মন্দ স্বর্গদূতেরা কি সত্যিই রয়েছে?
বাইবেলের উত্তর
হ্যাঁ, তারা সত্যিই রয়েছে। মন্দ স্বর্গদূত বলতে সেই স্বর্গদূতদের বোঝানো হয়েছে, “যারা পাপ করেছিল” এবং ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। (২ পিতর ২:৪) সবচেয়ে প্রথমে যে-স্বর্গদূত ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, সে হল শয়তান দিয়াবল। বাইবেলে তাকে “মন্দ স্বর্গদূতদের রাজা” বলা হয়েছে।—মথি ১২:২৪, ২৬.
নোহের দিনে ঘটা ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ
বাইবেল বলে, নোহের দিনে জলপ্লাবন আসার আগে কিছু স্বর্গদূত বিদ্রোহ করেছিল অর্থাৎ তারা ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে কাজ করেছিল। শাস্ত্র এও বলে, “তখন ঈশ্বরের পুত্ত্রেরা মনুষ্যদের কন্যাগণকে সুন্দরী দেখিয়া, যাহার যাহাকে ইচ্ছা, সে তাহাকে বিবাহ করিতে লাগিল।” (আদিপুস্তক ৬:২) এই মন্দ স্বর্গদূতেরা স্বর্গের সেই “উপযুক্ত বাসস্থান পরিত্যাগ করেছিল” এবং মানুষের দেহ ধারণ করে পৃথিবীতে নেমে এসেছিল, যাতে নারীদের সঙ্গে যৌনসম্পর্ক করতে পারে।—যিহূদা ৬.
যখন জলপ্লাবন এসেছিল, তখন এই মন্দ স্বর্গদূতেরা মানুষের দেহ ত্যাগ করে স্বর্গে ফিরে গিয়েছিল। কিন্তু, ঈশ্বর তাঁর পরিবার থেকে তাদের বের করে দিয়েছিলেন। ঈশ্বর তাদের যে-শাস্তি দিয়েছিলেন, সেই কারণে তারা আর কখনো মানুষের দেহ ধারণ করতে পারবে না।—ইফিষীয় ৬:১১, ১২.