যিহোবার আত্মা তাঁর লোকদের পরিচালিত করে
“তোমার আত্মা মঙ্গলময়, আমাকে সরল ভূমি দিয়া চালাও।”—গীতসংহিতা ১৪৩:১০.
১, ২. কী কারণে যিহোবার বিশ্বস্ত সেবকগণ দুঃখকষ্ট পায়?
‘আমি খুবই বিষণ্ণ বোধ করছি! কোথায় আমি একটু সান্ত্বনা পাব? আমাকে কি ঈশ্বর পরিত্যাগ করেছেন?’ আপনি কি কখনও সেইরূপ বোধ করেন? যদি বোধ করে থাকেন, কেবলমাত্র আপনি একাই তা করেন না। যিহোবার বিশ্বস্ত দাসেরা সমৃদ্ধিশালী পরমদেশে বসবাস করলেও কিন্তু তারা অনেকসময়, মানবজাতির কাছে খুবই সাধারণ সেই চরম সমস্যা, পরীক্ষা ও প্রলোভনের সম্মুখীন হয়ে থাকেন।—১ করিন্থীয় ১০:১৩.
২ আপনি হয়ত বহুদিন যাবৎ পরীক্ষা অথবা ভীষণ চাপের দ্বারা জর্জরিত। কোন প্রিয়জন বিয়োগের জন্য আপনি হয়ত বা বিষাদগ্রস্ত এবং খুবই একাকী বোধ করছেন। অথবা কোন প্রিয় বন্ধুর অসুস্থতায় আপনি হয়ত মর্ম্মাহত। এইরূপ পরিস্থিতিতে আপনি হয়ত আনন্দ ও শান্তি হারিয়ে ফেলেন এবং এমনকি তা আপনার বিশ্বাসের প্রতিও আঘাত আনতে পারে। আপনার কি করা উচিৎ?
ঈশ্বরের কাছে তাঁর আত্মা চান
৩. যদি কোন কিছুর কারণে আপনি শান্তি ও আনন্দের মত গুণগুলি হারান, তাহলে কি করা বিজ্ঞতার কাজ হবে?
৩ যদি কোন কিছু আপনার শান্তি, আনন্দ অথবা অন্য ঈশ্বরীয় গুণকে হরণ করে তাহলে ঈশ্বরের পবিত্র আত্মা, বা কার্যকারী শক্তির জন্য প্রার্থনা করা বিজ্ঞতার কাজ হবে। কেন? কারণ যিহোবার আত্মা উত্তম ফল প্রদান করে যা একজন খ্রীষ্টীয়কে সমস্যা, পরীক্ষা ও প্রলোভনের মোকাবিলা করতে সাহায্য করে। “মাংসের কার্য্যসকল” সম্বন্ধে সাবধান করার পর প্রেরিত পৌল লেখেন: “কিন্তু আত্মার ফল প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘসহিষ্ণুতা, মাধুর্য্য, মঙ্গলভাব, বিশ্বস্ততা, মৃদুতা, ইন্দ্রিয়দমন; এই প্রকার গুণের বিরুদ্ধ ব্যবস্থা নাই।”—গালাতীয় ৫:১৯-২৩.
৪. কোন পরীক্ষা বা প্রলোভনের সম্মুখীন হলে, প্রার্থনার সময় নির্দিষ্টভাবে উল্লেখ করা উপযুক্ত হবে কেন?
৪ কারণ যে প্রকৃতির পরীক্ষার আপনি মোকাবিলা করছেন তার জন্য আপনার মৃদুতা বা মৃদু স্বভাব হারানোর সোবনা থাকতে পারে বলে আপনি হয়ত উপলব্ধি করতে পারেন। তাই যিহোবা ঈশ্বরের কাছে প্রার্থনা করার সময় বিশেষকরে আত্মার ফল মৃদুতার জন্য প্রার্থনা করুন। আপনি যদি কোন প্রলোভনের সম্মুখীন হন তাহলে আপনার, বিশেষকরে ইন্দ্রিয়দমনের মত ফলের প্রয়োজন আছে। অবব্যই, প্রলোভন প্রতিরোধ করতে, শয়তান থেকে রক্ষা পেতে ও পরীক্ষা সহ্য করার জন্য প্রয়োজনীয় প্রজ্ঞা পেতে ঐশিক সাহায্যের জন্য প্রার্থনা করা নিশ্চয় খুবই উপযুক্ত।—মথি ৬:১৩; যাকোব ১:৫, ৬.
