অধ্যায় ১০
যিশু মন্দ স্বর্গদূতদের চেয়ে বেশি শক্তিশালী
তোমার কি মনে আছে, কেন ঈশ্বরের একজন স্বর্গদূত শয়তান দিয়াবলে পরিণত হয়েছিল? এর কারণ হল, সে উপাসনা পেতে চেয়েছিল। এই স্বার্থপর আকাঙ্ক্ষার জন্য সে ঈশ্বরের বিরুদ্ধে গিয়েছিল। এই মন্দ কাজে কি অন্যান্য স্বর্গদূত শয়তানের সঙ্গে যোগ দিয়েছিল? হ্যাঁ, দিয়েছিল। বাইবেল এদের ‘শয়তানের স্বর্গদূত’ বা মন্দ স্বর্গদূত বলে।—প্রকাশিত বাক্য ১২:৯.
এই মন্দ স্বর্গদূতেরা কি ঈশ্বরকে বিশ্বাস করে? হ্যাঁ। বাইবেল বলে, ‘মন্দ স্বর্গদূতেরাও ঈশ্বরকে বিশ্বাস করে।’ (যাকোব ২:১৯) কিন্তু তারা এখন ঈশ্বরকে ভয় পায়। কেন? কারণ তারা জানে, তারা যে-মন্দ কাজ করেছে, ঈশ্বর সেই কাজের জন্য তাদের শাস্তি দেবেন। তারা কোন কাজ করেছে?
বাইবেল জানায়, ঈশ্বর স্বর্গদূতদের স্বর্গে থাকার জন্য সৃষ্টি করেছিলেন। কিন্তু, এই মন্দ স্বর্গদূতেরা পৃথিবীতে এসে মানুষের রূপ ধারণ করে বসবাস করতে শুরু করেছিল। কেন তারা পৃথিবীতে এসেছিল? কারণ তারা পৃথিবীর মেয়েদের সঙ্গে যৌনসম্পর্ক করতে চেয়েছিল। (আদিপুস্তক ৬:১, ২; যিহূদা ৬) তুমি কি জান, যৌনসম্পর্ক কাকে বলে?
যখন একজন পুরুষ ও নারী পরস্পরের প্রতি এক বিশেষ উপায়ে ভালোবাসা দেখায় এবং পরস্পরের কাছাকাছি আসে, তখন সেটাকে যৌনসম্পর্ক বলে। এর ফলে, নারীর গর্ভে শিশুর জন্ম হয়। কিন্তু, স্বর্গদূতদের যৌনসম্পর্ক করা উচিত নয়। ঈশ্বর চান যেন কেবলমাত্র সেই নারী ও পুরুষই যৌনসম্পর্ক করে, যারা বিবাহিত। এভাবে যখন এক শিশুর জন্ম হয়, তখন স্বামী ও স্ত্রী উভয়ই সেই শিশুর যত্ন নিতে পারে।
এই মন্দ স্বর্গদূতেরা কোন খারাপ কাজ করেছিল?
যখন স্বর্গদূতেরা মানুষের রূপ ধারণ করে পৃথিবীর নারীদের সঙ্গে যৌনসম্পর্ক করেছিল, তখন সেই সম্পর্কের ফলে যে-সন্তান জন্মেছিল, তারা অন্যান্য সন্তানদের থেকে আলাদা ছিল। কীভাবে? এই সন্তানরা খুবই লম্বা-চওড়া, দৈত্যাকৃতি ছিল। বাইবেল তাদের নেফিলিম বলে। এরা লোকদের উপর অত্যাচার করত আর তাদের ক্ষতি করত। তাই ঈশ্বর সিদ্ধান্ত নিলেন যে, তিনি পৃথিবীর সমস্ত মন্দলোক এবং দৈত্যাকৃতি ব্যক্তিদের ধ্বংস করবেন। ঈশ্বর পৃথিবীর উপর এত জল বর্ষণ করলেন যে, এদের সবাই জলে ডুবে ধ্বংস হয়ে গেল। কিন্তু, জলপ্লাবন নিয়ে আসার আগে ঈশ্বর নোহ নামে একজন ব্যক্তিকে এক বিশাল জাহাজ তৈরি করতে বলেন, যাতে কিছু ভালো ব্যক্তি সেই জলপ্লাবন থেকে বাঁচতে পারে। মহান শিক্ষক যিশু বলেছিলেন, আমরা যেন নোহের দিনের এই জলপ্লাবনের বিষয়টা মনে রাখি।—আদিপুস্তক ৬:৩, ৪, ১৩, ১৪; লূক ১৭:২৬, ২৭.
