পাঠ ৩৯
ইজরায়েলের প্রথম রাজা
যিহোবা ইজরায়েলীয়দের নেতৃত্ব দেওয়ার জন্য বিচারকদের নিযুক্ত করেছিলেন। কিন্তু, তারা এখন একজন রাজা চায়। তারা শমূয়েলকে বলে: ‘আমাদের আশেপাশের সমস্ত জাতিগুলোর রাজা আছে। আমাদেরও একজন রাজা চাই।’ শমূয়েলের মনে হয়েছিল, এটা ভুল আর তাই তিনি এই বিষয়টা নিয়ে যিহোবার কাছে প্রার্থনা করেন। যিহোবা তাকে বলেন: ‘লোকেরা তোমাকে নয়, বরং আমাকে প্রত্যাখ্যান করেছে। তাদের বলবে যে, তারা একজন রাজা পেতে পারে, কিন্তু সেই রাজা তাদের কাছ থেকে ইচ্ছামতো অনেক কিছু দাবি করবে।’ এরপরও, লোকেরা বলে: ‘এতে আমাদের কিছু যায়-আসে না, আমাদের একজন রাজা চাই!’
যিহোবা শমূয়েলকে বলেন, শৌল নামে একজন ব্যক্তি তাদের প্রথম রাজা হবেন। শৌল যখন শমূয়েলের সঙ্গে দেখা করার জন্য রামায় যান, তখন শমূয়েল শৌলের মাথায় তেল ঢেলে তাকে রাজা হিসেবে অভিষিক্ত করেন।
পরে, শমূয়েল ইজরায়েলীয়দের ডেকে একত্রিত করেন, যাতে তিনি তাদের নতুন রাজা কে, তা দেখাতে পারেন। কিন্তু, তারা শৌলকে কোথাও খুঁজে পাচ্ছিল না। তুমি কি জান কেন? কারণ তিনি জিনিসপত্রের মধ্যে লুকিয়ে ছিলেন। অবশেষে, তারা শৌলকে খুঁজে পায় এবং তাকে নিয়ে এসে লোকদের মাঝে দাঁড় করায়। তিনি সবার চেয়ে লম্বা ছিলেন এবং দেখতে খুবই সুন্দর ছিলেন। শমূয়েল বলেন: ‘দেখো! যিহোবা এই ব্যক্তিকে রাজা হিসেবে বেছে নিয়েছেন।’ তখন লোকেরা চিৎকার করে বলতে থাকে: ‘রাজা দীর্ঘজীবী হোন! রাজা দীর্ঘজীবী হোন!’
প্রথম প্রথম, রাজা শৌল শমূয়েলের কথা শুনতেন এবং যিহোবার আজ্ঞা পালন করতেন। কিন্তু, পরে তিনি পালটে যান। যেমন, একবার শৌলকে শমূয়েল বলেন যে, তিনি না আসা পর্যন্ত শৌল যেন বলি উৎসর্গ না করেন। কিন্তু, শমূয়েল আসতে দেরি করছেন দেখে শৌল নিজেই বলি উৎসর্গ করেন। ব্যবস্থা অনুযায়ী একজন রাজা বলি উৎসর্গ করতে পারতেন না। এটা দেখে শমূয়েল কী বলেছিলেন? তিনি শৌলকে বলেন: ‘যিহোবার অবাধ্য হওয়া তোমার উচিত হয়নি।’ শৌল কি নিজের ভুল থেকে শিখেছিলেন?
পরে, শৌল যখন অমালেকীয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েছিলেন, তখন শমূয়েল তাকে বলেছিলেন, তিনি যেন অমালেকীয়দের মধ্যে কাউকেই জীবিত না রাখেন। কিন্তু, শৌল তাদের রাজা অগাগকে জীবিত রেখেছিলেন। তখন যিহোবা শমূয়েলকে বলেন: ‘শৌল আমাকে ত্যাগ করেছে এবং আমার অবাধ্য হয়েছে।’ শমূয়েল খুব দুঃখ পান এবং শৌলকে বলেন: ‘তুমি যিহোবার অবাধ্য হয়েছ আর তাই তিনি অন্য একজন ব্যক্তিকে রাজা হিসেবে বেছে নেবেন।’ এই কথা বলার পর শমূয়েল যখন চলে যাচ্ছিলেন, তখন শৌল পিছন থেকে তার জামার নীচের অংশটা টেনে ধরেন আর সেটা ছিঁড়ে যায়। তখন শমূয়েল শৌলকে বলেন: ‘এভাবেই যিহোবা তোমার কাছ থেকে রাজ্য কেড়ে নিয়েছেন।’ যিহোবা এমন একজন ব্যক্তিকে এই রাজ্য দেবেন, যিনি তাঁকে ভালোবাসবে এবং তাঁর বাধ্য হবে।
“বলিদান উৎসর্গ করার চেয়ে যিহোবার আজ্ঞা পালন করা আরও ভালো।”—১ শমূয়েল ১৫:২২, NW