৫. যদি পরিস্থিতি এতই বিপর্যস্ত হয় যে আপনি বুঝতেই পারছেন না যে কোন্ আত্মার ফলটির জন্য প্রার্থনা করবেন তাহলে কী করা যেতে পারে?
৫ কিন্তু এক এক সময় পরিস্থিতি এতই দুর্দশাগ্রস্ত বা বিভ্রান্তিকর হয় যে আপনি বুঝতেই পারেন না যে আত্মার কোন্ ফলটির আপনার প্রয়োজন। হয়ত আনন্দ, শান্তি, মৃদুতা ও অন্যান্য ঐশিক গুণাবলী সবগুলিই বিপদগ্রস্ত হতে পারে। তখন কি করা যায়? তখন ঈশ্বরের কাছে পবিত্র আত্মাকেই চান না কেন এবং সেই আত্মাই আপনার ক্ষেত্রে প্রয়োজনীয় ফলের প্রাচুর্য প্রদান করুক? প্রয়োজনীয় ফলগুলি হয়ত প্রেম বা আনন্দ অথবা শান্তি কিংবা আত্মার সম্মিলিত ফলগুলি হতে পারে। তাছাড়া, ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যাতে তিনি তাঁর আত্মার প্রতি আপনাকে চালনা করতে সাহায্য করেন, কারণ তাঁর লোকদের পরিচালিত করতে তিনি সেটি ব্যবহার করেন।
যিহোবা সাহায্য করতে ইচ্ছুক
৬. অবিরত প্রার্থনা করার প্রয়োজন সম্বন্ধে যীশু তাঁর অনুগামীদের কিভাবে জোর দিয়ে বলেন?
৬ যখন যীশু খ্রীষ্টের শিষ্যেরা প্রার্থনা সম্পর্কে নির্দেশাবলী চান, তখন নির্দেশের এক অংশে তিনি তাদের ঈশ্বরের আত্মার জন্য প্রার্থনা করতে উৎসাহিত করেন। যীশু প্রথমে একটি দৃষ্টান্ত ব্যবহার করেন যেটি তাদের অবিরাম প্রার্থনা করতে পরিচালিত করার উদ্দেশ্যেই বলা হয়। তিনি বলেন: “তোমাদের মধ্যে কাহারও যদি বন্ধু থাকে, আর সে যদি মধ্যরাত্রে তাহার নিকটে গিয়া বলে, ‘বন্ধু, আমাকে তিনখানা রুটী ধার দেও, কেননা আমার এক বন্ধু পথে যাইতে যাইতে আমার কাছে আসিয়াছেন, তাঁহার সম্মুখে রাখিবার আমার কিছুই নাই;’ তাহা হইলে সেই ব্যক্তি ভিতরে থাকিয়া কি এমন উত্তর দিবে, ‘আমাকে কষ্ট দিও না, এখন দ্বার বদ্ধ, এবং আমার সন্তানেরা আমার কাছে শুইয়া আছে, আমি উঠিয়া তোমাকে দিতে পারি না’? আমি তোমাদিগকে বলিতেছি, লোকটি যদি বন্ধুত্বের খাতিরে উঠিয়া কিছু নাও দেয়, তবুও অন্তত বন্ধুর পীড়াপীড়ির জন্যে উঠিয়া উহার যত প্রয়োজন, তাহা দিবে”।—লূক ১১:৫-৮, NW.
৭. লূক ১১:১১-১৩ পদে যীশুর বাক্যের মূল বিষয় কী এবং তা ঈশ্বর ও তাঁর আত্মা সম্বন্ধে কি আস্থা প্রদান করে?
