাধ্য থেকে তাঁকে খুশি করতে আপনাকে সাহায্য করবে। সোনা আপনাকে এইসব দিতে পারবে না।
বাইবেলের এই কথাগুলি সত্য: “কেননা প্রজ্ঞা আশ্রয় যেমন ধনও আশ্রয় বটে, কিন্তু জ্ঞানের উৎকৃষ্টতা এই যে: প্রজ্ঞা আপন অধিকারীর জীবন রক্ষা করে।” (উপদেশক ৭:১২, নিউ ইন্টারন্যাশনাল ভারশন্) অনেকে হঠাৎ ধনী হওয়ার স্বপ্ন দেখলেও, আরও বিজ্ঞতার কাজ হবে যদি বাইবেল খুলে প্রকৃত ধনসম্পদ—বিচক্ষণতা, বোধশক্তি, জ্ঞান এবং প্রজ্ঞার জন্য খনন করা যায়। (w93 8/1)