তুমি কি জান, যখন জলপ্লাবন এসেছিল, তখন মন্দ স্বর্গদূতদের কী হয়েছিল? তারা মানবদেহ পরিত্যাগ করেছিল এবং স্বর্গদূত হয়ে আবারও স্বর্গে ফিরে গিয়েছিল। কিন্তু, এই স্বর্গদূতেরা কি ঈশ্বরের ভালো স্বর্গদূতদের সঙ্গে মিলিত হতে পেরেছিল? না, কারণ ঈশ্বর তাদের পরিত্যাগ করেছিলেন। তাই, তারা শয়তানের দলে যোগ দিয়েছিল আর এভাবে তারা মন্দ স্বর্গদূতে পরিণত হয়েছিল। কিন্তু, পৃথিবীতে তাদের সন্তানদের কী হয়েছিল? তারা সবাই জলপ্লাবনে মারা গিয়েছিল আর তাদের সঙ্গে সেই সমস্ত ব্যক্তিও মারা গিয়েছিল, যারা ঈশ্বরের কথা শোনেনি।
কেন আজ পৃথিবীতে আগের চেয়ে আরও বেশি দুঃখকষ্ট রয়েছে?
সেই সময় থেকে মন্দ স্বর্গদূতেরা আর মানবদেহ ধারণ করতে পারে না কারণ ঈশ্বর তাদের কাছ থেকে এই ক্ষমতা কেড়ে নিয়েছেন। এটা ঠিক যে, আমরা এই মন্দ স্বর্গদূতেদের দেখতে পাই না কিন্তু তারা এখনও লোকদের মন্দ কাজ করার জন্য প্ররোচিত করে। বর্তমানে, তারা মানুষের উপর আরও বেশি দুঃখকষ্ট নিয়ে আসছে। এর কারণ হল, তাদের স্বর্গ থেকে পৃথিবীতে ফেলে দেওয়া হয়েছে।
তুমি কি জান, কেন আমরা এই মন্দ স্বর্গদূতদের দেখতে পাই না? এর কারণ হল তাদের দেহ আমাদের মতো নয়। আমাদের দেহ রক্ত মাংস দিয়ে তৈরি, কিন্তু এরা আত্মিক প্রাণী। তবে এতে কোন সন্দেহ নেই, তারা আমাদের আশেপাশেই রয়েছে। বাইবেল বলে, শয়তান ‘পৃথিবীতে বসবাসকারী সমস্ত লোককে ভ্রান্ত করছে’ আর এই কাজে তার মন্দ স্বর্গদূতেরা তাকে সাহায্য করছে।—প্রকাশিত বাক্য ১২:৯, ১২.
শয়তান এবং তার মন্দ স্বর্গদূতেরা কি আমাদের ভ্রান্ত করতে পারে বা বোকা বানাতে পারে? অবশ্যই পারে। আমরা যদি সাবধান না থাকি, তা হলে তারা আমাদের বোকা বানাতে পারে। কিন্তু, আমাদের ভয় পাওয়ার প্রয়োজন নেই কারণ মহান শিক্ষক যিশু বলেছিলেন: ‘আমার উপর শয়তানের কোনো নিয়ন্ত্রণ নেই।’ আমরা যদি যিহোবার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখি এবং তাঁর বাধ্য হই, তা হলে তিনি আমাদের শয়তান ও তার মন্দদূতেদের থেকে রক্ষা করবেন।—যোহন ১৪:৩০.
আমাদের এটা জানা উচিত যে, মন্দ স্বর্গদূতেরা আমাদের দিয়ে কোন কোন খারাপ কাজ করাতে চায়। তোমার কি মনে আছে, মন্দ স্বর্গদূতেরা পৃথিবীতে এসে কোন ধরনের খারাপ কাজ করেছিল? জলপ্লাবনের আগে তারা নারীদের সঙ্গে যৌনসম্পর্ক করেছিল, যেটা করা তাদের উচিত ছিল না। ঈশ্বর স্পষ্টভাবে জানিয়েছিলেন যে, কাদের মধ্যে যৌনসম্পর্ক থাকা উচিত। বর্তমানে, যখন লোকেরা ঈশ্বরের এই নিয়ম অমান্য করে, তখন মন্দ স্বর্গদূতেরা খুবই খুশি হয়। বলো তো দেখি, যৌনসম্পর্ক শুধুমাত্র কাদের মধ্যে থাকা উচিত? ঠিক বলেছ, শুধুমাত্র সেই নারী ও পুরুষের মধ্যে যারা বিবাহিত।
বর্তমানে কোনো কোনো ছেলে-মেয়ে যৌনসম্পর্ক করে থাকে, যেটা করা তাদের উচিত নয়। বাইবেল জানায়, ঈশ্বর এই যৌন অঙ্গগুলো তৈরি করেছেন। যিহোবা এক বিশেষ উদ্দেশ্যে এই অঙ্গগুলো তৈরি করেছেন আর বিবাহিত ব্যক্তিরাই এর থেকে আনন্দ উপভোগ করতে পারে। কিন্তু লোকেরা যখন যিহোবার নিয়মের অবাধ্য হয়, তখন দুষ্ট স্বর্গদূতেরা খুবই খুশি হয়। যখন একজন ছেলে ও মেয়ে পরস্পরের যৌন অঙ্গ স্পর্শ করে, তখন তা দেখে এদের খুব ভালো লাগে। কিন্তু আমরা কি মন্দ স্বর্গদূতদের খুশি করতে চাই?