৭ যিহোবা তাঁর প্রতিটি বিশ্বস্ত উৎসর্গীকৃত দাসদের সাহায্য করতে ইচ্ছুক এবং তিনি তাদের আবেদন শোনেন। যীশু যেভাবে উৎসাহিত করেন সেই অনুসারে যদি ব্যক্তিটি ‘যাচ্ঞা করেই যায়’ তাহলে সেটি তার আন্তরিক ইচ্ছা প্রকাশ এবং বিশ্বাস প্রদর্শন করে। (লূক ১১:৯, ১০) খ্রীষ্ট আরও যোগ দেন: “তোমাদের মধ্যে এমন পিতা কে, যাহার পুত্ত্র রুটী চাহিলে তাহাকে পাথর দিবে? কিম্বা মাছ চাহিলে মাছের পরিবর্ত্তে সাপ দিবে? কিম্বা ডিম চাহিলে তাহাকে বৃশ্চিক দিবে? অতএব তোমরা মন্দ হইয়াও যদি তোমাদের সন্তানদিগকে উত্তম উত্তম দ্রব্য দান করিতে জান, তবে ইহা কত অধিক নিশ্চয় যে স্বর্গস্থ পিতা, যাহারা তাঁহার কাছে যাচ্ঞা করে, তাহাদিগকে পবিত্র আত্মা দান করিবেন।” (লূক ১১:১১-১৩) উত্তরাধীকারসূত্রে পাওয়া পাপের জন্য পার্থিব পিতা বলতে গেলে মন্দই কিন্তু সে যদি উত্তম বস্তু সন্তানকে দেয়, তাহলে নিশ্চয় আমাদের স্বর্গীয় পিতা তাঁর যে কোন বিশ্বস্ত সেবকদের ক্রমাগত পবিত্র আত্মা দান করবেন যারা নম্রভাবে সেটি চেয়ে থাকে।
৮. কিভাবে গীতসংহিতা ১৪৩:১০ পদ দায়ূদ, যীশু এবং ঈশ্বরের অধুনাকালের দাসদের প্রতি প্রযোজ্য?
৮ ঈশ্বরের আত্মা থেকে উপকার পেতে হলে আমাদের এটির পরিচালনা অনুসরণ করতে হবে যেমন দায়ূদ করেছিলেন। তিনি প্রার্থনা করেন: “তোমার ইষ্ট সাধন করিতে আমাকে শিক্ষা দেও; কেননা তুমিই আমার ঈশ্বর; তোমার আত্মা মঙ্গলময়, আমাকে সরল ভূমি দিয়া চালাও।” (গীতসংহিতা ১৪৩:১০) দায়ূদ ইস্রায়েল রাজা শৌলের দ্বারা বহিষ্কৃত হলে, তিনি চান যেন ঈশ্বরের আত্মা তাকে পরিচালনা করুক যাতে তিনি নিশ্চিত হতে পারেন যে তার পথটি সাধু। উপযুক্ত সময়েই অবিয়াথর যাজকের এফোদ নিয়ে দায়ূদের কাছে এলেন যা ঈশ্বরের ইচ্ছা নির্ণয় করতে ব্যবহার করা হত। ঈশ্বরের যাজকীয় প্রতিনিধি রূপে অবিয়াথর দায়ূদকে যিহোবাকে তুষ্ট করার পথে চলতে নির্দেশ দেন। (১ শমূয়েল ২২:১৭–২৩:১২; ৩০:৬-৮) দায়ূদের মত যীশুও যিহোবার আত্মার দ্বারা পরিচালিত হন এবং একটি শ্রেণীরূপে খ্রীষ্টের অভিষিক্ত অনুগামীদের ক্ষেত্রেও এটি সত্য। তারা ১৯১৮-১৯ সালে মানব সমাজের কাছে বহিষ্কৃত অবস্থায় ছিল, এবং তাদের ধর্মীয় শত্রুরা তাদের ধ্বংস করতে পারবে বলে মনে করেছিল। তাদের নিষ্ক্রিয় স্থিতির একটি উপায় বার করে দেওয়ার জন্য অভিষিক্তগণ ঈশ্বরের কাছে প্রার্থনা করেন, আর ১৯১৯ সালে ঈশ্বর তাদের প্রার্থনা শোনেন, নিস্তার করেন, এবং তাঁর সেবায় তাদের সঞ্জীবিত করেন। (গীতসংহিতা ১৪৩:৭-৯) যিহোবার আত্মা নিশ্চয় সেই সময় সাহায্য ও পরিচালনা করেছিল, যেমন এখনও করে থাকে।
