বাহ্যিক দৃশ্য প্রবঞ্চক হতে পারে
“কোন দৃশ্যকেই বিশ্বাস করা যায় না,” আইরিশ্ নাট্যকার রিচার্ড শেরিডান্ বলেছিলেন। গাছ এবং মানুষ, উভয়ের সম্বন্ধেই তা সত্য।
সা.শ. ৩৩ সালে, মার্চ মাসের শেষের দিকে, একদিন যীশু খ্রীষ্ট এবং তাঁর শিষ্যরা যখন বৈথনিয়া থেকে যিরূশালেম যাচ্ছিলেন, তখন তিনি একটি ডুমুর গাছ লক্ষ্য করেন। গাছটি পাতায় ভরা ছিল, কিন্তু কাছে এসে দেখা গেল যে তাতে কোন ফল ধরেনি। তাই যীশু গাছটিকে বলেন: “এখন অবধি কেহ কখনও তোমার ফল ভোজন না করুক।”—মার্ক ১১:১২-১৪.
যীশু কেন সেই গাছটিকে শাপ দিয়েছিলেন, যদিও মার্ক বলেন, “তখন ডুমুরফলের সময় ছিল না”? (মার্ক ১১:১৩) যখন ডুমুর গাছ পাতায় ভরে যায়, সাধারণত তাতে সময়ের আগে ফলও ধরে। বছরের সেই সময়ে কোন ডুমুর গাছ পাতায় ভরে থাকা স্বাভাবিক ছিল না। যেহেতু গাছে পাতা ছিল, যীশু তাতে ফলও পাওয়ার আশা করেছিলেন। (উপরে ছবি দেখুন।) সেই গাছে শুধুমাত্র পাতা থাকার অর্থ যে গাছটি ফল দেবে না। গাছটির বাহ্যিক দৃশ্য প্রবঞ্চক ছিল। যেহেতু ফলের গাছের জন্য কর দিতে হত, ফলবিহীন গাছ আর্থিক ভারস্বরূপ ছিল এবং তা কেটে ফেলা হত।
সেই ফলবিহীন ডুমুর গাছটিকে ব্যবহার করে যীশু বিশ্বাস সম্বন্ধে একটি গুরুত্বপূর্ণ বিষয় চিত্রিত করেন। তার পরের দিন গাছটিকে ইতিমধ্যেই শুকিয়ে যেতে দেখে শিষ্যরা আশ্চর্য হয়ে গিয়েছিল। যীশু ব্যাখ্যা করেন: “ঈশ্বরে বিশ্বাস রাখ। . . . যাহা কিছু তোমরা প্রার্থনা ও যাচ্ঞা কর, বিশ্বাস করিও যে, তাহা পাইয়াছ, তাহাতে তোমাদের জন্য তাহাই হইবে।” (মার্ক ১১:২২-২৪) বিশ্বাস-সহকারে প্রার্থনা করার প্রয়োজন ছাড়াও, সেই শুকিয়ে যাওয়া ডুমুর গাছ চিত্রিত করে যে জাতির বিশ্বাস নেই তার কী হবে।
কিছু মাস আগে যীশু যিহূদী জাতিকে তিন বছর যাবৎ ফলবিহীন একটি ডুমুর গাছের সঙ্গে তুলনা করেছিলেন যা কেটে ফেলা হবে যদি সে এখনও ফল না দেয়। (লূক ১৩:৬-৯) তাঁর মৃত্যুর মাত্র চারদিন আগে ডুমুর গাছটিকে শাপ দিয়ে যীশু দেখিয়েছিলেন কিভাবে যিহূদী জাতি অনুতাপের উপযুক্ত ফল উৎপন্ন করেনি এবং সেইজন্য ধ্বংসের জন্য চিহ্নিত ছিল। যদিও সেই জাতি—ডুমুর গাছটির মত—বাহ্যিকভাবে স্বাস্থ্যকর দেখাতো, কিন্তু ভালভাবে দেখলে বিশ্বাসের অভাব দেখা যেত যার জন্য তারা মশীহকেও প্রত্যাখ্যান করেছিল।—লূক ৩:৮, ৯.
পর্বতে দত্ত উপদেশে, যীশু “ভাক্ত ভাববাদীদের” বিরুদ্ধে সাবধান করে দিয়েছিলেন, এবং বলেছিলেন: “তোমরা তাহাদের ফল দ্বারাই তাহাদিগকে চিনিতে পারিবে। লোকে কি কাঁটাগাছ হইতে দ্রাক্ষাফল, কিম্বা শিয়ালকাঁটা হইতে ডুমুরফল সংগ্রহ করে? সেই প্রকারে প্রত্যেক ভাল গাছে ভাল ফল ধরে, কিন্তু মন্দ গাছে মন্দ ফল ধরে। ভাল গাছে মন্দ ফল ধরিতে পারে না, এবং মন্দ গাছে ভাল ফল ধরিতে পারে না। যে কোন গাছে ভাল ফল ধরে না, তাহা কাটিয়া আগুনে ফেলিয়া দেওয়া যায়। অতএব তোমরা উহাদের ফল দ্বারাই উহাদিগকে চিনিতে পারিবে।” (মথি ৭:১৫-২০) যীশুর এই কথাগুলি এবং শাপগ্রস্ত সেই ডুমুর গাছের বৃত্তান্ত স্পষ্টরূপে দেখায় যে আত্মিকভাবে আমাদের সজাগ থাকতে হবে, কারণ ধর্মীয় বাহ্যিক দৃশ্য প্রবঞ্চক হতে পারে। (w92 11/15)