রাজ্যের ঘোষণাকারীদের সংবাদ
পূর্ব ইউরোপ থেকে সুসংবাদ
পূর্ব ইউরোপে ঐশিক ক্ষেত্রে বহু চাঞ্চল্যকর ঘটনা ঘটছে। এর মধ্যে লক্ষণীয় জ্যাগ্রেবে অনুষ্ঠিত অগাস্ট ১৬-১৮, ১৯৯১ তারিখে আন্তর্জাতিক অধিবেশন, যখন ৭,৩০০ সাক্ষী ১৫টি দেশ থেকে তাদের ভাইদের সাদর অভ্যর্থনা জানায়। মোট ১৪,৬৮৪ জন উপস্থিত ছিল। বিক্ষোভের দ্বারা অশান্ত একটি দেশে প্রেম ও একতার এটি অপূর্ব নিদর্শন ছিল!
পূর্ব ইউরোপের সাক্ষীরা যিহোবার রাজ্যের সুসমাচার অন্যদের জানাতে ব্যস্ত, যা তারা জানে প্রকৃত শান্তির একমাত্র আশা। কোন কোন জায়গায় তাদের নিরপেক্ষতা রক্ষা করা তাদের কাছে একটি চ্যালেঞ্জস্বরূপ। যাইহোক, লোকে প্রায়ই শোনে, এবং সাক্ষীরা অনেক উত্তম অভিজ্ঞতার বিবরণ দিয়েছেন।
একটি শহরে একজন ১৬-বছর বয়স্ক মেয়ে সেই শহরের একমাত্র যিহোবার সাক্ষীর কাছে সুসমাচার শোনে। একটি নিয়মিত বাইবেল অধ্যয়ন শুরু হয়, এবং সত্যের প্রতি তার উপলব্ধি বাড়তে থাকে। সে যে অপূর্ব বিষয় শিখছে সেই সম্বন্ধে অন্যদের জানানোর প্রবল ইচ্ছা থাকায় সে তার স্কুলের সহপাঠীদের সঙ্গে কথা বলতে চেষ্টা করে কিন্তু তাকে বিরোধিতা এবং ঠাট্টার সম্মুখীন হতে হয়। একজন সহপাঠী বিশেষভাবে তার বিরোধিতা করে কিন্তু তার ধৈর্য্য দেখে প্রভাবিত হয়, কারণ সেই অল্পবয়স্ক বাইবেল ছাত্রীটি সমস্ত অপমান সত্ত্বেও রেগে যেত না। পরে এই মেয়েটিকে আরও বিস্তারিতভাবে সাক্ষ্য দেওয়া হয়, এবং সে বুঝতে পারে যে তার মনোভাব ভুল ছিল। তার সঙ্গে বাইবেল অধ্যয়ন শুরু করা হয়, এবং তারপর সেই প্রথম বাইবেল ছাত্রী এবং তার নতুন সঙ্গী তাদের আনন্দ অন্যদের সাথে ভাগ করে নিতে চায়, তাদের বাবা-মা, তাদের শিক্ষক, এবং তাদের সহপাঠীদের থেকে বিরোধিতা সত্ত্বেও।
তাদের সাক্ষ্যদানের ফলস্বরূপ, আরেকজন সহপাঠী সত্য গ্রহণ করে। এখন ক্লাসরুমে তারা তিনজন ছিল, ও তিনজনেই অন্যদের সাহায্য করার জন্য এবং নিজেদের মধ্যে প্রেম প্রদর্শন করার জন্য উত্তম উদাহরণ ছিল। তারপর আরেকটি মেয়ে তাদের সাথে যোগ দেয়।
এখন স্কুলের প্রাঙ্গনে যে বেঞ্চে বসে তারা একসাথে বাইবেল আলোচনা করত সেখানে চারজন হল। আর অনেককে আশ্চর্য্য করে দিয়ে তাদের সংখ্যা বৃদ্ধি পেতে লাগল। তাদের ক্লাস থেকে আরেকটি মেয়ে, তাদের উত্তম আচরণ দেখে উৎসাহিত হয়ে, বাইবেল অধ্যয়নে যোগ দেয়। সেই পাঁচজন অন্যদের আমন্ত্রণ জানাতে থাকে, ছাত্রীদের এবং শিক্ষিকাদের, যাতে তারাও তাদের সাথে যোগ দেয়। কিন্তু, সেই মেয়েগুলি তাদের বাবা-মার কাছ থেকে প্রচণ্ড চাপের সম্মুখীন হতে থাকে। বাবা-মারা তাদের বাইবেল পড়া বন্ধ করার অনেক চেষ্টা করে তাদের বইপত্র ধ্বংস করে দিয়ে এবং তাদের সাথে দুর্ব্যবহার করে।
যে সাক্ষ্যদান শুধুমাত্র একজন অল্পবয়স্কা আগ্রহী ব্যক্তির দ্বারা শুরু হয় তার ফল কি হয়? ১৯৯০ সালের জেলা অধিবেশনে একজন মেয়ে বাপ্তিস্ম নেয়, এবং অন্য চারজন ১৯৯১ সালের বসন্তে একটি সীমা সম্মেলনে বাপ্তিস্ম গ্রহণ করে। এটি খুবই আনন্দের বিষয় ছিল! বর্তমানে পাঁচজনেই নিয়মিত অগ্রগামী হিসাবে কাজ করছে! যে শহরে এটি ঘটেছিল সেখানে এখন ১১ জন প্রকাশক আছে, তাদের মধ্যে ৮ জন অগ্রগামীর কাজ করে।
পূর্ব ইউরোপে যিহোবা তাঁর সাক্ষীদের শক্তি যোগাচ্ছেন এবং আশীর্বাদ করছেন। স্পষ্টতই পৃথিবীর এই অংশে সহৃদয় ব্যক্তিদের মধ্যে বৃদ্ধি হওয়ার অনেক সুযোগ আছে। (w92 7/1)