আত্মা কিভাবে সাহায্য করে
৯. (ক) কিরূপে পবিত্র আত্মা “সহায়”-এর কাজ করে? (খ) আমরা কিভাবে জানতে পারি যে পবিত্র আত্মা কোন ব্যক্তি নয়? (পাদটীকা দেখুন।)
৯ যীশু খ্রীষ্ট পবিত্র আত্মাকে “সহায়” বলে আখ্যা দেন। যেমন তিনি অনুগামীদের বলেন: “আমি পিতার নিকটে নিবেদন করিব, এবং তিনি আর এক সহায় তোমাদিগকে দিবেন, যেন এটি চিরকাল তোমাদের সঙ্গে থাকে। এটি সত্যের আত্মা; জগৎ এটিকে গ্রহণ করিতে পারে না, কেননা সে এটিকে দেখে না, এটিকে জানেও না; তোমরা সেটিকে জান, কারণ এটি তোমাদের নিকটে অবস্থিতি করে ও তোমাদের অন্তরে থাকিবে।” অন্যান্য বিষয়ের মধ্যে সেই “সহায়” হবে শিক্ষকও, কারণ খ্রীষ্ট প্রতিজ্ঞা করেন: “কিন্তু সেই সহায়, পবিত্র আত্মা, যেটি পিতা আমার নামে পাঠাইয়া দিবেন, এটি সকল বিষয়ে তোমাদিগকে শিক্ষা দিবে, এবং আমি তোমাদিগকে যাহা যাহা বলিয়াছি, সে সকল স্মরণ করাইয়া দিবে।” আত্মা আবার খ্রীষ্ট সম্বন্ধেও সাক্ষ্য দেবে এবং তিনি তাঁর শিষ্যদের আশ্বাস দেন: “আমার যাওয়া তোমাদের পক্ষে ভাল, কারণ আমি না গেলে, সেই সহায় তোমাদের নিকটে আসিবে না; কিন্তু আমি যদি যাই, তবে তোমাদের নিকটে এটি পাঠাইয়া দিব।”—যোহন ১৪:১৬, ১৭, ২৬; ১৫:২৬; ১৬:৭, NW.a
১০. কী কী উপায়ে পবিত্র আত্মা সহায়রূপে প্রমাণিত হয়েছে?
১০ সা.শ. ৩৩ সালের পঞ্চাশত্তমীর দিনে স্বর্গ থেকে যীশু প্রতিজ্ঞাত পবিত্র আত্মা তাঁর অনুসরণকারীদের উপর সেচন করেন। (প্রেরিত ১:৪, ৫; ২:১-১১) সহায় হিসাবে, আত্মা তাদের ঈশ্বরের ইচ্ছা ও উদ্দেশ্য সম্পর্কে বর্দ্ধিত জ্ঞান প্রদান করে এবং তাঁর ভাববাণীমূলক বাক্যের অর্থ প্রকাশ করে। (১ করিন্থীয় ২:১০-১৬; কলসীয় ১:৯, ১০; ইব্রীয় ৯:৮-১০) সেই সহায় যীশুর শিষ্যদের পৃথিবীব্যাপী সাক্ষ্য দিতে শক্তি প্রদান করে। (লূক ২৪:৪৯; প্রেরিত ১:৮; ইফিষীয় ৩:৫, ৬) বর্তমানেও, উৎসর্গীকৃত এক খ্রীষ্টীয়কে জ্ঞানে বৃদ্ধি পেতে পবিত্র আত্মা সাহায্য করতে পারে, যদি সে “বিশ্বস্ত ও বুদ্ধিমান দাস”-এর মাধ্যমে ঈশ্বর দ্বারা কৃত আত্মিক ব্যবস্থাসমূহের সুযোগ নিতে নিজেকে প্রাপ্তিসাধ্য করে। (মথি ২৪:৪৫-৪৭) যিহোবার এক দাস হিসাবে সাক্ষ্য দিতে প্রয়োজনীয় সাহস ও শক্তি প্রদান করে ঈশ্বরের আত্মা সাহায্য করে। (মথি ১০:১৯, ২০; প্রেরিত ৪:২৯-৩১) কিন্তু, পবিত্র আত্মা অন্যান্য উপায়েও ঈশ্বরের লোকদের সাহায্য করে।
“অব্যক্ত আর্ত্তস্বর দ্বারা”
১১. যদি পরীক্ষা অসহায় করে তোলে, তাহলে এক খ্রীষ্টীয়ের কী করা উচিৎ?