আরেকটা কাজ রয়েছে, যেটা মন্দ স্বর্গদূতদের খুশি করে। কিন্তু যিহোবা সেই কাজকে ঘৃণা করেন। তুমি কি জান, সেটা কী? সেটা হল দৌরাত্ম্য। (গীতসংহিতা ১১:৫) যখন লোকেরা একে অন্যের সঙ্গে মারপিট করে অথবা একে অন্যকে হত্যা করে, তখন সেই কাজকে দৌরাত্ম্য বলে। তোমার হয়তো মনে আছে, মন্দ স্বর্গদূতদের সন্তান অর্থাৎ নেফিলিমরা এই একই কাজ করত।
লোকদের ভয় দেখিয়ে মন্দ স্বর্গদূতেরা খুবই আনন্দ পায়। কখনো কখনো তারা দেখায় যে, মৃত ব্যক্তিরা আসলেই জীবিত রয়েছে। তারা এমনকী মৃত ব্যক্তিদের গলার স্বর নকল করতে পারে। এভাবে মন্দ স্বর্গদূতেরা মানুষকে বোকা বানায়। এই মন্দ স্বর্গদূতদের জন্যই অনেক লোক ভূতপ্রেতে বিশ্বাস করে।
তাই আমাদেরও শয়তান ও তার মন্দ স্বর্গদূতদের থেকে সাবধান থাকা উচিত, যাতে আমরা তাদের ফাঁদে পা না দিই। বাইবেল বলে: ‘শয়তান নিজেও একজন ভালো স্বর্গদূতের ছদ্মবেশ ধারণ করে থাকে এবং তার সেবকেরাও তা করে থাকে।’ (২ করিন্থীয় ১১:১৪, ১৫) আসলে শয়তানের এই মন্দ স্বর্গদূতেরা খুবই খারাপ। এসো আমরা দেখি, কীভাবে তারা আমাদের দিয়ে তাদের মতো মন্দ কাজ করানোর চেষ্টা করে থাকে।
তোমার কী মনে হয়, লোকেরা মারপিট, অবৈধ যৌনসম্পর্ক ও ভূতপ্রেতের বিষয়ে কোথা থেকে শেখে? সেগুলো কি তারা টিভি, সিনেমা, কম্পিউটার, ভিডিও গেমস্, ইন্টারনেট কিংবা কমিকের বই থেকে শেখে না? তোমার কী মনে হয়, এই খারাপ কাজগুলো করলে আমরা কার বন্ধু হব, যিহোবার না কি শয়তান ও তার মন্দ স্বর্গদূতদের?
আমরা যদি দৌরাত্ম্যমূলক বিষয়গুলো দেখি, তা হলে কী হতে পারে?
তোমার কী মনে হয়, কে চায় আমরা খারাপ বিষয়গুলো দেখি ও শুনি? ঠিকই বলেছ, শয়তান এবং তার মন্দ স্বর্গদূতেরা। তা হলে আমাকে ও তোমাকে কী করতে হবে? আমাদের ভালো বিষয়গুলো দেখতে হবে, শুনতে হবে এবং পড়তে হবে, যেগুলো আমাদের যিহোবার সেবা করতে সাহায্য করবে। তা হলে বলো তো, আমরা কোন কোন ভালো কাজ করতে পারি?
আমরা কোন ভালো কাজগুলো করতে পারি?
আমরা যদি সঠিক কাজ করি, তা হলে আমাদের এই মন্দ স্বর্গদূতদের ভয় পাওয়ার দরকার নেই। কারণ যিশু এই মন্দ স্বর্গদূতদের চেয়ে অনেক বেশি শক্তিশালী আর তারা তাঁকে দেখে ভয়ে কাঁপে। একবার কিছু মন্দ স্বর্গদূত যিশুকে বলেছিল: “আপনি কি আমাদের ধ্বংস করতে এসেছেন?” (মার্ক ১:২৪) যিশু যখন শয়তান এবং তার মন্দ স্বর্গদূতদের ধ্বংস করবেন, তখন আমরা কি খুশি হব না? সেই সময় না আসা পর্যন্ত, এসো আমরা যিশু এবং তাঁর স্বর্গস্থ পিতা যিহোবার সঙ্গে বন্ধুত্ব বজায় রাখি। আমরা যদি এমনটা করি, তা হলে যিশু আমাদের মন্দ স্বর্গদূতদের হাত থেকে রক্ষা করবেন।
আমাদের কী করতে হবে, সেই বিষয়ে জানার জন্য এসো আমরা ১ পিতর ৫:৮, ৯ পদ এবং যাকোব ৪:৭, ৮ পদ পড়ি।