১১ যদি এক খ্রীষ্টীয় কোন পরীক্ষায় জর্জরিত হয়, যা তাকে অসহায় করে তোলে, তাহলে সে কী করবে? কেন, পবিত্র আত্মার জন্য প্রার্থনা করুন এবং এটিকে তার কাজ করতে ছেড়ে দিন! “আত্মাও আমাদের দুর্ব্বলতায় সাহায্য করে” পৌল বলেন, “কেননা উচিৎ মতে কি প্রার্থনা করিতে হয়, তাহা আমরা জানি না, কিন্তু আত্মা আপনি অব্যক্ত আর্ত্তস্বর দ্বারা আমাদের পক্ষে অনুরোধ করে। আর যিনি হৃদয় সকলের অনুসন্ধান করেন, তিনি জানেন, আত্মার ভাব কি, কারণ ইহা পবিত্রগণের পক্ষে ঈশ্বরের ইচ্ছা অনুসারেই অনুরোধ করে।”—রোমীয় ৮:২৬, ২৭, NW.
১২, ১৩. (ক) বিশেষকরে পরীক্ষামূলক সময় প্রার্থনা করার ক্ষেত্রে কিভাবে রোমীয় ৮:২৬, ২৭ পদ প্রয়োগ হয়? (খ) এশিয়াতে চরম চাপের সম্মুখীন হলে পৌল ও তার সহযোগীরা কী করেন?
১২ যে পবিত্রগণের জন্য ঈশ্বরের পবিত্র আত্মা অনুরোধ করে তারা হলেন স্বর্গীয় আশাসহ যীশুর অভিষিক্ত অনুগামীগণ। কিন্তু আপনার স্বর্গীয় ডাক অথবা পার্থিব আশা, যাই থাকুক, খ্রীষ্টীয় হিসাবে আপনি ঈশ্বরের পবিত্র আত্মার সাহায্য পেতে পারেন। কোন বিশেষ প্রার্থনার কখনও কখনও যিহোবা সরাসরি উত্তর দেন। অনেকসময়, হয়ত আপনি এতই দুঃখভারাক্রান্ত হয়ে পড়েন যে আপনার মনোভাবটি শব্দে ব্যক্ত করতেও অসমর্থ হন এবং তখন হয়ত একমাত্র অব্যক্ত আর্ত্তস্বরের মাধ্যমেই যিহোবাকে সনির্বন্ধ মিনতি করাই সবে হয়। এমনকি, আপনি হয়ত জানবেনই না যে আপনার জন্য কোনটি উত্তম এবং পবিত্র আত্মার জন্য প্রার্থনা না করলে আপনি হয়ত ভুল বিষয়টি চেয়ে ফেলতে পারেন। ঈশ্বর জানেন, আপনি চান যেন তাঁর ইচ্ছা পূর্ণ হয়, আর আপনার প্রকৃত চাহিদা সম্পর্কেও তিনি জ্ঞাত আছেন। তাছাড়া তাঁর পবিত্র আত্মার মাধ্যমে তিনি তাঁর বাক্যে বহু প্রার্থনা লিপিবদ্ধ করে রেখেছেন, এবং এই প্রার্থনাগুলি পরীক্ষামূলক সময় সম্বন্ধে আলোচনা করে। (২ তীমথিয় ৩:১৬, ১৭; ২ পিতর ১:২১) তাই, সেই অনুপ্রাণীত প্রার্থনাগুলিতে ব্যক্ত বিশেষ আবেগগুলিকে, তাঁর এক দাস হিসাবে আপনার বক্তব্য রূপে যিহোবা নিতে পারেন এবং তিনি আপনাকে সেই প্রার্থনার উত্তর দেবেন।
১৩ এশিয়াতে তাড়নার সম্মুখীন হওয়ার সময় পৌল ও তার সহযোগীরা হয়ত জানতেন না যে কিসের জন্য প্রার্থনা করতে হবে। ‘শক্তির অতিরিক্ত ভারগ্রস্ত হওয়াতে তারা অন্তরে এই উত্তর পান যে মৃত্যু আসছে।’ কিন্তু তারা অপরকে বিনতি করতে বলেন এবং সেই ঈশ্বরে বিশ্বাস রাখেন, যিনি মৃতদের পুনরুত্থান করতে পারেন ও তিনি তাদের রক্ষাও করেছিলেন। (২ করিন্থীয় ১:৮-১১) কতই না সান্ত্বনাদায়ক যে যিহোবা ঈশ্বর তাঁর বিশ্বস্ত সেবকদের প্রার্থনা শোনেন ও সেই অনুযায়ী কাজও করেন!
১৪. কিছু সময়ের জন্য যিহোবা পরীক্ষা থাকতে অনুমতি দিলে কি উত্তম ফলাফল হতে পারে?
১৪ ঈশ্বরের লোকেরা সংগঠনরূপে প্রায়ই পরীক্ষার দ্বারা পরিবেষ্টিত হয়, পূর্বে বিবেচিত বিষয়ানুসারে আমরা লক্ষ্য করেছি। প্রথম বিশ্ব যুদ্ধের সময় তাদের তাড়না করা হয়। যেহেতু তাদের অবস্থা সম্বন্ধে তাদের স্পষ্ট ধারণা ছিলনা তাই তারা ঠিক জানত না যে কিসের জন্য প্রার্থনা করতে হবে, কিন্তু যিহোবার বাক্যে ভাববাণীমূলক প্রার্থনা ছিল যার উত্তর তিনি তাদের দেন। (গীতসংহিতা ৬৯, ১০২, ১২৬; যিশাইয় ১২ অধ্যায়) কিন্তু যদি যিহোবা পরীক্ষা কিছু সময়ের জন্য চলতে দেন তাহলে কী? এর ফলে, সাক্ষ্য প্রদান হবে, কিছু জনকে সত্যকে আলিঙ্গন করতে পরিচালিত করবে এবং দুঃখযন্ত্রনা পাওয়া সহবিশ্বাসীদের জন্য প্রার্থনা করে বা অন্য কোনভাবে তাদের সাহায্য করে খ্রীষ্টীয়দের ভাতৃপ্রেম প্রদর্শন করতে সুযোগ প্রদান করবে। (যোহন ১৩:৩৪, ৩৫; ২ করিন্থীয় ১:১১) স্মরণে রাখবেন যিহোবা তাঁর লোকদের পবিত্র আত্মার মাধ্যমে পরিচালিত করেন, তাদের জন্য যেটি উত্তম তাই করেন, এবং সর্বসময় এমনভাবে কাজগুলি সম্পন্ন করেন যা তাঁর পবিত্র নামকে সম্মানিত ও পবিত্র করে।—যাত্রাপুস্তক ৯:১৬; মথি ৬:৯.
পবিত্র আত্মাকে কখনও দুঃখিত না করা
১৫. যিহোবার আত্মা খ্রীষ্টীয়দের পক্ষে কী করবে বলে তারা আস্থা রাখতে পারে?
১৫ যদি আপনি যিহোবার এক দাস হন তাহলে পরীক্ষার সময় ও অন্যান্য সময় পবিত্র আত্মার জন্য প্রার্থনা করুন। তারপর এর নির্দেশ অনুসরণ করতে নিশ্চিত থাকুন কারণ পৌল লেখেন: “ঈশ্বরের সেই পবিত্র আত্মাকে দুঃখিত করিও না, যার দ্বারা তোমরা মুক্তির দিনের অপেক্ষায় মুদ্রাঙ্কিত হইয়াছ।” (ইফিষীয় ৪:৩০) বিশ্বস্ত অভিষিক্ত খ্রীষ্টীয়গণের জন্য ঈশ্বরের আত্মা ছিল এবং এখনও আছে, একটি সীলমোহরস্বরূপ অথবা এক ‘ভাবী বিষয়ের অগ্রীমরূপ’—যা হল স্বর্গীয় অমর জীবন। (২ করিন্থীয় ১:২২, NW; রোমীয় ৮:১৫; ১ করিন্থীয় ১৫:৫০-৫৭; প্রকাশিত বাক্য ২:১০) অভিষিক্ত খ্রীষ্টীয় ও যাদের পার্থিব আশা আছে উভয়েই যিহোবার আত্মার উপর আস্থা রাখতে পারেন যে সেটি তাদের জন্য অনেক কিছু করতে পারে। এটি তাদের বিশ্বস্ততার পথে পরিচালিত করতে পারে এবং পাপপূর্ণ কাজগুলি এড়াতে সাহায্য করতে পারে যা ঈশ্বরের অননুমোদনপ্রাপ্ত হতে, পবিত্র আত্মা হারাতে ও অনন্ত জীবন লাভে ব্যর্থ হতে পরিচালিত করে।—গালাতীয় ৫:১৯-২১.
১৬, ১৭. কিভাবে হয়ত এক খ্রীষ্টীয় আত্মাকে দুঃখ দিতে পারে?
১৬ কিরূপে এক খ্রীষ্টীয় জ্ঞানত অথবা অজ্ঞানতাবশত আত্মাকে দুঃখ দিতে পারে? যিহোবা একতা প্রদান করতে এবং দায়িত্বপূর্ণ পুরুষদের মণ্ডলীতে নিযুক্ত করতে তাঁর আত্মা ব্যবহার করেন। তাই যদি মণ্ডলীর কোন এক সদস্য, নিযুক্ত প্রাচীনের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে, মিথ্যা গুজব রটায়, ইত্যাদি করে, তাহলে সে শান্তি এবং একতা প্রদান করতে ঈশ্বরের আত্মার পরিচালনাকে অনুসরণ করছে না। সাধারণভাবে বলতে গেলে সে আত্মাকে দুঃখ দেবে।—১ করিন্থীয় ১:১০; ৩:১-৪, ১৬, ১৭; ১ থিষলনীকীয় ৫:১২, ১৩; যিহূদা ১৬.
১৭ ইফিষের খ্রীষ্টীয়দের লেখার সময় পৌল মিথ্যে বলার প্রবণতা, মনে ক্রোধ রেখে দেওয়া, চুরি করা, কদালাপ করা, ব্যভিচার করার বিকৃত কামনা, লজ্জাস্পদ ব্যবহার, ও শ্লেষোক্তির বিরুদ্ধে সাবধান করে দেন। যদি এক খ্রীষ্টীয় এই সকলের প্রতি নিজেকে ভাসিয়ে দেয়, তাহলে সে বাইবেলের আত্মা-অনুপ্রাণীত পরামর্শের বিরুদ্ধে যাবে। (ইফিষীয় ৪:১৭-২৯; ৫:১-৫) হ্যাঁ, কিছুটা পরিমাণে সে ঈশ্বরের আত্মাকে দুঃখ দেবে।
১৮. যদি যে কোন খ্রীষ্টীয় ঈশ্বরের আত্মা-অনুপ্রাণীত বাক্যের পরামর্শ অবজ্ঞা করতে আরম্ভ করে তাহলে তার কি হতে পারে?
১৮ আসলে, যে কোন খ্রীষ্টীয় যদি যিহোবার আত্মা-অনুপ্রাণীত পরামর্শ অবজ্ঞা করতে আরম্ভ করে, তাহলে সে এমন মনোভাব অথবা বৈশিষ্ট্য গড়ে তুলতে আরম্ভ করবে যা তাকে ইচ্ছাকৃত পাপে এবং ঐশিক অনুমোদনও হারাতে পরিচালিত করতে পারে। যদিও বা সে এই মূহুর্তে পাপাভ্যাস করছে না কিন্তু সে সেই দিকে পরিচালিতও হতে পারে। আত্মার পরিচালনার বিরুদ্ধে যাওয়ার ফলে সেই প্রকৃতির খ্রীষ্টীয় সেটিকে দুঃখ দিতে পারে। ফলে সে যিহোবাকেও প্রতিরোধ ও দুঃখিত করবে, যিনি পবিত্র আত্মার উৎস। ঈশ্বরের প্রেমী কখনই তা করতে চাইবে না!
পবিত্র আত্মার জন্য অবিরত প্রার্থনা করুন
১৯. বর্তমানে কেন যিহোবার লোকদের তাঁর আত্মার বিশেষভাবে প্রয়োজন আছে?
১৯ যদি আপনি যিহোবার দাস হন তাহলে পবিত্র আত্মার জন্য ক্রমাগত প্রার্থনা করে যান। বিশেষকরে এই “শেষকালে” কঠিন সময়ের সাথে মোকাবিলা করার জন্য খ্রীষ্টীয়দের ঈশ্বরের আত্মার সাহায্যের দরকার। (২ তীমথিয় ৩:১-৫) দিয়াবল ও তার মন্দ দূতেরা স্বর্গ থেকে তাড়িত হয়ে এখন পৃথিবীর নিকটস্থ অঞ্চলে রয়েছে, যিহোবার সংগঠনের বিরুদ্ধে প্রচন্ডরূপে হিংস্র কাজে লিপ্ত হয়েছে। তাই এখন আরও বেশী ঈশ্বরের লোকদের পরিচালনা বা নির্দেশের জন্য এবং কষ্টযন্ত্রনা ও তাড়না সহ্য করতে পবিত্র আত্মার প্রয়োজন।—প্রকাশিত বাক্য ১২:৭-১২.
২০, ২১. যিহোবার বাক্য, আত্মা এবং সংগঠনের নির্দেশ কেন অনুসরণ করা দরকার?
২০ যিহোবা ঈশ্বর তাঁর পবিত্র আত্মার মাধ্যমে যে সাহায্য প্রদান করেন তার প্রতি সর্বদা উপলব্ধি প্রদর্শন করুন। আত্মা-অনুপ্রাণীত তাঁর বাক্য, বাইবেলের নির্দেশ পালন করুন। আত্মা-পরিচালিত ঈশ্বরের পার্থিব সংগঠনের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করুন। কখনও নিজেকে অশাস্ত্রীয় পথে মনোযোগী করতে পরিচালিত করবেন না যেটি পবিত্র আত্মাকে দুঃখ দেওয়ার সমান হবে, কারণ তা করলে অবশেষে আত্মা অপসারিত হবে এবং যার ফলে হবে আত্মিক বিপর্যয়।—গীতসংহিতা ৫১:১১.
২১ যিহোবাকে খুশী করতে ও শান্তিপূর্ণ, আনন্দময় জীবন উপভোগ করতে হলে তাঁর আত্মা দ্বারা পরিচালিত হওয়াই হল একমাত্র উপায়। এটিও স্মরণে রাখুন যে যীশু পবিত্র আত্মাকে “সহায়” অথবা “সান্ত্বনাদায়ী” বলেন। (যোহন ১৪:১৬, পাদটীকা) এর মাধ্যমে ঈশ্বর খ্রীষ্টীয়দের সান্ত্বনা দেন ও পরীক্ষার সম্মুখীন হতে দৃঢ় করেন। (২ করিন্থীয় ১:৩, ৪) আত্মা যিহোবার লোকদের সুসমাচার প্রচার করতে ক্ষমতা দেয় এবং উত্তম সাক্ষ্য দিতে প্রয়োজনীয় শাস্ত্রীয় বিষয়গুলি স্মরণ করিয়ে দিতে সাহায্য করে। (লূক ১২:১১, ১২; যোহন ১৪:২৫, ২৬; প্রেরিত ১:৪-৮; ৫:৩২) প্রার্থনার দ্বারা ও আত্মার পরিচালনায় ঐশিক প্রজ্ঞায় এক খ্রীষ্টীয় বিশ্বাসের পরীক্ষা দিতে পারে। তাই জীবনের প্রতিটি ক্ষেত্রে তারা ঈশ্বরের পবিত্র আত্মার জন্য প্রার্থনা করে। ফলে যিহোবার আত্মা তাঁর লোকদের পরিচালিত করে। (w92 9⁄15)
[পাদটীকাগুলো]
a “সহায়” রূপে মূর্ত করা হলেও, পবিত্র আত্মা কোন ব্যক্তি নয়, কারণ গ্রীক ভাষায় ক্লীব সর্বনাম (অনুবাদিত “এটি”) আত্মার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। ইব্রীয় ভাষায় স্ত্রী সর্বনামগুলিও অনুরূপে প্রজ্ঞাকে ব্যক্তিত্ব দেওয়ার জন্য প্রয়োগ করা হয়েছে। (হিতোপদেশ ১:২০-৩৩; ৮:১-৩৬) তাছাড়া পবিত্র আত্মা “সেচন” করা হয়, যা কোন ব্যক্তি দ্বারা করা যায় না।—প্রেরিত ২:৩৩.
আপনার উত্তর কী?
▫ যিহোবার পবিত্র আত্মার জন্য প্রার্থনা করা কেন দরকার?
▫ কিভাবে পবিত্র আত্মা এক সহায়?
▫ আত্মাকে দুঃখ দেওয়ার অর্থ কী, এবং আমরা সেইরূপ করা থেকে কিভাবে এড়াতে পারি?
▫ পবিত্র আত্মার জন্য কেন অবিরত প্রার্থনা করা ও এর পরিচালনা অনুসরণ করা দরকার?
[Pictures on page 26]
যেমন এক প্রেমময় পিতা তার সন্তানদের উত্তম বস্তু দেন, ঠিক সেইভাবেই যিহোবা তাঁর দাসদের পবিত্র আত্মা দেন যারা সেটি চায়।
[Pictures on page 28]
আপনি কি জানেন কিভাবে প্রার্থনামগ্ন খ্রীষ্টীয়দের জন্য পবিত্র আত্মা আবেদন করে?